সুবেদার অনেকক্ষণ পর্যন্ত সেই মৃতদেহটী স্থির নেত্রে দর্শন করিয়া কহিল, ইহা আমার ভ্রাতা হকদারের মৃতদেহ বলিয়া বোধ হইতেছে। ইহাকে এইরূপে কে হত্যা করিল মহাশয়?
আমি। যে ব্যক্তি যেরূপে ইহাকে হত্যা করিয়াছে, ও যেরূপ অবস্থায় এই মৃতদেহ পাওয়া গিয়াছে, তাহা তুমি এখনই জানিতে পারিবে; কিন্তু তুমি অগ্রে উত্তমরূপে দেখ, ইহা তোমার ভ্রাতার মৃতদেহ কি না?
সুবেদার। আমি বেশ করিয়া দেখিয়াছি, ইহা যে আমার ভাই হকদারের মৃতদেহ, তাহাতে আর কোন সন্দেহ নাই।
আমি। মনুষ্য মরিয়া যাওয়ার পর, তাহার আকৃতি প্রায় বিকৃত হইয়া পড়ে। সুতরাং মৃতদেহ দেখিয়া উহা যে কাহার মৃতদেহ তাহা ঠিক নির্ণয় করা সময় সমন সবিশেষ কঠিন হইয়া উঠে। আর ইহাও প্রায় দেখিতে পাওয়া যায় যে, কোন কোন মৃতদেহ যাহার বলিয়া প্রথমে নির্ধারিত হয়, পরিশেষে তাহাকে জীবিতাবস্থাতেও পাওয়া গিয়া থাকে। এই নিমিত্ত আমি তোমাকে বলিতেছি, এই মৃতদেহ সম্বন্ধে যদি তোমার মনে কোনরূপ সন্দেহ থাকে, তাহা হইলে এই সময় আমাকে পরিষ্কার করিয়া বল। ইহা প্রকৃতই যদি তোমার ভ্রাতার মৃতদেহ হয়, তাহা হইলে বাঁহার দ্বারা এই ঘটনা ঘটিয়াছে, অনুসন্ধান করিয়া আমরা তাহা বাহির করিতে সবিশেষরূপে চেষ্টা করিব। আর এই মৃতদেহ তোমার ভ্রাতার কি না, এ সম্বন্ধে যদি কোনরূপ সন্দেহ হয়, তাহাও এখনই আমাকে বলতে পার, তাহা হইলে আমরা তাহার অপর উপায় দেখি।
সুবেদার। আমি বেশ করিয়া দেখিয়াছি, এবং আমার বেশ প্ৰতীতি হইতেছে, ইহা আমার ভ্রাত হকদারের দেহই হইবে। ইহার নিকট টাকাকড়ি কিছু পাওয়া গিয়াছে মহাশয়?
আমি। না, ইহার নিকট একটী পয়সাও পাওয়া যায় নাই।
সুবেদার। তাহা হইলে টাকার লোভেই কেহ ইহাকে মারিয়া ফেলিয়াছে।
আমি। যদি এই মৃতদেহ তোমার ভ্রাতার হয়, তাহা হইলে অর্থই যে এই ঘটনার মূল, তদ্বিষম্বে আমার কিছু মাত্র সন্দেহ নাই।
সুবেদার। ইহা নিশ্চয়ই আমার ভ্রাতার মৃতদেহ।
সুবেদারের কথায় অবিশ্বাস করিবার কোন কারণ নাই। কারণ, সে যদি তাহার ভ্রাতার মৃতদেহ চিনিতে না পারিবে, তাহা হইলে আর কে চিনিতে পারিবে? যাহা হউক, সুবেদারের কথা যদি প্রকৃত হয়, সেই মৃতদেহ যদি তাহার ভ্রাতা হকদারের হয়, তাহা হইলে কাহার দ্বারা এই হত্যাকাণ্ড সম্পন্ন হইয়াছে, তাহা স্থির করা নিতান্ত সহজ হইবে না। কারণ, অনুমান হইতেছে যে, অর্থের নিমিত্ত এই ঘটনা ঘটিয়া থাকিবে; এরূপ হইলে, এইরূপ কার্যে পরিপক্ক কোন লোকের দ্বারা নিশ্চয়ই এই কাৰ্য্য হইয়াছে। সেইরূপ লোকের দ্বারা এই কাৰ্য্য হইলে দেখা যায় যে, সে তোক প্রায়ই সহজে ধৃত হয় না। তথাপি এ বিষয়ে আমাদিগকে বিশেষরূপ চেষ্টা করিয়া দেখিতে হইবে।
সেই সময় আমার মনে হইল, সুবেদারের সমভিব্যাহারে, তাহার আত্মীয় যে ব্যক্তি আগমন করিয়াছে, সেই ব্যক্তিও যে হকদারকে উত্তমরূপে চিনিতে পারিবে, তাহার আর কিছুমাত্র সন্দেহ নাই। তাহাকেও সেই মৃতদেহ দেখান সর্বতোভাবে কর্তব্য।, মনে মনে এইরূপ ভাবিয়া সুবেদারের আত্মীয়কেও সেই মৃতদেহ দেখাইলাম, সে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নিরীক্ষণ করিয়া কহিল, না মহাশয়! ইহা কাহার মৃতদেহ, তাহা আমি চিনিয়া উঠিতে পারিতেছি না।
আমি। তুমি সুবেদারের ভাই হকদারকে চেন?
