চতুর্থ পরিচ্ছেদ।
বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া আমি কোনকথাই কহিলাম না, চুপ করিয়া সেইস্থানে বসিয়া রহিলাম। আমার এইরূপ অবস্থা দেখিয়া তিনি কহিলেন, তুমি এ সম্বন্ধে কোন কথা বলিতেছ না কেন? আমার অনুমান প্রকৃত বলিয়া কি তোমার ধারণা হইতেছে না?
আমি। না মহাশয়! আমি আপনার মতের অনুমোদন করিতে পারিতেছি না। যে সকল সিন্ধুক, বাক্স ভগ্নাবস্থায় এখনও গৃহের ভিতর রহিয়াছে, তাঁহারা গৃহের উত্তর অংশে দেওয়ালের কোলে যে সারি সারি সাজান ছিল, তাহাতে কি কোন সন্দেহ আছে?
বন্দ্যোপাধ্যায়। না তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই।
আমি। যদি তাই হয়, তাহা হইলে উঁহাদিগের প্রত্যেকের খুলিবার মুখ অর্থাৎ সম্মুখভাগ কোনদিকে থাকা সম্ভব বলিয়া বোধ হয়?
বন্দ্যোপাধ্যায়। মেজের দিকে বা দক্ষিণ মুখ করিয়া রাখাই সম্ভব, যে মুখে এখন রাখা আছে।
আমি। উঁহাদিগের মধ্যে যদি কোনটার উপর এই ঘড়ী স্থাপিত থাকিত, তাহা হইলে তাহার সম্মুখভাগই বা কোনদিকে থাকা উচিত?
বন্দ্যোপাধ্যায়। সম্মুখে, অর্থাৎ যে দিকে সিন্ধুক বাকের সন্মুখ, ঘড়ীর সম্মুখও সেইদিকে থাকিবে।
আমি। সন্মুখ হইতে যদি সিন্ধুক বা বাক্সের ডাল খোলা যায়, তাহা হইলে তাহার উপরিস্থিত ঘড়ী উপুড় হইয়া সন্মুখে, না চিৎ হইয়া পশ্চাতে, পড়ার অধিক সম্ভাবনা?
বন্দ্যোপাধ্যায়। সেরূপ অবস্থায় বাক্স প্রভৃতির পশ্চা দিকে পড়ারই সম্ভাবনা অধিক। কিন্তু যদি কেহ সেই সিন্ধুক বা বাক্স ভাঙ্গিবার পূর্বে সেই ঘড়ী হাতে উঠাইয়া সম্মুখে ফেলিয়া দেয়। তাহা হইলে বর্তমান অবস্থায় কি উহা পড়িতে পারে না?
আমি। তাহা পারে, কিন্তু এরূপ হইলে আপনি যেরূপ বলিতেছেন, সেরূপ হইতে পারে না; অর্থাৎ সিন্ধুক বাক্স ভাঙ্গিবার সময় আপনা হইতেই উহা সম্মুখদিকে কোনরূপেই পড়িতে পারে না। যাহা হউক, মিথ্যা বাকৃবিতণ্ডা করিয়া সময় নষ্ট করা অপেক্ষা আমি যাহা বুঝিয়াছি, তাহা এখন আপনাদিগের নিকট বল কর্তব্য। ঘড়ীর যেরূপ অবস্থা আপনি বর্ণন করিলেন, সেইরূপ অবস্থা আমি স্বচক্ষে দেখিয়াছি, এবং আপনারই মত আমারও প্রথম অনুমান হইয়াছিল, এই ঘটনা রাত্রি সাড়ে দশটার সময় সম্পন্ন হইয়াছে। কিন্তু পরিশেষে দেখিলাম, আমার সেই অনুমান ঠিক নহে। কেন ঠিক নহে, তাহাও এখন আমি আপনা দিগকে বলিব না, অর্ধঘণ্টা পরে সমস্ত বলিব। এখন আপনারা এক কৰ্ম্ম করুন, যে ঘড়িটা লইয়া আমাদিগের মধ্যে এত গণ্ডগোল উপস্থিত হইয়াছে, সেই ঘড়িটা বাহিরে আনিয়া একস্থানে স্থাপন করুন, ও চালাইয়া দিউন। অর্ধঘণ্টা চলিবার পর অর্থাৎ এখন ঘড়ীর