সুজাতা বলেছে, বিয়ে নাই করো, যত সুখে স্বাচ্ছন্দ্যেই থাকো, তবু তো প্রকৃতির হাতে রেহাই নেই। যৌবনকাল মলিন হবে? রানী এলিজাবেথকে তো দেখতে পাচ্ছ।
বেলা একটায় ওদের ফেরার কথা ছিল কিন্তু ফিরল সন্ধ্যা সাতটার পর। একা প্রিতমই শুধু ফিরেছে। পর্ণশ্রীতে শ্ৰীলাকে নামিয়ে দিয়ে এসেছে। ওর মা নাকি আদর করে কত কি খাওয়ালেন। বাপ বললেন, কত টাকা চাই ওর চাকরিটার জন্যে?
না, কি বলছে!
এক লাখ!
স্যরি মিঃ মুখার্জি। শ্ৰীলা চাকরি পাবে। ডাচ্ সাহেবকে ও সন্তুষ্ট করতে পেরেছে।
শ্ৰীলার চাকরি হয়ে গেল।
ম্যানেজার কুঠিগুলোয় সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত সাহেবরা আড্ডা মারেন। তাস খেলেন টাকা হারজিতের, মদ খান। কোনো বাইরের লোক এসে পড়লে তাড়াতাড়ি বোতলগ্লাস লুকিয়ে ফেলেন। কোনো বুড়ো সাহেবের বড় মেয়ে আমেরিকায় থাকেন জামাইয়ের চাকরির ক্ষেত্রে ফোন আসবে অপেক্ষা করেন মেজ মেয়ে ইংলিশে এম.এ. পড়ে— খুকি সেজে ম্যাক্সি পরে বাগানে ঘুরে বেড়ায়— কবিতার লাইন ঠিক করে। প্রিতমদের পাশেই আছে জগন্নাথবাবু নামে তেমন একজন ম্যানেজার। তাঁর ভাই মল্লুিনাথও ম্যানেজার।
শ্ৰীলার সঙ্গে আরো সাতজন মেয়ে চাকরি পেলে। বাকি সব ছেলেরা। লু বেশির ভাগই বাদ গেল। ডাচ্ সাহেব নিজেই বসেছিলেন ইন্টারভিউ নিতে।
বছর তিনেক আগে এই বিশাল শু্য ফ্যাক্টরিতে রাজনীতির লড়াই হলে প্রায় সাতমাস কারখানা লক আউট হয়ে পড়ে ছিল। অনেকগুলো পার্টির ইউনিয়ন। অনেক লিডার। বক্তৃতা। মারপিট পুলিশ সন্ত্রাসের রাজত্ব হয়ে গিয়েছিল।
তারপর মালিক জিতে গেলেন। দাসখত দিতে হলো। এখন দুবছর সুস্থ সাবলীল অবস্থা।
সুজাতা কেবল উপন্যাস পড়ে। কি আর করবে? টিভি দেখে সময় আর কতক্ষণ কাটে?
শ্ৰীলার সঙ্গে, তনুজার সঙ্গে অবাধ মেলামেশা করে প্রিতম। রাতে সে যেন বিছানায় মড়া কাঠ। বড়ি গিলে ঘুমোয়। সাতরাত পার হয়ে গেল। কথাবার্তা প্রায় নেই বললেই হয়। কাজের মেয়েটি খাবার দাবার দেয়।
আর একটি শ্যু ফ্যাক্টরি বসছে নাকি উত্তরবাংলায় শিলিগুঁড়ির কাছে। পনেরো দিনের জন্যে প্রিতম ডাচ্ সাহেব ইঞ্জিনিয়ার দল আরো সব দক্ষ কর্মীরা যাবেন। নতুন মহিলা কর্মীরাও বাদ যাচ্ছে না। হোটেল বুক করা হয়ে গেছে।
সুজাতা বলে, শ্রীলা, মুজারা তো যাবেই তাই না?
হ্যাঁ, তুমি কোথায় থাকবে বলে তো?
