তিনদিনের দিন বোঝা গেল ব্যারাম গুরুতর, নার্সিংহোমে চালান দিতে হবে রুগিকে। রঞ্জন পুরকায়স্থ ইজেল থেকে পোর্ট্রেট নামিয়ে পাশে সরিয়ে রেখে একটা আনকোরা নতুন ক্যানভাস চাপিয়ে তাতে আধুনিক ঢঙে একটি ল্যান্ডস্কেপ শুরু করলেন।
দেড়মাস নার্সিংহোমে থেকে ব্যারাম-মুক্ত হয়ে শ্রীবিলাস মল্লিক যখন বাড়ি ফিরলেন তখন তাঁর। চেহারার সঙ্গে আগের চেহারার কোনও মিলই নেই। ওজন ৯০ কিলো থেকে নেমে হয়েছে ৭২ কিলো। গাল বসে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে। রঞ্জন পুরকায়স্থকে খবর পাঠালেন–ছবি এখন থাক। চেহারা আরেকটু ভাল হলে আবার নতুন করে সিটিং দেওয়া যাবে।
এক মাস পরে শ্রীবিলাস মল্লিকের চেহারা আরেকটু ভদ্রস্থ হল। তবে আগের চেহারার সঙ্গে এখনও কোনও মিল নেই। মল্লিক বললেন, এই অবস্থাতেই আবার নতুন করে ছবি আঁকা হোক। ডাক্তারেরা তাঁকে ডায়াট কন্ট্রোল করতে বলেছেন, তাই আশি কিলোর চেয়ে ওজন আর তাঁর বাড়বে না।
রঞ্জন পুরকায়স্থ ইজেলে আবার নতুন ক্যানভাস লাগালেন। মল্লিকমশাইয়ের জামাকাপড় আবার সবই নতুন করে খাটো করে করতে হয়েছে। তবে এটা ঠিকই যে, মানুষটাকে এখন দেখলে আর অসুস্থ বলে মনে হয় না।
চারদিন আঁকার পর একদিন বিকেলে রঞ্জনবাবু তাঁর ফিয়াট গাড়িতে করে নিউমার্কেট গিয়েছিলেন একটু বাজার করতে। বাড়ি ফেরার পথে পার্ক স্ট্রিটের মোড় ছাড়িয়ে খানিকদূর যেতেই একটা মিনি বাস দ্রুতবেগে বেপরোয়া ভাবে এসে তাঁর গাড়ির ডান দিকে মারল ধাক্কা। গাড়ি তো ড্যামেজ হলই, সেইসঙ্গে রঞ্জনবাবুর ডান হাতটা গুরুতর ভাবে আঘাত পেল।
হাসপাতালে গিয়ে এক্স-রে করে দেখা গেল, নুই গেছে, কবজি গেছে আর বুড়ো আঙুলটা গেছে।
প্লাস্টারে দু মাস থেকে যা দাঁড়াল তাতে এইটুকুই বোঝা গেল যে রঞ্জন পুরকায়স্থ তাঁর অঙ্কনের। দক্ষতা আর কোনওদিন ফিরে পাবেন না। যত গোলমাল ওই বুড়ো আঙুলে। তর্জনী আর মাঝের আঙুলে তুলি বেঁধে ছবি একে মডার্ন আর্ট হয়, কিন্তু স্বাভাবিক পোর্ট্রেট হয় না।
রঞ্জনবাবু এতই ঘা খেলেন যে, তিনি কাজকর্ম ছেড়ে কিছুকালের জন্য তীর্থভ্রমণে চলে গেলেন। তিন মাস কাশী হরিদ্বার হৃষীকেশ লছমনঝুলা ঘুরে বাড়িতে ফিরে ওই দুই আঙুলেই আবার ছবি আঁকা শুরু করলেন। তার ফলে কাজ ঢিমে হয়ে এল, ছবির চেহারাই পালটে গেল। এ ছবির জন্য আর ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া যায় না। রঞ্জনবাবু বুঝলেন যে, তাঁকে আবার নতুন করে বাজার তৈরি করতে হবে। ইতিমধ্যে শ্রীবিলাস মল্লিক তাঁর খোঁজ নিয়েছেন, তাঁকে সমবেদনা জানিয়েছেন, এবং আক্ষেপ জানিয়েছেন যে পুরকায়স্থমশাই-এর করা একটি পোর্ট্রেট তাঁর বাড়িতে রইল না।
