–আমি তো স্যার দেখতে পাইনি আপনাকে।
–দেখতে পাননি বটে? এই কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়্যাল দেখবার আগে লোকে আগে আমায় দেখতে পায়–আর আপনি পাননি! দেখুন মশাই–মোটা লোক দেখলে কক্ষনো হাসবেন না। মোটা হওয়ার যে কী দুঃখু–যে হয়েছে সেই জানে। তা ছাড়া সব দিন সমান যায় না মশাই। আজ আপনি শুটকী মাছের মতো রোগা আছেন, তাই ভারি ফুর্তি। কিন্তু দুদিন পরে আপনিই যে ট্যাপা মাছের মতো মোটা হয়ে যাবেন না–কে বলতে পারে?
বলছি, আপনাকে দেখে আমি হাসিনি
–হাসেননি মানে? এখনও তো হাসছেন। জানেন, আমি কী করতে পারি? চেঁচিয়ে লোক জড়ো করতে পারি–পুলিশ ডাকতে পারি–
–তাই ডাকুন বলতে বলতেই ডাবু সামনের ট্রামগাড়িটায় লাফিয়ে উঠে পড়ল।
সদা হাস্যমুখে থাকিবে–ঘুর্ঘরানন্দের উপদেশ। কিন্তু এই প্রথম থেকেই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তা হোক। আজকের দিনটা সে পরীক্ষা করেই দেখবে।
পকেট হাতড়ে আবার সে গোটাকয়েক চীনেবাদাম বের করলে। ট্রাম চলছে আর সেই সঙ্গে চলছে বাদাম খাওয়া। ঘুর্ঘরানন্দের কথাটা ঘুরছে মাথার মধ্যে। এমন সময় সামনের সিটের লোকটি হাউ-মাউ করে উঠলেন।
–দাদা! ও–দাদা।
ডাবু খেয়াল করেনি প্রথমটায়। কিন্তু পরক্ষণেই ডাক এল, এবার রীতিমতো আর্তনাদ যেন।
–ও চীনেবাদাম-খাওয়া দাদা, শুনছেন?
ডাবু ফিরে তাকাল।
সামনের সিটে কালো লম্বা লোকটি প্রায় তেড়ে উঠেছেন ততক্ষণে।–বলি, আড়চোখে আমার দিকে তাকিয়ে খুব যে হাসা হচ্ছে। না হয় চোখ দুটো আমার ট্যারাই আছে, তাতে হাসির কী পেলেন এত?
–আমি তো সে-জন্য হাসিনি।
তবে কী জন্যে? ল্যাম্পপোস্ট দেখে হাসছেন? ট্রামগাড়ি দেখে হাসছেন? না জুতোর দোকান দেখে হাসি পাচ্ছে আপনার? আমি দর্জিপাড়ার বেচু গড়গড়ি-বেশি চালাকি করবেন না আমার সঙ্গে।
-কেন খামকা চালাকি করতে যাব আপনার সঙ্গে? কী দায় আমার?
বটে। বটে।–বেচু গড়গড়ি প্রায় রুখে উঠলেন : তা হলে হাসছিলেন কেন আমার ট্যারা চোখ দেখে? ন্যাকা পেয়েছেন আমাকে?
কী মুস্কিল। ওটা আমার অভ্যেস।
অভ্যেস? এর পরে হয়তো আমার নাকটাকে খিমচে দিয়ে বলবেন, ওটাও আমার অভ্যেস। হয়তো কটাং করে কান কামড়ে দিয়ে বলবেন, ওটাও আপনার অভ্যেস! নইলে ঝটাং করে একটা ক্ষুর বের করে আমার চাঁদিটা চেঁছে দিয়ে বলবেন–ওটাও আপনার অভ্যেস? কী–তবুও হাসছেন? ভালো হবে না দাদা-ভালো হবে না বলে দিচ্ছি। আমার ছোটমামা বকসিং লড়তে পারে-মনে থাকে যেন সেকথা। :
আহা যেতে দিন–যেতে দিন ট্রামের দু-চারজন এতক্ষণে মাঝখানে এসে পড়লেন।
–যেতে দেব কী।–বেচু গড়গড়ি আবার আর্তনাদ করে উঠলেন : ওই দেখুন না, এখনও হাসছে।
ডাবু কী জবাব দিতে যাচ্ছিল, সেই সময় টামের দরজার গোড়ায় শোরগোল উঠল একটা।
পকেট মেরেছে-পকেট মেরেছে
হায় হায়! পাঁচশো টাকা নিয়ে গেছে আমার-পাঁচশো টাকা–একজন মারোয়াড়ী ভদ্রলোক ডুকরে উঠলেন।
ঝড়াং করে ট্রাম থেমে গেল।
কী করে নিলে মশাইকে– নিলে? কখন নিলে?
