কামারুজ্জামানের ফাঁসি হয়ে বাংলাদেশের কী লাভ হয়েছে? কামারুজ্জামান ছিলেন ৬২ বছর বয়সের এক বৃদ্ধ। তিনি যৌবনেই যত অপকর্ম আছে করে ফেলেছেন। তাঁকে চার দশকের চেয়েও বেশি সময় দেওয়া হয়েছে অপকর্ম করার। তিনি একাত্তরে যত অন্যায় করেছেন, যত ক্ষতি করেছেন দেশের, তার চেয়েও বেশি করেছেন একাত্তরের পরে। তিনি বিশাল এক ধর্মান্ধ খুনীবাহিনী তৈরি করেছেন, তিনি দেশের নিরীহ ছেলে মেয়েদের মগজধোলাই করেছেন। তাঁর খুনীবাহিনীই আজ লেখক অভিজিৎ রায়কে খুন করে, তাঁর খুনীবাহিনীই আজ ব্লগার ওয়াশিকুর বাবুকে খুন করে। এক কামারুজ্জামান মরে গেছেন, লক্ষ কামরুজ্জামান আজ বাংলার ঘরে ঘরে।
খুব সাবধান বাংলাদেশ, বাঁচতে চাও তো চাপাতি ছুড়ে ফেলো, ফাঁসির দড়ি ছিঁড়ে ফেলো, শুভবুদ্ধি জাগাও সবার মধ্যে।
স্যানিটারি প্যাডে প্রতিবাদ
স্যানিটারি প্যাডের ওপর প্রতিবাদ লেখা হচ্ছে আজকাল। প্যাডের এই প্রতিবাদটি বেশ চমৎকার। প্রথম যেদিন দেখেছিলাম, বেশ ফুরফুরে লেগেছিল। প্রায় তিরিশ বছর যাবৎ অনেকটা একা-একাই ট্যাবু ভেঙে চলেছি। তাই কাউকে ট্যাবু ভাঙতে দেখলে বেশ আনন্দ হয়। স্যানিটারি প্যাডকে প্রতিবাদের মাধ্যম করা এই প্রথম নয়, আগেও করা হয়েছে। চার্লি নামে এক মেয়ে গতবছর একটা টুইট করেছিল, টুইটটা এরকম: ‘মেয়েদের পিরিয়ডকে যেরকম ঘেন্না করে পুরুষেরা, ধর্ষণকেও যদি একইরকম ঘেন্না করতো!’ এই টুইট দেখে এলোনে নামের এক জার্মান শিল্পী এমনি উত্তেজিত ছিলেন যে তিনি চার্লির ওই টুইটের কথাগুলো চল্লিশটা স্যানিটারি প্যাডের ওপর লিখে তাঁর শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিয়েছিলেন। টুইটের ওই কথা ছাড়াও নিজ থেকে আরও লিখেছিলেন, ‘পুরুষরা মেয়েদের শরীরকে ধর্ষণ করে, পোশাককে নয়’। এসবের জন্য এলোনে নিন্দিত নন্দিত দুইই হয়েছেন। এলোনে বলেছেন, মানুষকে একটু নাড়া খাওয়ানোর জন্য তিনি ইচ্ছে করেই স্যানিটারি প্যাড ব্যবহার করেছিলেন। সেক্সিজম যে প্রতিদিনকার সমস্যা তা তাঁর মনে হয়েছে সবাইকে জানানো দরকার। এলোনে টের পেয়েছেন, পিরিয়ডকে ধর্ষণের সঙ্গে মিলিয়ে দিলে ভদ্রলোকদের বেশ অস্বস্তি হয়। ওই অস্বস্তি দিতে পারাটাই সাকসেস। এলোনেই প্রথম স্যানিটারি প্যাডকে শিল্পের পর্যায়ে তোলেননি। এর আগে ট্রেসি এমিন নামের একজন শিল্পী প্রেগনেন্সি টেস্টের পাশে একটা জারে পুরোনো ব্যবহৃত ট্যাম্পুন রেখেছিলেন। ওটাই ছিল ওঁর আর্ট। ওই আর্টটার নাম ছিল ‘পেইনটিং-এর ইতিহাস-১’। চিলির একজন আর্টিস্ট পাঁচ বছর ধরে জমানো ঋতুস্রাবের রক্তের একটা প্রদর্শনী করেছিলেন। প্রদর্শনীটা দেখে একজন মন্তব্য করেছিলেন, ‘পুরুষের রক্তকে বলা হয় সাহসের, আর আমাদের মেয়েদের রক্তকেই চিরকাল লজ্জার বলে চিহ্নিত করা হয়’। চাবুকের মতো গায়ে লাগে এই সত্যটা।
দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্যানিটারি প্যাডের প্রতিবাদ। কলকাতার যাদবপুরে এসে এটি থেমেছে। না, এখানেই থামলে চলবে না। প্রতিবাদকে সারা উপমহাদেশে ছড়িয়ে দিতে হবে। প্রতিবাদের এই ভাষাটি সার্থক এই কারণে যে, এই ভাষাটি ভদ্রলোকদের পছন্দ হচ্ছে না। ওদের পছন্দের ভাষা দিয়ে ওদের পছন্দের পুরুষতন্ত্রের প্রতিবাদ করলে প্রতিবাদটায় জোর থাকে না। যে ভাষা এতকাল ব্যবহৃত হয়েছে, সেই ম্যাড়ম্যাড়ে ভাষা পাল্টে আরও তীব্র, তীক্ষ্ণ ভাষা ব্যবহারের সময় এসেছে। নিষিদ্ধ রক্তমাখা কাপড় পতাকার মতো উড়িয়ে প্রতিবাদ হোক পুরুষতন্ত্রের, নারীবিদ্বেষের। পুরুষের শেখানো ভাষায়, পুরুষের দেখানো পথে এতকাল মেয়েরা হেঁটেছে, এবার নিজেদের মতো করে হাঁটুক।
নারীর না হয়ে ঋতুচক্র যদি পুরুষের হতো, তবে কিন্তু ঋতুস্রাবের রক্ত নিয়ে সমাজে লজ্জা করার কিছু থাকতো না। বরং পুরুষের ওই রক্তকে পবিত্র বলে ঘোষণা করা হতো, ওদের রক্তকে পুজোও করা হতো, ওদের স্যানিটারি প্যাডকে ওরা অত্যন্ত গৌরবের সঙ্গে প্রদর্শন করতো। নারীর ঋতুস্রাবের রক্তকে পুরুষেরা এতকাল ঘৃণা করেছে, এই রক্তকে অপবিত্র বলেছে, আজ নারীরাই তাদের রক্তকে পবিত্র বলে ঘোষণা করুক। এই পবিত্র রক্ত দিয়ে লিখে রাখুক যৌন হেনস্থার বিরুদ্ধে তাদের গর্জে ওঠার কাহিনী।
স্যানিটারি প্যাড সাঁটিয়ে আন্দোলন করাটাকে, অনেকে বলছে, নান্দনক নয়। আমি মনে করি, এটা অভিনব এবং নান্দনিক। আসলে নারীবিদ্বেষীদের গায়ে এই আন্দোলনটা জ্বালা ধরাচ্ছে বলে এই আন্দোলনটার সফল হওয়ার সম্ভাবনা আছে। পুরুষেরা যখন জামা খুলে বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক’ লিখে মিছিলে হাঁটে, লোকে মুগ্ধ হয়, কবিরা তাদের নিয়ে কাব্য লেখে, শিল্পী ছবি আঁকে, চিত্রপরিচালক চলচ্চিত্র নির্মাণ করে, চারদিকে তাদের জনপ্রিয়তা হৈ-রৈ করে বাড়ে। আর ‘ফেমেন’ গোষ্ঠীর যে মেয়েরা খোলা বুকে-পিঠে একই জিনিস লিখে রাস্তায় হাঁটে, পুলিশ দৌড়ে এসে চ্যাংদোলা করে তাদের সবকটাকে তুলে থানায় নিয়ে যায়। স্লোগান লেখা পুরুষের খোলা শরীর গৌরবের, আর স্লোগান লেখা নারীর খোলা শরীর লজ্জার, ঘৃণার, সংকোচের! খোলা বুকে ফেমেনের যে প্রতিবাদ, তাকে নান্দনিক বলবে না সমাজের ভদ্রলোকেরা। ফেমেনের প্রতিবাদ ভদ্রলোকদের অস্বস্তি দেয়। অস্বস্তি দেয় বলেই নারীর সমস্যা নিয়ে ফেমেনের প্রতিবাদগুলো সাড়া ফেলেছে, মানুষ উঠে বসেছে, সমস্যাগুলো নিয়ে নাড়াচাড়া করছে, সচেতন হচ্ছে।
