গগ্যা ঘুরে দাঁড়ায়। আপাদমস্তক সুলেখা দেবীকে দেখে নিয়ে বলে, –আমার ছবি এখানে নেই।
সাবমিট করেছিলেন সিলেকশান পাননি, না কি সাবমিট করবারই সাহস হল না।
গগ্যা ম্লান হেসে বলে, না, আমি কোন ছবি দাখিলই করিনি।
–গতবার করেছিলেন, না? সিলেকশান পায়নি?
–না, গতবারও আমি সাবমিট করিনি। করেছিল বটুক।
—-আপনার বিনা সম্মতিতে?
-না, সম্মতি ছিল; কিন্তু আমি জানতাম ওরা আমার ছবির মানে বুঝবে না–
এবার সুলেখা দেবী তীক্ষ্ণ ব্যঙ্গের হাসি হেসে বলেন, –ঐ ধারণাটাই বুঝি আপনার তরফে কনসোলেশান প্রাইজ?
গগ্যা জবাব দিল না। এক নম্বর হার হল বোধ হয় তার।
ছবি দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হই পোর্ট্রেট সেকশানে। অতুল বসুর একটি ছবি ফার্স্ট প্রাইজ পেয়েছে। দ্বিতীয় প্রাইজ পেয়েছেন দক্ষিণ ভারতের কে একজন চিত্রশিল্পী–নাম ভুলে গেছি। বটুক পেয়েছে কনসোলেশান প্রাইজ! ছবিটা বেশ ভালই উৎরেছে। আমি এটা অর্ধসমাপ্ত দেখেছিলাম মাস কয়েক আগে। গগ্যা ছবিটা দেখে হঠাৎ সুলেখা দেবীর দিকে ফিরে বললে, আজকের দিনে ঐ বেনারসীটা না পরে এলেই পারতেন। ঐ দেখুন সবাই আপনার দিকে তাকাচ্ছে! এতক্ষণে লক্ষ্য হয়, চিত্রে বটুক যে বেনারসীখানা এঁকেছে সেখানাই পরে এসেছেন সুলেখা দেবী। কিন্তু এভাবে গগ্যার বলা উচিত হয়নি। সুলেখা দেবী কিন্তু ভ্রূক্ষেপ করলেন না, বেশ সপ্রতিভভাবে বললেন, আপনি নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দেন, অথচ রূপসজ্জার এই ফাণ্ডামেন্টাল কথাটাই জানেন না? সজ্জার মূল উদ্দেশ্য হচ্ছে অপরের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করা। এই যে আপনি দাড়ি কামান না, চুলে তেল দেন না এর বেসিক মোটিভটা কি? ব্লেড কেনবার পয়সা নেই, দুপয়সার সরষের তেল কিনতে পারেন না বলে তো নয়! আপনি পাঁচজনের দৃষ্টি আকর্ষণ করতে চান। বলতে চান–ওগো তোমরা আমাকে চিনে নাও, আমি আর্টিস্ট! আমার ছবি একজিবিশানে সিলেকটেড না হলেও আমি বোহিমিয়ান আর্টিস্ট!
শুধু গগ্যাই নয় আমিও অবাক হয়ে যাই। সুলেখা দেবী কি রীতিমত লেখাপড়া জানা মেয়ে?
গগ্যার এবারও বাক্যস্ফুর্তি হল না। দু নম্বর হার হল তার।
সুলেখা দেবী হঠাৎ আমার দিকে ফিরে বললেন, বড্ড স্টাফি লাগছে, চলুন বাইরে গিয়ে কোথাও বসি।
হঠাৎ গগ্যার দিকে ফিরে বলেন, –আচ্ছা চলি, নমস্কার।
অর্থাৎ- তুমি আমার লেজুড় ধরে সঙ্গে সঙ্গে এস না বাপু!
গগ্যা নক-আউট!
.
১০.
