রহিম আশায় আশায় চায়ের দোকানটায় যায়, যদি কোনও কন্ট্রাকটরের সঙ্গে দেখা হয়, স্যার নাশতা করান।
কেউ খেতে থাকলে তার সামনে গিয়ে খাওয়ান বললে লোকে না খাওয়ায় কেমন করে। এই কথাটা ভেবে রহিম বেশ খুশি। ভাবে, মাথায় কম বুদ্ধি না আমার!
তো রহিমের বরাত ভালো। দোকানের ভেতর বসে আছে তিনজন। শওকত সাবের ম্যানেজার, আরিফ সাব আর আশরাফ মিয়া। আশরাফ মিয়া তার সাইকেলটা রেখেছে। বটগাছটার সঙ্গে ঠেস দিয়ে। সেখানকার মাটিতে দুটো কাক চরছে। আর গাছটার ওপর কা কা করছে কতগুলো। চারদিকে রোদ, কড়া রোদ। রহিম টের পায় একটু হেঁটেই তার গাটা চিরবির করছে ঘামে।
চায়ের দোকানটার সামেন দাঁড়িয়ে বুক ভরে শ্বাস টানে রহিম। খালপাড়ের মাটিতে বসে খেলেছে, পাছার কাছে লেপটে আছে সাদা মাটি। রহিম খেয়াল করেনি। দোকানের ভেতর থেকে আশরাফ মিয়া বলল, ও রহিম বাদশা তোমার পাছায় কি?
শুনে চায়ের দোকানের যে ছেলেটা কড়াইয়ে টুপটুপ করে ডালপুরি ছাড়ছিল সে গলা খুলে হেসে ওঠে। হাসে রহিমও। অন্য সময় হলে হয়তো রেগে যেত। এখন রাগ করা যায় না। আশরাফ মিয়াকে পটিয়ে নাশতাটা খেতে হবে।
রহিম দোকানে ঢোকে। নাশতা খাওয়ান বাই।
আশরাফ মিয়া চা খাচ্ছিল। বলল, একটা পাটি দর।
ধরুমনে। বলে রহিম আশরাফ মিয়ার পাশে বসে। তারপর নিজেই চায়ের দোকানের ছেলেটাকে বলে, চাইরডা ডাইল পুরি দে। আর এককাপ চা।
শওকত কন্ট্রাকটরের ম্যানেজার বলল, কি রে রহিম, খবর কি?
রহিম ডালপুরি খেতে খেতে বলল, ভালাই।
তর বাড়ির ভাড়া পাছ না?
রহিম কথা বলে না। হাসে।
রহিমের চারটে বাড়ির গল্প সবাই জানে। এই নিয়ে রহিমকে টিটকিরিও মারে, হাসাহাসি করে। রহিমের তাতে কিছু যায় আসে না। রহিম জানে সে চারটে বাড়ির মালিক। থাক না তাতে অন্য লোক, মালিক তো রহিম।
চা খেতে খেতে রহিম তারপর বাড়িগুলোর কথা ভাবে।
সামনের রাস্তা দিয়ে ঠিক তক্ষুনি লাল হোন্ডা চালিয়ে ওভারসিয়ার কেরামত যায়। পেছনে দুটোট্রাক, গোটাকয় ঠেলাগাড়ি। কন্ট্রাকটররা আসছে। কেরামত ওভারসিয়ার এক্ষুনি গোডাউন খুলবে। তারপর শুরু হয়ে যাবে সিমেন্ট দেয়া।
হোন্ডার শব্দ পেয়ে চায়ের দোকান থেকে বেরোয় শওকত কন্ট্রাকটরের ম্যানেজার, আরিফ সাব। সবশেষে আশরাফ মিয়া। রহিম ততক্ষণে আশরাফ মিয়াকে পটিয়ে একটা স্টার সিগারেটও যোগাড় করে ফেলেছে। এখন বেদমসে টানছে। চেহারায় বেশ ফূর্তি ফূর্তি একটা ভাব তার।
খানিক আগে সামনের রাস্তা দিয়ে যে ট্রাকগুলো গেছে তার চিহ্ন এখন রোদে হাওয়ায় ভাসছে। রহিম সে উড়ন্ত ধুলোবালির দিকে তাকিয়ে কী জানি কী কারণে সিগারেট টানতে টানতে গভীর করে একটা দীর্ঘশ্বাস ফেলে। আরিফ সাহেব আর আশরাফ মিয়া অদূরে খুব নিচু গলায় কী কী সব আলাপ করছে। সেদিক তাকিয়েই রহিম বুঝে গেল মাল কেনার লাইন করছে আশরাফ। আশরাফকে ধরতে হয়। দশ টাকার একটা নোট খসাতে হয়।
কিন্তু ওভারসিয়ার সাব এসে গেছে, রহিমকে একবার গোডাউনের দিকে যেতে হয়, চেহারাটা একবার দেখাতে হয়। চাকরি না!
