ফুলের পাঁপড়ি ছেড়ার মতো করে, ভোরের আকাশে নীলিমার বুকের ওপর প্রথম সূর্যের আলো পড়ার মতো শুভ্রতায় রেখায়িত পাখা দুটোকে তিনি নখের ডগায় টুকরো টুকরো করতে লাগলেন। বেশ লাগে ছিড়তে। অদ্ভুত সূক্ষ, আশ্চর্য নরম! কিন্তু কেয়া গাছের একটি পাতাও অমন করে ছেঁড়া যাবে না, সে-চেষ্টা করতে গেলে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে হাতের চামড়া, ভেসে যাবে রক্তের ধারায়।
বাগানের মধ্যে চলতে চলতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়ালেন তিনি। সমস্ত মুখোনা খুশির আলোয় তাঁর ঝলমল করে উঠেছে।
এই তো! এতদিন পরে তবে ফুল ফুটেছে!
রাজপুতানা থেকে আনা, মরুভূমির বালিতে বেঁচে থাকা এই ক্যাকটাস। কেয়ার চাইতেও বড়ো বড়ো খরমুখ কাঁটা। এদের ভীষণতার এইটুকুই মাত্র পরিচয় নয়। এই ক্যাকটাসগুলোর আশেপাশে থাকে এক জাতের ছোটো ছোটো বেলে সাপ; যেমন দ্রুত, তেমনি অব্যর্থ তাদের বিষ। এই বিষকন্যার আজ যৌবন এসেছে, ফুল ফুটেছে এর গায়ে!
একটি মাত্র ফুল, মাঝারি ধরনের আনারসের মতো চেহারা। হরিদ্রাভ বর্ণে হালকা হালকা লালের ছোপ। কৌতূহলী হয়ে তার গায়ে হাত দিতে গিয়েই চমকে সরে এলেন নৃপেন রায়। হাতে লাগল কাঁটার তীক্ষ্ণ খোঁচা, জ্বালা করতে লাগল। তাকিয়ে দেখলেন মধ্যমার উপরে এসে জমেছে একবিন্দু রক্ত।
নিজের রক্ত কত বার দেখেছেন, তবু এই একটি বিন্দুকে কেমন বিস্ময়কর বলে মনে হল তাঁর। আশ্চর্য স্বচ্ছ আর নির্মল দেখাল তাঁর রং। নৃপেন রায় কুঞ্চিত করে তাকিয়ে রইলেন। এই রক্তে বিষ আছে, বিষ আছে তাঁদের নিজের অপরাধের। অসম্ভব।
হঠাৎ কান দুটো সতর্ক করে তিনি দাঁড়িয়ে গেলেন। গানের সুর। গৌরী গান গাইছে। আঙুলে ক্যাকটাসের বিষাক্ত জ্বালা নিয়ে অস্থির পায়ে ঘরের দিকে এগোলেন নৃপেন রায়। বাইরের ঘরে একটা জানলার পাশে বসে বুড়ো আম গাছটার দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছে গৌরী। কোলের ওপর তার দুটি সদ্যফোঁটা গন্ধরাজ। নিজের মনেই কী-একটা গানের সুর সে গুঞ্জন করে চলেছে।
গৌরী?
তীক্ষ্ণগলায় তিনি ডাকলেন। বিদ্যুদবেগে গৌরী দাঁড়িয়ে পড়ল, মাটিতে পড়ল কোলের ওপরে রাখা গন্ধরাজ দুটো।
কী দেখছিলি?
দুটো ঘুঘু বাবা, কী সুন্দর ডাকছে! গৌরীর গলায় একটা আনন্দিত কৌতূহলের আমেজ। কিন্তু তাতে কোনো চেতন-সত্তার বোধের চিহ্ন নেই। একটা প্রাকৃতিক অনুভূতি। নদীর নীল জলের আয়নায় নিজের ছায়া দেখে অর্থহীন আনন্দে ডেকে ওঠা কোনো হরিণের মতো।
কোথায় ঘুঘু? নৃপেন রায়ের চোখ দুটো চকচক করে উঠল।
ওই যে। গৌরী আঙুল বাড়িয়ে দেখিয়ে দিলে, কেমন গায়ে গায়ে লাগিয়ে বসে আছে। এখুনি ঘু ঘু করে ডাকছিল।
ওঃ!
