হালকা গলায় হেমনাথ বললেন, বেশ তো, থাকো না। তারপরেই কী মনে পড়ে যেতে তাড়াতাড়ি বলে উঠলেন, মুখ টুখ ধুয়েছ?
আজ্ঞে না।
চট করে ধুয়ে খেয়ে নাও। তোমাকে নিয়েই বেরুই—
কোথায় যাবেন?
হেমনাথ বললেন।
অবনীমোহন উৎসাহিত হয়ে উঠলেন, ওই সঙ্গে একবার শিশিরবাবুদের বাড়িটা ঘুরে আসব।
হেমনাথ শুধোলেন, কেন বল তো?
আনন্দর কাছ থেকে একটা বন্দুক চেয়ে আনব। কাল নিশিন্দার চরে যাবার কথা হল না? অনেকদিন তো প্র্যাকটিশ নেই। আগে থেকে একটু মহড়া দিয়ে রাখব।
হ্যাঁ হ্যাঁ, খুব ভাল।
তাড়াতাড়ি মুখ ধুয়ে সকালবেলার খাওয়া যখন শেষ করে এনেছেন অবনীমোহন, বিনু পড়াট ছেড়ে হঠাৎ চেঁচিয়ে উঠল, দাদু–
হেমনাথ তার দিকে ফিরে বললেন, কী বলছিস দাদাভাই?
আমি তোমাদের সঙ্গে যাব।
হেমনাথ বললেন, তুই তো এখন পড়ছিস। আমাদের সঙ্গে গেলে পড়াটা নষ্ট হবে।
ওধার থেকে অবনীমোহন বললেন, এখন যেতে হবে না।
বিনু বলল, ওবেলা ঠিক পড়ব।
এবার রাগের গলায় অবনীমোহন বললেন, ওবেলা টোবেলা নয়। পড়তে বসেছ, পড়ে যাও। কদিন তো বই টই খুলে দেখ নি। আজ যদিও বা বসলে, বাঁদরামি শুরু করে দিয়েছ। বেলা দশটা পর্যন্ত কোনও দিকে তাকাবে না, মন দিয়ে শুধু পড়া। ছুটির পরেই পরীক্ষা, খেয়াল যেন থাকে।
বিনু এবার লাফালাফি শুরু করে দিল। সেই সঙ্গে নাকি সুরের একটানা ঘ্যানঘ্যানানি চলল, আমি যাব, আমি যাব–
অবনীমোহন ধমক দিতে যাচ্ছিলেন, তার আগেই হেমনাথ বলে উঠলেন, লম্ফ ঝম্ফ আর কান্নাকাটি থামা বাপু–
বল, নিয়ে যাবে–
যাব। তবে এক শর্তে—
দাদু যখন ভরসা দিয়েছেন তখন যাওয়া নিশ্চয়ই হবে। তার ওপর অবনীমোহন কথা বলবেন না। কিন্তু শর্তটা কী, বোঝা যাচ্ছে না। লাফ ঝাঁফ থামিয়ে সন্দিগ্ধ চোখে তাকিয়ে থাকল বিনু।
হেমনাথ বললেন, শর্তটা হল, এখন যদি যাও দুপুর-সন্ধে দু’বেলাই পড়তে হবে। তখন কিন্তু গোলমাল করতে পারবে না।
বিনু তাড়াতাড়ি বলে উঠল, না না, মোটে গোলমাল করব না। দুপুরবেলা সন্ধেবেলা যতক্ষণ পড়তে বলবে ততক্ষণ পড়ব।
এখন তো খুব ভাল ভাল কথা বেরুচ্ছে। ফিরে এসে দেখা যাবে’খন। হেমনাথ হাসলেন, যা, জামা প্যান্ট বদলে আয়।
বিনু ভেতর-বাড়ির দিকে ছুটতে যাচ্ছিল, সেই সময় তীক্ষ্ণ, চাপা গলায় ঝিনুক চেঁচিয়ে উঠল, না না–
হেমনাথ বললেন, তোর আবার কী হল রে?
ঝিনুক আগের সুরেই বলল, বিনুদা যাবে না–
একে তো অনেক কষ্টে, বহু কান্নাকাটির পর বেড়াতে যাবার সনদ মিলেছে, আর ঝিনুক কিনা বাগড়া দিতে চাইছে! মাথার ঠিক থাকল না বিনুর। জিভ ভেংচে চেঁচিয়ে উঠল, যাবে না! ইল্লি রে! যাব তো, নিশ্চয়ই যাব। বলেই আর দাঁড়াল না, লম্বা পা ফেলে চোখের পলকে ভেতর বাড়িতে অদৃশ্য হয়ে গেল।
চোখ কুঁচকে বিনুর যাওয়া দেখল ঝিনুক। তারপর আস্তে আস্তে হেমনাথের পাশ থেকে উঠে ভেতরে চলে গেল।
ঝিনুক যখন বিনুকে খুঁজে বার করল তখন তার প্যান্ট-জামা পরা শেষ, নটি বয় শু পায়ে দিয়ে ফিতে বাঁধছে। সোজা গিয়ে ঝিনুক তার মুখোমুখি দাঁড়াল, এবং কোমরে হাত দিয়ে ঘাড় হেলিয়ে দেখতে লাগল।
ফিতে বাঁধতে বাঁধতে একবার ঝিনুককে দেখে নিল বিনু। তারপর খুব বিরক্তভাবে মুখটা অন্য দিকে ফিরিয়ে নিল।
ঝিনুক ডাকল, অ্যাই–
তাকিয়েই বিনু সাড়া দিল, কী?