এই সময়ে, বুঝলে নরেন, নিতান্ত ঘটনাচক্রে একদিন আমার সঙ্গে দেখা হয়ে গেল চন্দ্রভানের। শ্যামবাজারের দিকে একটি রোগী দেখতে গিয়েছিলাম। রোগী দেখে কর্ণওয়ালিস্ স্ট্রীট ধরে মেডিক্যাল কলেজে ফিরছি, হঠাৎ নজর হল হেদোর ধারে একটা প্যাকিং বাক্সের উপর বসে আছে আমারই বয়সী একজন লোক। দেখেই চেনা চেনা লাগল, পরমুহূর্তেই চিনে ফেললাম তাকে। প্রায় বিশ বছর পরে তাকে দেখছি, কিন্তু চিনতে আমার ভুল হয়নি। এ নিশ্চিত সেই চন্দ্রভান। গাড়ি থামিয়ে নেমে এলাম। লোকটা চুপ করে বসে আছে কী ভাবছে। গায়ে একটা হাফ-সার্ট, তার উপর আলোয়ান, নিম্নাঙ্গে একটা পাৎলুন–পায়জামার মত ক্রীজহীন। পায়ে ছেঁড়া চটি। মুখে খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ; চুলে বহুদিন তেল চিরুনি পড়েনি। বয়সে বেড়েছে, বেশ রোগাও হয়ে গেছে সে। জমিদার বাড়ির আলালের ঘরের সেই দুলালটির চিহ্নমাত্র অবশিষ্ট নেই। ওকে চিনতে পারলাম ওর সেই অদ্ভুত চোখ দুটো দেখে। আর কান দুটো। চন্দ্রভানের কান দুটো যেন ওর বিদ্রোহী আত্মার বিজয় কেতন। সহজে ভুল হবার নয়!
-কি রে, চিনতে পারিস?
ও কি যেন ভাবছিল আপন মনে। চমকে ওঠে আমার ডাক শুনে। তড়াক করে উঠে দাঁড়ায় প্যাকিং বাক্সটা ছেড়ে। বলে, আরে! তুই দীপু না?
জড়িয়ে ধরল একেবারে। ম্যাট্রিক পাস করার পর পাক্কা উনিশ বছর কেটে গেছে। আমার কোন সংবাদই সে রাখত না। ওর সম্বন্ধে আমিও তখন বিশেষ কিছু জানতাম না। লোকমুখে শুনেছিলাম, সে সংসার ছেড়ে বিবাগী হয়ে গিয়েছিল। আর শুনেছিলাম সে নাকি ধর্মত্যাগ করে খ্রীষ্টান হয়ে গেছে। আর কিছু জানতাম না।
-তুই যে একেবারে সাহেব হয়ে গেছিস রে, অ্যাঁ? মটোর গাড়ি? তোর? কিনেছিস?
আমার নিখুঁত স্যুট আর গাড়িটা সে দেখছিল। ঈর্ষার কণামাত্র লক্ষ্য হল না ওর বিস্মিত দৃষ্টিতে। সে যেন খুব খুশি হয়েছে আমার এ উন্নতিতে। বললে, তুই আজকাল কি করছিস রে দীপু? তোর খবর বন্?
ডাক্তার হয়েছি আমি। মেডিক্যাল কলেজে অ্যাটাচ আছি। প্রাইভেট প্র্যাকটিও করি।
বাঃ! বাঃ! তুই তা হলে জীবনে সফল হয়েছিস! ভারি ভাল লাগছে শুনে।
–তুই এখানে বসে কি করছিলি?
চন্দ্রভান হাত দিয়ে দেখিয়ে দিল হেদোর রেলিঙে টাঙানো একগাদা ছবি। রেলিঙের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে দড়ি খাটানো। তাতে ক্লিপ দিয়ে আটকানো খান দশ বারো ছবি। ফ্রেম নেই, বাঁধানো নয়। কিছু পেনসিল স্কেচ, কিছু ক্রেয়নে, খান তিনেক জলরঙে। এছাড়া রেলিঙের গায়ে ঠেস দিয়ে রাখা আছে খান চার-পাঁচ তেলরঙের ক্যানভাস। হায় ঈশ্বর! শেষে চন্দ্রভানও ছবি আঁকতে শুরু করল? খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখলাম। কয়েকটি নিসর্গ দৃশ্য। একটা ভাঙা গীর্জা, পশ্চাৎপটে কি একটা ফ্রেম-স্ট্রাকচার, তাতে গোল গোল দুটো চাকা। দেবদারু গাছের সারির মাঝখান দিয়ে রাঙা মাটির আঁকাবাঁকা পথ। কতকগুলি কুলি রমণীর ছবি। জনা-কতক সাঁওতাল গোল হয়ে বসে বোধকরি হাঁড়িয়া খাচ্ছে। সাঁওতালী নাচের পালা–মাদল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, মেয়েরা নাচছে। একটা কাঠের সাঁকো নিচেকার জলে সাঁকোটা প্রতিবিম্বিত, একটা নৌকা, কজন জলে কাপড় ধুচ্ছে, সাঁকোর উপর একটা এক-ঘোড়ার গাড়ি। আর একটা তেল রঙের ছবি–মাঝখানে জ্বলছে কেরোসিনের টেমি, তিনটি কুলি রমণী ও একজন পুরুষ গোল গোল ডিমের মত কি যেন খাচ্ছে; চিত্রকরের দিকে পিছন ফিরে বসে আছে একটি বছর আষ্টেকের মেয়ে, চিত্রের কেন্দ্রস্থলে।