নৃপেন রায় সরে এলেন। তুলে আনলেন দেওয়ালের কোনায় ঠেসান দেওয়া বন্দুকটা। লোড করাই ছিল। আনলোডেড বন্দুক কখনো তিনি ঘরে রাখেন না।
গৌরীর হাতে বন্দুকটা তুলে দিয়ে বললেন, মার।
হরিণের চোখে যেন বাঘের ছায়া পড়ল।
বাবা।
মার। পাথরের মতো শক্ত শোনাল নৃপেন রায়ের গলা। জ্বলে উঠল সম্মোহকের দৃষ্টি। তারপর গৌরীর সামনে থেকে তাঁর সমস্ত মুখোনা মিলিয়ে গেল, জেগে রইল শুধু দুটো আগ্নেয় চোখ। সে-দুটো যেন ক্রমশ বড়ো—আরও বড়ো হয়ে কোনো চলন্ত ট্রেনের দুটো আলোর মতো এগিয়ে আসতে লাগল গৌরীর দিকে।
ঘামে ভেজা হাতে ঠাণ্ডা বন্দুকটা আঁকড়ে ধরল গৌরী। আস্তে আস্তে তুলে নিয়ে লক্ষ ঠিক করল। তারপরেই একটা তীব্র শব্দের সঙ্গে সঙ্গে দুটো তুলোর বলের মতো ঘুঘুজোড়া ছটফট করতে করতে পড়ল মাটিতে।
ঘর-কাঁপানো একটা অট্টহাসিতে নৃপেন রায় ফেটে পড়লেন।
খাসা টিপ হয়েছে তোর! বন্দুক ধরেই জাতশিকারি! অসীম আনন্দে আর একবার তিনি হা-হা করে হেসে উঠলেন।
কিন্তু গৌরী আর দাঁড়াল না। দু-হাতে মুখ ঢেকে পালিয়ে গেল সেখান থেকে।
আর সঙ্গে সঙ্গেই নাকের ওপর প্রচন্ড একটা ঘুসি এসে পড়বার মতো হাসিটা থেমে গেল নৃপেন রায়ের। না, এখনও হয়নি। এখনও অনেক দেরি। পায়ের নীচে গন্ধরাজ দুটোকে নির্মমভাবে দলিত-মথিত করতে করতে তিনি ভাবতে লাগলেন, বাগানে একটাও ফুলের গাছ আর তিনি রাখবেন না। কালই কাটিয়ে নির্মূল করবেন সমস্ত। আর সেখানে পুঁতে দেবেন আরও গোটা কয়েক ক্যাকটাস—আরও নির্মম, আরও কণ্টকিত।
দিন দশেক পরে বাড়িতে দুটো বড়ো বড়ো বাক্স এল। আর সেইসঙ্গে এল শক্ত তারের
জাল-দেওয়া একটা মস্তবড়ো খাঁচা। খাঁচার মাঝখানে জালের আর একটা পার্টিশন—দুটো জানোয়ার পাশাপাশি রাখার ব্যবস্থা।
গৌরী অবাকবিস্ময়ে বললে, এতে কী হবে বাবা?
মজা হবে। নৃপেন রায় হাসলেন, হাতের তেলোয় একটা প্রজাপতি পিষে ফেলবার মতো হাসি। মজার চেহারাটাও একটু পরেই স্পষ্ট হয়ে উঠল। কাঠের একটা বাক্স খুলতেই খাঁচার এদিকের ঘরে লাফিয়ে ঢুকল মাঝারি ধরনের একটা লেপার্ড। পোষমানা নয়, বন্য এবং উদ্দাম।
বাঃ, কী সুন্দর বাঘ! খুশিতে ছলছল করে উঠল গৌরী, এ বাঘটা আমাদের?
আমাদের বই কী।
আনন্দে গৌরী হাততালি দিলে, কী মজা। আর ওই বাক্সে?
দ্বিতীয় বাক্স থেকে যে বেরিয়ে এল, তাকে দেখে সভয়ে গৌরী অব্যক্ত শব্দ করল একটা। খাঁচার দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুদবেগে ফিরে দাঁড়াল। তারপর তীক্ষ্ণশিস টানার মতো গর্জন করে হাত চারেকের মতো উঁচু হয়ে উঠল। বিশাল ফণা তুলে প্রচন্ড বেগে ছোবল মারল খাঁচার দরজায়।
