তখন অনন্যোপায় হইয়া, কি করিব, তাহার কিছুই স্থির করিতে না পারিয়া, আপনাদিগের সাহেবের নিকট টেলিগ্রাম করিলাম, এবং অপর যে সকল স্থানে সেই জাহাজ পড়াইবার সম্ভাবনা আছে, সেইসকল স্থানে অনুসন্ধান করিবার নিমিত্ত লোজন সমভিব্যাহারে আমি নিজেই রওনা হইলাম। স্থানীয় পুলিসকেও সেই সময় সংবাদ দেওয়া হইয়াছিল, তাঁহারাও আমাদিগকে সবিশেষরূপ সাহায্য করিলেন; কিন্তু কোন স্থানেই তাহার কোনরূপ সন্ধান করিতে পারিলাম না।
আমি। যখন আপনারা তমলুক হইতে জাহাজে আরোহণ করেন, সেই সময় বালকটীকে জাহাজে আনা হইয়াছিল ত?
বড়লোক। সে সময় ভুল হয় নাই।
আমি। জাহাজের উপর আপনি আপনার পুত্রটীকে নিজ চক্ষে দেখিয়াছিলেন কি?
বড়লোক। জাহাজের মধ্যে আমি যে তাহাকে নিজ চক্ষে দেখিয়াছি ইহা কিন্তু আমার ঠিক স্মরণ হয় না; কিন্তু বালকটীকে যে জাহাজে আনা হইয়াছিল, সে বিষয়ে আর কিছুমাত্র সন্দেহ নাই।
আমি। আপনি কিরূপে বলিতেছেন যে, জাহাজে তাহাকে আনা হইয়াছিল? কারণ, আপনি নিজে ত তাহাকে দেখেন নাই।
বড়লোক। আমি নিজে দেখি নাই সত্য। কিন্তু পরিশেষে এ বিষয়ে আমি অনুসন্ধান করিয়াছিলাম। যে চাকরাণী ক্রোড়ে করিয়া তাহাকে জাহাজে উঠাইয়াছিল, সে-ই আমাকে বলিয়াছে। তদ্ব্যতীত আমার স্ত্রীও তাহাকে জাহাজের ভিতর দেখিয়াছেন।
আমি। যে সময় উলুবেড়িয়ায় আপনারা সকলে জাহাজ হইতে অবতরণ করেন, সেই সময় সেই বালক কাহার নিকট ছিল, তাহার কিছু অনুসন্ধান করিয়াছেন কি?
বড়লোক। করিয়াছি, সেই সময় সেই বালক কাহারও ক্রোড়ে ছিল না। জাহাজ হইতে অবতরণ করিবার কিছু পূর্বেই সে নিদ্রিত হইয়া পড়ে, কামরার মধ্যে একখানি বেঞ্চের উপর তাহাকে শোয়াইয়া রাখা হয়। পরিশেষে নামিবার সময় ভুলক্রমে আর কেহই তাহাকে লইয়া নাবেন নাই। নিদ্রিত অবস্থায় বালক আমার সেই স্থানেই রহিয়া যায়।
আমি। আমি বিস্তর বিস্তর ভুল দেখিয়াছি; কিন্তু এরূপ মহা ভুল আমি কখনও দেখি নাই; দেখা ত দূরের কথা, কখনও শুনি নাই।
বড়লোক। নিদ্রিত অবস্থায় বালক আমার এই কলিকাতায় আসিয়া উপস্থিত হয় নাই ত?
আমি। জাহাজ ঘাটে আসিয়া উপস্থিত হইবার পূর্বেই আমি সেই স্থানে গমন করিয়াছিলাম। আমার সম্মুখেই জাহাজ আসিয়া ঘাটে উপস্থিত হয়। জাহাজের ভিতর ও আরোহীগণের মধ্যে আমি নিজে উত্তমরূপে অনুসন্ধান করিয়া দেখিয়াছি। বালক কলি কাতা পর্যন্ত আসিয়া উপস্থিত হয় নাই।
বড়লোক। জাহাজের কোন লোক সেই বালক সম্বন্ধে কোন কথা বলিতে পারে নাই?
