বাবলা খেজুর প্রভৃতি গাছগুলি বড়ো হলে রেল কোম্পানির সম্পত্তির সামিল হয়, কিন্তু সেগুলির ডালপালা কিংবা ছোটো বাবলা ঝাউ প্রভৃতির খবরদারি করে না কর্তৃপক্ষ। যেসব স্বল্পবেতনের কর্মচারী লকড়ি সংগ্রহের প্রয়োজন বোধ করে, কিংবা ঝাউয়ের বঁটা বিক্রি করে যেসব উটকো লোক তাদের চলাফেরায় জঙ্গলে সরু সরু পথ আছে। অবশ্য এমন নয় যে এ জঙ্গলে কেউ হারিয়ে যেতে পারে, যদিও দু’একদিন লুকিয়ে থাকা যায়।
পথে বেরিয়ে কথাটা মনে হলো মাধাইয়ের কিন্তু সমাধান করতে পারলোনা সে। সুরতুনদের মতো যারা, তারা স্নান করে কোথায়? বুধেডাঙায় থাকবার সময় চৈত্র-বৈশাখ দূরের কথা আশ্বিন-কার্তিকে গ্রামের ডোবাগুলো শুকিয়ে গেলে পানীয় জল সংগ্রহ করার জন্যই দুর্ভাবনা হয়। সেক্ষেত্রে পদ্মায় গিয়ে দৈনিক স্নান দূরে থাক, সাপ্তাহিক স্নানও হয় না। গ্রামের বাইরে কী হয়? আহার্যের ব্যাপারে, নিদ্রার বিষয়ে মাধাইয়ের এই ভূয়োদর্শন যে, ওসবগুলি সকলের জন্য সমান নয়। নানা উপকরণের আকণ্ঠ আহার একদিকে, আর-একদিকে অনাহার;এই দুইয়ের মাঝখানে বহু শ্রেণী, বহু ধাপ, বহু স্তর। কিন্তু মাটির তলায় গঙ্গা, সেই জলও যে সকলের সমান আয়ত্তাধীন নয় এই চিন্তাটা তাকে পেয়ে বসলো।
সে বললো, তোরা ছান করিস কনে?
সুরোও ভাবলো উত্তর দেওয়ার আগে। গ্রামের বাইরে এবং গ্রামের ভিতরে বর্ষার সময় যখন আকাশ স্নান করায় তাছাড়া প্রত্যেকটি স্নানের ব্যাপারই একটা ছোটোখাটো অভিযান। সে বলতে পারতো রাত্রির অন্ধকারে চিকন্দিতে সান্যালদের পুকুরে, কখনো গভীরতর রাত্রিতে স্টেশনে ইঞ্জিনের জল নেওয়ার লোহার থামে, সন্ধ্যার অন্ধকারে এবং ভোররাতে চরনকাশির কোনো জলায়–সে ফতেমা কিংবা অন্য সঙ্গীর সঙ্গে স্নানের অভিযানে যোগ দিয়েছে। একদা টেপির মা সন্ধান দেয় এই বাঁধের জলার। তারপর থেকে সপ্তাহে একবার সে স্নান করে আসছে, কখনো ফতেমার সঙ্গে গিয়ে, কখনো দুপুর রোদের নির্জনতায় একা একা। এত কথা গুছিয়ে বলা যায় না বলে সুরো বললো, করি। আপনের অসুখ বলে এই কয়দিনে একবারও করি নাই।
মাধাই বললো বিজ্ঞের সুরে, ছান না করে থাকিস, খোস-পাঁচড়া হবি।
তা হয় না। গায়ের মরামাসের সঙ্গে ধুলো মিশে এমন একটা আবরণ তৈরি হয়েছে যাকে দ্বিতীয় ত্বক বলা যায়।
সুরতুনের পরিচিত খাদটা পথের ধারেই। কিন্তু সেখানে জল শুকিয়ে গেছে।
তাইলে, বলে সুরতুন মাধাইয়ের দিকে তাকালো।
মাধাই বললো, আরো দূরে একটা না, কয়টাই আছে। বাঁয়ের দিকে চলে যা।
