–ঠিক আছে। একটা ঘরে ঢুকতে পারলেই হল।
নিজের ঘরে ফিরে এসে ক্লাউস আদ্যোপান্ত ব্যাপারটা তলিয়ে দেখে। কী হতে পারে? প্রফেসর কার্ল দুটি ঘর ভাড়া নিয়েছেন; 729 নিজের নামে, 728টা ফুকস-এর নামে। অথচ কাউন্টারে তিনি আত্মপরিচয় দিলেন ডক্টর ফুকস্ বলে। তার ওপর ছদ্মবেশ। প্রফেসর কার্ল একদিন স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, তাঁর পিছনে গুপ্ত আততায়ী লেগে থাকায় তিনি বিস্মিত নন। কেন? তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে কার কী লাভ? আচ্ছা, রোনাটা কি সব কিছু জানে? সব কথা। রোনাটাকে খুলে বললে কেমন হয়? কিন্তু সে যদি বিশ্বাস না করে? যদি ভাবে, তার স্বামীর বিরুদ্ধে কতকগুলো মিথ্যে অভিযোগ আনছে সে। প্রমাণ করবে কেমন করে?
হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। ক্লাউস সেটা তুলে নিয়ে বললে, হ্যালো?
-তুমি ঘরে ফিরে এসেছ? কতক্ষণ?
–রোনাটা কথা বলছে পাশের ঘর থেকে।
–এইমাত্র। প্রফেসর আছেন?
–না। ও তো সেই সকালেই বেরিয়ে গেছে। এস না এ ঘরে? চল, এখনই কোথাও বের হই! চুপচাপ এমন ঘরে বসে থাকার জন্য পারিতে এসেছি নাকি?
-তুমি তৈরি হয়ে নাও তাহলে।
–এ ঘরে এসে দেখ আমি তৈরি কি না।
নিজের ঘরে তালা দিয়ে ও চলে আসে এ-ঘরে। রোনাটা তৈরি হয়েই বসেছিল। নিখুঁত সেজেছে সে।
-বাস রে! এত সাজের ঘটা?
–বাঃ। ভুলে গেছ? আজ সন্ধ্যার পর ফলি বার্জার-এ যাওয়ার কথা আছে না।
–ও হ্যাঁ, তাই তো! না, না, আমি ভুলিনি। কিন্তু তার তো অনেক দেরি। তুমি বোসো দেখি ওখানে। তোমাকে কয়েকটা জরুরি কথা বলতে চাই
-বল।-রোনাটা তার স্কার্ট সামলে আলতো করে বসে সামনের চেয়ারটায়।
ভুল বুঝো না আমাকে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না..আই মিন, প্রফেসর কালের বিষয়ে। আচ্ছা, তুমি কি সম্প্রতি তাঁর ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছ?
রোনাটা স্পষ্টই সতর্ক হয়। গম্ভীর হয়ে বলে, বলছি। কী একটা দুশ্চিন্তায় উনি একেবারে মুষড়ে পড়েছেন। আমাকে কিছু বলতে চান না, কিন্তু বেশ বুঝতে পারি, সেই চিন্তাটা ওঁকে কুরে কুরে খাচ্ছে। রাত্রে ঘুমোন না। সারারাত পায়চারি করেন–
-তুমি কি মনে কর প্রফেসরের কোনো শত্রু আছে? কেউ তাকে ব্ল্যাকমেল করছে?
–আমার তো তা মনে হয়নি এতদিন। অমন দেবতুল্য মানুষের শত্রু থাকবে কেন?
ফুকস্ কিছুক্ষণ চুপ করে ভাবে। তারপর মনস্থির করে বলে, আমি যদি বলি প্রফেসর কার্লকে হত্যা করবার উদ্দেশ্যে একজন আততায়ী সর্বদা ওঁর পেছনে ঘুরছে–বিশ্বাস করতে পার?
অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে রোনাটা। তারপর নীরবে মাথা নেড়ে জানায়না।
ক্লাউস আর দ্বিধা করে না। ওদের সেই দুর্ঘটনার আনুপূর্বিক একটা বনা দেয়। উপসংহারে বলে, প্রফেসর কার্ল আমাকে বারণ করেছিলেন একথা কাউকে জানাতে। আমি কাউকেই বলিনি, অথচ কেমন করে জানি আর্নল্ড সেটা জেনে ফেলেছে। তোমাকেও এতদিন বলিনি। আজ আর একটা ঘটনা ঘটায় মনে হল তোমার জানা উচিত। তাই বললাম। বিশ্বাস করতে পারলে?
একটা দীর্ঘশ্বাস ফেলে রোনাটা বললে, তুমি মিছিমিছি আমাকে মিথ্যা কথাই বা বলবে কেন? তাছাড়া আজ বুঝতে পারছি, আর্নল্ড কেন সেদিন আমাকে অত জেরা করছিল।
–কবে? কী জাতীয় জেরা?
-কতকগুলো ফটো দেখিয়ে জানতে চাইল, তাদের আমি চিনি কিনা। লস অ্যালামসে তাদের আমি কখনও দেখেছি কিনা। আমি সবচেয়ে অবাক হলাম যখন আর্নল্ড বললে, আপনাকে যে এসব প্রশ্ন করেছি তা কাউকে বলবেন না। আপনার। স্বামীকেও নয়।
–কেন, তা জানতে চাওনি তুমি?
–চেয়েছিলাম। আর্নল্ড বলেছিল, এটা কার্লের ভালোর জন্যই। কিন্তু তুমি তখন কী বললে? আজ আর একটা ঘটনা কী ঘটতে দেখেছ বলছিলে—
ফুকস্ সরাসরি সে প্রশ্নের জবাব না দিয়ে প্রশ্ন করে, তুমি ডক্টর অ্যালেন নান মে-র নাম শুনেছ?
–শুনেছি। একটা ঘৃণিত বিশ্বাসঘাতক। কাগজে দেখেছি তার জেল হয়েছে। ফাঁসি হওয়া উচিত ছিল যদিও।
হাসল ফুকস্ ওর উত্তেজনা দেখে। বললে, তুমি ডেক্সটার’-এর নাম শুনেছ?
–কে ডেক্সটার? অনেক ডেক্সটারকেই আমি চিনি। ওটা একটা সাধারণ নাম। কার কথা বলছ তুমি?
ফুকস্ সংক্ষেপে লস অ্যালামসের তথাকথিত প্রতারক ডেক্সটার-এর কথা বলে। ইতিপূর্বে আর্নল্ড এবং তারও আগে লস অ্যালামসে ম্যাককিলভি তাকে যেটুকু বলেছিল সেটুকুও জানায়। শুনতে শুনতে কেমন যেন বিচলিত হয়ে ওঠে রোনাটা। হঠাৎ চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়িয়ে বলে, এনাফ। এনাফ অফ ইট। তুমি আজ কী দেখেছ বলো?
ফুকস্ অতঃপর মাত্র আধঘণ্টা আগে যা দেখেছে তার একটা আনুপূর্বিক বর্ণনা দেয়।
রোনাটা বলে, তুমি নিশ্চয় ভুল দেখেছ, ভুল শুনেছ। এ কখনও সত্য হতে পারে। প্রফেসর কার্ল একজন দেবচরিত্রের মানুষ। তুমি তাকে..না, না, ছি, ছি!
ফুকস্ নিজেকে গুটিয়ে নেয়। বলে, তাই হবে–হয়তো ভুলই দেখেছি। ভুলই শুনেছি।
–নিশ্চয়ই। উনি তো সেই সকালে বেরিয়ে গেছেন। তাছাড়া দাড়ি-গোঁফ এঁটে…তোমার মাথা খারাপ!
ফুকস্ উঠে দাঁড়ায়। বলে, কই বের হবে বলেছিলে যে?
-না। মেজাজটা খিঁচড়ে গেছে। বস তুমি। আচ্ছা, ঈশ্বরের নামে শপথ নিয়ে বলতো জুলি, তুমি নিজে এটা বিশ্বাস করতে পারছ? আমার স্বামী এতবড় বিশ্বাসঘাতক?
ফুকস্ একটুক্ষণ চুপ করে কী যেন ভাবে। তারপর প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে বলে, ঈশ্বরের নামে শপথ আমি নিই না রোনাটা। আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। আমি নাস্তিক।