আরও তিন মাস পরিশ্রম করে দু আঙুলে তুলি চালিয়ে রঞ্জন পুরকায়স্থ মোটামুটি একটা নিজস্ব স্টাইল উদ্ভব করেছেন, এবং ক্রমে তাঁর আঁকার কদর বাড়ছে। এর মধ্যে একদিন রবিবার সকালে চাকর এসে তাঁর স্টুডিওতে খবর দিল যে, একজন ভদ্রলোক পুরকায়স্থমশাই-এর সঙ্গে দেখা করতে এসেছেন।
এঁকে আপনি চেনেন, বলল চাকর।
রঞ্জনবাবু নীচে নেমে এলেন। বৈঠকখানায় ঢুকে তাঁর চক্ষু চড়কগাছ! তিনি কি স্বপ্ন দেখছেন? তাঁর সামনে দাঁড়িয়ে আছেন তাঁর সেই দশাসই বপু এবং হুবহু আগের সেই চেহারা নিয়ে শ্রীবিলাস মল্লিক।
কী ব্যাপার বলুন তো? জিজ্ঞেস করলেন রঞ্জন পুরকায়স্থ।
কিছুই না, বললেন শ্রীবিলাস মল্লিক, আমি অত্যন্ত ভোজনপ্রিয় মানুষ। ডাক্তারের কথা রাখতে পারলাম না–ডায়াট কন্ট্রোল আমার দ্বারা হল না, তাই দেখতে দেখতে আগের চেহারায় এসে গেছি। আমার সেই ছবিটা নষ্ট করে ফেলেননি তো?
মোটেই না। তবে তাতে দু-একটা আঁচড় দিতে হবে–সেটা আমি দু আঙুলেই পারব। আপনি একবার কাল সকালে ঘণ্টাখানেকের জন্য আসতে পারেন কি?
বিলক্ষণ, বিলক্ষণ। আর ইয়ে, আপনার রেটটাও এতদিনে নিশ্চয়ই বেড়েছে। ওই পোর্ট্রেটের জন্য যা দর ধরা হয়েছিল, আমি এখন তার চেয়ে কিছু বেশি দিতে চাই। আশা করি আপনার কোনও আপত্তি হবে না।
সন্দেশ, শারদীয় ১৪০০; রচনাকাল ১১ অক্টোবর, ১৯৮৬
প্রসন্ন স্যার
অর্ধেন্দু সেনগুপ্ত সাতদিনের ছুটি নিয়ে শিমুলতলায় এসেছে। সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ভাল চাকরি করে, যদিও মাত্র পঁচিশ বছর বয়স। চেহারা সুশ্রী, চলনে বলনে রীতিমতো স্মার্ট। ব্যাচেলার হিসেবে তার এই শেষ ছুটি ভোগ, কারণ ফিরে গিয়ে দুমাসের মধ্যেই তার বিয়ে, পাত্রী ঠিক করেছেন তার মা নিজে। অর্ধেন্দুর একটু কাব্যচর্চার বাতিক আছে, সে শিমুলতলায় সেটার পিছনে কিছুটা সময় দিতে চায়, কলকাতায় কাজের চাপে আর হয়ে ওঠে না।
দ্বিতীয় দিনই বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে বেড়াতে গিয়ে প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। প্রসন্ন চক্রবর্তী অর্ধেন্দুর ইস্কুলে ইংরিজি পড়াতেন। তাঁর স্মরণশক্তির কথা সকলেই জানে, তিনি পুরনো ছাত্রদের কখনও ভোলেন না–সে ভাল ছেলেই হোক আর মন্দ ছেলেই হোক। অর্ধেন্দু তাঁকে ক্লাস নাইন পর্যন্ত পেয়েছিল–একটানা ছবছর–তারপর প্রসন্ন স্যার চাকরি ছেড়ে দেন শারীরিক অসুস্থতার জন্য। এখনও তাঁকে দেখে খুব সুস্থ বলে মনে হল না। বারো বছর হয়ে গেছে, কিন্তু তাও প্রসন্ন স্যার অর্ধেন্দুকে দেখেই চিনে ফেললেন।
