তারপর?
তারপর আর কি! গাড়ি ডাকলো, তোরঙ্গটা নিয়ে গাড়ির মাথায় তুলে দিলো, গাড়িতে উঠলো, দরজায় নামিয়ে দিয়ে গেল, আমি ঢুকে এলাম।
নবকুমার ধৈর্য ধরে সবটা শোনার শেষে ক্ষোভ আর ক্রোধের সংমিশ্রণে গড়া একটি প্রশ্ন করেন, ব্যস! ঢুকে এলাম! বুঝতে পারলি না এটা ত্যাগ করা?
বুঝতে পারব না কেন? ওরা তো বলে-কয়ে—
তবে? কেঁদে পড়ে বলতে পারলি না, ছেলেদের ছেড়ে আমি থাকবো কি করে?
সুবৰ্ণও ব্যঙ্গ আর ক্ষোভে গড়া একটি প্রশ্ন করে, ছেড়ে থাকতে পারবো না, এ কথার কোনো মানে হয়? ওটা তো একটা হাসির কথা!
নবকুমার মুহূর্তের জন্য মাথাটা হেঁট করেন। তারপর বলেন, তা ভবিষ্যৎটা তো ভাবতে হবে?
ভেবে কি সত্যিই কেউ কিছু করতে পারে–? বাবা শব্দটা মুখে এসেও আসে না, অনভ্যাসে মুখের মধ্যেই যেন আটকে যায়, কত মেয়ে তো হঠাৎ বিধবাও হয়!
হরি হরি! নবকুমার ক্রুদ্ধকণ্ঠে বলেন, যা মুখে এলো বললেই হলো! আশ্চর্য! কোথায় রইল মা, কোথায় রইল মেয়ে, প্রকৃতিটি হয়েছে দেখছি এক ছাঁচে ঢালা। মুখ দিয়ে বার করলি কি করে এ কথা!
সত্যি কথা বলতে বাধবে কেন?
এবার বোধ করি জোর করেই বাবা শব্দটা উচ্চারণ করে সুবর্ণ। বলে, তুমি কি আমায় থাকতে দিতে হবে ভেবে ভয় পাচ্ছ, বাবা?
নবকুমার হঠাৎ বিচলিত হন।
নবকুমারের চোখ দিয়ে একঝলক জল এসে পড়ে। সেই অবসরে সাধন, দ্বলে ওঠে, ভয় পাওয়ার কথা হচ্ছে না। তবে আশ্চর্য হচ্ছি বৈকি। যারা এই এত বছরের মধ্যে কক্ষণো পাঠাল না, তারা হঠাৎ ইচ্ছে করে–
এই সময়ে অন্ন কথা বলে ওঠে। বাবার হাঁটুর নীচে থেকে, পিসির শাশুড়ীর টাকা কমে গিয়েছিল বলে শাশুড়ীটা বলেছিল, বৌরা কিছুদিন বাপের বাড়ি থাক। আমার বেশি খরচ হবে না—, তা পিসি বলেছিল, কোন যাব? যাব না—তাই ওরা রেগেটেগে বলেছে, তবে চলে যাও। থাকতে হবে না। আমাদের বাড়িতে।
তা সে প্রস্তাবে রাজী হলে ক্ষতিটা কি ছিল? সাধন বলে, সেটা তো খারাপ কিছু ছিল না। কিছুদিন বেড়িয়ে যেতে!
নবকুমার বলে ওঠেন, সেটা তো ভালোই হতো। আহ্লাদ করে চলে এলেই পারতে। ফাঁকতালে দুদিন থাকা হয়ে যেত!
ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিসে আমার লোভ নেই বাবা!
নবকুমার যেন একটু চমকে ওঠেন। কথাটা কেমন নতুন লাগে তাঁর কাছে।
কিংবা নতুনও নয়, শুধু ভুলে যাওয়াটা একটা সুরের মত। সুবৰ্ণর মা সত্যবতীও যেন এইরকম সুরেই কথা বলতো না?
কিন্তু এখন সময়টা সঙ্গীন।
হারানো সুর নিয়ে মাথা ঘামাবার সময় নয়। যে মেয়ে তাঁর কাছে প্রায় মৃত, অথবা সম্পূর্ণ অপরিচিত, হঠাৎ সেই মেয়েকে ঠিক আছে, তুই চিরকাল আমার ঘর ভরে আমার বুক ভরে থাক। বলা শক্ত বৈকি।
কে জানে মেয়ের কী প্রকৃতি, কী রীতি, কেন তারা এমন করে বিদায় করে দিয়েছে, কিছুই তো জানা নেই! তা ছাড়া তিনি বাপ, মেয়ের হিতাহিত দেখতে হবে! মেয়ে যদি তেজ করে স্বামীর ঘর ত্যাগ করে–
নবকুমার বিচলিত গলায় বললেন, আর সব বৌরা কী বলেছিল?