জ্যামিতিক পাহাড়ের মতো সর্বোচ্চ বাঁধটির গায়ে গড়ানে রাস্তা বেয়ে নামতে নামতে মাধাই বললো, বুজ জল দেখলে নামবিনে, তলায় বাবলার কাঁটা থাকতি পারে, জলও ময়লা। ওরই মধ্যে একটায় রেল কোম্পানি কোনো কাজে বালি ঢালছিলো, জল চুমুক দিয়ে তোলা যায়।
আরো কিছুদূর একসঙ্গে গিয়ে পুরো জলাশয়ের খোঁজে চললল, মাধাই শুকনো ডালপালা সংগ্রহের চেষ্টায় গেলো।
সমস্ত অধিত্যকায় দুটিমাত্র মানুষ। মাধাইয়ের দায়ের খটখট শব্দ সুরার কানে আসছে, সুরোর জল ছিটিয়ে স্নানের শব্দও একেকবার মাধাইয়ের কানে যাচ্ছে।
একসময়ে মাধাই ডাকলো, আর ভিজিস না, দিনকাল ভালো না, বর্ষার জমা জলে জ্বরও হয়।
আরো কিছুক্ষণ কাজ চললল। সুরতুন লক্ষ্য করে দেখলো জঙ্গলের ফাঁকে ফাঁকে মাধাইকে মাঝে মাঝে দেখা যাচ্ছে,কখনো তার দাসমেত হাত,কখনো পিঠের খানিকটা,কখনোবা মাথার চুলগুলো।
সুরতুন ভিজে কাপড় চিপতে চিপতে বললো, সারা জঙ্গলে লাকড়ি কাটলা, নিবা কেমন করে?
আজ কি আর সব নেওয়া যাবি। পারিস তো তুই কয়খান শুকনা ডাল নে, আমি কিছু নিই। কাঁচা লাকড়িই বেশি, সেগুলো শুকাক, আর একদিন আসবো।
মাধাই সঙ্গে দড়ি এনেছিলো, শুকনো ডালপালার একটা বোঝা বেঁধে সেটাকে কাঁধে তুলে সে চলতে লাগলো, পথে কয়েক বোঝা এমন জমায়ে রাখছি, নিতে হবে।
খানিকটা দূর হেঁটে বোঝা নামিয়ে গুছিয়ে রাখা ডালপালা বোঝায় বেঁধে আবার হাঁটে মাধাই। সুরতুন কখনো দড়ির মাথা ফিরিয়ে দিয়ে, কখনো লাকড়ি তুলে তুলে দেয়।
মাধাই প্রশ্ন করলো, তোকে এক বোঝা বেঁধে দিবো?
দেও।
সামনে মাধাই, পিছনে সুরতুন, দুজনে বোঝা নিয়ে ধীরে ধীরে চলেছে।
একসময়ে সুরতুন বললো, আপনের পায়ের বিষ সারছে?
হয়।
লজ্জিত সুরে সুরতুন বললো, ফতেমা সঙ্গে সঙ্গে দেখবের পায়, আমি সারারাত বসে থাকেও দেখবের পারলেম না।
তুই সারারাত বসে ছিলি?
বোঝার আড়াল থেকে সুরতুনের মুখ দেখা গেলো না।
.
বাসায় ফিরে লাকড়ির বোঝা নামিয়ে সুরতুন তখন তখনই বললো বাজারে যাই, কে, বায়েন?
কী হবি?
তরকারি আনাজ আনা লাগবি, আপনের কষ্ট হবি খাতে।
তুই যেন আজ ফতেমা হলি।
ফতেমাকে সুরতুন ঈর্ষা করে না। সে জানে ফতেমা হওয়া তার পক্ষে সহজসাধ্য নয়। অবশ্য সে যে সব বিষয়েই তার অনুকরণীয় এমনও তার বোধ হয় না। ফুলটুসির ছেলেদের জন্য দেখা হওয়ামাত্র খরচপত্র করা তার কাছে অনেক সময়েই বাড়াবাড়ি বোধহয়। একদিন সেই ছেলেদের প্রয়োজনে ফতেমা কিছু পয়সা চেয়েছিলো তার কাছে, সে দেয়নি; কিন্তু মাধাইয়ের প্রয়োজনে ফতেমা যা করলো তার জন্য সে খুশিই হয়েছে। তবু এখন যেন মাধাইয়ের কথায় একটা বেদনা বোধ হলো তার। সে ভাবলো, অন্যের সম্বন্ধে না হোক সে কি মাধাইয়ের সম্বন্ধেও স্নেহশীলা হয়ে উঠতে পারে না?
