বলে, দড়িসুদ্ধ নেংটি ইঁদুরটা আমার হাতে গুঁজে দিয়ে, সুট করে যেন কোন দিকে হাওয়া হয়ে গেলেন ঘোড়ামামা।
ঘোড়ামামার কাটলেট
ঘোড়ামামা বললেন, এই যে পেলারাম, কী বেপার?
ঘোড়ামামা মোটেই ঘোড়া নন, কিংবা কারও মামাও নন। মুখে বড় বড় দাড়ি, মাথায় লম্বা-লম্বা চুল, একটা থলে কাঁধে নিয়ে পথে-পথে ঘুরে বেড়ানো তাঁর অভ্যেস। হঠাৎ তাঁকে দেখে কাগজ কুড়ুনে বলে মনে হতে পারে, কিন্তু কাগজ তিনি কুড়োন না। ঘোড়ামামার ধারণা, লোকে না বুঝে রাস্তায় অনেক কাজের জিনিস ফেলে দেয়, সেগুলো কুড়িয়ে রাখলে তা দিয়ে কত কী যে হতে পারে তা বলে বোঝানো যায় না। এই ধরো, একদিন ঘোড়ামামা জুতোর একটা সুকতলা পেলেন; একমাস বাদে হয়তো খানিক চামড়া পাবেন; আরও ছমাস বাদে একটা সোল পেয়ে যেতে পারেন। এগুলো একসঙ্গে সেলাই করে নিলেই একপাটি জুতো বিনে পয়সায় তৈরি হয়ে গেল। এইভাবে আর-এক বছর খুঁজে বেড়ালে হয়তো আর-এক পাটিরও জোগাড় হয়ে যাবে। তখন একেবারে ফ্রিতে একজোড়া জুতো–আর আজকাল জুতোর যা দাম!
এ থেকে যদি ভেবে থাকো যে ঘোড়ামামার অবস্থা খারাপ, তা হলে ভুল করেছ। ঘোড়ামামা মোটেই গরিব নন। তাঁর নিজের বাড়ি আছে, একতলা-দোতলায় ভাড়াটে আছে, তারকেশ্বরে নিজেদের দেশে অনেক জমিজমা আছে। আসলে স্বভাবই এই। তাঁর বাড়ির তেতলার ঘরে উঠলেই দেখবে–দেশলাইয়ের খাপ, খালি সিগারেটের বাক্স, ছেঁড়া রিবনের টুকরো, খালি কৌটো থেকে শুরু করে ফেলে-দেওয়া তোবড়ানো সাইন বোর্ড পর্যন্ত জমানো রয়েছে। একটা সাইন বোর্ডে লেখা আছে : এখানে উত্তম চিড়া পাওয়া যায়, আর-একটাতে লেখা আছে : পাগলের মহৌষধ। শেষটা ঘোড়ামামাকে খাওয়াতে পারলে ভালো হত–কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে, আমাদের জানা নেই।
ঘোড়ামামার জিভে একটু দোষ আছে। প্যালারামকে বলেন পেলারাম, ব্যাপারকে বেপার, চ্যাঁচানোকে চিঁচানো–এইরকম। তাই আমাকে বললেন, এই যে পেলারাম, কী বেপার?
দাড়ির ফাঁকে ঘোড়ামামার গোটা কুড়িক দাঁত বেরিয়ে এল। আর তাই দেখেই মেজাজ খারাপ হয়ে গেল আমার। ঘোড়ামামার পাল্লায় পড়ে দু-দুবার আমার হাঁড়ির হাল হয়েছে।
বললুম, ব্যাপার আর কী ঘো–বলেই সামলে নিলুম, মানে মামা, আমি ক্যাবলার জন্যে ওয়েট করছি এখানে।
কেবলা? ও মিত্তিরদের কেবলা? কেনো?
