অনঙ্গ উদ্বিগ্ন-কণ্ঠে বলিল–এখন উপায় কি বলুন ভড়মশায়– যা হবার হয়েচে, সে-কথা ছেড়ে দিন।
–আমি তলায়-তলায় সন্ধান নিচ্চি। এখনও ঠিক বুঝতে পারি নি, উনি কোথায় যান, কি করেন! তবে লক্ষণ ভালো নয় সেই দিনই বুঝেচি, যেদিন বড়-তরফের শচীনবাবু ওঁর সঙ্গে মিশেছে। শচীন আর মাঝে মাঝে আসে নির্মল।
–তবেই হয়েচে! আপনি ভালো করে সন্ধান নিন ভড়মশায়– আমার এ কলকাতা শহরে কেউ আপনার জন নেই–এক আপনি ছাড়া। আপনি নিজে বুঝেসুঝে ব্যবস্থা করুন। আমিও দেখচি ক’মাস ধরে উনি অনেক রাত্রে বাড়ী আসেন, আমি কাউকে সে কথা বলি নি। তা আমি ভাবি, আড়তের কাজ বেড়েছে, তাই বুঝি রাত হয়। মেয়েমানুষ কি বুঝি বলুন? আসুন, আপনি আর কতক্ষণ বসে থাকবেন, খেয়ে নেবেন চলুন। ভগবান যা করবেন, তার ওপর হাত নেই–অদেষ্টে যা আছে, ও আর ভেবে কি করবো!
চোখের জলে অনঙ্গ কথা শেষ করিতে পারিল না।
ঠিক সেই রাত্রে বাগমারী রোড ছাড়াইয়া খালধারের বাগানবাড়ীতে জলসা বসিয়াছে। গদাধর সেখানে আটকাইয়া পড়িয়াছেন। এই কয় মাসের মধ্যেই শচীনের মধ্যস্থতায় আরও কয়েকটি মেয়ের সঙ্গে গদাধরের আলাপ হইয়াছে। তাহাদের সঙ্গে কথা কহিয়া গদাধরের মন ভরিয়া ওঠে। মনে হয়, এতকাল গ্রামে পাটের বস্তা লইয়া কি করিয়াই না দিন কাটাইয়াছেন! যৌবনের দিনগুলো একেবারে নষ্ট হইয়াছে!
এখানে এই বিলাসের জগতে ইহারা মায়া-বিভ্রম জাগাইয়া তোলে। মনে হয় ব্যবসায় যদি করিতে হয় তো এই ফিল্মের ব্যবসায়! কতকগুলো ম্যানেজার, গোমস্তা সরকার, দারোয়ান কুলির কোনো সংস্রব নাই–এমন সব কিশোরী…তাহাদের সঙ্গে আলাপ, গানের ঝর্ণাধারা…এমন অন্তরঙ্গতা করিতে জানে, মনে হয়, পৃথিবী যেন মায়াপুরী হইয়া ওঠে! ওই শচীন খুব আলগাভাবে কানে মন্ত্র দেয়–পাটের কারবার তো করেচো–পয়সা পিটছো খুবই। চালু কারবার–পাকা মুহুরি গোমস্তা আছে–সে-কাজ তারা অনায়াসে দেখতে পারে–আমি বলি কি ফিল্মের ব্যবসায় যদি নেমে যাও–এ ব্যবসায় সারা পৃথিবী কি টাকাটা অনায়াসে রোজগার করছে! এ কারবারে লোকসানের কোনো ভয় নাই, শুধু লাভ আর লাভ! তাছাড়া এই সব মেয়ে–তোমাকে একেবারে
শচীন ওস্তাদ মানুষ…মানুষ চরাইয়া খায়। জানে, কোন্ টোপে কোন্ মানুষকে গাঁথা যায়।…শচীন বলে–কিছু না, সামান্য পুঁজি ফেলো–নিজে গ্যাঁট হইয়া সেখানে বসিয়া থাকো। দিনের কাজের হিসাব রাখো। স্টুডিও ভাড়া পাওয়া যায়–ফিল্মের রোল ধারে যত চাও-গাঁট হইতে কিছু টাকা ছাড়ো–ছবির তিন-ভাগ চার-ভাগ তোলা হইবামাত্র–ডিস্ট্রিবিউটর আসিয়া কমসেকম আগাম ষাট- হে সত্তর হাজার টাকা নিজের তহবিল হইতে বার করিয়া দিবে, তার পাঁচ গুণ টাকা আদায় হইয়া আসিবে–ছবি তৈয়ার হইলে এই সে ছবি ঘুরিবে সারা বাঙলা মুল্লুকে–তার হিন্দী করো, হোল ইন্ডিয়া। একখানা ছবির বাঙলা-হিন্দী দু-ভার্সনে এক বছরে নিট লাভ বিশ-পঁচিশ লাখ হইবে। দু-চারিটা দৃষ্টান্তও শচীন দিল– ঐসব কোম্পানীর মালিক ফিল্ম কোম্পানির অফিসে কেরানীগিরি করিত দেড়শো-দুশো টাকা মাহিনায়। এদিকে নজর রাখিয়া চলিত–ফস করিয়া মাড়োয়ারি ক্যাপিটালিস্ট ধরিয়া আজ অত বড় কোম্পানীর মালিক! মোটর ছাড়া পথ চলে না–কি প্রকাণ্ড বাড়ী করিয়াছে আলিপুরে! টাকার কুমীর বনিয়াছে! কি মান, কি ইজ্জৎ ছেলেকে বিলাত পাঠাইয়াছে…নিরেট ছেলে একবার বিলাত ঘুরিয়া আসিলেই–ব্যস!
