.
৩.১৭ কাঠে-কাঠে
রেশমী চলে যাওয়া মাত্র লিজা গাড়ি করে বেরিয়ে পড়ল মেরিডিথের উদ্দেশ্যে। রেশমীর ইঙ্গিত রিংলার সম্বন্ধে সত্য হলেও মেরিডিথের সম্বন্ধে সম্পূর্ণ সত্য নয়। রিংলার অন্য একটি মেয়েকে বিয়ে করেছিল, বন্ধ হয়েছিল তার আনাগোনা লিজার কাছে। রিংলারকে নিয়ে লিজার সঙ্গে মেরিডিথের মনোমালিন্য ঘটে, সে বন্ধ করে দিয়েছিল আনাগোনা লিজার বাড়িতে। কিন্তু আজ আর এই সামান্য বিষয় নিয়ে সঙ্কোচ করবার ইচ্ছা ছিল না লিজার, বিপদের সময়ে তাকেই বিশেষ করে মনে পড়ল, ভাবল, ভালই হল, এই উপলক্ষে তার সঙ্গে মিটমাট করে নেবে।
গাড়ি গিয়ে পৌঁছল মেরিডিথের বাড়িতে, আর সৌভাগ্যক্রমে তখন সে বাড়িতে বিশ্রাম করছিল। লিজাকে দেখে আনন্দে বলে উঠল মেরিডিথ, এস এস লিজা, তুমি আসবে ভাবি নি।
লিজা বলল, মেরিডিথ, বিষম সঙ্কটে পড়েছি, তাই আগে সংবাদ না দিয়েই আসতে বাধ্য হলাম।
মেরিডিথ তার মুখের দিকে তাকিয়ে বলল, তাই তো, তোমার মুখ চোখ লাল হয়ে উঠেছে, ব্যাপার কি? ব’স, কি হয়েছে বল তো?
লিজা কোনরকম ভূমিকা না করে শুরু করল, মূখ জন রেশমী বলে একটা নেটিভ মেয়েকে বিয়ে করবার সঙ্কন করেছে।
বিস্মিত মেডিডিথ বলল-বল কি? আলাপ-পরিচয় ঘটল কোথায়?
ঘটনাচক্রে এই কলকাতাতেই ঘটেছে, বিস্তারিত বিবরণ পরে শুনো, এখন বিয়েটা বন্ধ করবার উপায় স্থির কর।
চিন্তিত মেরিডিথ বলল, জনকে অনুরোধ উপরোধ করা ছাড়া তো উপায় দেখি নে। তাকে বিশেষ ভাবে অনুরোধ করে দেখেছ কি?
সে-সব হয়ে-বয়ে গিয়েছে, নির্বোধ একেবারে কেপে উঠেছে।
তবে মেয়েটাকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে প্রতিনিবৃত্ত কর।
সে চেষ্টাও হয়েছে।
কিছু ফল পেলে?
ফল? মাই গড। মেয়েটা আস্ত শয়তানী।
তবে উপায়?
সেইজন্যেই তো তোমার শরণাপন্ন হয়েছি।
মেরিডিথ শুধাল, মেয়েটি কি খ্রীষ্টান?
না।
খ্রীষ্টান না হলে হবে কি করে?
মেয়েটা খ্রীষ্টান হবে স্থির করেছে। কোন রকমে সেটা বন্ধ করতে হবে।
সে কেমন করে সম্ভব?
অসম্ভব কেন? তোমার সঙ্গে তো পাত্রীদের পরিচয় আছে। কেউ যাতে ওকে দীক্ষা দেয় তার ব্যবস্থা কর।
দীর্ঘনিশ্বাস ফেলে বলল মেরিডিথ, অসম্ভব লিজা, অসম্ভব।
কেন, তোমার সঙ্গে কি পাদ্রীদের পরিচয় নেই?
পরিচয় আছে বলেই অসম্ভব বলছি।
খুলে বল, আমার মন বড় অস্থির।
এই পাত্রীদের তো তুমি তো জান না, আমি জানি। তারা সমাজের হাজার হাজার টাকা খাচ্ছে অথচ এ পর্যন্ত একটা নেটিভকে দীক্ষিত করতে পারে নি, একবারে মনমরা হয়ে আছে। এখন কোন একটা নেটিভ দীক্ষিত হতে ইচ্ছা করেছে শুনলে সবাই নেচে উঠবে। নদীর জলধারা রোধ করা সম্ভব হলেও ওদের রোধ করা অসম্ভব।
তুমি বড় বড় সাহেবদের ধরে ওদের উপরে চাপ দাও।
বড় সাহেবদের উৎসাহ যেন কিছু কম।
তবে কি কোন উপায় নেই?
তাই তো মনে হয়। তা ছাড়া, বড় সাহেবদের প্রভাব খাটিয়ে কোম্পানির মুনুকে দীক্ষাদান বন্ধ করলেই যে দীক্ষা বন্ধ থাকবে এমন কি কথা!
