সৈনিকটি কাছে এগিয়ে আসতেই সাদইদ বলল–একজনকে পথের উপর পাওয়া গেছে সমের মিঞা, তুমি সকলকে বলে দাও। আমি আহত এই বেচারিকে নিয়ে পাহাড়ে চলে যাচ্ছি। এর চিকিৎসা দরকার। আমার ফিরতে কোন কারণে দেরি হলে লোটাকে পাঠিয়ে দেব। আর শোন, রাজা হিতেনের সঙ্গে দেখা করা জরুরি, আমি চলে যেতে পারি। অযথা কেউ যেন মরুযাত্রীদের আক্রমণ না করে। অসুররা মরুযাত্রীর বেশ ধরে যাচ্ছে, আসলে প্রত্যেকটা কাফেলাই এখন সন্দেহজনক–তারা মরুযাত্রী না-ও হতে পারে। সৈনিক হতে পারে। না বুঝে আক্রমণ করতে গিয়ে, ফল উল্টো হতে পারে। তোমরা নতুন, শিবির ধ্বংস করে চলে যাবে অসুররা। সাবধানে থাকবে।
সৈনিকটা মাথা নেড়ে সাদইদের কথায় সায় দিয়ে ফিরে যাচ্ছিল, সহসা সাদইদ বলে উঠল–মনে রেখো সমেরু, একজন সৈনিক আমার কাছে আমার এই সাদা ঘোড়াটার মতই দামী। অযথা কোন প্রাণের বাজে খরচ পিতা নোহ পছন্দ করেন না। রাজা হিতেনের কাছে একশ’টি সুন্দরী দেবদাসীর মূল্য যরকম, আমার কাছে ক্ষুদ্র একজন সৈন্য তারও চেয়ে শতগুণ মূল্যবান। আমি তোমাদের শপথ করে বলতে পারি, কখনও যদি একটি গ্রামও আমি অধিকার রুরি, তোমাদের মত সৈনিকদের আমি সেখানে সংসার গড়বার ব্যবস্থা করব।
সাদইদের কথায় পিছনে ফিরে দাঁড়িয়েছিল সমেরু। স্মিত হেসে বলল–প্রাণে বাঁচলে তবে তো সংসার! একখানা তাঁবু, দু’মুঠো খাদ্য আর আমার মা। আমি আর কিছুই চাই না মহামতি। একটা নদীর ধারে ছোট একখানা তাঁবু ফেলবার অধিকার আর মাকে ফিরে পাবার স্বপ্ন দেখি। আপনি আমার জন্য তাই করুন। আমি কোন দেবদাসীর মন্দিরে যেতে চাই নে। মহাত্মা উঁহুদের ধর্মই দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম। তিনি মানুষের পাপ আর পুণ্যের সীমানা নর্ধারণ করতে পারেন। আমার মনে হচ্ছে, জুম পাহাড়ের ওদিকে তাঁকে কোথাও আমি দেখেছি। আমার বাঁচালতা ক্ষমা করবেন, আমি ছেলেমানুষ, মামার বিয়ে হয়নি, মা-ই আমার চোখে একমাত্র সবচেয়ে সার্থক নারী, আমি সেই মাকে হারিয়েছি, আমার আর চাইবার কিছু নেই।
কথা শেষ করেই সমেরু দ্রুত পায়ে তাঁবুর দিকে ছুটে গেল।
সমেরু নামে এই কিশোরটির মুখমণ্ডল অত্যন্ত নরম। হাত-পা সুন্দরী দেবদাসীদের মত অতিমাত্রায় কোমল। গোঁফের রেখা অবধি ঠিকমতন ওঠেনি। চোখ দুটি এত মায়াবী যে,মরূদ্যানের স্বচ্ছ জল যেন ভরে আছে বলে মনে হয়, শান্ত সেই চোখে স্থির তার হৃদয়, যেন ছায়ায় মোড়ানো একটি হ্রদ। সে তার মা ছাড়া অন্য কোন নারীর কথা চিন্তা করতে চায় না।
যুদ্ধেরও একটি অলিখিত, লিপিহীন পঞ্জিকা প্রণয়ন করতে হয়েছে নাইদকে–কিন্তু সেই পঞ্জিকার পৃষ্ঠায় আজ একটি অভূতপূর্ব তথ্য সন্নিবেশিত হল। মা-ই একমাত্র নারী। সমেরু জোরের সঙ্গে বলল, মহাত্মা ইহুদের ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তিনি পাপ আর পুণ্যের সীমানা নির্ধারণ করেন। কথাটা শুনেই মনে হল, ছেলেটি এই বাক্যটি মুখস্থ করেছে। নারী সম্পর্কে তার বক্তব্যও অজি। মা ছাড়া আর যেন কোন নারীই হয় না। সে তার মাকে নিয়ে নদীর ধারের তাঁবুতে বাস করতে চায়। সে দেবদাসীর মন্দিরকে ভয় পায় বলে মনে চল। ভাবতে ভাবতে সাদইদের এক তীব্র কৌতূহল হতে থাকল।
অশটি মন্থর বেগে অগ্রসর হচ্ছিল। মাথার কাপড় নামিয়ে ফেলে রিবিকা বলল–আমি পারলাম না! হায় দেবী!
