আমি এভাবে চোখ ঢেকে কতক্ষণ বসেছিলাম জানি না। মদিনা ও সখিনার হুড়াহুড়ি, চিৎকার আর উচ্ছ্বসিত সহাস্যে আমি চোখের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে তাকালাম। মদিনা পাখিটা তুলে আনবার জন্য খালের পানিতে সাঁতার কাটছে। আর সখিনা পাড়ে দাঁড়িয়ে তাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি যা বুবু, পাখিটা ডুবে যাবে যে!
সখিনার ভয়, এ অবস্থায় পানকৌড়িটা ডুবে গেলে আর পাওয়া যাবে না। আমি বন্দুকটা তুলে সখিনার পাশে গিয়ে দাঁড়ালাম। মদিনা ততক্ষণে পাখিটার একটা ডানা ধরে ফেলেছে। পানকৌড়িটা যদিও তখন নড়ছিল তবুও বোঝা যাচ্ছে এখন পাখার ঝাঁপটানিটা কম। পাখিটা নেতিয়ে পড়েছে। পাখিটাকে প্রায় বুকে চেপে ধরে মদিনা পাড়ে এসে উঠল। মদিনার পরনে ছিল আদিনার শাড়ির রঙের মতো হালকা-গোলাপী রঙেরই একটা ফ্রক যা ভিজে গিয়ে গায়ে চামড়ার সাথে সেঁটে গেছে। সে যখন। কালোপাখিটাকে তার বুকের ওপর থেকে নামাল আমি দেখলাম তার কচি ফলের মতো কালো নরম বুকে রক্তের লাল ছোপ গাঢ় হয়ে লেগেছে। মনে হচ্ছে লাল শাপলার আধফোঁটা দুটি কলি পৌষের শিশিরে ভিজে থিরথির করে কাঁপছে। মদিনাও পানি থেকে উঠে শীতে হি-হি করছিল। আমি বললাম, ফ্রকটা খুলে নিংড়ে নাও, ঠাণ্ডা লাগবে। আদিনা প্রথম একটু লজ্জিত চোখে আমাকে দেখল, পরে আমার দিকে পেছন দিয়ে ফ্রক খুলে নিংড়াতে লাগল।
পাখিটা ডানা ছড়িয়ে আমাদের পায়ের কাছে পড়ে আছে। তার চঞ্চু ও বুকে সিঁদুরের মতো একটু-একটু রক্ত এখনও জমাট বাঁধেনি। যদিও পাখিটা নেতিয়ে ঠাণ্ডা মেরে আছে, ও চোখ দুটি ভোলা থাকায় মনে হচ্ছে, খুনি উড়াল দিয়ে পালাবে। আমি পাখিটাকে একদৃষ্টিতে, পলক না ফেলে দেখছিলাম। আমার মাথাধরাটা ক্রমান্বয়ে বাড়ছে, চোখ জ্বালা করছে। একভাবে একদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। আমি বন্দুকটা ধরে আস্তে আস্তে পানকৌড়িটার পাশে বসে পড়লাম। তারপর বন্দুকটা ঘাসের ওপর শুইয়ে দিয়ে আবার হাত দিয়ে চোখ ঢাকলাম। আর সাথে সাথেই সেই দৃশ্যটা, পানকৌড়িকে গুলি করার সেই মুহূর্তটি আমার কল্পনার মধ্যে আবর্তিত হতে থাকল। আমি দেখলাম, বুজ জলের পটভূমিকায় আপন রক্তে রঞ্জিত ঢেউয়ের ওপর একটা অত্যন্ত প্রাণবন্ত কালোপাখি মৃত্যু যন্ত্রণায় তড়পাচ্ছে।
আমি যখন আবার চোখ মেললাম, দেখলাম, সখিনা শাদা বগটাকেও পানকৌড়ির পাশে শুইয়ে দিয়েছে। পরস্পর বিরোধী প্রতিকূল বর্ণের কারণেই হোক অথবা অন্য কোনো দৃশ্যের মহিমাতেই হোক, আমার চোখ দুটি আমার সামনে বহমান শাদাকালো পালকের আপাত সহনশীলতায় কিছু স্বস্তি এবং মুক্তি পেল বলা যায়। আমি আমার ছোট শালীকে বললাম, আজ আর শিকার হবে না, চলো আমরা ঘরে ফিরি।
