হ্যাঁ।
তুমি কিন্তু তেমন ইন্টারেস্ট পাও নি। কেমন করে বুঝলাম বল তো?
শাহানা চুপ করে রইল। জহির হাসতে-হাসতে বলল, তুমি জানতে চাও নি আমি কোন পক্ষের হয়ে মামলায় নেমেছি। তা থেকেই বুঝলাম।
জহির শব্দ করে হাসতে লাগল। কাউকে হাসতে দেখলেই হাসতে ইচ্ছে করে। শাহানাও হেসে ফেলল। জহির অবাক হওয়ার মতো ভঙ্গি করে বলল, তুমি আবার হাসতেও জান নাকি? অবাক করলে তো! আমি এক মেয়েকে জানতাম, সে কিছুতেই হাসত না। যত হাসির কথা বলা হোক, সে গম্ভীর হয়ে থাকত। শেষটায় রহস্য জানা গেল।
কী রহস্য?
হাসলে মেয়েটাকে খুব বাজে দেখাত।
সত্যি?
হ্যাঁ, কাউকে কাউকে বাজে দেখায়। আচ্ছা শোন শাহানা, একটা কাজ করলুব্ধ হয়? তুমিও আমার সঙ্গে চিটাগাং চল।
আমি?
হাঁ, তুমি। চিটাগাং-এর কাজ শেষ করে তোমাকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসব। এই সময়টা নেপালে যাবার জন্যে ভালো নয়। তবু খারাপ লাগবে না, আমি কয়েক বার গিয়েছি। যাবে?
যাব।
তোমাদের বাসায় এখন কিছু জানানোর দরকার নেই। নেপাল পৌঁছে সবার নামে একটা করে ভিউকার্ড পাঠিয়ে দেবে। আইডিয়াটা কেমন? ভালো না?
হ্যাঁ, ভালো।
এমন শুকনো মুখে বলছি কেন? হাসিমুখে বল।
শাহানা হাসল। জহিরের সঙ্গে কথা বলতে তার বেশ ভালোই লাগছে। কে জানে, এই লোকটির সঙ্গে তাঁর জীবন হয়তো খুব খারাপ কাটবে না।
টলম্যান শফিককে ডেকে পাঠিয়েছে
টলম্যান শফিককে ডেকে পাঠিয়েছে।
বেয়ারা দিয়ে ডেকে পাঠানো নয়–একটা নোট দিয়েছে, যার অর্থ দুপুর এগারটায় আমার সঙ্গে দেখা করবে–জরুরি।
জরুরি কিছু তো মনে হচ্ছে না। সাধারণ কিছু হলে নোট পাঠ্যত না। দুই উঠে এসে বলত, শফিক আমার ঘরে এস, একসঙ্গে চা খাব। টী-ব্রেক।
যতই দিন যাচ্ছে, লোকটিকে শফিকের ততই পছন্দ হচ্ছে। তীক্ষ্ণ বুদ্ধি। অফিস ম্যানেজমেন্ট সম্পর্কে জলের মতো স্বচ্ছ ধারণা। শুধু অ ম্যানেজমেন্ট নয়–এডভারটাইজিং, পারলিক রিলেশন সবই তার নখদর্পণে। শুধু একটি সমস্যা, কারোরই কাজ করার কোনো স্বাধীনতা নেই, সব কাজ সে একাই করছে। বিভাগীয় প্রধানদের এখন আর কিছু করার নেই।
শ্রমিক-সমস্যা সে মোটামুটি ধামাচাপা দিয়েছে, পদ্ধতিটিও চমৎকার। শ্রমিকদের প্রধান দাবি ছিল–দুটি ঈদ বোনাস, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া।
সে দুটির জায়গায় তিনটি বোনাস দিয়ে দিল! যাতায়াত ভাতা দেওয়া হল না। ঠিক হল, বিভিন্ন পয়েন্ট থেকে গাড়ি ওদের নিয়ে আসবে এবং দিয়ে আসবে। ওদের দাবি ছিল মাসে পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা, সেটাকে করা হল পাঁচোত্ত্বর। মূল বেতনের বিশ ভাগ বাড়ি ভাড়া দেওয়া হল এবং ঘোষণা দেওয়া হল, এক বৎসরের মধ্যে প্রতিটি শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা করা হবে।
