হেসে, যেন রুদ্রর এই প্রেম আমাকে বেশ আনন্দ দিচ্ছে, সুখে আমি ফেটে পড়ছি, এমন স্বরে এবং ভঙ্গিতে বলি, জীবন বদল করতে রাজি মেয়েটি?
রুদ্র বললো, হ্যাঁ।
ভালোবাসো ওকে? —জিজ্ঞেস করি। রুদ্র তাকায় আমার চোখে। চোখে ফুটে আছে অসংখ্য শিমুল। চোখ সরিয়ে নিয়ে জানালায়, বাইরের ফুটে থাকা কৃষ্ণচূড়া দেখতে দেখতে, কী জানি কোথাও সে শিমুল খুঁজছে কি না, সুখ-সুখ গলায় বলে, বাসি।
আমি জানালার ওপারে ফসল উঠে যাওয়া নিঃস্ব ক্ষেতের দিকে তাকিয়ে বলি, না এমনি। রুদ্রকে হঠাৎ করে খুব দূরের মানুষ বলে মনে হয়। বন্ধু সে আমার, কিন্তু যেন কাছের কোনও বন্ধু নয়। আপন সে আমার, কিন্তু তত যেন আপন নয়।
গভীর রাতে ঢাকা পৌঁছোলে রুদ্র তার বাড়িতে নিয়ে যায় বাকি রাতটুকু কাটাতে। ইন্দিরা রোডেই রুদ্র একটি নতুন বাড়ি ভাড়া নিয়েছে। দোতলায় রুদ্রর পেছন পেছন উঠে সোজা তার ঘরে ঢুকি। অচেনা ঘর, অচেনা ঘরটি অচেনারকম করে সাজানো। তবে আমাদের সেই আগের বিছানাটিই আছে, বিছানায় আগের চাদর, আগের নীল মশারি। সব চেনা। কিন্তু কোথায় যেন খুব অচেনা কিছু। বাকি রাতটুকু ঘুমন্ত রুদ্রর পাশে নির্ঘুম কাটাই। রুদ্রর সঙ্গে শরীরের সম্পর্ক অনেকের ছিল, ওদের সঙ্গে মনের সম্পর্ক কখনও হয়নি, সবসময় সে বলেছে ওদের কাউকে সে ভালবাসে না। এখন কী নির্দ্বিধায় রুদ্র বলে, কাউকে সে ভালবাসে, কী অবলীলায় তার ভালবাসার গল্প আমাকে শোনায় সে! আলো-অন্ধকারে ঢেকে থাকা ঘরটিকে আবার দেখি, এ ঘরে নিশ্চয়ই শিমুল এসে বসে, শিমুলের চোখের দিকে রুদ্র তার ভালবাসায় কাঁপা চোখ দুটো রাখে।
সকাল হলে শুয়ে থাকা রুদ্রর পাশে বসে কপালে দুটো চুমু খেয়ে, ঘন চুলগুলোয় আঙুলের আদর বুলিয়ে বলি, ভাল থেকো। রুদ্র মাথা নাড়ে, সে ভাল থাকবে। বলে, তুমিও ভাল থেকো। রুদ্রকে বিছানায় রেখেই আমি যাই বলে বেরিয়ে যাই। আমার তো যাওয়ারই কথা ছিল। রাস্তায় বেরিয়ে একটি রিকশার জন্য হাঁটতে থাকি। ভোরের স্নিগ্ধ হাওয়া আমাকে স্পর্শ করছে, অথচ মনে হচ্ছে বৈশাখী কালো ঝড় আমার ভেতরের সবকিছু ওলোট পালোট করে দিচ্ছে, সব বুঝি ভেঙে দিচ্ছে আমার যা ছিল, নিঃস্ব করে দিচ্ছে আমাকে। বড় একা লাগে, কী জানি কেন, বড় একা লাগে। মনে হয় রাস্তায় একটি প্রাণী নেই, আমি একা হেঁটে যাচ্ছি কোথাও, কোথায় যাচ্ছি তা জানি না, কেবল হাঁটছি, পেছনে দৌড়োচ্ছে স্মৃতি, ঝাঁক ঝাঁক স্মৃতি। ময়মনসিংহের সেই দিনগুলো দৌড়োচ্ছে, কলেজ ক্যাম্পাস, ক্যান্টিন, প্রেসক্লাব, বোটানিক্যাল গার্ডেনের সেইসব দিন, সেই তীব্র তুমুল ভালবাসার দিনগুলো। ভালবাসার সুতোয় গাঁথা সেই স্বপ্নগুলো। স্মৃতিরা আমাকে এমন করে পেছন থেকে জাপটে ধরে, নিজেকে ছাড়াতে এত চেষ্টা করি, পারি না। অক্টোপাসের মত স্মৃতির হাতগুলো আমার কণ্ঠ চেপে ধরে, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হতে থাকে।
সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
দেশপ্রেম না থাকাও মানুষের গণতান্ত্রিক অধিকার
দেশপ্রেমিক মানে যদি যা কিছুই ঘটুক দেশকে সমর্থন করতে হবেই, দেশের শত্রুর বিরুদ্ধে লড়তে হবে, তাহলে আমি দেশপ্রেমিক নই। জাতীয়তাবাদী মানে যদি যে করেই হোক দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াতে হবে, তাহলে আমি জাতীয়তাবাদীও নই। টুকরো টুকরো রাজ্যে বা দেশে আমি বিশ্বাসী নই। দেশে দেশে যে সীমানা, যে কাঁটাতার তা আমি জরুরি বলে মনে করি না। আমি পৃথিবীর সব দেশকে একত্র করার পক্ষে। যে ইউরোপ এক সময় যুদ্ধে মেতে থাকতো, সেই ইউরোপও আজ এক হয়ে গেছে। বিভেদ বিচ্ছেদ ভুলে পরস্পরের সহযোগিতায় সামনে পা ফেললে যাত্রা নিরাপদ হওয়ার সম্ভাবনা সবসময়ই বেশি। আমরা বেড়াল জাতের প্রাণী নই। নিজের চৌহদ্দিতে একা একা বাস করা আমাদের রীতি নয়। আমাদের পূর্বপুরুষ তো সদলবলেই আফ্রিকা ছেড়ে অজানা বিশ্বের দিকে পা বাড়িয়েছিল। আমরা একা একা বিবর্তিত হইনি। শুরু থেকেই আমরা একসঙ্গে থাকার পক্ষে। রাজনীতিকরা আমাদের আলাদা করেছে। এক মানুষজাতকে ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতে ভাগ করেছে। দেশের সীমানা এঁকে দিয়েছে। বিচিত্র মানচিত্র দিয়েছে। ভুলটা রাজনীতিকদেরই।
আমি যে ভূমিতে জন্মেছি, বেড়ে উঠেছি, সে ভূমিতে যা কিছু অবিচার অত্যাচার দেখি, প্রতিবাদ করি। কিন্তু এমন নয় যে দুনিয়ার অন্য কোথাও অবিচার অত্যাচার দেখলে প্রতিবাদ করি না। কেন এত রুখে উঠি, কেন ঘরের খেয়ে বনের মোষ তাড়াই! তাড়াই কারণ পৃথিবীটা সুন্দর হোক চাই। পৃথিবীতে মানুষ ভালোবাসা পেতে পেতে, সুখ আনন্দ পেতে পেতে বাঁচুক, চাই। জীবন তো একবারের জন্যই আসে। জীবনের মতো অমূল্য সম্পদকে হিংসে, যুদ্ধ আর বর্বরতা দিয়ে মলিন করার, অশান্তিময় করার, দুর্যোগে-দুর্দিনে-দুশ্চিন্তায়- নষ্ট করার কোনও অর্থ হয় না।
কোথায় আমি তাড়াতে চেয়েছি যাবতীয় অশুভ, উল্টে আমাকেই দেশ থেকে তাড়িয়েছে সরকার। উগ্রপন্থি মৌলবাদীদের সমর্থন করে বলেই আমাকে দূর করেছে। তা নয়তো কী! নির্বাসন দণ্ড ভোগ করছি, একই সঙ্গে পৃথিবীটাকে আরও কাছ থেকে দেখার, আরও আপন করে নেওয়ার সুযোগ পেয়েছি। এক অঞ্চলকে আঁকড়ে ধরে থাকলে আরেক অঞ্চল সম্পর্কে অজ্ঞতাই রয়ে যায়। আমার কাছে সত্যি বলতে কোনও অঞ্চলই আলাদা নয়। সবই পৃথিবীর উত্তর-দক্ষিণ, অথবা পূর্ব-পশ্চিম।