মারোয়াড়ী ভদ্রলোক হাত-পা ছুড়তে লাগলেন।
–নেবে আর কী করে পকেট থেকে পাঁচশো টাকা তুলে নিয়েছে ব্যাগসুদ্ধ।
–কে নিলে তাই বলুন।
–কে নিলে তা জানতে পারলে আর চিল্লাব কেন মশাই? ক্যাঁক করে তক্ষুনি তো তার টুটিটা চেপে ধরব।–ভদ্রলোক হাহাকার করতে লাগলেন; রেসের মাঠে খেলতে গিয়ে মুফত রোজগার হয়েছিল টাকাটা-হায় হায়।
অধর্মের টাকা ও-ভাবেই যায়–কে একজন জুড়ে দিলে মাঝখানে।
হঠাৎ বেচু গড়গড়ি লাফিয়ে উঠলেন সিট ছেড়ে। ক্ষিপ্ত জিঘাংসা তাঁর ট্যারা চোখে।
-নির্ঘাত এই লোকটাই আপনার পকেট মেরেছে শেঠজী। তখন থেকে মিটমিট করে হাসছে সেইজন্যে।
ডাবু একেবারে আকাশ থেকে পড়ল : আমি?
তা ছাড়া কী? মনে ফুর্তি না থাকতে অমন খামকা হাসি পায় কারও। আর নগদ পাঁচশো টাকা হাতে পেলে মনে ফুর্তি বান ডেকে না যায়? বলুন স্যার আপনারাই বলুন।
–ঠিক ঠিক।
কষে লাগিয়ে দিন দু ঘা। পুলিশে দিন।
প্রায় মার মার করে সারা ট্রামের লোক ডাবুর দিকে ছুটে এল।
–দেখছেন, এখনও মুখে হাসি।
–নির্ঘাত পাকা পকেটমার
কিন্তু বাঁচিয়ে দিলেন মারোয়াড়ী ভদ্রলোক নিজেই।
হায় হায় মোশা, আপনারা কি পাগল হলেন? ওই ভদ্রলোক অত দূরে বসে আছেন, দশ গজ লম্বা একটা হাত বাড়িয়ে আমার পকেট মারবেন নাকি?
-ঠিক ঠিক। তাও তো বটে।
–ওঁর হাতটা মেপে দেখুন না, কগজ লম্বা।
হায় হায়! মারোয়াড়ী ভদ্রলোক হাহাকার করতে লাগলেন : আমি টাকার শোকে মরছি, আর আপনারা পাগলামি শুরু করলেন।
-সত্যিই তো, কী পাগলামি করছেন আপনারা, এত দূর থেকে উনি কী করে পকেট পারবেন?–বেচু গড়গড়ি আর-একজনকে বললেন।
–আপনিই তো গোড়াতে বললেন মশাই সে-ভদ্রলোক খেপে উঠলেন।
বা রে, আমি তো ঠাট্টা করছিলাম।
–ঠাট্টা! এ কোন দিশি ঠাট্টা। সাদাসিধে একজন নিরীহ লোককে গাঁটকাটা বলা? ট্যারা লোকগুলোর বুদ্ধিই এমনি।
কী বললেন, ট্যারা।-বেচু গড়গড়ি চেঁচিয়ে উঠলেন : জানেন, আমি দর্জিপাড়ার লোক? জানেন, আমার ছোটমামা বকসিং করে।
ট্রামটা চলছিল, আবার কড়াং করে থেমে পড়ল। কণ্ডাক্টার ঘণ্টি মেরে দিয়েছে। মারোয়াড়ী ভদ্রলোকের হাহাকার, বেচুর আর্তনাদ–প্রলয় কাণ্ড শুরু হয়ে গেল।
কিন্তু আর নয়–ডাবু ভাবল : এই বেলাই মানে মানে গাড়ি থেকে নেমে পড়া ভালো।