শ্রমিকদের জন্যে অপ্রত্যাশিত বিজয়। তারা আন্দোলনের সাত জন মূল নেতাকে গলায় মালা দিয়ে কাঁধে করে নাচতে লাগল। তাদের বিজয়–উল্লাসে বারবার শোনা গেল।–শ্রমিক-বন্ধু টলম্যান, জিন্দাবাদ। উৎসাহের প্রথম ধাক্কাটা কেটে যাবার পরপর দেখা গেল টলম্যান সাত জন শ্রমিক-নেতাকে বরখাস্ত করেছে।
টলম্যান নির্বিকার ভঙ্গিতে বলল, আমার আদেশের কোও রকম নড়চড় হবে না। তোমাদের কথা আমি মেনে নিয়েছি, তোমরা আমার কথা মানবে। যদি না মান, কারখানা বন্ধ করে চলে যাব। এই ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। এক দিনের ছুটি তোমাদের দেওয়া হল। তোমরা চিন্তা-ভাবনা কর। এক দিন কারখানা বন্ধ থাকবে। মন ঠিক করা, কাজ করবে কি করবে না। যে এক দিন ছুটি দেওয়া হল, সেই এক দিন একটু কষ্ট করে খোঁজ নেবে, অন্য কারখানায় শ্রমিকরা কী সুযোগ-সুবিধা পাচ্ছে। আচ্ছা, এখন যেতে পার। পরশু সকাল নটায় যারা কাজে যোগ দেবে না, তাদের চাকরি বাতিল ধরা হবে। পরবর্তী সময়ে এই নিয়ে কোনোরকম দেন-দরবার চলবে না।
টলম্যান বাংলা জানে না। সে কথা বলল ইংরেজিতে। শফিককে অনুবাদ করে দিতে হল। শ্রমিকরাও কথা বলছিল। শফিক তার ইংরেজি করে দিতে গেলে টলম্যান শুকনো গলায় বলল, ওরা কী বলছে, তা শোনার আগ্রহ আমার নেই, প্রয়োজনও নেই। আমি কী বলছ তুমি শুধু সেটাই ওদের কাছে পৌঁছে দেবে।
আমার মনে হয়। ওদের কথাও জানা থাকা ভালো।
শুধু তোমার মনে হলে তো হবে না, আমারও মনে হতে হবে। আমার সে-রকম মনে হচ্ছে না।
অফিসের রামেশ্বর বাবুরও চাকরি চলে গেল। এমন যে ঘটবে, কেউ কল্পনাও করে নি। রামেশ্বর বাবু নিরীহ নিবিরোধ মানুষ। কারো সাতেপাঁচে নেই। পানের কৌটা নিয়ে অফিসে আসেন। একটু পরপর পান খান। পায়ের কাছে পিকদানিতে পিক ফেলেন। একদিন টলম্যান তাঁকে ডেকে পাঠাল। ভালো আছেন?
জ্বি স্যার।
দুদিনের ক্যাজুয়েল নিয়েছিলেন, অসুখ সেরেছে?
জ্বিস্যার।
কী অসুখ?
ও, আচ্ছা। নাতনীর অসুখ, আপনার নিজের কিছু না?
জ্বি-না, স্যার।
আপনি দুদিনের ছুটি নিয়েছিলেন, কিন্তু এসেছেন চারদিন পর। বাড়তি দু দিনের ব্যাপারে কিছুই করেননি। মনে হয় ভুলে গিয়েছিলেন।
জ্বি স্যার।
অফিস নটার সময় শুরু হয়, কিন্তু আপনি কোনো দিন সাড়ে দশটার আগে আসতে পারেন না।
অনেক দূরে থাকি স্যার, রামপুরা।
এখন তো অফিসের বাস যায়। দূরে থাকলেও অসুবিধা হবার কথা নয়।
এত সকালে ভাত রান্না হয় না স্যার।
আপনি বাড়ি যান খুব সকাল-সকাল। ঠিক না?
রামেশ্বর বাবু কোনো জবাব দিলেন না। প্রচুর ঘামতে লাগলেন। টলম্যান বলল, গত এক মাসে আপনি কখন অফিসে এসেছেন কখন গিয়েছেন সব লিখে রেখেছি। এই কাগজে আছে। নিন, পড়ে দেখুন।
