গনেশ ব্যস্ত হইয়া তামাকের পাতা ও একটা কাঠের চামচে করিয়া চুন আনিয়া মোড়লের কাছে নামাইয়া দিল। মোড়ল চুন ও তামাকপাতা লইয়া খইনি তৈয়ার করিতে আরম্ভ করিল। এতক্ষণে সে যেন খানিকটা চেতন ফিরিয়া পাইল, বলিল, ধান যখন নিলম আপনার ঠেঞে, তখন সিটি দিব না, কি করে বুলব গো মোড়ল?
পাল হাসিয়া বলিল, এই! মাঝি, সব বেচে মানুষ খায়, কিন্তু ধরম বেচে খেতে নাই। তোরা দিবি না এ ভাবনা আমার এক দিনও হয় নাই। তোর সঙ্গে কারবার করছি এতদিন, তোকে আমি খুব জানি। তবে কি জানিস, এই মামলা-মোকদ্দমায় পড়ে আমি নিজে কিছু দেখতে পারলাম না। ছেলেগুলো সব বোকা, ছেলেমানুষ তো। বছর বছর হিসেব করে যদি বলে দিত যে, মাঝি এই তোদের সব বাকি থাকল, তবে তো এই গোলটি হত না। আমি এবার খাতা খুলে দেখে তো একেবারে অবাক!
কমল খানিকটা খইনি ঠোঁটের ফাঁকে পুরিয়া বলিল, হুঁ, আমরাও তো তাই হলাম গো।।
শ্রীবাস ক্রুদ্ধ ভঙ্গিতে বলিয়া উঠিল, তার জন্য ছেলেগুলোকে আমি মারতে শুধু বাকি রেখেছি। আবার ক্ষণিক নীরবতার পর বলিল, এবার থেকে সূক্ষ্ম হিসাব করে আমি নিজে বসে তোদের ঝঞ্জাট মেরে দোব, কিছু ভাবিস না তোরা।
কমল বলিল, হুঁ, সেইটি তু করে দিবি মোড়ল।
নিশ্চয়। এখন এক কাজ ক, তোরা বাপু খাতাতে যে বাকি আছে, সেই বাকির হিসেবে একটা টিপছাপ দে। আর কার কি ধান চাই বল, আমি জুড়ে দেখি, কত ধান লাগবে মোটমাট। তারপর লে কেনে ধান কালই।
কমল টিপছাপের নামে আবার চুপ করিয়া গেল। টিপসহিকে উহাদের বড় ভয়। ওই অজানা কালো কালো দাগের মধ্যে যেন নিয়তির দুর্বার শক্তি তাহারা অনুভব করে। খত শোধ করিতে না পারিলে শুধু তো এখানেই শাস্তি হইয়া শেষ হইবে না! আরও, খত কেমন করিয়া সর্বস্ব গ্রাস করে, সে তো এই বয়েসে কত বার দেখিয়াছে। কালো দাগগুলো যেন কালো ঘোড়ার মত ছুটিয়া চলে।
শ্রীবাস বলিল, তোদের তো আবার পুজো-আচ্চা আছে, ধান পোঁতার আগে সেই সব পুজোটুজো না করে তো চাষে লাগতে পারবি না?
আবার একটা দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া কমল বলিল, হুঁ।
কি পরব বলে রে একে, নাম কি পরবের?
নাম বটে ‘বাতুলি’ পরব। আবার ‘কদলেতা’ পরবও বুলছে। ‘রোওয়া’ পরবও বলে। ‘বাইন’ পরবও বুলছে। যারা যেমন মনে করে, বুলে।
পরব কি হবে তুদের?
কমল এবার খানিকটা উৎসাহিত হইয়া উঠিল, ‘জাহর সারনে আমাদের দেবতার থানে গো, পূজা হবে। ‘এডিয়াসিম’-আমাদের মোরগাকে বলে ‘এডিয়াসিম’, ওই মোরগা কাটা হবে, পচুই মদ দিব দেবতাকে, শাক দিব দু-তিন রকম। তারপর রাঁধা-বাড়া হবে উই দেবতা থানে, লিয়ে খেয়ে-দেয়ে সব লাচগান করব।
তবে তো অনেক ব্যাপার রে! তা আমাদিগে নেমন্তন্ন করবি না?