আর সব বৌরা! সুবর্ণ বিদ্রুপের গলায় বলে, আর সব বৌরা তো বাপের বাড়ি যেতে পেলেই নাচে! মানমর্যাদা বোধ থাকলে তো!
হুঁ! যত মান-মৰ্যাদা তোমার, কেমন? হবেই তো। মানী মায়ের মানী মেয়ে! মা একটা সংসার ধ্বংস করে বসে আছেন, মেয়েও–
নবকুমার হঠাৎ চুপ করে যান।
হঠাৎ পিছন ফেরেন। হয়তো চোখ দুটো আড়াল করতেই।
সাধন এই সব ভাবপ্রবণতা পছন্দ করে না। সাধন বলে ওঠে, ওসব কথা থাক বাবা। কথা হচ্ছে। এ ব্যাপারের একটা বিহিত দরকার। কিনা—
কিনা মানে? নবকুমার উদ্দীপ্ত গলায় বলেন, করতেই হবে। তারা বললো ত্যাগ করলাম, অমনি ত্যাগ হয়ে গেল, এ কথাটা কথা নাকি? তাদের কাছে গিয়ে নাকে খৎ দিয়ে মাপ চাইতে হবে!
নাকে খৎ দিয়ে মাপ চাইতে হবে!
একটা ধাতুপাত্ৰ যেন কথা কয়ে ওঠে।
এ কী স্বর! কী ভয়ানক!
এ স্বর যে বড্ড পরিচিত নবকুমারের।
আশ্চর্য!
মায়ের মতনই হয়ে বসে আছে মেয়েটা? কেন, ভাইদের মত হতে পারত না? কিন্তু এর ভার বইবার শক্তি নেই নবকুমারের। তাই নবকুমার তরল হবার চেষ্টা করেন, তা হবেই তো। শ্বশুরবাড়ি বলে কথা! মায়ের মত খুব নাটক নভেল পড়বার অভ্যোস হয়েছে বুঝি? তাই এত মান-মর্যাদার জ্ঞান! ওসব বুদ্ধিকে প্রশ্রয় দিতে নেই। দু-চারটে দিন যাক, আমি নিজে সঙ্গে করে গিয়ে শাশুড়ীম্যাগীকে তোয়াজ করে আসবো—
আমি তো আর কখনো ওখানে যাব না। বাবা-
শান্ত স্বর সুবর্ণর।
মেয়ের কণ্ঠস্বরে উদ্বেগ অনুভব করেন নবকুমার, যা হোক করে বুঝিয়ে বাগে আনা যাবে বলে মনে হয় না। দেখা যাক, ভুলিয়ে ভালিয়ে আনা যায়। কিনা!
বলেন, শোনো ক্ষ্যাপা মেয়ের কথা! একেবারে কাটান-ছেড়ান করলে চলে? যাবো, বুঝিয়েসুঝিয়ে পাঁজি দেখিয়ে বরং আনবো একবার দু মাসের জন্যে। এ একটা ভাল হলো, শাপে বর হলো। আসা-যাওয়া ছিল না, আসা-যাওয়ার পথ খুললো—
সুবৰ্ণ ছাত থেকে নেমে এসে বসেছিল সিঁড়ির ধাপে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তুমিও তাহলে আমায় তাড়িয়ে দিচ্ছি। বাবা?
তাড়িয়ে! ছি:। ছি, এ কী কথা!
নবকুমার বলেন, সাধন শুনছিস তো বোনের কথা?
শুনছি। বৈকি। সাধন বলে, তবে মনে হচ্ছে মায়া-মমতার প্রশ্ন এখন নয়। মেয়েদের যেটা আসল আশ্রয়-
আসল আশ্রয়!
সুবৰ্ণ হেসে উঠে বলে, আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল দাদা! এক নিমেষের এদিকওদিক, বলে দিল বিদেয় হও। তবু সেই আশ্রয়কেই আসল আশ্রয় বলে আঁকড়ে থাকতে হবে?
সাধনের বৌ সুধীরবালা এইসব কথাবাতাঁর মধ্যেই তাড়াতাড়ি জলখাবারের আয়োজন করে ফেলেছিল। গৃহ প্রত্যাগত স্বামীর জন্যও বটে, আগন্তুক ননদের জন্যেও বটে।
