“সেইটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা!”
করুণ হেসে উঠলো—”সান্ত্বনাটা এতো সস্তা হলে আর সত্যিকার কিছু মেলে!” টাঙ্গাওয়ালা গাড়ি চালানোর শব্দে তার হাসির রেশ মিলিয়ে গেলো।
.
এ-গল্পের শেষ ঐখানেই হলে ভালো হতো, কিন্তু তা হলো কই!
স্টেশনে যখন পৌঁছলাম তখনও ট্রেনের অনেক দেরি। ওয়েটিংরুমে জিনিসপত্র রেখে এদিক-ওদিক অকারণে ঘুরে বেড়িয়েও সময় কাটাতে না পেরে তখন বই-এর স্টলে এসে দাঁড়িয়ে কি কেনা যায় ভাবছি। হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম।
“একি! করুণা, তুমি এখানে?”
ম্লান একটু হেসে বললে–“এই এলাম!”
স্টেশনের শেডের আবছা আলোর দরুন, না সত্যিই করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে।
স্টল থেকে একটু সরে গিয়ে জিজ্ঞাসা করলাম—”আমি ঠিক বুঝতে পারছি না করুণা, হঠাৎ স্টেশনে আসার মানে?”
করুণা আবার হাসলো, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললে—”দলিল পুড়িয়ে দিয়ে এলাম।”
খানিকক্ষণ সত্যিই কিছু বুঝতে না পেরে তার দিকে বিমুঢ়ভাবে তাকিয়ে রইলাম। তারপর ব্যাকুলভাবে বললাম—”কি বলছে করুণা!”
“খুব অসম্ভব কি কিছু বলছি? ব নোঙর ভাসিয়ে নিয়ে যাবার মতো ঢেউ কি আসে না কখনো?” করুণার স্বর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠলো।
আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বললে—”তুমি আমায় নিয়ে যেতে পারো না? যাবে না নিয়ে, বলো?”
অত্যন্ত বিহ্বল হয়ে পড়লাম—”আমি…তোমায় নিয়ে…”
“কোথায় যাবে ভাবছো? যেখানে খুশি!”
কোনো কথা এবার আর মুখ দিয়ে বেরুলো না। মনের ভেতর শুধু একটা অস্থির আলোড়ন অনুভব করছি।
“তোমায় অনেক অসুবিধা, অনেক লাঞ্ছনা সইতে হবে জানি, কিন্তু আমিও তো তারই জন্যে প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা, নিন্দা মাথায় নিয়ে এসেছি!”
করুণা কারভাবে মুখের দিকে চেয়ে আছে। কী বলবো? কী এখন বলতে পারি! নির্বোধের মতো আমিই তার রুদ্ধ বন্যার বাঁধ খুলে দিয়েছি, এখন তাকে কেমন করে ফিরিয়ে দেবো?
“কিন্তু ব কথা তুমি বোধ হয় ভালো করে ভেবে দেখোনি, করুণা। যে ঝড় এবার উঠবে তা কি তুমি পারবে সইতে? তার সঙ্গে যুঝতে বুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করবো।”
করুণা তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, কিন্তু ধীরে ধীরে—অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রপের হাসিতে ভরে উঠলো।
“তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। আর একটু হলেই নোঙর উপড়ে গেছলো আর কি!” করুণা এবার সশব্দেই হেসে উঠলো।
অবাক হয়ে তার দিকে তাকালাম। সমস্তই কি তবে আমাকে বিদ্রুপ করবার জন্যে অভিনয়!
করুণা সহজভাবে বললে–“যাও, ট্রেন আসবার ঘণ্টা পড়েছে। আমার। ট্রেনেরও বোধহয় দেরি নেই।”
“তোমার ট্রেন!”
“পিসিমারা কলকাতা থেকে আসছেন। তারা বাড়ি চেনেন না। উনিও নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। শুনে খুব হতাশ হলে বুঝি?”
কোনো কথা আর না বলে ও ধারের প্লাটফর্মে যাবার জন্যে ওভারব্রিজের দিকে অগ্রসর হলাম। করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে।
সত্যিই পিসিমাদের নিয়ে যাবার জন্যে সে কি স্টেশনে এসেছিলো?
জীবনে কোনোদিন সে-কথা জানা যাবে না।
জলপরী, সুবিমল ও একটি ধর্ষণের গল্প – জগন্নাথ প্রামাণিক
যাব না যাব না করেও বেরিয়ে পড়লাম। অবশ্য আমাকে যে যেতে হবে তার কোন মাথার দিব্যি নেই অথবা না যাওয়াটাই শ্রেয়, (অনেকেই বলেছিল) কিংবা কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কার কাছে যাচ্ছি, গিয়েই বা কি হবে, যেহেতু সমস্যার কোন সমাধান আমি করতে পারিনি। তবু যেতে হয়, এবং এই যাওয়াটা স্বাভাবিক কি অস্বাভাবিক তা আমি বলতে পারব না। অতএব আমি যাচ্ছি…বিজয়ার কাছে।
এই পৃথিবীর ঘাস ফুল পাতা আলো বাতাসকে ভালবাসার মত কোথাও, কোনখানে, হয়তো বা, তা আমার অনুভূতি, রক্তে কিম্বা অন্য কোথাও কোনও দুর্বলতা যা আমার বিবেক, আমার মনুষ্যত্বকে আলোড়িত করেছে, তাই আমি যাচ্ছি।
গতকাল সারারাত কখনও বিছানায়, কখনও জানলার ধারে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রের দিকে চেয়ে নিজেকে বিশ্লেষণ করার চেষ্টায়, মুখের সিগারেটের ধোঁয়া স্পষ্ট থেকে অস্পষ্ট হতে হতে ক্রমশঃ মিলিয়ে গেছে শূন্যে। জোনাকির নীল আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে, টুকরো মেঘমালা একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মিলিয়ে গেছে, রাস্তার কুকুরের কান্না, পাগলের চিৎকার ভয়ার্ত হয়ে কম্পন তুলেছে শিরা-উপশিরায় এক বা একাধিক প্রশ্নের উত্তর খোঁজার। রেস্তোরাঁয় কাঁটা চামচ দিয়ে চিকেন রোস্ট কাটার মত নিজেকে টুকরো টুকরো করে কেটেছি। বিধ্বস্ত করেছি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রীকে। কবিতায় ডুবিয়েছি মনকে–আজ বা কাল অথবা পরশু পৃথিবী টুকরো হলে / নীল পখি লাল পাখি গ্রহান্তরে উড়ে যাবে। তখন ভীষণ অন্ধকারে ডুবে / শাড়িটা উড়িয়ে দেবে আকাশে / আঁচলের এক প্রান্তে আমি অন্য প্রান্তে তুমি।
—আমাকে কবে নিয়ে যাবে সুবিদা? কবে আসবে সেদিন? ভিক্টোরিয়া দেখাবে-নতুন হুগলি সেতু?
—হ্যাঁরে। নিশ্চয়, কেন দেখাব না।
–সত্যি বলছ?
—হ্যাঁ, সত্যি বলছি।
—না আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার মাথা ছুঁয়ে দিব্বি কর।
—এই তোর মাথা ছুঁয়ে…।
তখন পশ্চিমাকাশে তীব্র আলোর ছটা। আমি পিরামিডের ওপর মাথা রেখে, বিজয়া কাঁপছে যেন ভূমিকম্পে কম্পিত ভূতল।
