হাদিস নম্বরঃ ৬৯০২ | 6902 | ٦۹۰۲
পরিচ্ছদঃ ৩১১৮. মহান আল্লাহ্র বাণীঃ আল্লাহ্র সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল (২৮ঃ ৮৮)
৬৯০২। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) … জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এই আয়াতটি যখন নাযিল হলঃ “হে নাবী আপনি বলে দিন তোমাদের ঊর্ধ্বদেশ থেকে তোমাদের ওপর শাস্তি প্রেরন করতে তিনিই সক্ষম” (৬ঃ ৬৫)। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ! আমি আপনার সত্তার সাহায্যে পানাহ চাচ্ছি। আল্লাহ তখন বললেনঃ “কিংবা তোমাদের পদতল থেকে”; তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি আপনার সত্তার সাহায্যে পানা চাচ্ছি। আল্লাহ বললেনঃ তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি তুলনামূলক সহজ।
হাদিস নম্বরঃ ৬৯০৩ | 6903 | ٦۹۰۳
পরিচ্ছদঃ ৩১১৯. মহান আল্লাহ্র বাণীঃ যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও (২০ঃ ৩৯)। মহান আল্লাহর বাণীঃ যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে (৫৪ঃ ১৪)
৬৯০৩। মূসা ইবনু ইসমাঈল (রহঃ) … আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা হয়। তিনি বললেনঃ আল্লাহ তা’আলা তোমাদের কাছে গোপন থাকবেন না। অবশ্যই আল্লাহ অন্ধ নন। এর সাথে সাথে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে স্বীয় চোখের দিকে ইশারা করলেন। মাসীহ দাজ্জালের ডান চোখ তো কানা। তার চোখটি যেন আংগুরের ন্যায় ভাসা ভাসা।
হাদিস নম্বরঃ ৬৯০৪ | 6904 | ٦۹۰٤
পরিচ্ছদঃ ৩১১৯. মহান আল্লাহ্র বাণীঃ যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও (২০ঃ ৩৯)। মহান আল্লাহর বাণীঃ যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে (৫৪ঃ ১৪)
৬৯০৪। হাফস ইবনু উমার (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ এমন কোন নাবী প্রেরণ করেননি যিনি তার কওমকে কানা মিথ্যুকটি সম্পর্কে সাবধান করেননি। এই মিথ্যুকটি তো কানা (দাজ্জাল)। আর তোমাদের প্রতিপালক তো অন্ধ নন। তার (দাজ্জালের) দু’চোখের মাঝখানে কাফের (লেখা থাকবে )।
হাদিস নম্বরঃ ৬৯০৫ | 6905 | ٦۹۰۵
পরিচ্ছদঃ ৩১২০. মহান আল্লাহ্র বাণীঃ তিনিই আল্লাহ্ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা (৫৯ঃ ২৪)
৬৯০৫। ইসহাক (রহঃ) … আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বনী মুসতালিক যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেন যে, মুসলিম মুজাহিদগণ যুদ্ধে কতিপয় বন্দিনী লাভ করেছিল। এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন। আবার তারা যেন গর্ভবতী হয়ে না পড়ে সে ইচ্ছাও পোষণ করছিলেন। তাই তারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আযল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতে তোমাদের কোন লাভ নেই। কারণ আল্লাহ তা’আলা কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন, তা সবই লিপিবদ্ধ করে রেখেছেন।
মুজাহিদ (রহঃ) কাযআ (রহঃ) এর মধ্যস্থতায় আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যত জীবন সৃষ্টি করার সিদ্ধান্ত করা হয়েছে আল্লাহ তা’আলা অবশ্যই তা সৃষ্টি করবেন।
হাদিস নম্বরঃ ৬৯০৬ | 6906 | ٦۹۰٦
পরিচ্ছদঃ ৩১২১. মহান আল্লাহ্র বাণীঃ যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি
৬৯০৬। মু’আয ইবনু ফাদালা (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ ঈমানদারদেরকে সমবেত করবেন তখন তারা উক্তি করবে আমরা আমাদের প্রতিপালকের কাছে কোন সুপারিশ যদি নিয়ে যেতাম; তাহলে তিনি আমাদেরকে এই স্থানটি থেকে বের করে শান্তি প্রদান করতেন। এরপর তারা আদম (আলাইহিস সালাম) এর কাছে গিয়ে বলবে, হে আদম (আলাইহিস সালাম)! আপনি কি মানুষের অবস্থা দেখছেন না? অথচ আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আপনাকে তিনি তাঁর ফেরেশতাগণ দিয়ে সিজদা করিয়েছেন। আর আপনাকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন সুতরাং আপনি আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন, যেন এই স্থানটি থেকে আমাদেরকে তিনি শান্তি প্রদান করেন। আদম (আলাইহিস সালাম) তখন বলবেন, এই কাজের জন্য আমি যোগ্য নই। এবং আদম (আলাইহিস সালাম) তাদের কাছে স্বীয় ভুলের কথা স্মরণ করবেন এবং বলবেন, তোমরা বরং নূহ (আলাইহিস সালাম) এর কাছে যাও। যেহেতু তিনিই আল্লাহর প্রথম রাসুল। যাকে তিনি যমীনবাসীর কাছে প্রেরণ করেছিলেন।
(এ কথা শুনে) তারা নূহ (আলাইহিস সালাম) এর কাছে আসবে। তিনিও বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য যোগ্য নই। তিনি তাঁর কৃত ত্রুটির কথা স্মরণ করে বলবেন, তোমরা বরং আল্লাহর খলীল (বন্ধু) ইবরাহীম (আলাইহিস সালাম) এর কাছে যাও। তখন তারা ইবরাহীম (আলাইহিস সালাম) এর কাছে চলে আসবে। তিনিও তাদের কাছে স্বীয় কৃত ত্রুটিসমুহর কথা উল্লেখ পূর্বক বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য যোগ্য নই। তোমরা বরং মূসা (আলাইহিস সালাম) এর কাছে যাও। তিনি এমন একজন বান্দা যাকে আল্লাহ তাওরাত প্রদান করেছিলেন এবং তাঁর সাথে তিনি প্রত্যক্ষ বাক্যালাপ করেছিলেন। তারা তখন মূসা (আলাইহিস সালাম) এর কাছে আসবে। মূসা (আলাইহিস সালাম)-ও বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য যোগ্য নই। তাদের কাছে তিনি স্বীয়কৃত ক্রটির কথা উল্লেখ পূর্বক বলবেন, তোমরা বরং ঈসা (আলাইহিস সালাম) এর কাছে যাও। যিনি আল্লাহর বান্দা, তাঁর রাসুল, কালেমা ও রুহ।