যখন যাওয়ার কথা ভাবছে ঠিক তখুনি আশরাফ মিয়া ডাকল, হোন রহিম।
রহিম দৌড়ে যায়। পয়সাপাতির লাইন অইব মনে অয়।
আশরাফ মিয়া বলল, দুইডা ঠেলা লইয়া আয় রহিম।
কই যাইব?
খিলগাঁও।
ভাড়া?
আবে তোর মাথায় ঘিলু নাই? দরদাম কইরা আনবি।
আইচ্ছা!
তাড়াতাড়ি যা।
রহিম একটু মাথা চুলকায়। পরনের খাকি শার্টটার খুঁট নাড়ে। তারপর বলে, যাওন লাগব তো টিকাটুলির মোড়ে। রিকশা ভাড়া দাও।
আমার সাইকেলডা লইয়া যা।
রহিম ভালো সাইকেল চালাতে পারে না। কোন ছেলেবেলায় ধুপখোলা মাঠে কয়েকদিন শিখেছিল। তারপর সারাজীবনে বার চারেক। রহিম কি পারবে!
কিন্তু আশরাফ মিয়া রিকশা ভাড়া দেবে না। হেঁটে গেলে যেতে আসতে আধঘণ্টা। ওভারসিয়ার সাব রেগে যাবে। আর না গেলে আশরাফ মিয়ার কাছ থেকে লাল দশ টাকার নোটটা আদায় করা যাবে না।
রহিম আল্লাহর নাম নিয়ে বটতলা থেকে আশরাফ মিয়ার ঝরঝরে সাইকেলটা নেয়। বার দুয়েক চেষ্টা করে চড়তে যাবে, ডাকলো শওকত কন্ট্রাকটরের ম্যানেজার। কই। যাইতাছ রহিম বাদশা?
টিকাটুলি যামু।
হোন। বলে ম্যানেজার সাহেব তিনটা কড়কড়া দশ টাকার নোট বের করে। টাকাগুলো দেখেই রহিমের বুড়ো চোখ দুটো চকচক করে ওঠে। কিছু আনতে দিলেই অয়, একটা টেকার কাম অইব।
ম্যানেজার সাহেব বলল, এক প্যাকেট ফাঁইভ ফিফটি ফাইভ আনবি।
রহিম হাসে। কার লেইগা? আইজকাল ফিফটি ফাইব খান নি?
না বে। একজনরে দেওন লাগব। বলেই হাসে। সঙ্গে সঙ্গে রহিম বুঝে নেয় ম্যানেজার সাব ঘুষ দিব।
টাকাটা পকেটে পুরে সাইকেলে চড়ে রহিম। কয়েকবার চেষ্টা করে চড়ে। দেখে আশরাফ মিয়া, ম্যানেজার আর আরিফ সাহেব খুব হাসে। রহিম গা করে না। টালমাটাল ভাবে সাইকেলটা চালিয়ে যায়। চালাতে চালাতে নিজের ওপর বেশ খুশিও হয়ে ওঠে একসময়। বা বা, কতদিন বাদে সাইকেল চালাইতেছি, ভালাই তো পারতাছি।
এসফল্ট প্লান্টের মিকচার মেশিনটার পাশ দিয়ে যেতে যেতে রহিম বোটকা একটা গন্ধ পায়। দুনিয়ার পচাচা মাল আইনা ফেলায় এখানে। এইডা ঠিক কুত্তাপচা গন্ধ। টাউনের হগল কুত্তাডি মারতাছে সুই দিয়া। মাইরা গাড়ি ভইরা ফালাইয়া যায় এহেনে।
