ও এসে পায়ের ধুলো নিচ্ছে!
নবকুমার কি সেই নতমুখ নতদৃষ্টি কন্যাকে দু হাতে জড়িয়ে ধরবেন? হাহাকার করে বলে উঠবেন, সুবৰ্ণ রে—এতদিন পরে এলি তুই? যখন তোর বাপের সব গেল!
না, পারলেন না।
সেই সহজ স্নেহ-উচ্ছাসের মুখে পাথর চাপিয়ে দিয়ে চলে গেছে সুবর্ণর পারের কাণ্ডারী।
এই চলে যাওয়ার চেহারার মধ্যেই বুঝি সুবৰ্ণলতার দুর্ভাগ্যের ছায়া।
তাই নবকুমার কাঠ হয়ে দাঁড়িয়ে থেকে আগে প্রশ্ন করেন, কে? সুবৰ্ণ? কী ব্যাপার? মানে—
এখানে থাকতে চাই!
প্ৰণাম-নিবেদনকারিণী এবারে নবকুমারের মুখোমুখি দাঁড়িয়ে স্থির স্বরে বলে, আর কিছু চাই না। বাবা, শুধু এইখানে থাকতে চাই!
এইখানে থাকতে চাই!
এ আবার কী গোলমেলে প্রার্থনা! বিয়ে হয়ে পর্যন্ত এই এতগুলো বছর যার দর্শনমাত্র মেলে নি, যাঁর জন্যে কত দিন কত রাত শুধু প্ৰাণের মধ্যে হাহাকার করেছে, এবং ইদানীং যার দর্শন পাওয়া সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছেন, বলতে গেলে যাকে প্রায় ভুলেই বসে আছেন, সেই মেয়ে কিনা অকস্মাৎ এসে পায়ে আছড়ে পড়ে বলে, আমায় আশ্ৰয় দাও!
বলে, আমি থাকতে চাই!
অথচ শাখা-সিঁদুর-সোনায় জ্বলজ্বলাটি মূর্তি। এমন নয় যে ভাগ্যান্তর ঘটেছে!
বিহ্বল নবকুমার স্থলিত স্বরে বলেন, আমি তো কিছু বুঝতে পারছি না। সুবর্ণ!
বুঝতে পারবে না। বাবা! সুবৰ্ণ তেমনি স্থির স্বরে বলে, পরে সব বুঝতে পারবে বাবা! এখুনি সব কিছু বুঝতে চেষ্টা করো না। পরে সব বলছি।
বলেছিল সুবর্ণ হাঁপাতে হাঁপাতে।
কিন্তু নবকুমার তো বলতে পারতেন, থাক মা, বলতে তোকে হবে না কিছু। তুই যে এসেছিস এই আমাদের ঢের। কতকাল তোর চাদমুখটি দেখি নি, হয়তো কোনদিন মরেই যেতাম, ভগবান বোধ করি। দয়া করেই তোকে এনে দিলেন।
বলতে পারতেন।
মেয়েকে সুস্থির হবার সময় দিতে পারতেন। কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তৃষিত পিতৃহৃদয়ের ব্যাকুলতা প্রকাশ করতে পারতেন, কিন্তু নবকুমার তা করলেন না। নবকুমার কেমন যেন ভয় পেলেন।
আর সেই ভয়ের তাড়নাতেই চির অভ্যাসমত ছুটলেন দিদিকে ডেকে আনতে।
দিদি সৌদামিনী দেবী নবকুমারের নিজের দিদি অবশ্য নয়, পিসতুতো বোন, কিন্তু স্বামী থাকতেও বেধবা হয়ে দীর্ঘকাল তিনি মাতুলালয়ে বাস করেছেন, সেই সূত্রে নবকুমারের দিদিঅন্ত প্রাণ!
যখন রর বয়েস কম ছিল, এবং তারও প্রায় জামাইয়ের মতই স্ত্রী নিয়ে সমস্যার অন্ত ছিল না, ওই বল-বুদ্ধি-ভরসা হয়ে রক্ষা করেছেন।
তবে শেষরক্ষা করতে পারেন নি সৌদামিনী। সুবৰ্ণর বিয়ে উপলক্ষ করে সত্যবতী যখন এক অপরিসীম ধিক্কারে সংসার ত্যাগ করলেন, তখন তো শেষ পর্যন্ত সৌদামিনীই সঙ্গে সঙ্গে ছিলেন, তথাপি ফিরিয়ে আনতে পারেন নি।
কিন্তু ফিরিয়ে আনবার চেষ্টাই কি করেছিলেন?
