নিলু খোকাকে নিয়ে এর আগেই রান্নাঘরে চলে গিয়েছিল। শ্যামচাঁদ গাঙ্গুলীকে প্রত্যাখ্যান করা চলবে না, দুর্বাসা প্রকৃতির লোক। এখনই কি বলতে কি বলে বসবেন।
রান্নাঘরে ঢুকে তিলু-নিলুকে কথাটা বলতে গেলেন ভবানী, জটিল গ্রাম্য হাঙ্গামা, ফিরতে রাত হবে। খোকা এসে মহাখুশির সঙ্গে বাবার হাত ধরে বললে–বাবা এসো, খাই
–কি খাবো রে?
–এসো বাবা, বসো–মজা হবে।
–না রে, আমি যাই, দরকার আছে। তুমি খাও–
–আমি তা হলে কাঁদবো। তুমি যেও না, যেও না–বোসো এখানে। মজা হবে।
খোকার মুখে সে কি উল্লাসের হাসি। বাবাকে সে মহা আগ্রহে হাত ধরে এনে একটা পিঁড়িতে বসিয়ে দিলে। যেটাতে বসিয়ে দিলে সেটা রুটি বেলবার চাকি, ঠিক পিঁড়ি নয়।
–বোসো এখেনে। তুমি খাবে?
–হুঁ।
–আমি খাবো।
–বেশ।
–তুমি খাবে?
কিন্তু দুর্বাসা শ্যাম গাঙ্গুলী বাইরে থেকে হেঁকে বললেন ঠিক সেই সময়–বলি, দেরি হবে নাকি বাবাজির?
আর থাকা যায় না। দুর্বাসা ঋষিকে বাইরে দাঁড় করিয়ে রাখা চলে না। ভবানীকে উঠতে হল। খোকা এসে বাবার কাপড় চেপে ধরে বললে–যাস নে, এ বাবা। বোসো, ও বাবা। আমি তা হলে কাঁদবো
খোকার আগ্রহশীল ছোট্ট দুর্বল হাতের মুঠো থেকে তাড়াতাড়ি কাপড় ছাড়িয়ে নিয়ে ভবানীকে চলে যেতে হল। সমস্ত রাস্তা শ্যাম গাঙ্গুলী সমাজপতি বকবক বকতে লাগলেন, চন্দ্র চাটুয্যের চণ্ডীমণ্ডপে কাদের একটি যুবতী মেয়ের গুপ্ত প্রণয়ঘটিত কি বিচার হতে লাগলো এসব ভবানী বাঁড়ুয্যের মনের এক কোণেও স্থান পায় নি–তাঁর কেবল মনে হচ্ছিল, খোকার চোখের সেই আগ্রহভরা আকুল সপ্রেম দৃষ্টি, তার দুটি ছোট্ট মুঠির বন্ধন অগ্রাহ্য করে তিনি চলে এসেছেন। মনে পড়লো খোকনের আরো ছেলেবেলার কথা।…কোথায় যেন সেদিন তিনি গিয়েছিলেন, সেদিন অনেকক্ষণ খোকাকে দেখেন নি ভবানী বাঁড়ুয্যে। মনে হয়েছিল সন্দেবেলায় হয়তো বাড়ি ফিরে দেখবেন সে ঘুমিয়ে পড়েছে। আজ সারারাতে আর সে জাগবে না। তাঁর সঙ্গে কথাও বলবে না।
বাড়ির মধ্যে ঢুকে দেখলেন সে ঘুমোয় নি। বাবার জন্যে জেগে বসে আছে। ভবানী বাঁড়ুয্যে ঘরে ঢুকতেই সে আনন্দের সুরে বলে উঠল–ও বাবা, আয় না–ছবি–
-তুমি শোও। আমি আসচি ওঘর থেকে–
–ও বাবা, আয়, তা হলে আমি কাঁদবো
ভবানীর ভালো লাগে বড় এই শিশুকে। এখনো দুবছর পপারে নি, কেমন সব কথা বলে এবং কি মিষ্টি সুরে অপূর্ব ভঙ্গিতেই না বলে!
শিশুর প্রতি গাঢ় মমতারসে ভবানীর প্রাণ সিক্ত হল। তিনি ওর পাশে শুয়ে পড়লেন। শিশু ভবানীর গলা জড়িয়ে ধরে বললে–আমার বড়দা, আমার বড়দা–
–সে কি রে?
