শাহানা কাঁদো কাঁদো গলায় বলল, আবার বকবক শুরু করলে বাবা!
হোসেন সাহেব চুপ করে গেলেন। বৃষ্টিতে ঢাকা শহর আজ হয়তো ড়ুবে যাবে; এখন আবার বাতাস দিচ্ছে।
এক রাতের বৃষ্টিতে বাড়ির সামনে হাঁটুপানি জমে গেছে। আরেকটু হলে ঘরে পানি ঢুকত। শাহানা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেখছে। নীলু অফিসে যাবার জন্য তৈরি হয়ে বাইরে এসে আঁৎকে উঠল। ভীত গলায় বলল, বন্যার পানি নাকি শাহানা? সমুদ্রের মতো লাগছে।
শাহানা হাসিমুখে বলল, আজ আর অফিসে যেতে পারছি না। শাড়ি হাঁটু পর্যন্ত যদি তুলতে পার, তাহলে অবশ্যি ভিন্ন কথা। কিংবা একটা রিকশা যদি বারান্দা পর্যন্ত আনা যায়।
কে আনবে রিকশা?
সেটা একটা সমস্যা। রফিককে বলা যাবে না। সে এখনো ঘুমুচ্ছে না। ঘুমুলেও পানি ভেঙে রিকশা আনার পাত্র সে নয়।
শাহানা বলল, তোমার কি যাওয়াটা খুবই দরকার ভাবী?
হুঁ।
আনিস ভাইকে বলি, একটা রিকশা এনে দিক।
যাও প্লিজ। দেখি সে আছে কিনা।
সে নেই। বাজার করতে গিয়েছে। এক ঘণ্টার উপর হয়েছে, এসে পড়বে। এলেই রিকশা আনতে পাঠাব।
থ্যাংকস। শাহানা।
নীলু ভেতরে ঢুকে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই ভারি একটা বাজারের ব্যাগ হাতে আনিসকে আসতে দেখা গেল। লাউয়ের মাথা, পুই শাক বের হয়ে আছে। অন্য হাতে একটা হাঁস। এত বাজার-টাজার আনিসের নিশ্চয়ই নয়। বীণাদের বাজার। আনিসের প্যান্ট ভাঁজ করে হাঁটু পর্যন্ত তোলা। কী কুৎসিতই না দেখাচ্ছে!
আনিস হাসিমুখে বলল, কি ব্যাপার শাহানা, তুমি এখনো বারান্দায়?
তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে?
আরে না, আমার অসুবিধা কি? আমার বরং সুবিধাই হল। তোমার মুখ দেখে যাত্রা করেছি বলে কুড়ি টাকায় হাঁস পেয়ে গেলাম। এই বৃষ্টি-বাদলার দিনে এই হাঁসের দাম হত। কমসে কম চল্লিশ।
কেন। শুধু শুধু কথা বলেন? কে আপনার এইসব কথা শুনতে চায়? আপনি চট করে একটা রিকশা ডেকে দিন তো আনিস ভাই। ভাবী অফিসে যাবে। আর প্যান্টটা নামান, কি যে বিশ্ৰী দেখাচ্ছে!
আনিস অপ্রস্তুত হয়ে হাসল। শাহানা বলল, খামোেকা দাঁড়িয়ে আছেন কেন? বাজার দিয়ে রিকশা নিয়ে আসুন?
আনিস বাজারের থলি নামিয়ে রেখে প্যান্টের ভাঁজ খুলতে—খুলতে বলল, দুদিন পর বিয়ে হয়ে যাচ্ছে, এখনো তুমি এত রেগে রেগে কথা বল! পরে অসুবিধা হবে।
কী অসুবিধা হবে?
তোমার নিজেরই খারাপ লাগবে। মনে হবে, লোকটা তো ভালোই ছিল, কেন যে এত খারাপ ব্যবহার করেছি!
