হাদীস নং ৩৫১১
সালত ইবনে মুহাম্মদ আবু হাম্মাম রহ……….আবু হুরায়রা রা. থেক বর্ণিত, তিনি বলেন, আনসারগণ বললেন, (হে আল্লাহর রাসূল) আমাদের খেজুরের বাগনগুলি আমাদের এবং তাদের মাঝে বন্টন করে দিন। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, না, (ভাগ করে দেয়ার প্রয়োজন নেই)। তখন আনসারগণ (মুহাজিরগণকে লক্ষ্য করে) বললেন, আপনারা বাগানগুলির রক্ষণাবেক্ষণে আমাদের সহায়ক হউন এবং উৎপাদিত ফসলের অংশীদার হয়ে যান। মুহাজিরগণ বললেন, আমরা ইহা (সর্বান্তকরণে) মেনে নিলাম।
হাদীস নং ৩৫১২
হাজ্জাজ ইবনে মিনহাল রহ……….বারা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, মুমিন ছাড়া আনসারদেরকে কেউ ভালবাসবে না এবং মুনাফিক ছাড়া কেউ তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে না। যে ব্যক্তি তাদেরকে ভালবাসে আল্লাহ তা’আলা তাকে ভালবাসবেন আর যে ব্যক্তি তাদের সাথে হিংসা-বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তা’আলা তাকে ঘৃণা করবেন।
হাদীস নং ৩৫১৩
মুসলিম ইবনে ইবরাহীম রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারদের প্রতি মুহাব্বত ঈমানেরই নিদর্শন এবং তাদের প্রতি হিংসা-বিদ্বেষ পোষন করা মুনাফেকীর পরিচায়ক।
হাদীস নং ৩৫১৪
আবু মামার রহ………..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, (আনসারের) কতিপয় বালক-বালিকা ও মহিলাকে রাবী বলেন, আমার মনে হয়-তিনি বলেছিলেন, কোন শাদীর অনুষ্ঠান শেষে ফিরে আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। এরপর তিনি বললেন, আল্লাহ সাক্ষী, তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন। এ কথাটি তিনি তিনবার বললেন।
হাদীস নং ৩৫১৫
ইয়াকুব ইবনে ইবরাহীম ইবনে কাসীর রহ………..আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একজন আনসারী মহিলা তার শিশুসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে হাযির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আলাপ করলেন এবং বললেন, ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লোকদের মধ্যে তোমরাই আমার সর্বাপেক্ষা প্রিয়জন। এ কথাটি তিনি দু’বার বললেন।
হাদীস নং ৩৫১৬
মুহাম্মদ ইবনে বাশশার রহ………..যায়েদ ইবনে আরকাম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, (একদিন কতিপয়) আনসার বললেন, ইয়া রাসূলাল্লাহ! প্রত্যেক নবীরই অনুসারী ছিলেন। আমরাও আপনার অনুসারী। আপনি আমাদের উত্তরসূরিদের জন্য দু’আ করুন যেন তারা (সর্বোতভাবে) আপনার অনুসারী হয়। তিনি (আকাঙ্খা অনুযায়ী) দু’আ করলেন। (আমর একজন রাবী বলেন) আমি এই হাদীসটি (আবদুর রাহমান) ইবনে আবু লায়লার নিকট বর্ণনা করলাম, তিনি বললেন, যায়েদ ইবনে আরকাম রা. এ ভাবেই হাদীসটি বর্ণনা করেছেন।
হাদীস নং ৩৫১৭
আদম রহ……….আমর ইবনে মুররাহ রা. থেকে বর্ণিত, আবু হামযা রা. নামক একজন আনসার (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে) বললেন, প্রত্যেক জাতির মধ্যে (তাদের রাসূলের) অনুসরণকারী একটি দল থাকে। ইয়া রাসূলাল্লাহ! আমরাও আপনার অনুসরণ করছি। আপনি আল্লাহর নিকট দু’আ করুন যেন আমাদের পরবর্তী গণ (সর্বক্ষেত্রে) আমাদের (মত আপনার একনিষ্ঠ) অনুসারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! তাদের পরবর্তীগণকে (সম্পূর্ণ) তাদের মত করে দাও। আমর রহ. বলেন, আমি হাদীসটি আবদুর রাহমান ইবনে আবু লায়লা রা.-কে বললাম। তিনি বললেন, যায়েদও এইভাবে হাদীসটি বলেছেন। শুবা রহ. বলেন, আমার ধারণা, ইনি যায়েদ ইবনে আরকাম রা.-ই হবেন।
হাদীস নং ৩৫১৮
মুহাম্মদ ইবনে বাশশার রহ………..আবু উসাইদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম গোত্র হল বানূ নাজ্জার, তারপর বানূ আবদুল আশহাল তারপর বানূ হারিস ইবনে খাযরাজ তারপর বানূ সায়িদা এবং আনাসারদের সকল গোত্রের মধ্যেই কল্যাণ রয়েছে। এ শুনে সাদ রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দান করেছেন? তখন তাকে বলা হল; তোমাদেরকে তো অনেক গোত্রের উপর প্রাধান্য দান করেছেন। আবদুস সামাদ রহ……….আবু উসাইদ রা. সুত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। সাদ ইবনে উবাদা রা. বলেছেন।
হাদীস নং ৩৫১৯
সাদ ইবনে হাফস রহ……….আবু উসাইদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আনসারদের মধ্যে বা আনসার গোত্রগুলোর মধ্যে সর্বোত্তম গোত্র হল বানূ নাজ্জার বানূ আবদুল আশহাল, বানূ হারিস ও বানূ সায়িদা।
হাদীস নং ৩৫২০
খালিদ ইবনে মাখলাদ রহ………..আবু হুমাইদ রা. সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের মধ্যে সর্বোত্তম মধ্যে গোত্র হল বানূ নাজ্জার, তারপর বানূ আবদুল আশহাল, তারপর হারিস এরূপ বানূ সায়িদা। আনসারদের সকল গোত্রে রয়েছে কল্যাণ। (আবু হুমাইদ রহ. বলেন) আমরা সাদ ইবনে উবাদা রা.-এর নিকট গেলাম। তখন আবু উসাইদ রা. বললেন, আপনি কি শোনেননি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের পরষ্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আমাদেরকে সকলের শেষ পর্যায়ে স্থান দিয়েছেন? তা শুনে সাদ রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাক্ষাত করে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আনসার গোত্রগুলোকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে এবং আমাদেরকে সকলের শেষ পর্যায়ে স্থান দেয়া হয়েছে। তিনি বললেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে, তোমরাও শ্রেষ্ঠদের অন্তর্ভূক্ত হয়েছ?