সে প্রশ্ন করেছিলেন নবকুমার দিদির কাছে হাহাকার করে, পারলে না সদুদি? তুমি পারলে না? তোমার চেষ্টাও বিফল হল?
সৌদামিনী ক্ষুদ্ধ হাসি হেসে বলেছিলেন, ও কথা বললে মিথ্যে কথা বলা হয় নবু। সত্যি বললে বলতে হয় চেষ্টা আমি করি নি।
চেষ্টা কর নি!
নাঃ। তার মুখ দেখে বুঝেছিলাম যে, কোনো চেষ্টাই সফল হবে না। বিশ্বাসঘাতক স্বামীর ঘর আর করবে না সে। বললে তুই দুঃখু পাবি, তুই ওর যুগ্যি ছিল না কোনদিনই। তবু স্বামী বলে ভালবাসতো, ভক্তিছেদা করতে চেষ্টা করতো, সে ছেদা তুই খোয়ালি। বৌ তোকে অসার অমনিষ্যি যাই ভেবে আসুক, একথা কোনোদিন ভাবে নি তুই ওকে ঠকাবি! সেই কাজ করলি তুই, আমি আবার কোন দুঃখে চেষ্টা করতে যাব বল!
বলেছিলেন সৌদামিনী এসব কথা। তত্ৰাচ নবকুমার দিদির শরণ ত্যাগ করেন নি। সদুদিকে আঁকড়েই আবার হালভাঙা নৌকোটোকে ঠেলে ঠেলে নিয়ে এসেছিলেন তীরে। এখন আর ভাইয়ের সংসারটা দেখতে হয় না সৌদামিনীকে, ছেলের বৌ দেখে, তবে কারুর একটু মাথা ধরলে ছুটে আসতে হয়।
তাছাড়া এদের লক্ষ্মী, যষ্ঠী, মনসা, মাকাল, ইতু, মঙ্গলচণ্ডী ইত্যাদি করে গোরস্তঘরের যা কিছু নিয়ম-লক্ষণ, পাল-পার্বণ, তার দায় এখনো পোহান সৌদামিনী।
বলতে গেলে এখনো এ সংসারে অভিভাবিকার পোস্টটা সৌদামিনীরই।
অতএব আকস্মিক কন্যার এই আবির্ভাবে ভীত-ত্ৰস্ত-আতঙ্কিত নবকুমার সদুদিকেই ডাকতে ছুটলেন, মেয়েকে ভাল করে বসতে পর্যন্ত না বলে।
বসতে বললো সাধনের বৌ সুধীরবালা। কাছে এসে হাত বাড়িয়ে বলল, এসো ঠাকুরঝি, হাত-মুখ ধোও।
বৌ সপ্ৰতিভ আত্মস্থ। শ্বশুরের মত ভয় পেল না সে।
বুঝলো একটা ঝগড়াঝাঁটির ব্যাপার। বিয়ে হয়ে এসে পর্যন্ত ননদকে চক্ষে না দেখলেও ননদের কথা শুনেছে বৈকি, অনেকই শুনেছে। ননদের ভাইদের কাছে, পিসশাশুড়ির কাছে, কদাচিৎ শ্বশুরের কাছে। শ্বশুরের কাছে—বেশির ভাগই তার মেয়ে অন্নর সঙ্গে তুলনায় ব্যাপারে।
উঠতে বসতে অনুর দোষ দেখতে পান নবকুমার আর বলেন, তোর পিসি তো এমন ছিল না রে!
নাতিটি নবকুমারের নয়নমণি, নাতনীটি নয়। নাতনীটার মধ্যে থেকে বুঝি কেবলই অনেক দিন আগের একটা বালিকাকে খুঁজে পেতে চান নবকুমার, একদা এই বাড়িরই সর্বত্র যে ছড়িয়ে ছিল মুলুরু কণিকার মত। গোলগাল বেঁটেখাটো শ্যামলা রঙ অন্নর মধ্যে তার আভাস কোথায়? তাই বিরক্ত হন।
আগে এই বাসাটার ভাড়াটে ছিলেন নবকুমার, তার পর বাড়িওয়ালাকে বলে-কয়ে বাড়িটা কিনে নিয়েছেন।
কেন?
কে জানে কী রহস্য!
সাধনের আদৌ ইচ্ছে ছিল না পয়সা খরচ করে এই পচা বাড়িটাই কেনা হয়। বাড়ির অভাব আছে নাকি? ভাত ছড়ালে কাকের অভাব থাকে?
