বন্ধুপত্নী? তার মানে বন্ধু এবং পত্নী দুটো সম্পর্কই স্বীকার কর তুমি?
–তুই ভীষণ চটে আছিস মনে হচ্ছে?
আমি নীরবে ধূমপান করে চলি।
–এই দীপু! সেদিন তুই চা খাওয়াতে চেয়েছিলি। আমি খাইনি। আজ খাওয়াবি মাইরি এক কাপ? পকেটে একটা পয়সা নেই।
বত্রিশটা টাকা সাত দিনে ফুঁকে দেবার মত নবাবিয়ানার আয়োজন তো দেখছি না।
—ও বাবা; তুই যে পাই-পয়সার হিসাব রাখিস দেখছি! হ্যাঁ, সব খরচ হয়ে গেছে। অনেক সাজসরঞ্জাম কিনতে হল কিনা।
-কিসের সাজসরঞ্জাম?
থাক বাবা; চা খেতে চাই না আমি।
পকেট থেকে একটা দোয়ানি বার করে ওর হাতে দিই। ও বলে, –পয়সা আমি নিয়ে কি করব? দোকানিকে দিবি। আয়, চা-টা খেয়ে আসি বরং।
দুজনে উঠে এলাম ঘর ছেড়ে। গগন গায়ে গেঞ্জিটা চড়ালো না। পায়েও দিল না কিছু। দরজাটা হাট করে খোলা রইল। ভ্রূক্ষেপ নেই ওর। দোকান রাস্তার ওপরেই। দুহাত বাই দুহাত দোকান! উপরে পান-বিড়ির আয়োজন, নিচে তোলা-উনুনে জল ফুটছে. মাটির ভাঁড়ে করে দু ভড় চা দিল দোকানি। চায়ের সঙ্গে তার সাদৃশ্য শুধু মাত্র উত্তাপে। তারিয়ে তারিয়ে ভাড়টা নিঃশেষ করে গগ্যা বললে, চল ঘরে গিয়ে বসি।
আবার মুখোমুখি বসলাম দুজন। দুই বাল্যবন্ধু। বর্তমানে প্রতিপক্ষ। আমি বলি, — আমার সময় কম গগ্যা। ভণিতা ছেড়ে সোজা কথায় আসা যাক। এভাবে পালিয়ে এসেছিস কেন?
–পালিয়ে মোটেই আসিনি। ঠিকানা জানিয়েই এসেছি। না হলে তুই এ বস্তীতে আমাকে কিছুতেই খুঁজে পেতিস না।
না হয় পালিয়ে নয়, চলে এসেছিস। তাই বা এসেছিস কেন? তোর বউ ছেলে মেয়ে খাবে কি?
–এতদিন যা খেয়ে এসেছে। ওরা আমার উপার্জনে খেত না।
–শান্তি দেবীর বিরুদ্ধে তোর আসল অভিযোগটা কি?
অভিযোগ? কিছুমাত্র না।
কিন্তু এভাবে স্ত্রীকে ত্যাগ করলে পাঁচজনে তোকে গালমন্দ দেবে না?
–গালমন্দ দেওয়া পাঁচজনের স্বভাব। ও আমি ভ্রূক্ষেপ করি না।
স্বভাব কেন? অন্যায় করছে দেখলে সবাই বলবে। তোর বাপান্ত করবে।
করুক। ওরা বাপান্ত করার আগেই বাপ আমার অন্ত লাভ করেছেন।
–তোর লজ্জা হচ্ছে না?
কিছুমাত্র না।
তুই মানুষ না, জানোয়ার! একটা পাষণ্ড! একটা চামার!
মেনে নিলাম।
আমার দম ফুরিয়ে গেল। একতরফা ঝগড়া চলে না। গগন অহেতুক ঝগড়া বাধাতো। অথচ এখন নির্বিবাদে সব গাল হজম করে নিল। এবার কি বলব? কিন্তু এত সহজে হার মানা চলে না। আবার নবোদ্যমে শুরু করি, –এইমাত্র বললি, তোর কাছে একটা পয়সা নেই, তুই খাবি কি?
