এই আবহাওয়াতেই বটুকেশ্বরের শিল্পকর্মে হাতেখড়ি। সে কিন্তু ভাবাদর্শ পুরোপুরি মেনে নিতে পারেনি। অবনীন্দ্রনাথ তার গুরু বটে কিন্তু মনে মনে সে গুরুত্বে বরণ করেছিল রবি বর্মাকে। পাশ্চাত্যখণ্ডের মিকেলাঞ্জেলো, রাফেল, তিশান, রেমব্রান্টও তার গুরু। ভারতীয় সমসাময়িক চিত্রকরদের মধ্যে একমাত্র যামিনী প্রকাশকে তার ভাল লাগতো। তাঁর ছবিতে মানুষের হাত-পা অস্বাভাবিক মনে হত না। ফলে, পৌরাণিক বিষয়বস্তু নিয়ে আঁকা তার প্রথম প্রচেষ্টা দেখে অবনীন্দ্রনাথ হাসতে হাসতে বলেছিলেন, –তুমি যে আমাকেই অগ্নিপরীক্ষায় ফেললে বটুক!
আমি বলি, –তা পৌরাণিক বিষয়বস্তু না হোক ঐতিহাসিক বিষয় নিয়েও তো আঁকতে পারিস?
–ওরে বাবা! সুরেশদার লক্ষ্মণসেনের পলায়ন নিয়ে যে কাণ্ডটা ঘটে গেল তারপর আর ঐতিহাসিক ছবি আঁকতে আছে? অত ইতিহাসজ্ঞান আমার নেই।
তাই বটুক এঁকে যায় একটি নারীমূর্তির আলেখ্য। নানান ভঙ্গিতে। যার দেহসৌষ্ঠব তার অতি পরিচিত, আর লোকলজ্জার ভয়ে যার মুখোনি ওকে কল্পনা করতে হয়।
আমাদের আলোচনা বেশ জমে উঠেছে, এমন সময় গগন পাল এসে হাজির। একমুখ দাড়ি, চুলগুলো উসকো-খুসকো। কাটে না আজকাল–পিছনদিকে বাবরির। আকার নিয়েছে। বেশ রোগা হয়ে গেছে গগ্যা। ভাল করে খেতে পায় না বোধহয়। গায়ে একটা ময়লা ঘেঁড়া হাফসার্ট। তার বোতামগুলো খোয়া গেছে। তাই রোমশ বুকের। অনেকটাই প্রকট। পায়ে তালপাতার চটি।
–এই যে, ডাক্তারসাহেবও আছেন দেখছি!
আমি জবাব দিই না। বটুক কিন্তু উচ্ছ্বসিত হয়ে ওঠে, আয় আয়! বাঃ, কী যোগাযোগ! একই দিনে দুজন এসে হাজির। এ অকেশান সেলিব্রেট করতে হয়।
আবার তিন কাপ চায়ের অর্ডার দিল বটুক।
গগন একটা টিনের চেয়ার টেনে নিয়ে বসে। বলে, –মটুকু, গোটা দশেক টাকা দিবি?
–আরে দাঁড়া ভাই। আগে বল্, নতুন কি আঁকলি?
ঝাঁট দে ওসব ছেঁদো কথা!
বটুক রুখে ওঠে, –ছেঁদো কথা মানে? তুই তো সব কিছুকে ঝাঁট দিচ্ছিস ঐ ছবির জন্যে। সেটাও তোর কাছে ছেঁদো কথা?
গগন সেকথার জবাব দিল না। সে একদৃষ্টে তাকিয়ে দেখছিল আলোর নিচে রাখা পূজারিণীর দিকে। বললে, –মটকু, কেন বাওয়া রঙের শ্রাদ্ধ করছিস? একটা ক্যামেরা। কিনে ফেল। তাতে তবু তো বউকে চেনা যাবে।
বটুকের উৎসাহ নিভে গেল হঠাৎ। আমতা আমতা করে বললে, দূর! ও বুঝি আমার বউ? ও তো পূজারিণী। একটা আইডিয়া।
হো হো করে হেসে উঠল গগন। বললে, –তুই আমার কাছেও চাল মারবি? ও ছুকরির আপাদকণ্ঠ যে আমার চেনা আছে ব্রাদার। মুণ্ডুখানা হয় কল্পনা করেছিস, না হলে আঁকতে পারিসনি। তা ডাক্তারসাহেবকে ডাকতে হল কেন? নিমুনিয়া হয়েছে বলে?
নিমুনিয়া? কার?
কার আবার, তোর বউয়ের। ভিজে কাপড়ে তাকে সিটিং তো কম দিন দিতে হয়নি! তা একটা কথা আমাকে বুঝিয়ে দে তো মকু। ছুঁড়ি ভিজে তাঁতের শাড়ি পরে মন্দিরে যাচ্ছে কেন? শুকনো গরদ কি তসরের শাড়ি পরলে ক্ষতি কি ছিল?
