আমিই জোরাজুরি করে থেকেছি। বলেছি, আপনে যান কর্তা। সবকিছু বেইচ্যা কিছু পয়সা কড়ি হাতে লইয়াই আমি আমু। আমার কোনও ডর নাই। আর দুইজন একলগে গেলে মাইনষে সন্দ করবো। আপদ-বিপদও হইতে পারে।
কথাটার গুরুত্ব দিয়েছিলেন বাবু।
কিন্তু ভেতরে ভেতরে আমি তখন বেশ দুর্বল হয়ে পড়েছি। জানের ভয় কার না আছে। বারবার ইচ্ছে হয়েছে বাবুর সঙ্গেই চলে যাই। কলকাতা গেলে অসুবিধা কী! একটা মাত্র পেট, চলে যাবেই। তাছাড়া বাবু তো আছেনই। বাবুর ছেলেরাও শুনেছি বড় বড় সব চাকুরে। কলকাতায় রাজরাজরার মতো বাড়ি। চাকর-বাকরের অভাব নেই। গাড়ি ঘোড়ার অভাব নেই। আমিও তাদের সংসারেই একটা কোনও কাজটাজ নিয়ে থেকে যাব।
আমরা বংশানুক্রমে বাবুদের বাড়িতেই কাজ করে আসছি। আমার পিতা, পিতামহ। তখন কাজিরপাগলায় বিশাল জমিদারি ছিল বাবুদের। বাবুর পিতা বুড়ো চক্রবর্তী মহাশয়ের আমলে সেই জমিদারি প্রায় শেষ ধাপে এসে দাঁড়িয়েছিল। বুড়ো চক্রবর্তীর সংসারে ছিল ওই এক মাতৃহীন সন্তান, জলধর। আমার প্রথম যৌবনে দেখেছি কলকাতায় থেকে ডাক্তারি পড়ছেন জলধরবাবু। সপ্তায় সপ্তায় তাঁর চিঠি আসে। সেই চিঠি পেয়ে বুড়ো মানুষটার কী উচ্ছ্বাস! শীতের সকালে আঙিনার রোদে বসে হবু ডাক্তার ছেলের চিঠি পড়েত পড়তে সকাল যে কখন দুপুর হয়ে যেত মানুষটা খেয়াল করতেন না। কখনও বাড়ির চাকর ঠাকুরদের ডেকে ডেকেও চিঠি পড়ে শোনাতেন। জমিদারির কিছুই অবশিষ্ট ছিল না তখন। কিন্তু চাকরবাকরের কমতি ছিল না সংসারে। আমার বাবা সারাক্ষণ বুড়ো মানুষটার তদারকিতে থাকতেন। মা থাকতেন ঘরকন্নার কাজে। আমার বোন দুটোর বিয়েথা হয়ে গিয়েছিল অনেক আগে। আমি তখন হাইস্কুলের একেক ক্লাশে তিনচার বছর ধরে পড়ি। তবু ক্লাশ সিক্সের ওপর যাওয়া হয়নি। ততদিনে জলধরবাবু কলকাতা থেকে ডাক্তার হয়ে এলেন। আহা কী সুন্দর দেখতে ছিলেন মানুষটা তখন। ছেলেবেলায় রূপকথার গল্প শুনতাম, ডালিমকুমারের গল্প। সেই রূপকথার ডালিমকুমার হয়ে জলধরবাবু কাজির পাগলা এলেন। বয়সে আমারচে তেমন। বড় হবেন না। তবু ফিরে আসার সঙ্গে সঙ্গে বাবুকে আমি বেশ সমীহ করে চলতে লাগলাম।
বাবুর ইচ্ছে ছিল কলকাতায় থেকেই ডাক্তারি করবেন। বুড়ো চক্রবর্তী রাজি হলেন না। চৌদ্দ পুরুষের ভিটেমাটি, এলাকার তাবৎ লোকজনই একদা চক্রবর্তীদের প্রজা ছিল। বাবুকে চক্রবর্তীদের বনেদিয়ানা বাঁচিয়ে রাখার জন্যেই কাজির পাগলা গ্রামে থেকে ডাক্তারি করতে হবে। বিদেশ বিভুয় থাকলে লোকে চক্রবর্তীদের ভুলে যাবে। বুড়ো চক্রবর্তী বেঁচে থাকতে তা হবে না। তিনি সইতে পারবেন না।
তো ডাক্তারবাবুও মানুষ বটে একখানা। অত বড় মানুষটা, অত শিক্ষিত, বাপের কথা অমান্য করলেন? করলেন না। জীবনটা এই কাজির পাগলা বাজারেই কাটিয়ে দিলেন। ওদিকে নিজের ছেলেগুলোকে দেখ, লেখাপড়া শিখে যে যার মতো বিদেশ বিভুঁয়ে চলে গেল। আবার বলে কিনা ওটাই তাদের দেশ!
