হাসানকে দেখেই হিশামুদ্দিন বললেন, তোমার কী হয়েছে হাসান?
হাসান হকচাকিয়ে গেল। সে রোগীর ঘরে ঢুকেছে। রোগী তাকে দেখে বলছেন তোমার কী হয়েছে।
কিছু হয় নি স্যার।
তোমাকে মৃত মানুষদের মতো দেখাচ্ছে।
আমি ভালোই আছি স্যার। আপনি কেমন আছেন?
আমার কাছে মনে হচ্ছে আমি ভালোই আছি-কিন্তু আমার মেয়ের মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই। ডাক্তাররা যখন রোগীর সামনে অতিরিক্ত রকমের হাসিখুশি থাকার চেষ্টা করে তখন বুঝতে হয়-সামথিং ইজ রং। দাঁড়িয়ে আছ কেন? বস।
হাসান বসল। হিশামুদ্দিন সাহেব আগ্রহের সঙ্গে বললেন–আমার বাবা প্রসঙ্গে নানান সময় তোমাকে নানান কথা বলেছি। আমার কথা শুনে শুনে তার একটা ছবি নিশ্চয়ই তোমার মনে তৈরি হয়েছে। ছবিটা কেমন?
স্যার ছবিটা খুবই সুন্দর। আপনার বাবাকে আমার অসাধারণ মানুষ বলে মনে হয়।
হিশামুদ্দিন শান্ত গলায় বললেন, তিনি খুবই সাধারণ মানুষ। ভণ্ড টাইপের মানুষ। মিথ্যাবাদী, চোর, স্বার্থপর, অলস… যে কটি খারাপ গুণ মানুষের থাকা সম্ভব সবকটি তার মধ্যে ছিল। খারাপ পাড়ার একটি মেয়েকে তিনি বিবাহ করেছিলেন–সেই ঘরে তার একটি ছেলে হয়েছিল। ওই মহিলা বাবাকে এক পর্যায়ে ছেড়ে চলে যান। আমি কী বলছি তুমি মন দিয়ে শুনছ তো?
জ্বি স্যার শুনছি।
বাবা ওই মহিলার গর্ভজাত সন্তানকে নিজের কাছে নিয়ে যান। কিন্তু তাকে দু চোখে দেখতে পারতেন না। তার অন্য সন্তানরাও তাকে দেখতে পারত না। কেউ তার সাথে রাতে ঘুমোত না। সে ঘুমোত একা একা। সে জ্বরে ছটফট করলে কেউ এসে মাথায় হাত দিয়ে জ্বর দেখত না। বাবার অপরাধের প্রায়শ্চিত্ত সেই ছেলেটা সারাজীবন করেছে। তোমার বুদ্ধি কেমন হাসান?
আমার বুদ্ধি স্যার মোটামুটি পর্যায়ের।
মোটামুটি পর্যায়ের বুদ্ধি দিয়েও তুমি আশা করি বুঝতে পারছি সেই ছেলেটি কে। পারছি না?
জ্বি স্যার পারছি।
এখন বল তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? তোমার সমস্যা কী?
তেমন কোনো সমস্যা নেই স্যার।
সমস্যা থাকলে বলতে পার। বিত্তবান মানুষরা নিজের সমস্যার সমাধান করতে না পারলেও অন্যের সমস্যার সমাধান করতে পারেন।
হাসান কিছু বলল না, চুপ করে রইল। একবার তার ইচ্ছা করছিল বলে ফেলে–স্যার আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। বলতে লজ্জা লাগল। একজন অসুস্থ মানুষকে চাকরির কথা বলা যায় না। লিটনের কথা কি সে স্যারকে বলবে? নিজের কথা বলা না গেলেও অন্যের কথা নিশ্চয়ই বলা যায়।
আমার এক বন্ধুর জন্যে কি স্যার আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেবেন?
তোমার বন্ধু?
জ্বি স্যার। খুব ভালো ছেলে।
কী করে বুঝলে খুব ভালো ছেলে?
