শীত চলিয়া গেল। ফাল্গুনের প্রথম সপ্তাহ।
এবার পাটের কাজে বেশ লাভ হইয়াছে–গদাধর সেদিন কথায় কথায় প্রকাশ করিয়াছেন স্ত্রীর কাছে।
দোল-পূর্ণিমার রাত্রি। অনঙ্গ বাড়ীতে সত্যনারায়ণের ব্যবস্থা করিয়াছে–পূজা হইবার পরে আড়তের লোকজন খাওয়ানো হইবে, আশেপাশের দু’চারজন প্রতিবেশীকে নিমন্ত্রণ করা হইয়াছে। আড়তের কর্মচারীদের বসাইয়া লুচি খাওয়ানো হইবে, বাকী সকলকে সত্যনারায়ণের প্রসাদ ও ফলমূল মিষ্টান্ন ইত্যাদি দ্বারা জলযোগ করানো হইবে।
অনঙ্গ সারাদিন উপবাস করিয়া আছে, স্বামী ফিরিলে পূজা আরম্ভ হইবে এবং তাহার পর সকলকে খাওয়ানোর ব্যবস্থা। পাশের গলিতে সিধুর মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ-বিধবা খোলার ঘর ভাড়া লইয়া বাস করেন, তাঁহার একটি মাত্র ছেলে সামান্য মাহিনার চাকরি করে। অনঙ্গ তাঁহাকে এবেলা খাইতে বলিয়াছে, তিনি আসিয়া পূজার নৈবেদ্য ইত্যাদি গুছাইয়া দিয়াছেন–অনঙ্গ তাঁহাকে একটু অনুরোধ করিয়াছিল সন্ধ্যার পরে একটু জলযোগ করিতে, তিনি বলিয়াছেন–এখন কেন মা, পূজো-আচ্চা হয়ে যাক, বিধবা মানুষ, একেবারে সকলের শেষে যা হয় কিছু মুখে দেবো। তুমি রাজ-রাণী হও, ভাই, তোমার বড্ড দয়া গরীবের ওপরে। আমার ছেলে তো মাসিমা বলতে অজ্ঞান।
সন্ধ্যার পরে পূজা আরম্ভ হইল। লোকজন একে একে আসিতে আরম্ভ করিয়াছে। পাশের বাড়ীর ভদ্রলোকেরাও আসিলেন। এখনও গদাধর আসেন নাই–তিনি আসিলেই নিমন্ত্রিতদের খাওয়ানো শুরু হইবে।
অনঙ্গ আজ খুব ব্যস্ত। নিজে সে রান্নার তদারক করিয়াছে বৈকাল হইতে। সব দিকে চোখ রাখিয়া চলিতে হইয়াছে, যাহাতে কেহ কোন ত্রুটি না ধরে। পূজা শেষ হইয়া রাত পড়িল। নিমন্ত্রিত ভদ্রলোকেরা একটু ব্যস্ত হইয়া পড়িয়াছেন, গৃহস্বামী এখনও আসেন নাই। দু’একজন তাগাদাও দিলেন, তাঁহাদের সকাল সকাল বাড়ী ফিরিতে হইবে, কাজ আছে অন্যত্র।
হরিয়া চাকরকে ডাকিয়া অনঙ্গ বলিল–দ্যাখ তো, আড়ত থেকে এ কেউ এসেচে?
হরিয়া বাহিরের ঘর দেখিয়া আসিয়া বলিল–চার-পাঁচজন এসেচে মাইজি। তবে ভড়মশায় আসেন নি এখনো।
সিধুর মাকে ডাকিয়া অনঙ্গ বলিল–কি করবো দিদি, সব খেতে বসিয়ে দিই, কি বলেন? উনি বোধ হয় কাজে আটকে পড়েছেন। ভড়মশায় যখন আসেন নি–তখন দু’জনে কাজ শেষ করে চাবি দিয়ে একসঙ্গে আসবেন। এদের বসিয়ে রেখে কি হবে?