ফেরার সময় সখিনা শাদা, আর মদিনা কানোপাখিটাকে বহন করে চলল। ওরা আগে আর আমি পেছনে। আমি বুঝতে পারছি আমার মাথার রগ রেশ ফুলে উঠেছে। আমার চোখ কোনো দৃশ্যকে সহ্য করতে পারছে না। মাঝে মাঝে আমার এমন হয়। আমি অসহ্য মাথাব্যথায় ছটফট করি। রোগটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মাকেও দেখি মাঝেমাঝে অসহ্য মাথাব্যথায় কাঁদেন। কোনো টেবলেট টুবলেটে তার পেইন কমে না। কখনো দেখেছি, ব্যথায় যন্ত্রণায় কাত্ম হয়ে তিনি একধরনের পুজ পাতা, সম্ভবত ঘৃঙ্কাঞ্চল বেটে তালুতে তার প্রলেপ দিয়ে ঘুমিয়ে পড়েন। আমারও এইমুহূর্তে ঘুমিয়ে পড়ার বাসনা জাগছে। এ গ্রামে নিশ্চয়ই দৃঙ্কাঞ্চন পাওয়া যাবে। ঘরে ফিরেই আদিনাকে তুলে আনতে বলব।
আদিনার কথা মনে পড়তেই আমি গাছটার দিকে তাকালাম, না এখন ও দাঁড়িয়ে নেই। ধনেশের ঠোঁট দুরে থাক, কেউ রূপকথার হীরামনের জন্যেও এতক্ষণ দাঁড়িয়ে থাকবে না।
আদিনার সাথে আমার বিয়ের ব্যাপারটা মোটামুটি সহজভাবেই শেষ হয়েছে। বলা যায়। দাবিদাওয়া কোনো প্রতিবন্ধকতা আনেনি। আমার শ্বশুরের শুধু একটি মাত্র শর্ত ছিল। তিনি চেয়েছিলেন, বিয়েটা হবে গ্রামের বাড়িতে তার আত্মীয়-স্বজনের মধ্যে। বিয়ের আনুষ্ঠানিক ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত তারা গ্রামেই থাকবেন। আমি আমার বন্ধু বান্ধবসহ এসে আস্ত শেষ করে যথারীতি বৌ নিয়ে কুমিল্লায় ফিরে যাব। তারপর ফিরাযাত্রায় আদিনাকে নিয়ে আদা। এখানে ক’দিন থেকে শেষে শ্বশুর শাশুড়িসহ আবার কুমিল্লায় যাত্রা করবো। আমি আর আদিনা মাত্র গতকাল সন্ধ্যায় সেই ‘ফিরাযাত্রায়’ এসেছি।
মাঝেমাঝে আমার যে এমন অসহ্য মাথাব্যথা হয় আদিনা জানত আমরা বিল থেকে বাড়িতে পা দেবামাত্রই আদিনা, আমার ফোলা লালচোখের দিকে তাকিয়েই জিজ্ঞেস করলো, চোখ এত লাল কেন? আমি বললাম, ভয়ানক মাথা ধরেছে। শোব।
আগে মাথাটা ধুইয়ে দেব?
না, আমি দাঁড়াতে পারছি না। বলে আমি বন্দুকটা আদিনার হাতে দিয়ে সোজা শোবার ঘরে ঢুকে কাদাভরা পা নিয়েই বিছনায় লুটিয়ে পড়লাম। আমি স্বপ্নাচ্ছন্নের মতো পাখি দুটোকে নিয়ে মদিনা ও সখিনার চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। সম্ভবত তারা উঠোনে লোক জড়ো করে ফেলেছে। কারণ, আমি শুনলাম, কে যেন পানকৌড়িটার বিশালত্ব এবং পাখিটার রানে যে প্রচুর মাংস হবে, এ নিয়ে তারিফ করছে। পরক্ষণেই আদিনা এসে আমাকে দুটো মাথাধরার বড়ি খাইয়ে, পাথরের মতো নিরেট হয়ে যাওয়া আমার মাথাটা বালিশে তুলে দিলে আমি বালিশ আঁকড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলাম। আমি আর আদিনাকে ঘৃতকাঞ্চনের প্রলেপ দেওয়ার কথা বলতে পারলাম না। কারণ আমি জানতাম, এ ধরনের ওষুধের কথায় আদিনা হাসবে। আদিনা আমার পায়ের কাদা একটা ভজা তেনা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিতে দিতে বলল, গাঁয়ে একজন এল. এম. এফ ডাক্তার আছে, তাকে ডাকতে লোক পাঠাব?
