প্ৰবোধচন্দ্র অবশ্য সঙ্গে সঙ্গে মোহভঙ্গ করিয়ে দিতে বিদ্রপহাস্যে বলেছিল, বল কি! তোমার মতন আলোকপ্ৰাপ্তার এই পচা পাড়াগা পোষাতো? এখানের মেয়েরা স্বপ্নেও কখনো দেখেছে বৌমানুষ বসে খবরের কাগজ পড়ে? বৌমানুষ রাতদিন মুখে মুখে তর্ক করে? বৌমানুষ দেশের কথা ভেবে মাথা গরম করে?
সুবৰ্ণ দৃপ্তকণ্ঠ বলেছিল, দেখে নি, দেখতো।
হুঁ! তা হলে আর ভাবনা ছিল না। সে বৌকে টেকিতে ফেলে কুটতো। শহরের দোতলায় পায়ের ওপর পা দিয়ে বসে থাকবার সুখ জুটলে সবাই অমন পাড়াগার শোভা দেখতে পায়। ক্ষারে কাপড় কাচতে কাচতে আর টেকিতে পাড় দিতে দিতে জান নিকলে যেত!
সুবৰ্ণ মৃদু তীক্ষ্ণ হাসির সঙ্গে বলেছিল, তেমন নিকলোলে একটা সুবিধে তো রয়েছেই। দীঘিপুকুর! ঝাঁপ দিলেই নিশ্চিন্দি!
প্ৰবোধচন্দ্ৰ সহসা স্ত্রীর একটা হাত চেপে ধরে বলে উঠেছিল, তোমায় এখানে আনা দেখছি ঠিক হয় নি। সর্বনেশে মেয়েমানুষ তুমি, তোমায় বিশ্বাস নেই!
ছোট ছেলেমেয়েরা সকৌতুকে দেখছিল, বাবা মার হাত ধরেছে। দশ এগারো বছরের ভানু কানু দুই ভাই যেন লজ্জিতও। সুবৰ্ণ সেটা অনুভব করে আস্তে হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করে। কিন্তু প্ৰবোধ ছাড়ে না। ভয়ানক আতঙ্কিত গলায় বলে, তুমি এই আমায় গা ছয়ে দিব্যি কর, ওসব দুর্মতি করবে না!
সুবৰ্ণ মৃদু হেসে বলে, দুর্মতি যদি করি, এই পৃথিবীর সঙ্গে তো সব সম্পর্কই চুকে যাবে, গা ছুঁয়ে দিব্যির আর কি মূল্য থাকবে?
প্ৰবোধ আহত হয়ে হাতটা ছেড়ে দিয়ে বলে, ওঃ! তাই বটে। তুমি তো আবার সম্পর্কটা যে জন-জন্মান্তরের সে কথা মানোই না!
তুমি মানো? সকৌতুকে প্রশ্ন করে সুবৰ্ণ।
প্ৰবোধ সতেজে বলে, হিঁদুর ছেলে হয়ে জনেছি, মানবো না! সবই মানি।
আচ্ছা তা হলে তো এ কথাও মানো, অপঘাতে মলে ভূতপেত্নী হয়?
আলবৎ মানি। না হলে আর শাস্ত্ৰে বলত না অপঘাতে অনন্ত নরক!
তবেই তো। সুবৰ্ণ হেসে ওঠে, আমি ধর অপঘাতে মরে অনন্ত নরকে পচছি, তুমি মহত্তর বলে স্বর্গে গিয়ে ইন্দ্ৰত্ব করছ, তখন? তখন ওই জন্ম-জন্মান্তরের সম্পর্কটার গতি?
কুতার্কিক মেয়েমানুষের সঙ্গে কেউ কথায় পারবে না!
বলে রাগ করে মুখ হাঁড়ি করে বসেছিল প্ৰবোধ। কিন্তু সুবর্ণ তা নিয়ে বিচলিত হয় নি। সুবর্ণ দেখছিল গাছপালার ফাঁকে ফাঁকে ছোট ছোট মাটির কুড়ে, তার সামনের উঠানে তুলসীমঞ্চ, পিছনে গোয়াল। উঠানগুলি মাটিল্যাপা, গোয়ালগুলি খড়ের চালের, ছবির মতই সুন্দর।
এই সৌন্দর্যকে লালন করছে তো গ্রাম তার হৃদয়ারস দিয়ে।
চোখ জুড়িয়ে যাচ্ছিল।
তবু মনের মধ্যে ছিল একটা তীক্ষ্ণ প্রশ্ন। যেখানে যাদের কাছে যাচ্ছে, তারা নিকট-আত্মীয় হলেও দূরত্বের ব্যবধান অনেকখানি। সুবৰ্ণরা তো সাতজন্মেও ওদের নাম মুখে আনে না। সুখের সময় তাদের বিস্মৃত হয়ে থেকে অসুবিধের সময় গলায় এসে পড়া, এর চাইতে নির্লজ্জতা আর কী আছে?
