লারমোরের কণ্ঠস্বরে এমন কিছু ছিল, আশ্বিনের বাতাসে ভেসে ভেসে যা সবার বুকে ঢেউ তুলে যেতে লাগল। অবনীমোহন বা অন্য কেউ কিছু বললেন না, অভিভূতের মতো বসে থাকলেন। একজন বিদেশি মানুষ এদেশকে কতখানি ভালবেসেছেন, আপন অস্তিত্ব লুপ্ত করে দিয়ে কিভাবে নিজেকে পূর্ব বাংলার পাখি-মেঘ-ফুল-ফসল-মানুষ এবং প্রকৃতির সঙ্গে একাকার করে দিয়েছেন অবনীমোহন যত ভাবছিলেন ততই অবাক হয়ে যাচ্ছিলেন। এখানকার আকাশে বাতাসে, মাঠে ঘাটে, শ্যামল বনানীতে নিজেকে শুধু হারিয়ে ফেলেন নি লারমোর, এই সজল সরস বাংলাদেশকে নিয়ে তার গৌরবেরও শেষ নেই।
লারমোর আবার বললেন, জানো অবনী, যৌবনে আমি এদেশে এসেছিলাম। তারপর চল্লিশ পঞ্চাশ বছর ধরে পূর্ব বাংলাকে দেখছি, দেখেই যাচ্ছি। প্রথম দিন দেখে যতখানি মুগ্ধ হয়েছিলাম, বিস্মত হয়েছিলাম, আজও সেই মুগ্ধতা সেই বিস্ময় আমার কাটে নি। বলতে বলতে হঠাৎ অত্যন্ত ব্যস্ত হয়ে ডাকলেন, হেম–
পাতের ভাত নাড়াচাড়া করছিলেন হেমনাথ। চোখ তুলে বললেন, কী বলছ?
দিনরাতই তো তুমি চরকি কলে ঘুরছ। দু’চারটে দিন ঘোরাফেরা একটু বন্ধ রেখে অবনীমোহনদের চারদিক ভাল করে দেখিয়ে দাও।
চরকি কলে আমি একলাই ঘুরি? তুমি ঘোরো না?
বাঁ হাতে ঘাড় চুলকোতে চুলকোতে লারমোর হেসে ফেললেন, তা অবশ্য ঘুরি।
হেমনাথ বললেন, ভাগনী ভাগনী-জামাই নাতি-নাতনী আমার একার নয়, তোমারও। এ দেশ ঘুরিয়ে তোমাকেও দেখাতে হবে।
লারমোর উদীপ্ত হয়ে ওঠেন, হাজার বার। বলে কী একটু ভেবে আবার শুরু করলেন, শুভস্য শীঘ্রম। কাল থেকেই শুরু করে দেওয়া যাক। কাল সুজনগঞ্জের হাট আছে। আমাকে ওখানে যেতে হবে। মেয়েরা তো এদেশে হাটে-বাজারে যায় না, কাজেই রঘুরা যাবে না। অবনীকেই নিয়ে যাব। আর–
হেমনাথ বললেন, কী?
তোমাকেও ছাড়ব না, আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে।
হেমনাথ বললেন, তুমি নিয়ে যাবে কি, নিজের গরজেই কাল আমাকে সুজনগঞ্জে যেতে হবে।
লারমোর শুধোলেন, তোমার আবার কিসের গরজ?
একটা কোষ নৌকো কিনতে হবে। সুবিধেমতো পেলে একজোড়া হালের বলদ কিনব। কিছু মশলাপাতি আনাজ টানাজ কেনা দরকার। তা ছাড়া–
তা ছাড়া?
সুজনগঞ্জের দোকানীরা এবার দুর্গাপুজো করতে চাইছে। সে ব্যাপারে আমার সঙ্গে কী যেন পরামর্শ করবে। তাই–
কিছু না বলে লারোর হাসতে লাগলেন।
ভুরু কুঁচকে হেমনাথ বললেন, হাসছ যে!
হাসি পেলে কী করব?
শুধু শুধু লোকের হাসি পায়?
