চাকরির চেষ্টা সে বেশ করছে। তিনটি ইন্টারভ্যু দিয়েছে এ পর্যন্ত। একটা সিলেট চা বাগানে, বাকি দুটি ব্যাঙ্কে। চা বাগানের ইন্টারভু্যু খুব ভালো হয়েছিল। রফিকের ধারণা ছিল, সেখানেই হবে। হয় নি। ব্যাঙ্কের ইন্টারভু্যু ভালো হয় নি। তাকে জিজ্ঞেস করেছে, বাংলাদেশের আয়তন কত? সে বলতে পারে নি। ইন্টারভু্যু বোর্ডের এক ভদ্রলোক বললেন এম এ পাশ করেছেন, আর বাংলাদেশের আয়তন কত এটা জানেন না? আওয়ামী লীগের ছয় দফা কী কী বলতে পারবেন? এটাতেও সে গণ্ডগোল করে ফেলল। ভদ্রলোক বিরক্ত স্বরে বললেন, ইন্টারভু্যু বোর্ড একটু প্রিপেয়ার্ড হয়ে ফেস করবেন। পড়াশোনা করে তারপর আসবেন।
রফিক এরপর অবশ্যি আটঘটি বেধে নিমেছে। জেনারেল নলেজের বই কিনে এনেছে তিনটি। নোট করছে, পড়ছে। উৎসাহের সীমা নেই।
শফিক অফিসের কাপড় পরে খাবার ঘরে আসতেই নীলু, লজ্জিত মুখে বলল, আজ রান্না শেষ হয় নি এখনো। শফিক কিছু বলল না। কিন্তু তার মুখ দেখেই মনে হচ্ছে, সে কিছুটা বিরক্ত।
লবণ ছিল না। রফিক লবণ আনতে গিয়ে অনেকখানি দেরি করল। তুমি আজ ক্যানটিনে খেয়ে নিও।
ঠিক আছে। নীলু ইতস্তত করে বলল, আর ঐ চায়ের দাওয়াতের কথাটা মনে আছে?
কোন দাওয়াত?
ঐ যে, আমার বন্ধু বন্যা চায়ের দাওয়াত দিয়েছে আমাদের দু জনকে। ওদের ম্যারেজ এ্যানিভার্সারি। রাতে তোমাকে বলেছিলাম।
কটোর সময় যাবার কথা?
চারটায়।
ঐ সময় তো আমি থাকব টঙ্গি। ছটা পর্যন্ত ফিন্ডে কাজ।
এক দিন না গেলে হয় না?
আরে না। না গেলে হবে কেন?
আমি একাই যাব?
যদি যেতেই হয়, এক যাও। কিংবা রফিককে বল, পৌঁছে দেবে।
নীলু কিছু বলল না। তার মনে ক্ষীণ আশা ছিল, শফিক হয়তো যেতে রাজি হবে। অনেক দিন তারা একসঙ্গে কোথাও যায় না। রাতে দাওয়াতের কথা শুনে হাই তুলে বলেছিল, আচ্ছা, দেখি। তার মানে যাওয়া যেতে পারে। এখন মনে হচ্ছে। আচ্ছা দেখির মানে-সম্ভব না। নীলু ঘরের কাজ শেষ করতে লাগল। একাই যাবে সে। এবং ফিরবে সন্ধ্যা পার করে। এমন দেরি করবে, যাতে সবাই চিন্তায় পড়ে যায়।
মনোয়ারা দাঁত দেখাতে সেই সকালে গিয়েছেন, এখনো ফেরেন নি। এটাও একটা চিন্তার ব্যাপার। কোনো ঝামেলা হয়েছে কিনা কে জানে। এত দেরি হবার তো কথা নয়।
নীলু রান্না শেষ করে ময়লা কাপড় ধুতে ঢুকল বাথরুমে। যেদিনই সে কাপড় ভেজায়, সেদিনই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। শাশুড়ি চেঁচামেচি করতে থাকেন, দিনক্ষণ দেখে কাপড় ভেজাতে পার না। এ কি বিশ্ৰী অভ্যাস তোমার বৌমা, বৃষ্টি-বাদলা ছাড়া তুমি কাপড় ধুতে পার না! এক কথা কত বার করে বলব তোমাকে?