আমি। তাহাও আমি প্রায় প্রত্যেকেকে জিজ্ঞাসা করিয়াছি; কিন্তু সেই বালক যে কোথায় গেল, বা কে তাহাকে লইয়া গেল, এ সংবাদ আমাকে কেহই প্রদান করিতে পারিল না। কেবল জাহাজের খালাসিগণের নিকট হইতে এইমাত্র অবগত হইতে পারি লাম যে, আপনারা তমলুকে উঠিয়াছিলেন, এবং উলুবেড়িয়ায় নামিয়া গিয়াছেন।
বড়লোক। মহাশয়। এখন উপায় কি বলুন দেখি?
আমি। উপায় ঈশ্বরের হস্ত। আমরা বালকের সন্ধান করিবার নিমিত্ত সাধ্যমত চেষ্টা করি মাত্র। সেই বালকের অঙ্গে কি কি অলঙ্কার ছিল বলিতে পারেন কি?
বড়লোক। কি কি অলঙ্কার ছিল, ঠিক তাহা আমি বলিতে পারি না। কেবল এইমাত্র বলিতে পারি যে, বালকের অঙ্গে সোণার যে সকল অলঙ্কার থাকিতে পারে, তাহার সমস্তই ছিল। আবশ্যক হয়, তাহার একটা বিস্তারিত তালিকা আমি পরে পাঠাইয়া দিব।
আমি। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি,–যে সকল চাকর-চাকরাণী বা লোজন আপনার সহিত ছিল, তাহা দিগের মধ্যে কাহাকেও কোনরূপে আপনার সন্দেহ হয় কি?
বড়লোক। সকলেই পুরাতন চাকর। তাহাদিগের কাহারও দ্বারা যে কোনরূপ অনিষ্ট হইবে, কিন্তু আমার মনে স্থান পায় না; তবে বলিতে পারি না। কিন্তু তাঁহারা সকলেই ত আমাদিগের সহিত ছিল, কাহাকেই সেই সময় অনুপস্থিত পাই নাই।
আমি। অলঙ্কারের লোভ, ভয়ানক লোভ। এ লোভ সম্বরণ করা সামান্য লোকের পক্ষে বড়ই কঠিন।
বড়লোক। উঁহাদিগের মধ্যে কেহ যদি অলঙ্কারগুলি অপহরণ করিত, তাহা হইলে অলঙ্কার-শূন্য বালকটাকে ত কোন প্রকারে পাওয়া যাইত?
আমি। পাওয়া ত উচিত ছিল; কিন্তু যদি অলঙ্কারগুলি অপ হরণ করিয়া বালককে গঙ্গাজলে নিক্ষেপ করিয়া থাকে, তাহা হইলে কিরূপে বালককে পাওয়া যাইতে পারে।
বড়লোক। যখন আমরা সকলেই সেই স্থানে উপস্থিত, তখন চাকর-চাকরাণীগণের মধ্যে কাহারও কি এতদুর সাধ্য হইতে পারে? যদি তাহাই হইয়া থাকে, তাহা হইলে আপনার বিবেচনায় বালককে কি হত্যা করিয়া তাহার অলঙ্কারগুলি অপহরণ করিয়াছে বুলিয়া, আপনার অনুমান হয়?
আমি। অনুমান হয় না। চাকর-চাকরাণীগণ কর্তৃক শিশু হত্যা না হইবারই খুব সম্ভাবনা। এ কথা আমি তচ্ছলে বলিতেছি মাত্র। আমি আপনাকে আরও দুই একটা কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি।
বড়লোক। কি?
আমি। যে কামরার ভিতর আপনার স্ত্রী ও আপনার শিশু সন্তান ছিল, আপনিও কি সেই কামরার ভিতর ছিলেন?
বড়লোক। না মহাশয়! আমি সেই স্থানে ছিলাম না, অপর স্থানে ছিলাম।
আমি। সেই কামরার ভিতর আপনার স্ত্রী ব্যতীত অপর আর কে ছিল?
বড়লোক। দুইজন পরিচারিকা ছিল।
আমি। তাঁহারা এখন কোথায়?
বড়লোক। তাঁহারা এখন আমার বাড়ীতেই আছে।
আমি। আমি তাহাদিগকে দুই চারিটী কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি।