–আমার বড়দা–
–আমি বুঝি তোর বড়দা? বেশ বেশ।
শ্বশুরবাড়ির গ্রামে বাস করার দরুন এ গাঁয়ের ছেলেমেয়েদের এবং অধিকাংশ লোকেরই তিনি ভগ্নীপতি সম্পর্কের লোক। তাঁরা অনেকেই তাঁকে বড়দা কেউবা মেজদা বলে ডাকে। শিশু সেটা শুনে শুনে যদি ঠাউরে নেয়, যে লোকটাকে বাবা বলা হয়, তার অন্য নাম কিন্তু বড়দা, তবে তাকে দোষ দেওয়া চলে না।
ভবানী ওকে আদর করে বললেন–খোকন, আমার খোকন
–আমার বড়দা
ভবানীর তখুনি মনে হোলো এ এক অপূর্ব প্রেমের রূপ দেখতে পাচ্চেন এই ক্ষুদ্র মানবকের হৃদয়রাজ্যে। এত আপন তাঁকে এত অল্পদিনে কেউ করে নিতে পারে নি, এত নির্বিচারে, এত নিঃসঙ্কোচে। আপন আর পরে তফাৎই এই।
তিনি বললেন–তোকে একটা গল্প করি খোকন, একটা জুজুবুড়ি আছে ওই তালগাছে–কুলোর মতো তার কান, মুলোর মতো
এই পর্যন্ত বলতেই খোকা তাড়াতাড়ি দুহাত দিয়ে তাঁকে জড়িয়ে। ধরে বললে–আমার ভয় করবে–আমার ভয় করবে–তা হলে আমি কাঁদবো–
–তুমি কাঁদবে?
–হ্যাঁ।
–আচ্ছা থাক থাক।
খানিকটা পরে খোকা বড় মজা করেচে। ছোট্ট মাথাটি দুলিয়ে, দুই হাত ছড়িয়ে ক্ষুদ্র মুঠি পাকিয়ে সে ভয় দেখানোর সুরে বললে–একতা জুজুবুড়ি আছে–মট্ট বড় কান—
-বলিস কি খোকন?
–ই-ই-ই! একতা জুজুবুড়ি আছে।
–ভয় পেয়েচি খোকা। বলিস নে, বলিস নে! বড় ভয় করছে—
–হি হি
–বড্ড ভয় করছে–
–একতা জুজুবুড়ি আছে–
-না না, আর বলিস নে, বলিস নে
— খোকার সে কি অবোধ আনন্দের হাসি। ভবানীর ভারি মজা লাগলো–ভয়ের ভান করে বালিশে মুখ লুকুলেন। বাবার ভয় দেখে খোকা বাবার গলা জড়িয়ে মমতার সুরে বললে–আমার বড়দা, আমার বড়দা
–হ্যাঁ, আমায় আদর কর, আমার বড় ভয় করচে
–আমার বড়দা–
–শোও খোকন, আমার কাছে শোও—
–জন্তি গাছটা বলো—
ভবানী ছড়া বলতে লাগলেন–
ও পারের জন্তি গাছটি জন্তি বড় ফলে
গো জন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে
প্রাণ করে আইঢাই গলা করে কাঠ।
কতক্ষণে যাব রে এই হরগৌরীর মাঠ।
হঠাৎ খোকা হাত দুটো ছড়িয়ে চোখ বড় বড় করে বললে–একতা জুজুবুড়ি আছে–
–ও বাবা
–মট্ট বড় কান–একতা জুজুবুড়ি আছে—
–আর বলিস নে–খোকন, আর বলিস নে—
-হি হি
–বড্ড ভয় করচে–খোকন আমায় ভয় দেখিও না–
–আমার বড়দা, আমার বড়দা–
আজ সন্ধ্যাবেলায় শ্যাম গাঙ্গুলীর মান রাখতে গিয়ে খোকনকে বড় অবহেলা করেছেন তিনি।
গ্রামে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। নালু পাল বেশি অর্থবান হয়ে উঠলো। সামান্য মুদিখানার দোকান থেকে ইদানীং অবিশ্যি সে বড় গোলদারি দোকান খুলেছিল এবং ধান, সর্ষে, মুগকলাইয়ের আড়ত ফেঁদে মোকাম ও গঞ্জ থেকে মাল কেনাবেচা করত।
একদিন ফণি চক্কত্তির চণ্ডীমণ্ডপে সংবাদটা নিয়ে এলেন দীনু ভটচায়। শিবসত্য চক্রবর্তীর আমলে তৈরি সেই প্রাচীন চণ্ডীমণ্ডপ দা-কাটা তামাকের ধোঁয়ায় অন্ধকারপ্রায় হয়ে গিয়েচে। পল্লীগ্রামের ব্রাহ্মণের দল সবাই নিষ্কর্মা, জীবনে মহকুমার বাইরে কেউ কখনো পা দেয় নি–কারণ দরকারও হয় না, ব্রহ্মোত্তর সম্পত্তি প্রায় সব ব্রাহ্মণেরই আছে, ধানের গোলা প্রায় প্রত্যেক বাড়িতেই, দুপাঁচটা গোরুও আছে, আম কাঁঠাল বাঁশঝাড় আছে। সুতরাং সকাল-সন্দে ফণি চক্কত্তি, চন্দর চাটুয্যে কিংবা শ্যাম গাঙ্গুলীর চণ্ডীমণ্ডপে এইসব অলস, নিষ্কর্মা গ্রাম্য ব্রাহ্মণদের সময় কাটাবার জন্যে তামাকু সেবন, পাশা, দাবা, আজগুবী গল্প, দুর্বলের বিরুদ্ধে সামাজিক ঘোঁট ইত্যাদি পুরোমাত্রায় চলে। মাঝে মাঝে এর ওর ঘাড় ভেঙ্গে খাওয়া চলে কোনো সমাজবিরুদ্ধ কাজের জরিমানাস্বরূপ।