আজ অবশ্যি বৃষ্টি হবে না, কড়া রোদ উঠেছে। ঘণ্টা দু-এক এ-রকম থাকলে সব কাপড় শুকিয়ে খটখাটে হয়ে যাবে।
বালতিতে ভেজা কাপড় নিয়ে নীলু ছাদে গেল। আনিস ছাদে হাঁটতে হাঁটতে সিগারেট টানছিল। নীলুকে আসতে দেখেই সিগারেট ছুঁড়ে ফেলল।
নীলু বলল, যাদুকরের খবর কী?
কোনো খবর নেই ভাবী। রানা চড়িয়েছি।
কী রান্না আজ?
ভাত আর ডিম ভাজা।
রোজ রোজ ডিম ভাজা খেতে অরুচি লাগে না?
না। কাপড় আমার কাছে দিন ভাবী, আমি মেলে দিচ্ছি।
তোমার মেলতে হবে না। এটা মেয়েদের কাজ।
মেয়েদের কাজ বলে আলাদা কিছু আছে?
আছে। এখনো আছে। তোমার ম্যাজিক কেমন চলছে?
ভালোই চলছে ভাবী। এখন পামিং শিখছি।
কী শিখছ?
পামিং। অর্থাৎ হাতের তালুতে লুকিয়ে রাখার কৌশল।
এইসব কৌশল আমরা কবে দেখতে পাব?
খুব শিগগিরই পাবেন।
পিসি সরকার হচ্ছে তাহলে?
হ্যাঁভাবী। আপনি হাসছেন—আমি কিন্তু সত্যি সত্যি হব।
নিশ্চয়ই হবে। হবে না কেন? সেদিন আমরা সবাইকে বলব, যাদুকর আনিস সাহেবকে আমরা ছোটবেলা থেকেই চিনতাম। তিনি আমাদের দোতলার চিলেকোঠায় থাকতেন।
ভাবী, আপনি মনে-মনে হাসছেন।
না ভাই, হাসছি না।
শফিকের অফিস মতিঝিলে-বিটা ফার্মাসিউটিক্যালস এণ্ড ইনসেষ্টিসাইড। নেদারল্যাণ্ডের একটা ওষুধ তৈরির কারখানা। মূল কারখানাট তেজগায়। এখন সেটি আরো বাড়ানো হচ্ছে। টঙ্গিতে নতুন একটি কারখানা হচ্ছে।
বিদেশি কোম্পানিগুলোতে যেমন সাহেবী কায়দাকানুন থাকে, এখানে সে-রকম নয়। দেশীয় অফিসগুলির মতই টিলাঢ়ালা ভাব, সুরেনসেন হচ্ছে একমাত্র বিদেশি। বাংলাদেশে কোম্পানির বড়োকর্তা। সুরেনসেনের বাড়ি নরওয়েতে, পড়াশোনা করেছে ফ্রান্সে। ইংরেজি ভালো বলতে পারে না।
বিদেশিদের সম্পর্কে আমাদের সাধারণ ধারণা হচ্ছে—এরা অত্যন্ত কর্মঠ। সময় সম্পর্কে সচেতন। কাজ ছাড়া কিছুই বোঝে না।–ইত্যাদি। সুরেনসেনের সঙ্গে এর কোনোটাই মেলে না। লোকটি মহা ফাঁকিবাজ। কাজ কিছুই বোঝে না, অকারণে চেঁচায়।
শফিক অফিসে ঢুকেই শোনে সাহেব খুব রেগে আছে। সবাইকে বকবিকি করছে। শফিক অবাক হয়ে বলল, কেন?
কে জানে কেন? কয়েক বার আপনার খোঁজ করেছে। যান স্যার, দেখা করে আসেন।
শফিক ঘরে ঢুকতেই সাহেব চেঁচিয়ে উঠল, কি, ব্যাপার শফিক, এত দেরি কেন?
দেরি না, তুমিই চলে এসেছ সকাল—সকাল। মনে হচ্ছে তুমি কোনো কারণে আপসেট।
আপসেট হব না। তুমি পড়ে দেখ, হল্যাণ্ডের হোম অফিস থেকে কী লিখেছে।
কী লিখেছে?
আহ, পড়তে বলছি পড়। জিজ্ঞেস করছ কেন?
এমন মেজাজ খারাপ করার মতো কোনো চিঠি নয়। হেড অফিস জানতে চেয়েছে। লাট নং ৩৭২-এর স্যাম্পল কেন এখনো পাঠানো হয় নি। র্যানডম স্যাম্পলিং করা হচ্ছে না এবং আনুষঙ্গিক অন্য কাজও আটকে আছে, কাজেই~।