তুমি তা হলে যাবে?
হ্যাঁ।
আমার কথা শুনবে না?
না।
বেশ। আমি মাসিমাকে সেই কথাটা বলে দিচ্ছি।
বিনু শুধলো, কোন কথাটা?
খুব আলতো করে ঝিনুক বলল, সেই যে জলে পড়ে গিয়েছিলে—
বিনু ভয় পেয়ে গেল। অনুনয়ের সুরে বলে, না না, বলো না।
আমার কথা না শুনলে বলবই।
বিনু এবার বোঝাতে চেষ্টা করল। সে গেলে ঝিনুকের তো কোনও ক্ষতি নেই। ঝিনুক কিন্তু কোনও কথাই কানে তুলল না। বলল, তুমি গিয়ে ঝুমার সঙ্গে দেখা করবে। ওর এয়ার-গান আছে, লুডো আছে। ক্যারম আছে, আমি সব জানি।
বিনু অবাক। হতভম্বের মতো বলল, ঝুমার সঙ্গে খেললে তোমার কী?
ন্না —
কী?
তুমি ওর সঙ্গে খেলতে পারবে না।
পুবের ঘরের বারান্দা থেকে হেমনাথের গলা ভেসে এল, কী হল রে দাদাভাই, জামা প্যান্ট পরতে কতক্ষণ লাগছে? শিগগির আয়–
ঝিনুক বলল, বলে দাও তুমি যাবে না।
বিনু বিদ্রোহ করতে যাচ্ছিল। তার চোখমুখ লক্ষ করে ঝিনুক দ্রুত বলে উঠল, না বললে সেই কথাটা কিন্তু–
বিনু ম্রিয়মাণ হয়ে গেল। মনে মনে বানিয়ে গলা তুলে বলল, আমি যাব না দাদু, বড় পেট ব্যথা করছে। বলে ধীরে ধীরে একে একে জুতো জামা খুলে ফেলতে লাগল। ভাবল, ঝিনুক নামে এই মেয়েটা বয়সে ছোট হলে কী হবে, অত্যন্ত সাঙ্ঘাতিক। একটা অমোঘ অস্ত্র পেয়ে গেছে সে। সেটা দেখিয়ে চিরকাল হয়তো ঝিনুক নিজের ইচ্ছেমতো বিনুকে চালিয়ে যাবে।
একটু নীরবতা। তারপর বিনু ঝাঁঝিয়ে উঠল, যেতে তো দিলে না, এখন আমি কী করব?
খুব নিরীহের মতো মুখ করে ঝিনুক বলল, পড়বে। পড়া হলে আমার সঙ্গে খেলা করবে।
রাগে বিনুর গা জ্বলতে লাগল। পারলে ঝিনুকের ঝুঁটি ছিঁড়ে দিত। তার বদলে চেঁচিয়ে মেচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলল, বয়ে গেছে এখন পড়তে, বয়ে গেছে তোমার সঙ্গে খেলতে।
দুপুরবেলা ঝিনুকের বই আর একখানা বন্দুক নিয়ে ফিরে এলেন হেমনাথরা। তারপর বাকি দিনটা বন্দুকের পরিচর্যা করে কাটালেন অবনীমোহন, সেই সঙ্গে সমানে শিকারের গল্প চলল। জিম করবেট থেকে শুরু করে পৃথিবীর বাঘা বাঘা শিকারিদের চমকপ্রদ কীর্তিকাহিনী বলে গেলেন তিনি। শুনতে শুনতে মনে হল, পশুপাখির প্রাণ নেওয়া ছাড়া জগতে অন্য কিছু জানা নেই অবনীমোহনের। সারা জীবন এই একটা কাজই তিনি করেছেন। মোট কথা, যখন যে স্রোতটি আসে সেটাই অবনীমোহনকে ভাসিয়ে নিয়ে যায়।
১.২৫ রঙিন প্রজাপতি হয়ে
দেখতে দেখতে আরও চার পাঁচটা দিন রঙিন প্রজাপতি হয়ে চোখের সামনে দিয়ে উড়ে গেল।