গদাধর শোনেন। গদাধরের মনে হয়, কারবার–ব্যবসা লাভ–শুধু তা নয়, এমন মধুর সংসর্গ! নাচ-গান…হাসি-গল্প…এ সবের সঙ্গে কোন পরিচয় ছিল না…! সেদিন শোভারাণী একটা গান গাহিতেছিল…সে গানের কটি লাইন তাঁহার কানে-মনে সবসময়ে বাজিতেছে–
বসন্ত চলে গেল হায় রে,
চেয়েও দেখিনি তার পানে।
গদাধরের কেবলি মনে হয়–ও গান তাঁহারি মনের কথা। জীবনের কতখানি কাটিয়া গেল…পৃথিবীতে এমন রূপ-রস-গন্ধ তার কোনো পরিচয় তিনি পাইলেন না!
এখনো..এখনো যদি কিছু পান।
আজ এ আসরে শচীন তাঁহাকে জোর করিয়া ধরিয়া আনিয়াছে। বলিয়াছে, ফিল্মের সকলে আসিবে।–সকলের সঙ্গে আলাপ করো–মেলামেশা করো–ভালো করিয়া দেখো, শুধু ব্যবসার দিক দিয়া। শচীনের সঙ্গে কতবার কত স্টুডিওয় তিনি গিয়াছেন।
আরো কজন ফিল্মস্টারের সঙ্গে গদাধরের আলাপ-পরিচয় হইয়াছে। তাহাদের সকলকেই কত ভালো লাগে! তাহারা যেন অন্য লোকের জীব! গান আর সুর দিয়া তৈরি!
তাহারা সকলেই আছে। দোল-পূর্ণিমার রাত। বারোমাস খাটিয়া একটা দিন আমোদ না করিলে চলে? এখানে আজ স্টুডিওর অভিনেতা-অভিনেত্রীদের আনন্দ-সম্মেলন। আজ রাত্রে এইখানেই গদাধরের ফিল্ম স্টুডিও খুলিবার কথাবার্তা হইবে, ঠিক আছে।
বাগানটা বেশ বড়। বনেদী বহুকালের পুরানো প্রমোদ-কানন। মাঝখানে যে বাড়ী আছে–সেটা দোতলা। অনেকগুলি ঘর ওপরে নীচে, মেঝে মার্বেল পাথরে বাঁধানো। দেওয়ালে বিবর্ণপ্রায় বড় বড় অয়েললেন্টিং–অধিকাংশই নগ্ন নারী-মূর্তির ছবি। উনবিংশ শতাব্দীর শেষের দিকে কোনো বিলাসী ধনীব্যক্তি শখ করিয়া বাগানবাড়ী করাইয়া থাকিবেন। সে অতীত ঐশ্বর্য ও শৌখীনতার চিহ্ন এর প্রতি ইষ্টকখণ্ডে। বাগানবাড়ীর একটা ঘর তালাবন্ধ। তার মধ্যে অনেক পুরানো বাসনপত্র, ঝাড়, কার্পেট, কৌচ, কেদারা, আয়না প্রভৃতি গাদা করা। প্রবাদ এই, সেই ঘরে মাঝে মাঝে, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে, আনন্দনারায়ণ ঘোষকে চোগাচাপকান ও শামলা পরিয়া একতাড়া কাগজ হাতে ঘুরিতে ফিরিতে দেখা গিয়াছে। সেকালের বিখ্যাত এটর্নি আনন্দনারায়ণ ঘোষের নাম এখনও অনেকে জানেন।