ও আমাকে কাটলেট খাওয়াবে বলেছে।
তা–কেটলেট!–ঘোড়ামামা আবার দাড়ির ফাঁকে দন্তশোভা বিকাশ করলেন : তা বেশ তো, চলো না আমার সঙ্গে। আমিই তোমায় কেটলেট খাওয়াব।
আমি বললুম, সরি ঘো–মানে মামা, একবার আপনি আমাকে ক্ষীরমোহন, চমচম, ছানার জিলিপি এইসব খাওয়াবেন বলে পটলডাঙা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হাঁটিয়েছেন, তারপর ল্যাজে দড়ি বাঁধা একটা নেংটি ইঁদুর ধরিয়ে দিয়ে
কেনো–কী অন্যায় হয়েছে? সেই ইঁদুর বাড়িতে নিয়ে গেলে তোমার বাবা বিড়েল আনতেন–ঘোড়ামামা বলে যেতে লাগলেন :সেই বিড়েলকে দুধ খাওয়াবার জন্যে তোমার বাবা গোর পুষতেন, সেই গোরুর দুধ থেকে ক্ষীরমোহন, ছেনার জিলিপি–
আমি বাধা দিয়ে বললুম, খুব হয়েছে, আর আমার দরকার নেই। সেই নেংটি ইঁদুর নিয়ে বাড়ি গেলে বড়দা আমাকে একটা বিরাশি সিক্কার চড় বসাত, তারপর ইঁদুরটাকে টেনে একেবারে শ্রদ্ধানন্দ পার্কে ফেলে দিত। ক্ষীরমোহন, ছানার জিলিপি–হুঁ। যত সব বোগাস। মাঝখান থেকে রবিবারের সকালে আমাকে পাক্কা দেড় মাইল হাঁটালেন আপনি।
আহা পেলারাম, তুমি বুঝতে পারছ না। সব কাজ প্লেন করে (মানে প্ল্যান করে) করতে হয়। চমচম, ক্ষীরমোহন ঝাঁ করে খেলেই হল? একটা এরেনজমেন্ট করতে হয় না? আজ তুমি চলো আমার সঙ্গে, নিশ্চয় তোমার কেটলেট খাওয়াব।
আবার হয় হাওড়া ব্রিজ, নয় শ্যামবাজার পর্যন্ত হাঁটাবেন তো। আর আপনার সঙ্গে সঙ্গে জুতোর সুকতলা, রাংতা, ঘুড়ির কাগজ, রাস্তার পেরেক, এই সব কুড়োতে হবে? শেষে একতাল গোবর আমার হাতে তুলে দিয়ে বলবেন–এই গোবর থেকে ঘুঁটে হবে, ঘুঁটে দিয়ে উনুন ধরানো হবে, উনুন ধরালে কড়াই চাপবে, কড়াই চাপলে তোমার মা কাটলেট ভাজবেন–চালাকি। ঘো–সরি মামা, ও-সবের মধ্যে আমি আর নেই।
তুমি মিথ্যে এফরেড হচ্ছ পেলারাম।–ঘোড়ামামা মনে ভীষণ ব্যথা পেলেন : আজ তোমার কোথাও যেতে হবে না, কিচ্ছু কুড়োতে হবে না। আমার বাড়িতে গেলেই তোমার কেটলেটের ব্যবস্থা হবে। তোমার কেবলা তো এল না–চিঁচামিচি না করে আমার সঙ্গে তুমি চলো।
ক্যাবলা যে আসবে না, সে তো বুঝতেই পারছি। বর্ধমান থেকে ওর ছোটমামা এসেছে শুনেছি, আর যুদ্ধের ফিলিম দেখানো হচ্ছে–নিশ্চয় ক্যাবলা মামার সঙ্গে সেই ফিলিম দেখতে গেছে। টেনিদা কলকাতায় নেই, বেড়াতে গেছে গোবরডাঙায় পিসিমার বাড়িতে, হাবুল সেন সেই-যে পরশু থেকে বালিগঞ্জে বড়দির বাড়ি গিয়ে বসে রয়েছে–এখনও ফেরবার নাম করছে না। পুজোর ছুটির দিনগুলোতে ভারি একা পড়ে গেছি আমি।
চলো হে পেলারাম, রাস্তায় দেঁড়িয়ে হাঁ করে থেকে আর কী করবে?–ঘোড়ামামা আবার ডাকলেন। ভাবলুম, এসপার-ওসপার যা হোক একটা হয়েই যাক। বলা তো যায় না–জুটেও যেতে পারে একটা কাটলেট–চানস নিয়ে দেখাই যাক না। আজ তো আর রাস্তায় রাস্তায় কুড়িয়ে বেড়াতে হবে না, ভয় কিসের?