কমল বড় বড় দাঁত মেলিয়া হাসিতে আরম্ভ করিল, কৌতুক করিয়া বলিল, আপুনি আমাদের হাঁড়ি মদ খাবি মোড়ল?
শ্রীবাস বলিল, তা আমাকে না হয় দোকান থেকে ‘পাকিমদ’ এনে দিবি!
কমল পশ্চাদপদ হইল না, বলিল হুঁ, তা দিব।
হা-হা করিয়া হাসিয়া শ্রীবাস বলিল, না না, ও আমি ঠাট্টা করছিলাম।
কমল মাথা নাড়িয়া বলিল, উঁ-হুঁ, সি হবে না। আমি যখুন নেওতা দিলম, তখুন তুকে উটি লিতে হবে।
বেশ, তা দিস্। সে হবে কবে তোদের?
জল তো হয়েই গেল গো। এই ধানটি হলেই পুজো করব। তারপরে চাষে লেগে যাব। তা আপুনি ধান দিবি তবে তো হবে।
বেশ। সবাইকে নিয়ে আয়, এসে টিপছাপ দিয়ে দে, পরশু নিয়ে নে ধান। ধান তো আমার এখানেই আছে।
কমল স্লানমুখে বলিল, তাই দিবে সব কাল।
গনেশ বলিল, মোড়ল ধান নিতে দোকানে সব সকালে সকালে পাঠিয়ে দিস একটু। আজ তো আবার তোদের অনেক কিছু চাই রে; ইঁদুর, খরগোশ খেঁকশিয়াল মারলি, মসলাপাতি চাই তো?
কমল হাসিয়া বলিল, হুঁ। বলিতে বলিতে অকস্মাৎ যেন একটা অতি প্রয়োজনীয় কথা তাহার মনে পড়িয়া গেল, বলিল, ‘ডিবিয়া সুনুম’ এনেছিস গো? করঙ্গা সুনুম জ্বলছে না ভাল বাতাসে।
হ্যাঁ, এক টিন কেরোসিন তেল এনেছি, বলে দিস সব ডিবিয়াও এনেছি। তোর নাতনীর হাতে একটা লণ্ঠন দেখেছিলাম মাঝি, ওটা কোথা কিনলি রে?
কমল বলিল, উ উয়াকে রাঙাবাবুর মা দিয়েছে। ভাগে জমি করেছে জামাইটো, মেয়েটা উনিদের পাটকাম করছে কিনা।
শ্রীবাসের হঠাৎ মনে পড়িয়া গেল, বলিল, আচ্ছা, তোর নাত-জামাই তো কই ধান নেয় না মোড়ল? আবার তোর সঙ্গে পৃথকও তো বটে।
কমল একটা দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বলিল, বিয়া দিলেই বেটী পর হয়ে যায় গো! আর জামাইটো হল পরের ছেলে। আমরা বুলছি কি জানিস, এটাঃ হপন বীর, সিম বাকো আপনারোয়াঃ-মানে বুলছে জামাইটো পরের ছেলে, বনের মুরগীর মত উপোষ মানে না।
ও দিক হইতে কলরব করিতে করিতে শিকার সমাধা করিয়া সাঁওতালদের দল ফিরিতেছিল। পুরুষ নারী ছেলে-বাদ বড় কেহ ছিল না। অধিকাংশের হাতেই ছোট লাঠি, জন-কয়েকের কাঁধে ধনুক, হাতে তীর, খালি হাত যাহাদের তাহারাও রাশীকৃত মরা ইঁদুর, গোটাকয়েক খেকশিয়াল, গোটা-চারেক বুনো খরগোশ লেজে দড়ি ঝুলাইয়া লইয়া চলিয়াছে। সেই দীর্ঘাঙ্গী তরুণীটির হাতে ছিল দুইটা খরগোশ, সে অভ্যাসমত দর্পিত উচ্ছল ভঙ্গীতে আসিয়া কমলকে আপনাদের ভাষায় বলিল, এ-দুটা রাঙাবাবুকে দিতে হইবে। তুমি বল ইহাদের, ইহারা বলিতেছে, দিসে না। রাঙাবাবু ও-পারের ঘাটে বসিয়া আছে, আমি তাকে দেখিয়াছি।