তাই কখনও পায়? পেল তোমার কথায়। মশলাপাতি-নৌকো-বলদ কেনাটা বাজে ব্যাপার। আসলে দুর্গাপুজোর পরামর্শ দিতেই সুজনগঞ্জে যাচ্ছ।
হেমনাথ হঠাৎ রেগে গেলেন, তোমার কি ধারণা, চারদিকে পরামর্শ দিয়ে বেগার খেটে বেড়ানোই আমার কাজ? নিজের বাড়ির কিছুই দেখি না? তাহলে এই সংসার চলছে কী করে?
স্নেহলতা এবার উত্তরটা দিলেন, ভূতে চালাচ্ছে সংসার।
চেঁচিয়ে উঠতে গিয়ে হেমনাথ হেসে ফেললেন, তা যা বলেছ। আমার ভরসায় থাকলে এ সংসার আর চলত না।
হেমনাথের দেখাদেখি অন্য সবাই হেসে উঠল।
খানিকক্ষণ হাসাহাসির পর লারমোর বললেন, অবনীকে নিয়ে তুমি তৈরি থেকে। আমি খুব ভোর ভোর এসে তোমাদের নিয়ে যাব।
হেমনাথ বললেন, তুমি নৌকো নিয়ে আসবে?
হ্যাঁ।
তা হলে তোমার নৌকোতেই সুজনগঞ্জে যাওয়া যাবে।
অনেক আগেই বিনুর ঘুম ছুটে গিয়েছিল। খেতে খেতে অবনীমোহন লারমোর হেমনাথ আর স্নেহলতার কথাবার্তা শুনছিল সে। কিছু কিছু বুঝেছিল, কিছু কিছু আবার বুঝছিল না। নৌকোয় করে সুজনগঞ্জ যাবার কথা কানে যেতে আর চুপ করে থাকতে পারল না বিনু। আচমকা বলে উঠল, আমিও হাটে যাব।
লারমোর বললেন, তুই হাটে যেতে চাইছিস দাদা? নাই বা গেলি—
তুমি তো তখন বললে, মেয়েরা হাটে যায় না। আমি মেয়ে? তবে কেন যাব না?
রাইট। আমারই ভুল হয়েছিল, তুমি একেবারে খাঁটি মাসকিউলিন জেন্ডার। কিন্তু–
কী—
ভারি কষ্ট হবে যে তোর। আমার বেরুব সেই ভোরবেলায়, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে।
হোক রাত, আমার একটুও কষ্ট হবে না।
ঠিক তো?
ঠিক।
হাল ছেড়ে দেবার মতো লারমোর বললেন, তাহলে তুমিও তৈরি থেকো।
কাল প্রথম নৌকোয় চড়বে, আনন্দে বিনুর বুকের ভেতরটা ঢেউয়ের মতো দুলতে লাগল।
খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। উঠোনের একধারে আঁচাতে আঁচাতে হঠাৎ চঞ্চল হলেন লারমোর, এখন কত রাত হবে বল তো হেম?
চারদিক নিঝুম নিশুতি হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে হেমনাথ বললেন, দু’প্রহর পেরিয়ে গেছে, মনে হচ্ছে।
ইস, এত রাত হয়েছে! কথায় কথায় গল্পে গল্পে একদম খেয়াল ছিল না। এক্ষুণি আমাকে ফিরতে হবে। কাঁদেরের সকাল থেকে জ্বর, ফিরে গিয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে, বার্লি টার্লি জ্বাল দিয়ে দিতে হবে।
বিনু শুনেছে লারমোরের কেউ নেই। অথচ এই রাত্রিবেলা ফিরে গিয়ে তাকে বার্লি টার্লি জ্বাল দিতে হবে, কাদের নামে একটা লোককে ওষুধ খাওয়াতে হবে। নিতান্ত আপনজন না হলে কেউ কারও জন্য এতখানি চঞ্চল বা চিন্তিত হয় না।
বিনু শুধালো, কাদের কে? লারমোর বললেন, কাদের মিঞা। আমার গাড়ি চালায়।
সেই বুড়ো রুগ্ণ মসুলমান কোচোয়ানটি চোখের সামনে ভেসে উঠল। বিনু বলল, তোমার কাছেই থাকে কাদের মিঞা?
কোথায় আর থাকবে বল দাদা? লারমোর বলতে লাগলেন, তিরিশ বছর ধরে আমার কাছেই আছে। আমার মতো সংসারে ওরও কেউ নেই।
