মুনা অবশ্যি কাঁদছিল না। বাকেরকে দেখে বলল, কিছু বলবেন?
না কিছু বলব না। খাওয়া-দাওয়া কেমন হয়েছে?
ভালই তো। খারাপ কেউ বলেনি।
বাচু বাবুর্চিকে ধরে এনেছি। খারাপ বলবে মানে। মারাত্মক বাবুর্চি।
তাই নাকি?
এক নাম্বারা যাকে বলে। হাই ডিমান্ড। এক মাস আগে থেকে বলে না রাখলে পাওয়া যায় না। আমাকে না করে দিয়েছিল। শেষে পা চেপে ধরলাম।
মুনা হেসে ফেলল। বাকের অপ্রসন্ন মুখে বলল, হাসছ কেন?
বাবুর্চির পা ধরতে হল। তাই হাসছি। চা খাবেন? চা হচ্ছে।
দাও এক কাপ চা খাই।
বাকের মুনার সামনে উবু হয়ে বসে পড়ল। তার মুখ হাসি হাসি।
আপনার খুব কষ্ট হল বাকের ভাই।
আরে না। কষ্ট কিসের? বকুল হচ্ছে আমার বোনের মত। তার বিয়েতে কষ্ট না করলে কার বিয়েতে কষ্ট করব?
এই পাড়ার সব মেয়ের বিয়েতেই তো আপনি কষ্ট করেন। খাটাখাটি করেন। করেন না?
তাই নাকি?
আমার বিয়েতেও কি করবেন?
বাকের জবাব দিল না। আড়চোখে তাকাল মুনার দিকে। মুনা কাঁপে চা ঢালছে। আগুনে আঁচে তার মুখ লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে।
কি জবাব দিচ্ছেন না যে? করবেন আমার বিয়েতে খাটাখাটনি?
কেন করব না? নিশ্চয়ই করব।
এত মারা গলায় বলছেন কেন? শক্ত করে বলুন।
বাকের চায়ের কাঁপে চুমুক দিল। এই কি যে অদ্ভুত কথাবার্তা!
বাকের ভাই।
বল।
একটা কথা বোধ হয়। আমি আপনাকে কোনোদিন বলিনি, কথাটা হচ্ছে। আমি আপনাকে খুব পছন্দ করি। আপনি আবার এটাকে প্রেম বলে ধরে নেবেন না। প্রেম অন্য জিনিস।
বাকের একবার ভাবল জিজ্ঞেস করে–প্ৰেম কি জিনিস? সে জিজ্ঞেস করল না। গম্ভীর মুখে চায়ে চুমুক দিতে লাগল। গুছিয়ে কিছু-একটা বলতে ইচ্ছা করছে। কিন্তু কোনো কথা মনে আসছে না। সে নিজের অজান্তেই বলে বসল।–রোসটটা বেশ নরম হয়েছিল। তাই না?
মুনা অবাক হয়ে বলল, হঠাৎ রোস্টের কথা বলছেন কেন?
না মানে…
অনেক খাবার বেঁচে গেছে। আপনি খাবেন?
দাও খাই।
বাকেরের খিদে বিন্দুমাত্র ছিল না। বিয়ে বাড়ির খাবার দ্বিতীয়বার খাওয়া যায় না। কিন্তু মুনা খাবার বেড়ে দেবে বসে থাকবে সামনে এর জন্যেও দ্বিতীয়বার খাওয়া যায়।
আপনি হাত-মুখ ধুয়ে আসুন আমি খাবার গরম করছি।
এখানে বসে খাব?
না। এখানে কেন? খাবার টেবিলে যান।
বাকের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এগার নাম্বার বাড়িতে ঐ মেয়ে তিনটি আসলে কি জিনিস জানো?
না জানি না। জানার ইচ্ছাও নেই।
ওরা হচ্ছে বাজারের মেয়ে।
বাজারের মেয়ে মানে?
খারাপ মেয়ে।
কি সব আজেবাজে কথা যে আপনি বলেন বাকের ভাই। অসহ্য। যান হাত-মুখ ধুয়ে খেতে বসুন। আপনাকে খাইয়ে আমি শুয়ে থাকব। প্রচণ্ড মাথা ধরেছে।
প্যারাসিটামল খাও।
প্যারাসিটামল আমি এখন পাব কোথায়?