-রোজগার করব।
কোনও বিকার নেই ওর। জবাবগুলো ওর ঠোঁটের আগায়। মনে মনে ও বোধহয় এসব প্রশ্নোত্তরের মহড়া করে রেখেছে। আবার বলি, -জানিস, আমরা আইনত তোকে বাধ্য করতে পারি বউয়ের কাছে ফিরে যেতে? তাদের ভরণপোষণের দায়িত্ব তুই অস্বীকার করতে পারিস না!
-ভুল করছিস দীপু। আইনের মাধ্যমে আমাকে বউয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবার ক্ষমতা তোদের নেই। আইনত তোরা হয়তো আমাকে জেল খাটাতে পারিস। তাও ঠিক পারিস কিনা জানি না। সেটা আদালতে ফয়সালা করা চলে।
হ্যাঁ জানি। এটা হতভাগ্য ভারতবর্ষ! তাই এক স্ত্রী বর্তমান থাকতে আর একটা বিয়ে করায় আইনত কোন বাধা নেই; কিন্তু নিতান্ত অমানুষ না হলে কেউ সেটা করে?
মাথা ঝাঁকিয়ে গগ্যা এতক্ষণে বিরক্তি প্রকাশ করে। বলে, ঝাঁট দে ওসব ছেঁদো কথা! থিওরেটিক্যাল কথাবার্তা আপাতত বাদ দে। দুটো বিয়ে তো আমি করিনি।
-করিসনি; কিন্তু করবি তো?’
–কি করব? আর একটা বিয়ে? ঝাঁট দে ওসব ছেঁদো কথা!
বিয়ে করবি না তো কি রক্ষিতা করে রাখবি?
কাকে?
যাকে নিয়ে পালিয়ে এসেছিস?
গগ্যা অনেকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তারপর এতক্ষণে আমার প্যাকেট থেকে সিগারেট নিয়ে ধরায়। বলে, কী আবোল-তাবোল বকছিস দীপু?
–তুই অস্বীকার করতে চাস জি. এস. নামে একটা মেয়েকে তুই নিয়ে আসিসনি?
—জি. এস.? তার মানে? এসব কার কল্পনা? শান্তি না তার ফুলদা?
-কল্পনা কারও নয় গগ্যা। আমি নিজের চোখে দেখেছি। তোর দোকানঘর থেকে বের হয়েছে রাশি রাশি ছবি। আর তাতে লেখা টু পল, ফ্রম জি. এস.।
কোথাও কিছু নেই প্রচণ্ড স্বরে হাসতে গিয়ে কেশে উঠল গগ্যা। সিগারেটের ধোঁয়া ছিল তার মুখে। কাশতে কাশতে চোখে জল এসে গেল বেচারির। তারপর মুখ চোখ মুছে স্থির হয়ে বসে বলে-বেচারি শান্তি! প্রেম আর ভালবাসা ছাড়া আর কিছু জানে না। এ ঐসব ম্যাগাজিন পড়ার ফল। ঐ প্রগতি-মগতি।
তুই বলতে চাস এর মধ্যে দ্বিতীয় একটি মেয়ে নেই?
ঝাঁট দে! আমি ঢাকা থেকে খোলা মনে একা এসেছি। এখানে একাই আছি।
ছবিগুলো তাহলে কে এঁকেছে?
–আমি।
–তুই? তুই তো ছবি আঁকতে জানিস না। তাছাড়া ছবিগুলো তো তোকেই উৎসর্গ করা। তাহলে জি. এস. কে?
–ছবিগুলো গগ্যা দি আর্টিস্টকে দিয়েছে গগ্যা দি শপ কীপার!
মাথামুণ্ডু কিছুই বোঝা যায় না। বলি, তুই এখানে কি করতে চাস?
ছবি আঁকতে চাই।
ছবি আঁকতে চাস? তুই গগন পাল? আর্য মিশনের সেই গগ্যা?
এতক্ষণে সোজা হয়ে উঠে বসে। আমার চোখে চোখ রেখে যেন প্রতিধ্বনি করে, — ঠিক তাই ছবি আঁকতে চায়, গগন পাল? আর্য মিশনের সেই ফেল করা ছেলে, গগ্যা! কেন, আপত্তি আছে?
-না, আপত্তি করলেই বা শুনছে কে? কিন্তু দোকানদারী করতে করতেও তো ছবি আঁকা যায়?
–সেসব সৌখীন মজদুরী। আমি সর্বতোভাবে ইবি আঁকায় আত্মনিয়োগ করতে চাই।
