—বি-জ-য়া!
–যা সত্যি, তাই বললাম। সত্য আর বাস্তব বড় কঠিন গো সুবিদা। কল্পনায় আবেগে, অনেক কিছু বলা যায়। করেও ফেলা যায় অনেক কিছু। কিন্তু তার পরিণাম হয় ভয়াবহ। যাক, আমি চললাম। আর হয়ত কখনও দেখা হবে না তোমার সঙ্গে। সংসার করেছ, সন্তান হয়েছে, সংসারটা সামলাও। আমার জন্যে খামোকা চিন্তা করে আর শরীর মন খারাপ করো না। অতীত নিয়ে ভেবো না। ওই দেখ, আমার সঙ্গীরা উদগ্রীব হয়ে উঠেছে আমার জন্যে। আমার আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। চলি কেমন। বিজয়া উঠে দাঁড়ায়।
–প্লিজ বিজয়া, আর একটু-আর এক মিনিট বোস। আমার দু-একটা কথা তোকে এখনও জিজ্ঞেস করার আছে।
—চটপট বলে ফেল, তোমাকে বোধহয় কেউ খুঁজতে আসছে। ওই দেখ টর্চের আলো।
সুবিমল কি এক ঘোরে গভীর চিন্তায় এতক্ষণ আচ্ছন্ন হয়েছিল। দূর থেকে চার ব্যাটারি টর্চের তীব্র আলো প্রথমে পাশের বেল ফুলের ঝোঁপ ও জলের ওপর, তারপর বিচ্ছুরিত হয়ে তার চোখে এসে পড়ে। চোখ ধাঁধিয়ে দেয়। সে মুহূর্তকাল চোখ বুজে, পুনরায় খুলে বিজয়াকে প্রশ্ন করে, তুই আজও আমাকে তেমনি ভালবাসিস?
কিন্তু কোথায় বিজয়া! বাহাদুর ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে। যে কনকনে হিমেল বাতাসটা তার সমস্ত অনুভূতি আর সত্তাকে একেবারে আচ্ছন্ন ও অবশ করে দিয়েছিল তা আর নেই। পরিবর্তে সত্তোরতীর্ণ বাহাদুরের স্নেহ কোমল গরম হাতের স্পর্শ তার কাঁধে। বাহাদুর স্নেহার্দ সুরে হিন্দী বাংলায় বলে, বাবুসাব, বহুৎ রাত হো গিয়া। ঘর যাইয়ে। বউদিদিমনি চিন্তা করছেন। সুবিমল বলে, বাহাদুর-দা, বিজয়া-বিজয়া কি চলে গেছে?
বাহাদুর চোখের জল মুছে বলে, হ্যাঁ বাবুসাব, চলা গিয়া। লেকিন আপুনি বাবু ইরকম করলে…যা হবার, যে যাবার সে তো চলা গিয়া। লেকিন, আপুনি শক্ত না হলে পাগল হই যাবেন। সংসার ভি ভেসে যাবে।
ততক্ষণে সুবিমল কিছুটা সুস্থ হয়ে উঠেছে। নিজের মধ্যে ফিরে গিয়ে বলে, হ্যাঁ, হা বাহাদুরদা শেষ পর্যন্ত আমি বোধহয় পাগলই হয়ে যাব।
বাহাদুর সুবিমলের হাত ধরে টেনে তুলে বলে, ছিঃ। উ কথা কখনও মুখে আনবেন না বাবু। আপুনি একটা ডাক্টার দেখান। সব ঠিক হহা জায়েগা।
সুবিমল টলায়মান অবস্থায় পার্কের মোরাম বিছানো রাস্তায় চলতে চলতে বাহাদুরকে বলে, হ্যাঁ, বাহাদুরদা একটা ডাক্তার দেখানো আমার খুব প্রয়োজন।
প্রসঙ্গত বাহাদুরের ঘর বিহার মুলুকে। পার্কের কোণে যে লায়নস্ ক্লাব আছে, তার নৈশ প্রহরী। থাকে সুবিমলের পাড়ায়। বস্তিতে। রাতে ক্লাব পাহারা, দিনের বেলায় সরকারি ডিপো থেকে দুধ এনে বাড়িতে বাড়িতে দেয়। এতে তার উপরি রোজগার হয়। সুবিমলের বাড়িতেও সে দুধ দিচ্ছে বছর দুই হল। সুবিমলকে সে ভীষণ ভালবাসে। ভালবাসার কারণ; সুবিমলের বয়সী তার একটি ছেলে ছিল। কয়েকবছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিহার মুলুকের বাড়িতে তার ছেলের বিধবা বৌ শিশুপুত্র নিয়ে থাকে।