এনে দিচ্ছি। নো প্রবলেম। ময়না মিয়া রাত এগারটার আগে দোকান বন্ধ করে না। মুনাকে কিছু বলবার সুযোগ না দিয়েই সে রাস্তায় নেমে পড়ল।
আজ সন্ধ্যায় রাতের পাখিরার অভিনয় হবে। বাকের তার কিছুই জানে না। কেউ তাকে বলেনি। এর মানে কি? তাকে কেউ কিছু বলবে না কেন? সারা বিকাল ব্যাপারটা নিয়ে সে চিন্তা করল। পরিষ্কার কোন কারণ সে ভেবে পেল না। একটা হতে পারে তাকে খবর দেয়ার কথা মনে নেই। থিয়েটার মানেই অসম্ভব ঝামেলা। ঝামেলাতে কথা এলোমেলো হয়ে যায় সব কিছু মনে পড়ে না। কিন্তু এই সহজ যুক্তিটি বাকেরের মনে ধরছে না। কারণ জসীমের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে। জসীম তাকে এড়িয়ে গেছে। স্পষ্ট মনে আছে একবার সে জিজ্ঞেস করল বই কবে নামোচ্ছ? জসীম তার উত্তর দেয়নি। ফ্যাকাশে ভঙ্গিতে হোসেছে। ফন্ট করে তো আর ঠিক করা হয়নি। আজি সন্ধ্যায় অভিনয় হবে। নিশ্চয়ই অনেক আগে থেকে ঠিকঠাক করা।
জলিল মিয়ার চায়ের স্টলে সে উপস্থিত হল সন্ধ্যার আগে। তোলা-উনুনে পেয়াজু ভাজা হচ্ছে। জলিল, মিয়া এই ব্যাপারটি নতুন শুরু করেছে। সন্ধ্যা হতেই পেঁয়াজু, ডালপুরি ভাজা। ভাল বিক্রি হচ্ছে। ভাজাবুজির জন্যে নতুন লোক রাখা হয়েছে। জলিল মিয়া ভালই দেখাচ্ছে। বাকের বারান্দায় চেয়ার টেনে বসল। জলিল মিয়া উঁচু গলায় বলল, বাকের ভাইরে পেয়াজু দে। চা দে।
বাকের ইশারায় নিষেধ করল। জলিল মিয়া বলল, বই শুরু হতে দেরি আছে বাকের ভাই। আটটা বাজাবে। মিনিসটার আসতাছে।
কে আসছে?
মিনিস্টার।
মিনিস্টার মানে? কি মিনিস্টার?
মিনিস্টারের কি আর দেশে অভাব আছে ভাইজান?
কথা খুবই ঠিক। দেশে প্রচুর মিনিস্টার আছে কিন্তু এরা নিশ্চয়ই পাড়ার নাটকে উপস্থিত হয়। না। এদের অন্য কাজ আছে।
মিনিস্টারের কথা। আপনি কিছু জানেন না বাকের ভাই?
না!
হুলস্থূল হয়ে যাচ্ছে। সিদ্দিক সাহেব ব্যবস্থা করলেন। কার্ড-টার্ড ছাপিয়েছে।
তাই নাকি?
আপনি কিছুই জানেন না?
বাকের গম্ভীর মুখে বসে রইল। তাকে কিছু না বলার রহস্যটা বোঝা যাচ্ছে। সিদ্দিক সাহেবেব চাল। মিনিস্টার-ফিনিস্টাের আনছেন। ভবিষ্যতে কোন পরিকল্পনা আছে নিশ্চয়ই।
বাকের ভাই!
বল।
চা খান এক কাপ। স্পেশাল পাত্তি আছে। কাস্টমারদের দেই না। দিতে বলি?
বল।
জলিল চায়ের কথা বলল। তার বেশ মজা লাগছে। সে বুঝতে পারছে সিদ্দিক সাহেবের সঙ্গে বাকেরের একটা ঝামেলা শুরু হয়েছে। বাকের একা পড়ে গেছে। এই সময়ে থাকা মানেই ডুবে যাওয়া। সামনে দিনগুলিতে বাকেরকে আর ডেকে ডেকে চা-পিয়াজু খাওয়াতে হবে না। স্পেশাল পাত্তির চা বানাতে হবে না। কিন্তু তাতে তার কোন লাভ নেই। নতুন দল আসবে। স্পেশাল পাত্তি তাদের জন্যে রাখতে হবে।