বটুক স্পষ্টতই আহত হয়েছিল। গম্ভীরভাবে বললে, শিল্পী বোধহয় কল্পনা করেছেন–ঐ পুকুরে স্নান সেরে মেয়েটি মন্দিরে যাচ্ছে, ভিজে কাপড় এখনও সে ছাড়েনি।
বুঝলাম। কিন্তু সায়া-সেমিজ-জ্যাকেট খুলে বুঝি গাঁয়ের মেয়েরা নাইতে যায়?
এবার বটুকের তরফে আমিই অগ্রসর হয়ে আসি। বলি, এতে রিয়ালিস্টিক ভাবই ফুটেছে। গ্রামের মেয়েরা দরিদ্র–সায়া-সেমিজ-জ্যাকেট তারা দিবারাত্র পরে না।
–ও, রিয়ালিসম! কথাটা আমার খেয়াল ছিল না। তা তো ঠিকই। গাঁয়ের মেয়েদের অত পয়সা কোথায়? রুজ, আলতা, লিপস্টিক কিনতেই তো সব খরচ হয়ে যায়!
–তার মানে?
–তাই দেখছি কিনা! বটুকের বউ–আই মীন, ঐ পূজারিণীর কাপড় ভিজে একসা হয়েছে, অথচ প্রসাধনটা ধুয়ে যায়নি। মায় কপালে সিঁদুরের টিপটা পর্যন্ত স্নানের সময় ধেবড়ে যায়নি। রিয়ালিস্টিক ছবি কিনা!
বটুক কোন প্রতিবাদ করে না। খবরের কাগজে মুড়ে ছবিখানা সরিয়ে রাখে।
–দে, সিগ্রেট দে।
বটুক নিঃশব্দে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দেয়। চা খেয়ে, সিগারেট ধ্বংস করে এবং আশ্চর্য-নগদ দশ টাকা ধার নিয়ে গগন উঠে পড়ে। যাবার সময় আমার দিকে ফিরে বলে, -ডাক্তারসাহেবের পসারের এখন কোন স্টেজ? শতমারী, না সহস্ৰমারী?
আমি জবাব দিইনি। গগনও আমার উত্তরের জন্য অপেক্ষা করে না। বটুকের প্যাকেট থেকে আর একটা সিগারেট নিয়ে ফুঁকতে ফুঁকতে চলে যায়।
ও চলে যাবার পর বটুককে বলি, –গগ্যাকে এ পর্যন্ত কত টাকা ধার দিলি?
এবারও বটুক জবাব দেয় না। টুকিটাকি নাড়তে থাকে। বেশ অন্যমনস্ক হয়ে পড়েছে সে।
-কি রে? জবাব দিলি নে যে বড়? কেন তুই ঐ লোফারটাকে প্রশ্রয় দিস?
হঠাৎ মুখ তুলে তাকায় বটুক। বলে, দীপু! আমার একটা কথা বিশ্বাস করবি? আজ থেকে একশো বছর পরে যদি কেউ তোর-আমার নাম উচ্চারণ করে তবে তা করবে এইজন্য যে, আমরা গগন পালের বন্ধু ছিলাম!
এর চেয়ে ও যদি আচমকা আমাকে একটা চড় মেরে বসত আমি কম অবাক হতাম!
আমার চমকটা ভাঙার আগেই ও বললে, হতভাগাটা কিছুতেই ওর ছবি বেচবে না। কাউকে দেখাবে না
–ওর ছবি এখন বাজারে ছাড়লে বিক্রি হবে?
–বোধহয় না। গতবছর আর্ট এজিবিশানে আমি জোর করে ওর দুখানা ছবি পাঠিয়েছিলাম। সিলেকশান পায়নি। লজ্জায় আমার মাথা কাটা গেল। আর ও হতভাগা বললে, -মটুকু, এ আমি জানতাম রে! আমার ছবি সিলেকসান পাবে আজ থেকে পঞ্চাশ বছর পরে। তুই জিজ্ঞাসা করছিলি এ পর্যন্ত কত টাকা ওকে ধার দিয়েছি? তা শতখানেকের উপর হবে। জানি, শোধ ও দেবে না; কিন্তু তবু না দিয়ে পারি না। আর টাকার কথাই যদি বলিস–তাও শোধ হবে! আজ ব্যাঙ্কে ঐ শতখানেক টাকা রাখলে সুদসমেত সেটা যত টাকা হবে তার দশ-বিশগুণ বেশি টাকা পাবে আমার নাতি এই ছবিখানা বিক্রী করলে।