সুবিমলের জীবনের সবকিছু ঘটনা সে নিজেই বুঝে নিয়েছে। কারণ রাতে যখন তখন পার্কে বসে সুবিমল বার বার বেঘোরে আবোল তাবোল বকে। সুবিমলকে দেখলেই তার ছেলের কথা মনে পড়ে। বুকের ভেতরে স্নেহ ভালবাসার এক আর্তি অনুভব করে সে। তাই সুবিমলের প্রতি তার এত টান।
প্রশস্ত গলি পেরিয়ে বাসায় পৌঁছে সুবিমল দেখে, ঘরের ভেতর অন্ধকার। সে দরজার কড়া নাড়ে। সুবিমলের স্ত্রী মাধুরী লাইট অন করে চটপট দরজা খুলে বলে, কি ব্যাপার এত রাত করলে যে? এখন কটা বাজছে জান? ওই দেখ সাড়ে এগারোটা। মাধুরী দেওয়ালে ঘড়ির দিকে চোখ তুলে সুবিমলকে ইঙ্গিত করে। সুবিমল নির্নিমেষ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে মাধুরীর মুখের দিকে চেয়ে থাকে। যেন অনেকদিন দেখেনি তাকে। মাধুরী সুবিমলের বিধ্বস্ত, ক্লান্তিভরা, বিষণ্ণ মুখের দিকে চেয়ে ব্যাপারটা আঁচ করতে পেরে, সুবিমলকে হাত ধরে ঘরে টেনে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে বলে, নিশ্চয় আজও তুমি পার্কে গিয়েছিলে? আর পারি না বাবা তোমাকে নিয়ে। আমি ভাবলাম সুনীলদার সঙ্গে টালিগঞ্জে গেছ, হয়ত সেখানেই দেরি হচ্ছে। তাই আমি আর খুঁজতে বের হইনি। তারপর কপট রাগের ভান করে বিরক্তির সুরে বলে, এতই যদি বিজয়ার প্রতি তোমার ভালবাসা ছিল, তাহলে আমাকে বিয়ে না করলেই পারতে? দিনের পর দিন তোমার এ পাগলামি আমার আর সহ্য হয় না। এ রকম করলে বুবুনকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। মাধুরী জানে এ সময় সুবিমলকে সে যদি বিদ্রূপ ও অপমানের কথার চাবুক না মারে তবে সে সম্পূর্ণ প্রকৃতিস্থ হবে না। এ প্রেসক্রিপশান সাইকিয়াটিস্ট ডাঃ অমর ঘোষের। গোপনে মাধুরীকে তিনি বলে দিয়েছেন। মাধুরী দু’চারবার এইরকম কয়েকটা কড়া কথা শোনাবার পর সুবিমল প্রকৃতিস্থ হয় এবং বলে, হ্যাঁ-হ্যাঁ তাই যেয়ো। দিনের পর দিন তোমার এই অপমান আমার আর সহ্য হয় না।
দু’এক মিনিট স্বামী স্ত্রীতে বাকযুদ্ধ হয়। মাধুরী লক্ষ্য করে সুবিমল আজ যেন অন্যরকম। অন্যদিন সুবিমল মর্মাহত হয়ে ক্ষমা চেয়ে তাকে কাছে টেনে নেয়। কিন্তু আজ তা তো করলই না, উপরন্তু তেজোদীপ্ত কন্ঠে প্রতিবাদের যেন ঝড় বইয়ে দিচ্ছে। তাই মাধুরী নিজেই নরম হয়ে, সুবিমলের কাছে এগিয়ে ডান হাতটা তুলে নিয়ে বলে, তোমার গল্পটা নিল? অ্যাডভান্স করেছে?
