হাফিজ বলে, বসেন। আমাদের জন্য কিছু আনতে হবে না। বুলা চা করুক। বুলার সঙ্গে জাহাঙ্গীরও রান্নাঘরে ঢোকে। এই মেয়েটাকে একটু আগে মনে হচ্ছিলো নিজেরই হাত পা নাক কানের মতো। এখন এরকম অপরিচিত মনে হচ্ছে কেন? বুলা বলে, কোথায় যাবে? ভাইয়া তো মিষ্টি নিয়েই এসেছে।
তাই হয়? মেহমানের খাবার দিয়া মেহমানদারী চলে? দেখি হায়ানের দোকানে যাই। পাঁচটা মিনিটও লাগবে না।
বাদ দাও। আমি চা করি, তুমি বরং ওদের সঙ্গে গল্প করো। গল্পে সুবিধা করতে পারছে না বলেই জাহাঙ্গীর তাড়াতাড়ি বাইরে যেতে চাইছে। তুমি চা পরে কইরো। আমি দেখতে-দেখতে ব্যাক করুন। বলে জাহাঙ্গীর আরো একবার বাথরুমে যায়। তারপরে বসার ঘরে ঢুকে ঠুক চুক শব্দ করে ক্যাসেট বদল করে টেপরেকর্ডার চালিয়ে দিয়ে বলে, গান শোনেন। মাহমুদ শাহেদের এই রেকর্ড খুব হিট করেছে। আমার ফ্রেন্ড। টিভিতে উইকে দুইটা তিনটা প্রোগ্রাম করে। বাংলা ভাষায় পপ গান বিকট জোরে বাজে; পা পাছা পিঠ ও ঘাড় দোলাতে দোলাতে জাহাঙ্গীর উঠে বাইরে। যায় তার ভেসপায় স্টার্ট দেওয়ার আওয়াজ এই উচ্চকণ্ঠ ধ্বনি সমষ্টিতে একটুও বিঘ্ন সৃষ্টি করতে পারে না।
কাঁঠাল-পাতার ঠোঙা থেকে মোরগ পোলাও প্লেটে সাজানো হয়। জাহাঙ্গীর নিজেও বুলাকে সাহায্য করে। এখন কি প্রসঙ্গ নিয়ে কথা শুরু করবে ভাবতে-ভাবতে জাহাঙ্গীর খেয়াল করলো যে টেপরেকর্ডারটা বন্ধ। কি ব্যাপার? মাহমুদ শাহেদের এতোগুলো গান।–কি ব্যাপার? বন্ধ কইরা দিছেন?
হ্যাঁ, কথা বলছিলাম। বুলার ভাইয়ের এই কৈফিয়ৎ জাহাঙ্গীরের আরো খারাপ লাগে। কথা বলছিলো তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে থেমে গেলো কেন? মুশতাক বলে, মাহমুদ শাহেদ আপনার বন্ধু? এখন তো টপে আছে, না? এবার জাহাঙ্গীরের জড়তা কাটে, হ্যাঁ। অনেকদিনের বন্ধু। আমরা এক সঙ্গে একই ক্লাবে খেলাধুলা করছি। এখন এতো ফেমাস হইয়াও পুরানো ফ্রেন্ডদের ভোলে নাই। কলেজে আমি এ্যাথলেটিক সেক্রেটারি ছিলাম তো, আরে দুইবার ফাংশানে নিয়া গেছি। অরে দেইখা আর সব গান ক্যান্সেল করতে হইলো। পোলাপানে আর কিছু শুনতে চায় না। অর গান শুইনা সমস্ত হল নাচতে শুরু করলো। উই নিজেও নাচে, আমরাও নাচি। আরে অর গান শুনলে আমি তো চেক দিতে পারি না। নাচতেই হয়। মুশতাক বলে, অনেক কষ্ট করে গান করে। বেচারাদের কোমরে ব্যথা হয়ে যায়।
তা তো করেই। তবে কিনা অভ্যাস হইয়া গেছে। জাহাঙ্গীর তার প্রিয় গায়কের নৈপুণ্যে একটু গর্ববোধ করে বৈ কি!
