এই পৃথিবীতে মেয়েদের বিরুদ্ধে একটা যৌনযুদ্ধ চলছে। দীর্ঘ দীর্ঘকাল এই যুদ্ধটা চলছে। এটাকে পৃথিবীর প্রাচীনতম পেশা বলে লোককে ধোঁকা দেওয়ার চেষ্টা হয় বটে, আসলে এটা কিন্তু প্রাচীনতম পেশা নয়, এটা বরং মেয়েদের বিরুদ্ধে ‘পৃথিবীর প্রাচীনতম নির্যাতন’। শুধু প্রাপ্তবয়স্ক মেয়েদের বিরুদ্ধে বলাটা ঠিক নয়, মেয়ে-শিশুদের বিরুদ্ধেও বটে। আজ বিশ্বের প্রায় সর্বত্র শিশুদের জোর-জবরদস্তি করে, ভয় দেখিয়ে ধর্ষণ করে, মেরে আধমরা করে যৌনক্রীতদাসী বানানো হচ্ছে। পুরুষের যৌনক্ষুধা মেটাতে, পুরুষের শরীরকে কিছুক্ষণের জন্য পুলক দিতে লক্ষ কোটি অসহায় মেয়ে ও শিশুকে বেঁচে থাকার সর্বসুখ বিসর্জন দিতে হচ্ছে, মানুষ হয়েও মানুষের ন্যূনতম অধিকার থেকে তারা নিজেদের বঞ্চিত করতে বাধ্য হচ্ছে। পতিতাপ্রথার সহজ সংজ্ঞা হলো, ‘মেয়েদের বিরুদ্ধে পুরুষের যৌন নির্যাতন’। আরও একটু খুলে বললে পতিতাপ্রথার মানে ‘মেয়েদের বিরুদ্ধে পুরুষের যৌন হেনস্থা, ধর্ষণ, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, মেয়েদের ওপর পুরুষের অবাধ আধিপত্য, মেয়েদের মানবাধিকার লঙ্ঘন’। এসব যদিও যে কোনো গণতন্ত্রে আইনগত নিষিদ্ধ, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের পতিতালয়ের ভেতরে এসব বহাল তবিয়তে চলছে। যতটা ঘৃণ্যতম, কুৎসিততম, জঘন্যতম, উৎকটতম, কদর্যতম, নিকৃষ্টতম ব্যবহার কোনো মেয়ের সঙ্গে করা সম্ভব পুরুষের, তা নির্দ্বিধায় পুরুষেরা করে পতিতাদের সঙ্গে। যদিও এই ব্যবহার করলে আইনের চোখে তারা অপরাধী, কিন্তু পতিতাবৃত্তিকে বৈধ করলে এইসব অপরাধকে আপনাতেই বৈধ বলে মেনে নেওয়া হয়।
মানুষের ওপর ঘৃণ্য আর অমানবিক নির্যাতনের কারণে ক্রীতদাসপ্রথা আজ বিশ্বে নিষিদ্ধ। কিন্তু কী কারণে পতিতাপ্রথাকে আজো পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল করার উদ্যোগ নেওয়া হচ্ছে না! যে কারণগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু সত্যিকার কারণ নয়। ‘এই প্রথাটি টিকে ছিল, সুতরাং টিকে থাকবেই’, অথবা ‘বাজে চরিত্রের মেয়েরা এই পেশা চালিয়ে যাবেই। ’ সত্যি কথা বলতে, এই প্রথাটি টিকে আছে মেয়েদের মন্দ চরিত্রের জন্য নয়, ক্ষমতাবান এবং বদ পুরুষরা এই প্রথাকে ছলে বলে কৌশলে টিকিয়ে রাখছে বলে টিকে আছে। টিকিয়ে না রাখলে এটি টিকে থাকত না। ক্রেতা আছে বলেই ব্যবসা টিকে আছে।
আজ পতিতাপ্রথা বা যৌন নির্যাতন পৃথিবীর অন্যতম বৃহত্তম তো বটেই, সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা সফল বাণিজ্যশিল্প। এই শিল্পের কাঁচামাল দুর্ভাগা, অনাথ শিশুদের শরীর, দরিদ্র আর প্রতারিত মেয়েদের শরীর।
যতদিন পুরুষেরা যৌন সামগ্রী বলে মনে করবে নারীকে, ততদিন পর্যন্ত তারা নারীকে পতিতা বানাবে, টিকিয়ে রাখবে পতিতালয়। যৌন দাসিত্বকে বলবে যৌনকর্ম। আমার বা আপনার প্রতিবাদে খুব কি পরিবর্তন আসবে? সরকারকেই নিতে হবে পতিতাপ্রথা নির্মূল করার দায়িত্ব। সরকার কবে নেবে এই দায়িত্ব।
সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ০৮ ডিসেম্বর, ২০১৬
শিশুদের জন্য লোভের জিভ