কেন?
কলকাতার আশেপাশে অনেক পর্তুগীজ, ডাচ, দিনেমার উপনিবেশ আছে সেখানে তো পাত্রীর অভাব নেই; তারাও সমান উৎসাহী। সেখানে গিয়ে দীক্ষা নিলে বন্ধ করবে কি উপায়ে? ইংরেজ কর্তৃপক্ষের অনুরোধ সেখানে খাটবে না।
অন্তত কলকাতায় দীক্ষা বন্ধ কর-বাধা পেয়ে যদি জনের সঙ্কল্প টলে।
লিজার করুণ অনুরোধে মেরিডিথ সেই চেষ্টা করতে প্রতিশ্রুত হল, বলল, আচ্ছা লিজা, আমি যথাসাধ্য চেষ্টা করব, কলকাতায় যাতে মেয়েটার দীক্ষা না হয়। কিন্তু কত দূর কি করে উঠতে পারব, জানি নে।
.
যখন লিজা ও মেরিডিথে এইসব পরামর্শ চলছিল, রেশমী তখন কি করছিল?
লিজার বাড়ি থেকে বেরিয়ে স্বপ্নচালিতের মত রেশমী ফিরে এল বাড়িতে, হেঁটে এল কি ছুটে এল, কি শনাপথে সাঁতরে এল মনে পড়ে না তার। ঘরের মধ্যে পৌঁছে সম্বিৎ ফিরে পেল সে।
সে বুঝল, তার ‘সংস্কার অন্তরায়’-এর কি মারাত্মক ভাষ্য করেছে নির্বোধ জন। কিন্তু সত্য কথা বলতে কি, জনের উপরে তার একটুও রাগ হল না, বরঞ্চ একরকম মায়া অনুভব করল সে। নির্বোধের প্রতি বুদ্ধিমতীর মায়া। জন ও রেশমীর মাঝখানে লিজা এসে পড়ে এমন প্রচণ্ড অপমান না করলে খুব সম্ভব বিবাহের প্রস্তাবটাকে পাশ কাটিয়ে যেত সে, কিন্তু এখন আর সে ইচ্ছা বা উপায় ছিল না তার। কতকটা জনের প্রতি আন্তরিক টান, কতকটা লিজার প্রতি দুর্জয় রাগ তার সঙ্কলকে পাথরে গেঁথে তুলল, সে স্থির করল যেমন করেই হক জনকে বিয়ে করে ঐ বাড়ির গৃহিণী হয়ে বসবে সে, তখন লিজাকে হতে হবে তার আত্রাপালনকারিণী, নয় তাকে ও-বাড়ি ছেড়ে চলে যেতে হবে; দেখা যাবে কার প্রতাপ বেশি, বোনের না পত্নীর! নিছক প্রেমের টানে যা সম্ভব না হতেও পারত, প্রতিশোধ গ্রহণের আকাঙ্ক্ষায় তা হয়ে উঠল দুর্বার। দুর্জয় সঙ্কল্প গ্রহণ করল সে, জনকে বিবাহ করবেই সে, পৃথিবী থাক আর রসাতলে যাক। বিবাহ সঙ্কলিতা নারীর গ্রাস থেকে মুক্তি পৃথিবীতে সবচেয়ে অসম্ভব আশা।
কিন্তু তখনই তার মনে পড়ল, জনটা যে নির্বোধ, হঠাৎ সে না পিছিয়ে যায়। তার মনে হল, লিজা হয়তো কেঁদেকেটে পড়বে, অমনি শান্তশিষ্ট পোষমানা ভাইটি বলবে, তবে থাক গে, আর কাউকে বিয়ে করলেই চলবে। এইরুপ চিকা মাত্রে মনে তার ভয়ের সঞ্চার হল। সর্বনাশ, এমন ঘটলে—আর এমনটা ঘটা মোটেই অসম্ভব নয়-মৃত্যু ছাড়া আর কোন পথ থাকবে না তার সম্মুখে। সে স্থির করল, জনের ভার নিজ হাতে গ্রহণ করবে, বিয়ের পর যখন সমস্ত ভারই নিতে হবে তখন না হয় দুদিন আগেই তা গ্রহণ করল। লিজার প্রভাবে জনের সঙ্কল্প যাতে বিচলিত না হতে পারে, সেই উপায় আবিষ্কার করতে হবে তাকে। তখনই জনের উদ্দেশে একখানা চিঠি লিখে বাড়ির এক হোকরাকে কিছু পয়সা কবুল করে পাঠিয়ে দিল জনের অফিসেজন যেন বাড়ি ফেরবার আগে তার সঙ্গে অবশ্য অবশ্য সাক্ষাৎ করে, চৌরঙ্গী-বেরিয়াল গ্রাউন্ড রোডের মোড়ের নঈতলাও-এর পুব-দক্ষিণ কোণে।