বেচারাদের গলায় তো তেমন পরিশ্রম হয় না, সুর তালের জন্যেও কোনো পরোয়া না করলেও চলে। বেচারাদের খাটনি সব শরীরে।
হাফিজ হো-হো করে হেসে ওঠে। জাহাঙ্গীরের থতমত খাওয়া মুখের দিকে তাকিয়ে একটু সামলাবার চেষ্টা করে, কেন? টিভিতে তো দেখি বেশির ভাগই আজকাল শরীর দুলিয়ে গান করে।
সেজন্যেই ওদের গান বন্ধ করা উচিত নয়। গলা বা সুর তো এদের কাছে মাইনর ব্যাপার। তবে ধরেন গান বন্ধ করলে এদের বাত ধরে যেতে পারে।
বাত? জাহাঙ্গীর অবাক হয়, কিন্তু হাফিজ ও বুলা দুজনেই হাসতে শুরু করে। মুশতাক গম্ভীর মুখ করে বলে, ওদের গান মানে তো ফিজিক্যাল মুভমেন্ট। গান বন্ধ হলে বাত হবে না? রিকশাওয়ালাদের শেষ জীবনে কি হয়?
সবাই হাসে। জাহাঙ্গীরও হাসে, তবে ঠোঁটে হাসির দাগটা ফুটিয়ে তুলতে ওর জান বেরিয়ে যাবার দশা হয়। রাত্রে বিছানায় শুয়ে বুলা বলে, মুশতাক ভাইয়ের কথাবার্তা খুব ফ্রাঙ্ক, ঠিক তোমার মতো, না? যা মনে হয় তাই বলে। কেমন হাসালো, আজ, দেখলে না?
বহুত মজা করলো, গান বাজনা করে না?
হ্যাঁ। সরোদ বাজায়। সুনীল সেনগুপ্তের খুব প্রিয় ছাত্র। মুশতাক ভাই খুব ফিনসিয়ার আর্টিস্ট। ক্ল্যাসিক্যালের নিচে নামবে না। দেখলে না টিভির ওপর কেমন চটা?
প্রোগ্রাম না পাইলে চেতবো না? আরে একটা প্রডিউসারকে কইলেই তো প্রোগ্রাম দেয়। উনার পুরা নামটা কও তো।
না, না, উনি ইচ্ছা করেই প্রোগ্রাম নেন না। এইসব ন্যাকামো বাঁদরামো ঘাবলামো মুশতাক ভাই সহ্য করতে পারে না।
জাহাঙ্গীরের কাছে ব্যাপারটি স্পষ্ট হয় না। হাজার হাজার নরনারীর সামনে নিজেকে দ্যাখাবার এরকম সুযোগ কি কেউ ইচ্ছা করে হারায়? বুলা তো মিথ্যা কথা বলে না। তাহলে সে নিশ্চয়ই ঠিকঠাক জানে না। জাহাঙ্গীর বলে, একটা দুইটা প্রোগ্রাম পাইলেই দেখবা মুশতাক ভাইও নাচতে শুরু করবো, টিভির পর্দা ফাটাইয়া ফালাইবো।
বললাম তো মুশতাক ভাই অন্য ধরনের লোক। সঙ্গীত উনার রক্তের মধ্যে, তা ইয়ার্কি মারা সহ্য করতে পারে না। বুলার কথা শুন জাহাঙ্গীর একেবারে চুপ করে যায়। কিছুক্ষণ পর বলে, তোমার আসলে বিয়ে হওয়া উচিত ছিলো ঐসব হাই-থটের গান বাজনা করা লোকের সঙ্গে। আমি ঐগুলি বুঝি না।
বুলার যেন চৈতন্য ফিরে আসে। জাহাঙ্গীরের পিঠে হাত রেখে বলে, তুমি রাগ করলে?
না, না। রাগ করিনি। গলা খাঁকরে সমস্ত এক্সট্রা রসালো ভাব ঝেড়ে ফেলে জাহাঙ্গীর, রাগ করবো কেন? মানে আমি তো এইসব ঠিক বুঝি না। তোমাদের ঐসব গান বাজনায় আমার ইন্টারেস্ট নাই। ধরো ঐ লাইনের মানুষকে বিয়ে করলে তোমাকে হেলপ করতে পারতো। মানে একই লাইনের হাজব্যান্ড-ওয়াইফ হলে।
এসব কথা আর বলবে না। বলতে বলতে বুলা ডান হাতের চারটে আঙুল দিয়ে জাহাঙ্গীরের ঠোঁট চাপা দেয়। একটু আগে পাঙ্গাশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, বুলার হাতের আঁশটে নাকে থাপ্পড় মারলে নিশ্বাস বন্ধ করে জাহাঙ্গীর বুলার আদর নেয়। বুলা বলে, আমি ঠিক এই রকম লোকই চেয়েছি। এইরকম হাসিখুশি, এইরকম কাজের লোক, এইরকম ফিগার, হেঁটে গেলে মাটি কাঁপে—এই আমার ভালো।