সিধুর মা বলিলেন–তাই বসিয়ে দাও। আমি সব দিয়ে আসচি গিয়ে–আমায় সাজিয়ে দাও।
বাহিরের লোক সব প্রসাদ খাইয়া চলিয়া গেল। আড়তের লোকদের খাওয়াইতে বসানো হইল না, গদাধর ও ভড়মশায়ের অপেক্ষায়। রাত ক্রমে দশটা বাজিল। তখন আর কাহাকেও অভুক্ত রাখিলে ভালো দেখায় না, সিধুর মার পরামর্শে তাহাদেরও বসাইয়া দেওয়া হইল।
তাহাদের খাওয়া শেষ হইল, রাত তখন প্রায় এগারোটা, পরিপূর্ণ জ্যোৎস্নারাত্রি–গ্যাস ইলেকট্রিকের আলোর বাধা ঠেলিয়াও এখানে-ওখানে স্ব-মহিমা প্রকাশ করিতেছে। এমন সময় ভড়মশায় আসিলেন–একা।
অনঙ্গ ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দরজার কাছে আসিয়া ভড়মশায়কে বলিল–উনি কই? এত দেরি কেন আপনাদের?
ভড়মশায় বলিলেন–আমি হাটখোলায় তাগাদায় বেরিয়েছি ন’টার আগে। উনি তো তখুনি বেরুলেন–আমি ভাবচি এতক্ষণ বুঝি এসেচেন।
ভড়মশায়ের গলায় স্বর গম্ভীর। তিনি কি একটা যেন চাপিতে চেষ্টা করিতেছেন।
অনঙ্গ ব্যস্ত ও ভীতকণ্ঠে বলিল–তাহলে উনি কোথায় গেলেন, তাঁর খবরটা একবার নিন–সঙ্গে টাকাকড়ি ছিল নাকি?
ভড়মশায় ঘাড় নাড়িয়া বলিলেন-না, সে-সব ছিল না। ভয় নেই কিছু। নইলে কি আমি চুপ করে বসে থাকি বৌমা? তিনি হারিয়েও যান নি বা অন্য কোনো কিছু না।
অনঙ্গ অনেকটা আশ্বস্ত হইয়া বলিল–যাক, তবুও বাঁচা গেল। কাজে গিয়ে থাকেন, আসবেন-এখন–তার জন্যে ভাবনা নেই, কিন্তু এত রাত হয়ে গেল, বাড়ীতে একটা কাজ, তাই বলচি।
ভড়মশায় গম্ভীর হইয়া বলিলেন–একটা কথা মা, বলি তবে। ভেবেছিলাম, বলবো না–কিন্তু না বলেও তো পারিনে।
অনঙ্গ ভড়মশায়ের মুখের ভাবে ভীত হইয়া বলিল–কেন, কি হয়েচে? কি কথা?
–আমি বলেছি, এ-কথা যেন বাবুর কানে না ওঠে। আপনাকে মেয়ের মত দেখি, তেরো বছরের মেয়ে যখন প্রথম ঘর করতে এলেন, তখন থেকে দেখে আসছি, কথাটা না বলেও পারিনে। উনি আর সে বাবু নেই। এখন কোথায় গিয়ে যে রাত পর্যন্ত থাকেন, সকাল-সকাল আড়ত থেকে বেরিয়ে যান–সন্দের আগেই চলে যান এক-একদিন। তারপর শুধু তাই নয়, এ সব কথা না বললে, বলবেই-বা কে, আমি হচ্চি পুরানো লোক…এক-কলমে আজ পঁচিশ বছর আপনাদের আড়তে কাজ করচি আপনার শ্বশুরের আমল থেকে। আজকাল ব্যাঙ্কের টাকা-কড়িরও উনি গোলমাল করচেন। সেদিন একটা একহাজার টাকার চেক ভাঙাতে গেলেন নিজে–কিন্তু খাতায় জমা করলেন না। নিজের নামে হাওলাতে- এই খাতে লেখালেন। এই ক’মাসের মধ্যে প্রায় সাড়ে ছ’হাজার টাকা হাওলাতে লিখেছেন নিজের নামে। এসব ঘোর অব্যবস্থা। উনি যেন কি হয়েচেন, সে বাবু আর নেই–এখন কথা বলতে গেলেই খিঁচিয়ে ওঠেন, তাই সাহস করে কিছু বলতেও পারি নে।
অনঙ্গ পাংশুমুখে সব শুনিয়া কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল।
ভড়মশায় বলিলেন–আমার মনে হয় বৌমা, আমাদের সেই গাঁয়েই আমরা ছিলাম ভালো। বেশী টাকার লোভে কলকাতা এসে ভালো করি নি।