এই কথাটা নিয়ে বাবু বড় দুঃখ করতেন। ছেলেমেয়েদের চিঠিপত্র পেলে দীর্ঘশ্বাস ফেলে বলতেন, পয়দা হইলি এই দেশে, অহন কচ কিনা এইডা তগ দেশ না! হায়রে আহাম্মকের দল!
চিঠিতে বাবুকে কলকাতা চলে যাওয়ার কথা লিখত ছেলেরা। তখনই বাবু এসব কথা বলতেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা দেশটারে নাইলে দুইভাগ করলই, কিন্তু আমি যে এই মাটিতে জন্মাইলাম, এইডা তো মিথ্যা কথা না! হায়রে, লেখাপড়া শিখা এইডাও তরা অস্বীকার করতে চাস!
পার্টিশানের পর থেকেই ছেলেরা খুব তাগিদ দিচ্ছিল, এবার চলে এস বাবা। এখন আর ওদেশে পড়ে থাকার মানে হয় না!
কথাটা শুনলেই বাবুর মাথায় রক্ত চড়ে যেত। একাকী বিড়বিড় করতেন সারাক্ষণ। এদেশ ওদেশ কী, পুরাটাই তো এক দেশ, এক মাটি। মাটির বাস নিয়া দেখিচ হারামজাদারা, সব একই বাসের। নাকে বাতাস টাইনা দেখিচ, একই স্বাদের।
সেই মানুষকেও দেশ ছাড়তে হল। জানের ভয় আছে না! কী যে শুরু হল দেশে, মানুষ মানুষকে মারতে চায়। ডাক্তার বাবু চলে যাওয়ার কিছুদিন আগে, তখন বর্ষাকাল, মনীন্দ্র খুন হল। রাতেরবেলা অন্ধকার জংলা বাড়িতে মানুষটার গলা কেটে রেখে গেল কারা।
এরপর প্রাণে জল থাকে কার! বছর দুয়েক ধরেই তো এরকম শুরু হয়েছে। মুসলমানরা সব মারমুখো হয়ে আছে। চারদিকেই হিন্দু খেদাও ভাব। মনীন্দ্রকে তো খুনই করল। আহা অমন একটা মানুষ!
অবশ্য মনীন্দ্রেরও দোষ ছিল। বড় মেয়েমানুষ ঘেঁষা ছিল মানুষটার স্ববাব। পাশের মুসলমান বাড়ির তিনটি মেয়ে বড় হয়েছিল মনীন্দ্রর হাতের ওপর দিয়ে। একটার বিয়ে থা হয়ে গেলে, পরদেশে চলে গেলে, পরেরটা আসত মনীন্দ্রর কাছে। শোনা যায় একদা যার সঙ্গে মিলমিশ ছিল মনীন্দ্রর, গোপন সম্পর্ক ছিল, তার তিনটি মেয়ের সঙ্গেই পরবর্তী সময়ে সম্পর্ক হয় মনীন্দ্রের।
তো মানুষটা বেজায় চালাক চতুর ছিল। কবিরাজ মানুষ তো! তার ওপ টোটকা ফোটকা জানত। ভূতের আছর ছাড়াতে পারত, মা শেতলার চিকিৎসা সারা বিক্রমপুরে মনীন্দ্রের মতো কেউ জানত না। পচে গেছে এমন রোগীকেও ভাল করেছে মনীন্দ্র। প্রয়োজনে। জিভ দিয়ে কুকুরের মতে নাকি চেটেও নিত মা শেতলার দয়া।
মানুষটা বোধহয় বশীকরণ মন্ত্রও জানত। নইলে এত মেয়েমানুষই বা আসত কেন তার কাছে! কী ছিল মনীন্দ্রর! বাঁশের মতন লম্বা টিংটিঙে শরীর, ধারাল নাক মুখ। বয়স্ক। মনীন্দ্রর কথা ভাবলে অবাক হয়ে যাই আমি। এ কী করে সম্ভব! তার ওপর কোনও মেয়ে কখনও পোয়াতীও হত না! আশ্চর্য!