গর্তয়! আমার আর কোন চুলো আছে? মা বাবা এখন পরভুখ। দুই দাদার সংসারে বেশিদিন মাথা গুঁজে থাকলে তারা কি সোনার আদর করবে? বাবার যা দেবার দিয়ে দিয়েছে লাখ তিনেক টাকা খরচ করে। তাতেই তোমার সংসারে আসবাবপত্র আর সাজ-শয্যায় ভরা ভরা। আমি এই একাঘরে কতদিন জেলখানার কয়েদির মতো থাকব? এখন তোমার বাঁ-পাশে শ্ৰীলা— ডানপাশে তনুজা! আমি এখন তোমার কেউ না।
ছিঃ! এসব কথা বলো না। তুমিই আমার রাজলক্ষ্মী আমার রাজরানী!
সরো তো! আর অভিনয় করতে হবে না। একটা চিঠি এসেছে তোমার কলেজের বান্ধবী ললিতার দেখাব?
ললিতা মুখার্জি? আরে তার তো বিয়ে হয়ে দু-দুটো বাচ্চা হয়ে গেছে! গো টু হেল প্রিতম ঘোষ কুলীন ব্রাহ্মণ নয় বলে তার বাপ নাক সিটকে ছিলেন।
ওর স্বামীর চাকরি চলে গেছে। বড় অসুস্থ। যদি কিছু সাহায্য করো।
সেসব উত্তর বাংলা থেকে এসে দেখা যাবে। এই তুমি যাবে আমার সঙ্গে?
তাই কি হয়? কোম্পানির খরচে যাবে তোমরা আমার খরচ দেবে কেন? এটা তুমি শুধু মন রাখা কথা বলছ।
তাহলে তুমি কি বাপের বাড়ি যাবে? গিয়ে তোমার পুরোনো বন্ধুবান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াবে–পনেরো দিন তো নয়— একমাস না-হোক কুড়ি-পঁচিশদিন হয়ে যেতেও পারে।
পরদিন সকালে গ্যাং চলে গেল। দশখানা মোটরে ঠাসাঠাসি। প্রিতমের দু-পাশে শ্ৰীলা আর তনুজা ঠিক দু-জনে আছেই।
কুড়িদিন কেটে গেল। এক একটা দিন যায় যেন পাহাড় সমান। আষাঢ়ের বেলা বৃষ্টি ঝরিয়ে শুধু কাঁদে। গর্ভে এসেছে মাতৃত্বের দায়। মান-অভিমানের আর দিন কোথায়? বি-এ পড়ার সময় সুদর্শন বাংলা একাদেমির লনে বসে কতদিন তার হাত ধরে কেঁদেছে। ওর চোখের জলে রুমাল ভিজেছে। তবু ও সে অচলা হয়নি। ঠাকুমা আর মা তাকে পইপই করে সাবধান করতেন, মেয়েদের জীবন বহুমূল্যে রত্নের মতো–ভুলের মধ্যে পা ফেলেছ তো মরেছ আর কুলকিনারা পাবে না। রত্ন তখন কয়লা–অংগার হয়ে যাবে।
সেই সুদর্শন শেষ পর্যন্ত যখন প্রিতমের সঙ্গে বিয়ে হয়ে গেল যেন পাগল হয়ে গেল। বিয়ে বাড়িতে গিয়ে একা একা দাঁড়িয়ে কেঁদেছিল।
ঘাড় ধাক্কা মেরে তাকে তাড়িয়ে দিয়ে ছিলেন তার দাদা।
হঠাৎ কেঁদে ওঠে সুজাতা! কাঁচের টেবিলে মাথা গড়ায় তার। তারপর হঠাৎ শক্ত হয়। একটা রিভলবার কোথাও পাওয়া যায় না? কত দাম? শ্রীলাকে সে গুলি করে মারবে!
হাত কাঁপবে। গুলি ফসকে যাবে? পুলিশে ধরবে? জেলখানায় থাকতে হবে?
কাজের মেয়েটিও যুবতী। পাড়া-গাঁ থেকে আসে সে খুব ভাবন করে। প্রায়ই টিভি দেখে। হিন্দি ছবি আর গান তার খুব প্রিয়। তার বন্যতার দিকে প্রিতম তাকায় কিন্তু…
একমাস পড়ে প্রিতমরা স্বাই ফিরে এলেন।
দু-দিন সম্পূর্ণ ছুটির বিশ্রাম।
প্রিতম সুস্থ স্বাভাবিকভাবেই ঘুমোল। সুজাতাকে কোনোকিছু জিজ্ঞাসা পর্যন্ত করল না। কাজ নিয়ে নাকি পাগল।