মেজননদ যদি সেই নির্লজ্জতার দিকে আঙুল বাড়িয়ে দেখায়! যদি বলে, কিগো, এখন বুঝি দায়ে পড়ে রায়মশাই? দরকারে পড়ে বোন? বলা তো অসম্ভব নয়!
যে কেউই এ অবস্থায় বলতে পারে এ কথা।
তার উপর আবার সুবালা মুক্তকেশীর মেয়ে।
কিন্তু মুক্তকেশীর মেয়ে মুক্তকেশীর মত মুখে মুখে উপর্যুক্ত জবাব দেবার জন্যে তৎপর হলো না। সে উল্লাসে পুলকে বলে উঠল, ভাগ্যিস পেলেগ। এসেছিল, তাই মহারাণীর পদধূলি পড়লো!
কান জুড়িয়ে গেল সুবর্ণর, জুড়িয়ে গেল প্ৰাণ।
সুবৰ্ণর আবির্ভাবে কেউ পুলকিত হচ্ছে, এ অনুভূতিটা নতুন।
সুবৰ্ণ এর স্বাদ জানে না।
সুবৰ্ণ জানে, সুবর্ণর আবির্ভাবও নেই, তিরোভাবও নেই। সে যেখানে বিরাজিত, সেটা তার নিত্যধাম। জানে তার সেই নিত্যধামের চারিপাশের বায়ূমণ্ডল সমালোচনার প্রখর তাপে তপ্ত থাকবে, আর তার মাথার উপরের আকাশ আর পায়ের নিচের মাটি সর্বদা স্মরণ করিয়ে দেবে, তোমাকে আচ্ছাদন দিয়েছি। এই ঢের, তোমাকে দাঁড়াতে দিয়েছি। এই যথেষ্ট!
সুবৰ্ণ তুমি এলে? কী আনন্দ কী সুখ!
এ ভাষা সুবর্ণর জন্য নয়।
অথচ জগতের দীনীতিতম দীনের জন্যও আছে। এ ভাষা। ভিখারিণী মাও প্রার্থনা করে, নবমী নিশি গো, তুমি আর পোহায়ো না-
সুবৰ্ণর জন্যে এ প্রার্থনা নেই।
সুবৰ্ণ কি মূল্যহীন?
সুবৰ্ণ মূল্যবান হবার সৌভাগ্য থেকে চিরবঞ্চিত?
সুবৰ্ণর মূল্য ধার্য হয়েছে শুধু একটা অভ্যাস-মলিন শয্যায়। সেখানে সুবর্ণর জন্যে আগ্রহের আহবান অপেক্ষা করে।
কিন্তু সে আগ্রহ কি প্রেমের?
সে আহবান কি পুরুষের?
তা নয়।
সে শুধু অভ্যাসের নেশা।
তাই সে আহবান সুবর্ণর চেতনাকে বিদ্রোহী করে, স্নায়ূদের পীড়িত করে, আত্মাকে জীৰ্ণ করে।
তাই সুবর্ণর মূল্য কি জানে না সুবর্ণ।
তাই এক যৌবন-থাকতে-প্রৌঢ়া, খেটে খেটে শীর্ণ, শ্ৰীহীন মেয়ের এই খুশিটুকু সুবর্ণর প্রাণ জুড়িয়ে দেয়।
প্ৰবোধ বলে, তা পড়লো পায়ের ধুলো! কিন্তু এই পঞ্চাশ ক্রোশ দূরে থেকে চিনে তো ফেলেছিস ভাজটিকে? মহারাণীই বটে। এখন মহারাণীর মেজাজ বুঝে চলতে নাজেহাল হ!
আহা, এখনই নয় যাওয়া-আসা নেই তেমন, তা বলে কি দেখি নি। আমি ওকে! সুবালা পায়ের দিকের শাড়ীটা নিংড়ে নিংড়ে জলটা ফেলতে ফেলতে বলে, আমার মা জননীর হাতে পড়লে শিবও বাদর হয়ে ওঠে। গুরুজন নিন্দে করছি না, তবে বুঝি তো।
সুবৰ্ণ অবাক হয়ে তাকায়।
ওই হাতে-পায়ে শির ওঠা, শীর্ণ মুখ, পাতলা চুল, প্রায় বাসনামাজা ঝিয়ের মত চেহারার মানুষটার মধ্যে এমন স্বচ্ছ পরিচ্ছন্ন দৃষ্টিশক্তি! সুবৰ্ণকে বুঝতে পারে ও!
