এই বাঘটা খুঁজে পাবার দুদিন বাদেই আবার বনবিভাগের অফিসার আর সেপাইদের ডাকতে হল। আবার একটা বাঘের লাশ পাওয়া গেছে। এবার জঙ্গলের আধা-শুকনো ঝিলের ধারে। বাঘের পেছনের দুটো পা ঝিলের কাদা জলের মধ্যে আধ-ডোবা হয়ে আছে।
বাঘের লাশটা দেখিয়ে অফিসারকে একটু অবাক হয়েই বললাম, আশ্চর্য ব্যাপার দেখেছেন। এ বাঘটা যেন আগের বাঘটার ঠিক যমজ। শুধু হলদে কালো ডোরাগুলো আরও স্পষ্ট আর মাথাটা যেন আরও ঘোট। সে অবশ্য মাথায় লোমগুলো এখনও তেমন বাড়েনি বলে। এটার দেখুন কানের ভেতর দিয়ে গুলি গেছে আর
এরপর যা বলে গেলাম অফিসারের তাতে তেমন কান আছে বলেই মনে হল না। বাঘ যে শিকার করা হয়েছে লাশ দেখে তার প্রমাণ পেয়েই তিনি ব্যাপারটা যেন চুকিয়ে ফেলতে পারলে বাঁচেন।
ব্যাপারটা পুরোপুরি চুকোবার ব্যবস্থা তার পরদিনই হল। বনবিভাগের অফিসার আর রক্ষী সেপাই-টেপাই মিলে সেদিন ভোর হবার পরই খুনে শিকারির তাঁবুতে গিয়ে হাজির।
সাহেব তখন সাজগোজ করে শিকারে বার হবার জন্য তৈরি হয়েছে। বনবিভাগের অফিসার, সেপাই আর সেই সঙ্গে আমায় দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বললে, ব্যাপার কী? এই সকালে আমাকে বিরক্ত করতে আসার মানে?
মানে আর কিছু নয়, অফিসার আমাদের আগেকার বোঝাপড়া মতো ভদ্রভাবেই বললেন, আপনি এখন কোথায় যাচ্ছেন তাই জিজ্ঞাসা করা।
কোথায় যাচ্ছি তাই জিজ্ঞেস করতে এসেছ? সাহেব একেবারে খাপ্পা হয়ে বললে, তোমরা কি কানা? দেখতে পাচ্ছ না, শিকারে যাচ্ছি?
শিকারে যাচ্ছেন তা দেখতে পাচ্ছি, অফিসার তখন একটু কড়া গলায় বললেন, কিন্তু কী শিকারে সেইটেই জানতে চাই। কারণ আপনার সঙ্গে যে বড় শিকারের ভারী রাইফেল রয়েছে তা নেওয়ার আর কোনও দরকার তো আপনার নেই।
দরকার নেই মানে? সাহেব একেবারে অগ্নিমূর্তি হয়ে বললেন, বাঘ শিকার কি আমি এয়ার গান দিয়ে করব নাকি?
তা কেন করবেন?—অফিসার এখনও ধৈর্যের অবতার—কিন্তু বাঘ শিকারই যে আপনার শেষ হয়ে গেছে!
শেষ হয়ে গেছে মানে! সাহেব পারলে যেন আমাদেরই গুলি করে এমন গলায় বললে, আমি আটাশটা বাঘ মেরেছি। এখনও দুটো আমার বাকি।
অত্যন্ত দুঃখিত হয়ে বলছি, অফিসার কড়া গলায় বললেন, আপনার গণনা আমরা মানতে পারব না। আপনি যে ত্রিশটা বাঘই মেরেছেন তার প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং দরকার হলে জোর করেই আপনার শিকার আমাদের বন্ধ করতে হবে।
শিকার বন্ধ করবে তোমরা! সাহেব রাগে খেপে গিয়ে হাতের বন্দুকটা সত্যিই আমাদের দিকে তুলেছিল। আমি এক ঝটকায় তার কাছ থেকে সেটা কেড়ে নিতে অফিসার কড়া গলায় বললেন, এই বেয়াদবির জন্য আপনাকে এখনই হাতকড়া পরাতে পারি। কিন্তু তা করব না। আপনি ইচ্ছে করলে দিল্লি থেকে নতুন করে হুকুম আনিয়ে এ জঙ্গলে বাঘ শিকার করতে পারেন। নইলে এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে।
খুনে সাহেব রাগে দাঁত কিড়মিড় করতে করতে সেই বিদায়ই নিয়েছিল। আর তারপর আসেনি।
অফিসারকে ধন্যবাদ দিয়ে আমিও কানহার জঙ্গল ছেড়ে এর পর বালাঘাটে গিয়ে যার সঙ্গে দেখা করি তার নাম শশী নায়ার। নায়ারকে থোক হাজার টাকা দিতে গিয়েছিলাম, কিন্তু সে তা নেয়নি।
বলেছিলাম, এ তো আপনার পাওনা, তবু নেবেন না কেন? আপনার সাহায্য ছাড়া এ কাজ হাসিল করতে পারতাম কি!
