কিন্তু শুধু মুখ পালটালেই তো হল না, সেইসঙ্গে পোশাক না বদলালে চলবে কী করে? নিকুঞ্জর সাতদিন লেগেছে নিউ মার্কেট, বড়বাজার আর গ্রান্ট স্ট্রিট ঘুরে নিজের মাপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড আর কটা জিনিস পাওয়া যায়? তাই দরজিকে দিয়েও বেশ কিছু পোশাক করিয়ে নিতে হয়েছে। আর শুধু জামাকাপড় তো নয়, পরিধেয় সবকিছুই। সাত রকমের চশমা, বারো রকম চটিজুতো স্যান্ডেল, দশ রকম টুপি তার মধ্যে দারোগার টুপিও বাদ যায় না–পাগড়ির জন্য পাঁচ রকম কাপড়, পাঁচ রকম হাতঘড়ি। শিখদের হাতের লোহা, তাগা, তাবিজ, মাদুলি, পৈতে, বোষ্টমের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানে পরার নকল হিরে–কিছুই বাদ যায়নি।
আর কিনতে হয়েছে একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্য জোরালো বালব। লোডশেডিং-এ যাতে কাজ বন্ধ না হয়ে যায় তার জন্য একটা ছোট জাপানি জেনারেটরও কিনতে হয়েছে নিকুঞ্জকে। চাকর নিতাইকে সে শিখিয়ে দিয়েছে সেটা কী করে চালাতে হয়।
কাজ শুরু হয় ষোলোই অগ্রহায়ণ। তারিখটা নিকুঞ্জ ডায়রিতে লিখে রেখেছে। সকাল আটটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটেয় মেক-আপ শেষ হয়। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর লোকেরই মেক-আপ নিতে হবে, সেটা নিকুঞ্জ আগেই ঠিক করে রেখেছিল। রাস্তার ভিখিরি বা কুলি-মজুর সেজে তো লাভ নেই, কারণ মেক-আপ উতরেছে কি না সেটা পরীক্ষা হবে নিউ মহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোক তো হওয়া চাই।
প্রথম দিনেই বাজিমাৎ। ঘন কালো ভুরু, আর তার সঙ্গে মানানসই ঘন কালো ঝুপো-গোঁফ-বিশিষ্ট মোক্তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট ও বহুব্যবহৃত কালো মোক্তারি কোট; হাতে একটা পুরনো ব্রিফ কেস, পায়ে সুকতলা ক্ষয়ে যাওয়া কালো শু আর ইলাসটিক-বিহীন সাদা মোজা। তারই টেবিলে এসে বসল পঞ্চানন। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে, তার বুকের ধুকপুকুনি চলেছে সমানে। কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন তোক যে কত কম কৌতূহলী হয়–বিশেষত সে লোকের যদি অন্যদিকে মন থাকে–সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে দেখেও দেখেনি। বাঁ হাতে রেস বুকের পাতা উলটে দেখেছে আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও পঞ্চাননের দৃষ্টি ঘুরল না তার দিকে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেদিনই বুঝেছিল যে, আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন।
সেদিন বাড়ি ফিরে একটা মজা হল। এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলার সদর দরজার পাশের ফ্ল্যাটে। তাঁর বসার ঘর থেকে কে ঢুকছে না-ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে সোয়া সাতটায়। লোডশেডিং হয়নি বলে দরজার সামনের প্যাসেজে আলো ছিল। মোক্তার-নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁক এল, কাকে চাই?
নিকুঞ্জ থামল। তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বললেন, কাকে খুঁজছেন মশাই?
নিকুঞ্জ সাহা কি এই বাড়িতে থাকে?
আজ্ঞে হ্যাঁ। দোতলার সিঁড়ি উঠে ডান দিকের ঘর।
উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন, আর সেই ফাঁকে একটানে গোঁফ-ভুরু খুলে ফেলে নিকুঞ্জ বলল, একটা কথা ছিল।
বলুন, বলেই নিকুঞ্জর দিকে ফিরে শশীবাবুর চোখ ছানাবড়া হয়ে গেল।
সে কী–এ যে নিকুঞ্জ!
নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। এঁকে ব্যাপারটা জানানো দরকার। বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে।
শুনুন শশীদা, আমি এবার থেকে মাঝে মাঝে এইরকম মেক-আপ নিয়ে ফিরব। কোনওদিন ডাক্তার, কোনওদিন মোক্তার, কোনওদিন শিখ, কোনওদিন মারোয়াড়িবুঝছেন? বেরোব বিকেলে, ফিরব সন্ধেয়। আপনার ঘরে এসে মেক-আপটা খুলে ফেলব। ব্যাপারটা আমার-আপনার মধ্যেই থাক, কেমন?
কিন্তু হঠাৎ এ উদ্ভট শখ কেন? থিয়েটার-টিয়েটার–?
না না। থিয়েটার নয়। এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে কনফিডেসে নিচ্ছি কারণ আপনি বুঝবেন। মোটকথা, আপনি আর ছড়াবেন না ব্যাপারটা, এইটে আমার রিকোয়েস্ট।
শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান, নিজেও বইয়ের পোকা। নিকুঞ্জর কথায় রাজি হয়ে গেলেন। বললেন, কোনও বদ মতলব নেই যখন বলছ, তখন আর কি? কত লোকের তো কতরকম শখই থাকে।
কাজটা মেহনতের ও সময়সাপেক্ষ, তাই সপ্তাহে দুদিনের বেশি মেক-আপ নেওয়া চলবে না এটা নিকুঞ্জ আগেই বুঝেছিল। তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে বাধা নেই, নিকুঞ্জ সেই সময়টা শহরে ঘুরে বেড়িয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যে এ ব্যাপারে একটা স্বর্ণখনি সেটা একদিন গিয়েই বুঝেছে। তা ছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ–এসব তো আছেই। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়, এমনকী কোনও ছুতো করে সে-লোকের সঙ্গে দুটো কথাও বলে রাখে। কটা বাজল দাদা, আমার ঘড়িটা আবার…। অথবা এখান থেকে গড়িয়াহাট যেতে কত নম্বর বাস ধরব বলতে পরেন?–এ ধরনের প্রশ্নেও যথেষ্ট কাজ হয়। যেদিন মেক-আপ থাকে না সেদিন বিকেলে সে স্বাভাবিক বেশেই চলে যায় মহামায়া কেবিনে। যে তিন-চারজন আলাপী আসে তাদের সঙ্গে গল্পগুজব করে রাজা উজির মেরে যথা সময়ে ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোঁকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে, বাবুর কাণ্ডকারখানা দেখে এবং রীতিমতো উপভোগ করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না।