আত্মীয়। খুব চিনি।
আমি। এই যে মৃতদেহ দেখিতেছ, তাহা হকদারের মৃতদেহ কি না?
আত্মীয়। ইহা দেখিতে অনেকটা হকদারের দেহের মত বটে; কিন্তু আমার বোধ হয় এই মৃতদেহ হকদারের মৃতদেহ নহে।
আমি। সুবেদার বলিতেছে, ইহা তাহার ভাই হকদারের মৃতদেহ।
আত্মীয়। আমার বোধ হয়, সুবেদার ঠিক চিনিতে পারিতেছে না। ইহার আকৃতির সহিত হকদারের আকৃতির অনেকটা সৌসাদৃশ্য থাকিলেও, ইহার অপেক্ষা হকদার একটু মোটা ও একটু লম্বা।
আমি। হকদার এখন কোথায়?
আত্মীয়। সে দেশে গিয়াছে।
আমি। দেশে যাইতে তাহাকে কে দেখিয়াছে?
আত্মীয়। কেহ দেখিয়াছে কি না, জানি না; কিন্তু খাইবার সময় আমি দেখি নাই।
আমি। রেলে উঠাইয়া দিবার নিমিত্ত কেহ তাহার সঙ্গে গমন করে নাই?
আত্মীয়। কেহ গমন করিয়াছিল কি না, জানি না; কিন্তু তাহার সঙ্গে আমানতের গমন করিবার কথা ছিল।
আমি। আমানত কে?
আত্মীয়। যে গ্রামে হকদারের বাড়ী, আমানতের বাড়ী ও সেই গ্রামে।
আমি। এখানে আমানত কোথায় থাকিত? আত্মীয়। কলিগঞ্জে।
আমি। বালিগঞ্জের কোথায়?
আত্মীয়। বালিগঞ্জে একটী আড়গড়া আছে; সে সেই স্থানেই থাকিত।
আমি। সে কাহার আড়গড়া?
আত্মীয়। সাহেবের আড়গড়া। সাহেবের নাম জানি না।
আমি। সেই স্থানে সে কি কাৰ্য্য করিত?
আত্মীয়। সহিসের কাৰ্য্য করিত।
আমি। তুমি সেই আড়গড়া আমাকে দেখাইয়া দিতে পারিবে কি?
আত্মীয়। কেন পারিব না? আমার সহিত আসুন, আমি তাহাকে এখনই দেখাইয়া দিব।
সুবেদার কর্তৃক মৃতদেহ সেনাক্ত হইয়াছে, অর্থের লোভে তাহার ভাই হকদারকে মারিয়া ফেলিয়া বাক্সের ভিতর পূরিয়া ফেলিয়া দিয়াছে, এই কথা বিদ্যুৎবেগে সহরের সর্ব স্থানে প্রচারিত হইয়া পড়িল। যে সকল কর্মচারী, কাহার মৃতদেহ, এই সংবাদ পাইবার প্রত্যাশায় স্থানে স্থানে গমন করিয়াছিলেন, এবং যে সকল কর্মচারী অপর কার্যে নানাস্থানে চলিয়া গিয়াছিলেন, এই সংবাদ প্রাপ্ত হইয়া তাহার সকলে আসিয়া সেই স্থানে উপস্থিত হইতে লাগিলেন।