–কী পারলে না রিবিকা!
–ওই ছেলেটাকে মুখের পর্দা সরিয়ে কেন দেখলাম না! ও নিশ্চয়ই মহাত্মা ইহুদকে দেখেছে! আমি প্রশ্ন করতে পারতাম! তাছাড়া ওর মুখটা আমার চিনে রাখা উচিত ছিল। যে কিশোর মা ছাড়া কিছু জানে না, তাকে কেন আপনি নষ্ট করছেন সারগন! দোহাই! আপনি ওকে রক্ষা করুন!
রিবিকা আর্তস্বরে ককিয়ে উঠল। সাদইদ লক্ষ্য করছিল, প্রথমাবধি এই মেয়েটি তাকে ‘আপনি-তুমি’ করছে, যখন যা মুখে আসছে। কখনও তাকে ভাবছে সামান্য সৈনিক, কখনও ভাবছে মহামতি সারগন। মাথারও কিছু ‘বেগড়বাঁই’ আছে সন্দেহ নেই। সহসা একটা কিসের ঝোঁকে বেমক্কা সাদইদ ঈষৎ আক্রমণাত্মক ঢঙে পেশ করল–সমেরুকে তোমার পছন্দ হয়? ওকে তুমি চাও বুঝি? চোখে দেখলে তোমার শরীরে তেষ্টা পেত নিশ্চয়ই। ঠিক আছে, একদিন দেখা হবে অবশ্য।
–না! না! ভয়ে কেমন আর্ত চাপাস্বর ফুটে ওঠে রিবিকার গলায়।
–না কেন! ও-ও তো সৈন্যমাত্র। কেবল তুমি তোমার মন্দিরটা পরিচ্ছন্ন রাখবে। দ্যাখো, ও হল জোয়ান ছেলে, দেহে প্রচণ্ড জোর–ওকে সমস্ত বুদ্ধি দিয়ে আমি তৈরি করব । ও যেভাবে মা মা করছে, সেটা পাগলামি! ওকে যদি আমি একটি মাত্র রূপের কথা বলি–যেমন ধরো, নারীর বুকের চন্দ্রোদয় সে দেখেনি, সেটা যদি বলি–কেমন হতে পারে! ভেবে দ্যাখো, দুটি প্রজাপতি তোমাকে অধিকার করেছিল! কেন করেছিল! পতঙ্গ নির্বোধ বটে, কিন্তু ফুল ছাড়া সে বসে না । পতঙ্গ মানে এই দুটি প্রজাপতির কথা আমি বলছি। তারা ফুল ছাড়া বসে না। অথচ তারা তোমায় অধিকার করেছিল। মা সুন্দর। কিন্তু এই দৃশ্যটা নিশ্চয়ই তার জানা নেই। বলা দরকার, জীবনে আরো কিছু আছে, জানতে হলে তোমার মত দেবদাসীর কাছেই যেতে হয়।
অশ্ব কিছুটা গতি বাড়িয়েছে। টিপে টিপে ঠোঁটের তলায় একটি একটি শব্দ উচ্চারণ করে চলেছিল সাদইদ। কথা না কি মন্ত্র বোঝা যায় না। লোকটা কবি সন্দেহ নেই। তবে ভয়ানক যোদ্ধা এবং গভীর চিন্তানায়কও বটে। তার অভিসন্ধিরও সীমা নেই।