কাজ তো শুধু আপনার নয়।নায়ার আমার হাত ধরে নাড়া দিয়ে বলেছিল, কাজ সমস্ত দেশের হয়েই করেছি। তার জন্য টাকা নেওয়া আমার পাপ হবে। প্রার্থনা করি আমাদের এই ব্যাপার থেকেই অবাধ বাঘ শিকার বন্ধ হবে।
নায়ারকে সাদরে জড়িয়ে ধরে বলেছিলাম, তোমাকে আর কী ধন্যবাদ দেব, নায়ার! তবে তুমি না সাহায্য করলে ওই খুনে শিকারিকে এমন করে জব্দ করতে পারতাম না। তবে তোমার এই উপকারের কথা মনে করে আমিও একটা প্রতিজ্ঞা আজ করছি নায়ার। একমাত্র মানুষখেকো বাঘের বেলায় ছাড়া বাঘ কেন, কোনও শিকার করতেই আর বন্দুক ধরব না।
দুজনে করমর্দন করে পরস্পরের কাছে বিদায় নিলাম। নায়ার তার সঙ্গে তার পোষা তালিম দেওয়া বাঘটাকে অবশ্য নিয়ে গেল। নায়ার ম্যাঙ্গোলোরের এক মস্ত সার্কাস কোম্পানির বাঘ-সিংহের ট্রেনার। কানহার জঙ্গল থেকে ক-দিনের জন্যে ওর কাছেই গিয়েছিলাম দু-চার দিনের জন্য বাঘটা ধার নিতে। এই বাঘটাই নিখুঁতভাবে শিকার করা মরা বাঘের অভিনয় করে আমাদের কাজ হাসিল করে দিল।
ঘনাদা উঠে যেতে যাচ্ছিলেন, কিন্তু তা আর হল না। বনোয়ারি আর রামভুজ তখন দুটো বড় বড় ট্রেতে যেসব গরম গরম সদ্য ভাজা আহার্যের প্লেট নিয়ে ঢুকছে তার গন্ধে সমস্তটা ঘর তখন আমোদিত।
প্রথমে শামিকাবাবের প্লেটটা হাতে তুলে নিয়ে তার প্রতি যথোচিত মনোযোগ দেবার আগে ঘনাদাকে আর একটা জিজ্ঞাসার জবাব দিতে হল।
সুন্দরবন থেকে যা শুরু হয়েছিল কানহার জঙ্গলে শিকারের হিসাব রাখতে তার কথাটা যে ভুলেই যাওয়া হয়েছে সেই কথাটা স্মরণ করিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু সুন্দরবনের ওই কানকাটার রহস্যের কোনও জবাব তো মিলল না। জবাব কিছু নেই বোধহয়না ঘনাদা?
আছে! আছে! কাঁটায় গাঁথা কাবাবের টুকরো প্লেট থেকে মুখে তোলার আগে, থেমে, ঘনাদা যত সংক্ষেপে হোক সেরে বললেন, প্রথমত ওই কানটা সোঁদরবনের কেঁদো বাঘের কীর্তি ভূতপ্রেত কি বানানো গল্প নয়। সুন্দরবনের মানুষখেকো বাঘ অমনই আজগুবি ভয়ংকরই হয়। তাদের চলাফেরার কোনও সাড়া পাওয়া যায় না। অমন চার-পাঁচজনের দল থেকে একজনকে কেমন করে সে তুলে নিয়ে যায় পাশের সাথীও তার হদিস পায় না। তবে শিকারির গুলিটুলিতে নয়, এ মানুষখেকোদের ঢিট করবার ব্যবস্থা হয়ে গেছে। এমন শিক্ষা দেবার প্যাঁচ হয়েছে যে মধু-জোগাড়ে কি কাঠুরে কাউকে কোলের কাছে পেলেও তারা না ছুঁয়ে ছুটে পালাবে। উপায়টা হল সুন্দরবনের নানা জায়গায় লোভনীয় টোপের মতো করে কাঠুরে আর মধু-জোগাড়েদের জ্যান্ত মানুষদের মতো মূর্তি রেখে দেওয়া। মানুষখেকো বাঘ লোভে পড়ে একবার সে রকম কোনও মূর্তির ওপর ঝাঁপিয়ে পড়লে ইলেকট্রিক শক খেয়ে আধমরা হয়ে ছিটকে পড়বে। এরপর মানুষের চেহারার কোনও কিছুর ধারেকাছে সে কখনও ঘেঁষবে কি! সুন্দরবনে এরকম মূর্তি এখন সারা জঙ্গলে ছড়িয়ে রাখার ব্যবস্থা হচ্ছে।