শাহানা একটা বিরক্তির ভঙ্গি করে ঘরে ঢুকে গেল। আবার যদি বের হয় এই আশায় আনিস বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। শাহানা এল না। আনিসকে আবার প্যান্ট ওঠাতে হল। রিকশা আনতে যেতে হবে। তারপর যাবে পুরানো ঢাকায়-আজ শরাফ আলি ভাইকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা। গতরাতের ঝুম বৃষ্টিতে নিশ্চয়ই প্রাণভরে বোতল টেনেছে। এবং যদি টেনে থাকে, তাহলে এখনো ঘুমে। দড়ির একটা কৌশল যদি আদায় করা যায়।
গলির সামনে এসে আনিসকে থমকে দাঁড়াতে হল! নর্দমা উপছে উঠেছে। পূতিগন্ধময় পানি ঢুকছে গলিতে। নাড়ি উল্টে আসার মতো দুৰ্গন্ধ। সুস্থ মাথায় কেউ এই পানিতে পা ড়ুবিয়ে গলিতে ঢুকবে না। আনিসের অবশ্যি ফিরে যেতে ইচ্ছু করছে না। আজ গেলেই শরাফ আলিকে পাওয়া যাবে। বড়ো কিছু পেতে হলে কষ্ট করতেই হয়। সে প্রায় চোখ বন্ধ করে গলিতে ঢুকে পড়ল।
পানবিড়ির দোকানের ঝাঁপ খোলা। বুড়ো লোকটি কৌতূহলী হয়ে আনিসকে দেখছে। চোখে চোখ পড়তেই বলল, শরাফ আলির খোঁজে যান?
জ্বি।
আইজ পাইবেন। বাড়িত আছে। এটু আগে পাঁচটা স্টার সিগ্রেট কিনল।
আনিস বলল, আমাকে এক প্যাকেট ভালো সিগারেট দিন! সিগারেট দেখলে খুশি হবে।
বুড়ো বিচিত্র ভঙ্গিতে হাসল। যার অর্থ, খুশি হবার লোক শরাফ আলি নয়।
দরজা খুলল রেশমা। ঝলমলে একটা শাড়ি গাফে পেঁচানে। মুখটি করুণ ও বিষন্ন। ভারি চোখ-মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে। অনিস ভয়ে-ভয়ে বলল, শরাফ ভাই আছেন?
হুঁ, আছেন।
মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে দেবার ইচ্ছা নেই হয়তো। আনিস বলল, ভেতরে এসে বসব? রেশমা দরজা ছেড়ে সরে দাঁড়াল।
পা ধোওয়া দরকার, একটু পানি দেবেন?
পা ধোওয়ার দরকার নাই, এইটা মসজিদ না।
আনিস ঘরে ঢুকল। মেয়েটি কটু গলায় বলল, দুই দিন পরে পরে ফ্যান আসেন? কি চান আপনে?
আনিসের মন খারাপ হয়ে গেল। এত স্নিগ্ধ মুখ মেয়েটির, অথচ কী কঠিন গলায় কথা বলছে।
কী, কথা কন না কেন? ভদ্রলোকের ছেইলা।
ম্যাজিক শিখতে আসি। পামিং শিখি।
আসল ম্যাজিক আমার কাছে আছে, শিখবেন?
মেয়েটির চোখে-মুখে বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে সোজা হয়ে দাঁড়িয়েছে। একটা হাত দরজার কপাটে। অন্য হাত কোমরে। যেন প্রচণ্ড একটা ঝগড়ার প্রস্তুতি। অথচ মুখ এখন হাসি-হাসি।
কি, দেখবেন ম্যাজিক?
বলতে-বলতে মেয়েটি এক হাতে শাড়ি ঘোমটার মতো মাথায় দিয়ে নরম গলায় বলল, এই দেখেন, এখন আমি ভদ্রলোকের মাইয়া। দেখলেন?
আনিস কিছু বোঝবার আগেই রেশমা বুক থেকে শাড়ি সরিয়ে ফেলল। ব্লাউজ বা ব্রা কিছুই নেই। সাদা শঙ্খের মতো মেয়েটির সুগঠিত বুক ঝলমল করছে। আনিসের গা ঝিমঝিম করতে লাগল। রেশমা শান্ত গলায় বলল, একটু আগে ছিলাম ভাল মাইনসের ঝি, এখন হইলাম, নটি বেটি। এরে কয় ম্যাজিক। আপনেরে একটা কথা কই–আপনে ভালো মাইনষের পুলা, খারাপ জায়গায় ঘুরাঘুরি করেন ক্যান? এইখানের বাতাসে দোষ আছে। খারাপ বাতাস শইলে লাগবে। যান, বাড়িত যান!