আমি তাকে স্কুলজীবন থেকে দেখছি। ও খুব কষ্টে আছে। বিয়ে করে খুব ঝামেলায় পড়েছে।
চাকুর বাকরি নেই বিয়ে করে ফেলল? ও তো বোকা। বোকাদের সমস্যার সমাধান করতে নেই। বোকাদের সমস্যা নিজের ঘাড়ে নিলে কী হয় জান হাসান?
জ্বি না।
তখন নিজের সমস্যার সঙ্গে বোকার সমস্যাও যুক্ত হয়।
হাসান চুপ করে গেল। হিশামুদ্দিন বললেন, তোমার বন্ধুর নাম কী?
লিটন।
ভালো নাম কী?
হামিদুর রহমান।
পড়াশোনা কী?
এম. এ. পাস করেছে।
কত টাকা বেতনে চাকরি হলে তোমার বোকা বন্ধুর সমস্যার সমাধান হয়?
মাসে হাজার পাঁচেক টাকা পেলেই ওরা মহাখুশি হবে। একটা কিছু পেলেই হয় স্যার।
তুমি একটা কাগজে তার নাম-ঠিকানা লিখে মোতালেবের কাছে দিয়ে যাও।
স্যার। থ্যাংক য়্যু।
হাসান লক্ষ করল হিশামুদিন সাহেব হাসছেন। এই মানুষটাকে সে খুব কম হাসতে দেখেছে। উনি হাসছেন কেন?
হাসান!
জ্বি স্যার।
তুমি বরং আজ যাও। এখন আবার কেন জানি মাথাটা ঝিমঝিম করছে।
স্যার আমি কাল এসে খোঁজ নিয়ে যাব।
কাল এসে খোঁজ নিতে হবে না। তোমার সঙ্গে যেমন কথা আছে তেমনি আসবে বুধবার বিকেল তিনটায়।
জ্বি আচ্ছা স্যার।
পরের বুধবার বিকাল তিনটায় এসে হাসান জানতে পারল, হিশামুদিন সাহেব আজ দুপুরের আগে মারা গেছেন।
বাড়িভর্তি মানুষ। কম্পাউন্ডের ভেতরে এবং বাইরে প্রচুর মানুষ। হাসান গেট থেকেই বিদেয় হলো। একবার মুহুর্তের জন্যে তার ইচ্ছা হলো সে চিত্ৰলেখার সঙ্গে দেখা করে–সাত্ত্বনার দুটা কথা বলে। পর মুহূর্তেই মনে হলো সান্ত্ৰনার কথা সে জানে না। এবং চিত্ৰলেখার মতো মেয়েদের সান্ত্বনার দরকার নেই।
রেজিস্ট্রি করা চিঠি
রেজিস্ট্রি করা চিঠি।
লিটন সই করে চিঠি নিল। রেজিষ্ট্র চিঠি তাকে কে পাঠাবে? সাধারণ চিঠিই আসে। না। আর রেজিস্ট্রি চিঠি। ইংরেজিতে টাইপ করে তার নাম লেখা।
হামিদুর রহমান। নিজের নাম অথচ অপরিচিত লাগছে। ভালো নামটা সে ভুলতে বসেছে। চিঠি এসেছে সিঙ্গাপুর থেকে। এটিও অস্বাভাবিক একটা ব্যাপার। জেনারেল ম্যানেজার মাহিটি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। কে আছে সেখানে? বন্ধুবান্ধবদের কেউ। ভাগ্যবানদের একজন। বিদেশে চাকুরি করছে। তার সুখ ও আনন্দ পুরনো বন্ধুকে জানাতে চাচ্ছে। সে এই মেসের ঠিকানা জানল। কী করে?
পিয়ন দাঁড়িয়ে আছে। লিটন বলল, কী ব্যাপার?
স্যার বকশিশ।
লিটন বিস্মিত হয়ে বলল, বিকশিশ কেন? সে কি এতই হতভাগ্য যে বিদেশ থেকে একটা চিঠি আসার জন্যে বকশিশ দিতে হবে?
যান ভাই বিকশিশ-টকশিশ নেই।
পিয়ন বিমর্ষমুখে চলে যাচ্ছে। টাকা থাকলে পাঁচটা টাকা দিয়ে দেয়া যেত। টাকা নেই।