বিয়ের জন্য আগের মতোই মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়স হওয়ার শর্ত রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। তবে ‘বিশেষ প্রেক্ষাপটে’ আদালতের নির্দেশনা নিয়ে এবং বাবা-মায়ের সমর্থনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ দিচ্ছে এই আইন। ‘অপ্রাপ্তবয়স্কের’ সংজ্ঞায় বলা হয়েছে, “বিবাহের জন্য ২১ বছর পূর্ণ করেননি এমন কোনো ছেলে এবং ১৮ বছর পূর্ণ করেননি এমন কোনো মেয়ে”।
এই আইনটি খুব সভ্য আইন হতে পারতো যদি ওই বিশেষ প্রেক্ষাপটের ব্যাপারটি না থাকতো। বিশেষ প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বলেন, “অবিবাহিত মাতা, কিন্তু তার বাচ্চা আছে- এ রকম কেইস যদি হয়, এসব ক্ষেত্রে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই বিধান করা হয়েছে। কত ধরনের সমস্যা দেখা দেয়, এজন্য বিয়েগুলো হয়ে যায়। ওটাকে লিগালাইজ করার জন্য এই প্রক্রিয়া। আমাদের দেশে তো ১০-১১ বছরেও পালিয়ে গিয়ে বিয়ে করে প্রেগন্যান্ট হয়ে যায়। এ সমস্যাগুলো আছে তো, এটার জন্য এই ব্যবস্থা। ”
মন্ত্রিপরিষদ বলতে চাইছেন, অপ্রাপ্তবয়স্ক যে মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে, তাদের বিয়ে, এই আইনটি থাকলে অবৈধ বলে গণ্য হবে না। এই আইনটি বাল্যবিবাহকে ছলে কৌশলে বৈধ করছে, কিন্তু এটি বাল্যবিবাহ কী করে রোধ করবে, তা আমার বোধগম্য নয়। আইনটিতে বিশেষ প্রেক্ষাপটের উল্লেখ আছে, কিন্তু কোনো বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি। ৫০ বছর বয়সী কোনো পুরুষ ৬ বছর বয়সী কোনো মেয়েকে বিয়ে করলেও সেই বিয়েকে এই আইন বৈধ ঘোষণা করতে পারে। আদালতের অনুমতি না নিয়ে অপ্রাপ্তবয়স্করা বিয়ে করলে সামান্য জেল-জরিমানা ছাড়া শাস্তি এমন কিছু নয়।
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে কমানো যায় কি না- তা নিয়ে ২০১৩ সালে মন্ত্রিসভার এক বৈঠকে প্রথম আলোচনা উঠলে বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি আইনের খসড়া তৈরি করে, যাতে ‘বিশেষ পরিস্থিতিতে’ মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করার প্রস্তাব করা হয়। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সে সময় ‘বিশেষ পরিস্থিতির’ ব্যাখ্যায় বলেন, “মেয়ে প্রেমঘটিত কারণে ছেলের সঙ্গে পালিয়ে গেলে বা মেয়ে ছেলের বাড়িতে চলে যাওয়ার পর নিজের বাড়িতে ফিরে আসতে অস্বীকৃতি জানালে বা বিয়ের আগে গর্ভবতী হলে- এরকম পরিস্থিতিতে ১৬ বছর করা যায় কি না, তা সরকার চিন্তা-ভাবনা করছে। ” এ নিয়ে সিদ্ধান্তে আসার আগে মাতৃমৃত্যু রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্যও বিয়ের বয়স কমানোর প্রস্তাবে তাদের আপত্তির কথা তুলে ধরে বলেছিলেন, কোনো ধরনের শর্ত রেখেও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮-এর নিচে আনা উচিত হবে না। এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ সরকারকে সতর্ক করে বলেছিলেন, মেয়েদের বিয়ের বয়স কমানো হলে তা ধর্মান্ধ গোষ্ঠীকে উৎসাহিত করবে। সেইভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে মেয়ে শিশুদের সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাল্যবিবাহকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়।