সাড়ে দশটার দাগে কাঁটা রহিয়াছে দেখা যাইতেছে, সেই কাটা যখন ঘুরিয়া এগারটার উপর আসিবে, এবং ঠং ঠং করিয়া এগারটা বাজিয়া যাইবে, তখন আমার মনের কথা আপনাদিগের নিকট প্রকাশ করিব। সেই সময় বলিলে সকলে যেমন সহজে বুঝিতে পারিবেন, এখন তত সহজে কেহই বুঝিতে পারিবেন না। কিন্তু আমার এক নিবেদন—এই ঘড়ীর কাঁটার উপর আপনার বিশেষ দৃষ্টি রাখিবেন। এগারটার ঘরে কাটা আসিলে সেই সময়ে ঠিক এগারটা বাজে, কি অপর কিছু বাজে, তাহা আপনারা বিশেষ মনোযোগের সহিত শ্রবণ করিবেন। ইত্যবসরে আমি মালের তালিকা যতদূর পারি, প্রস্তুত করিবার চেষ্টা দেখি।
বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে উত্তমরূপে জানিতেন, সুতরাং আমার কথা শুনিয়া তিনি তৎক্ষণাৎ আমার প্রস্তাবিত কাৰ্য্যে প্রবৃত্ত হইলেন। গৃহ হইতে সেই ঘড়ী আনাইয়া তাহার নিজের সম্মুখে স্থাপিত করিলেন, চালাইয়া দিলে টক টক করিয়া ঘড়ী চলিতে লাগিল।
আমিও অপহৃত দ্রব্যের যতদুর তালিকা প্রস্তুত করিতে পারি, তাহা করিতে প্রবৃত্ত হইলাম। হরর মা, এবং প্রতিবেশীবর্গকে জিজ্ঞাসা করিয়া একটা তালিকা আরম্ভ করিলাম। যিনি যে সকল দ্রব্য পুৰ্বে বৃদ্ধার গৃহে দেথিয়া ছিলেন, তিনি তাহাই বলিয়া দিতে লাগিলেন। ক্রমে অর্ধঘণ্টা অতীত হইয়া গেল।
অর্ধঘণ্টা পরে বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে ডাকাইলেন এবং কহিলেন, এখন দেখিতেছি, তোমার অনুমান সত্য।
কিন্তু তুমি যে বলিয়াছিলে, চারিটা হইতে পাঁচটার ভিতর এই ঘটনা ঘটিয়াছে, তাহা নহে। পাচটা হইতে ছয়টার মধ্যে এই ঘটনা ঘটিয়া থাকিবে।
ইংরাজ-কর্ম্মচারী। আপনাদিগের কথা ত আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছি না। এই বুঝিলাম, সাড়ে দশটার সময় এই ঘটনা ঘটিয়াছে। আবার বলিতেছেন, পাঁচটা হইতে ছয়টার মধ্যে এই ঘটনা সম্পাদিত হইয়াছে, ইহার কোন্ কথা আমি বিশ্বাস করি?
বন্দ্যোপাধ্যায়। পূর্বে আমি যেরূপ বুঝিয়াছিলাম, আপনাকে সেইরূপই বুঝাইয়াছিলাম। এখন আবার যেরূপ বুঝিতেছি, সেইরূপই আপনাকে বলিতেছি। ঘড়ীর কাটা উল্টাদিকে ঘুরাইয়া দিলে, অর্থাৎ ঘড়ীর বড় কাঁটাটা ধরিয়া নীচু হইতে উপরদিক দিয়া দক্ষিণ হইতে বামভাগে পাঁচ ছয়বার ঘুরাইয়া দিলে সহজেই লোকের চক্ষুতে ধূলি প্রদান করা যাইতে পারে, অথচ পূর্বে যে কয়েক ঘণ্টা বাজিয়া গিয়াছে, তাহার কিছুমাত্র ব্যতিক্রম হয় না। এখন আমার বোপ হইতেছে, অনুসন্ধানকারীগণকে প্রতারিত করিবার মানসে অপরাধকারী সেই উপায় অবলম্বন করিয়াছে, পলাইবার সময় ঘড়ীর কাঁটাকে উল্টা করিয়া ঘুরাইয়া সাড়ে দশটার চিহ্নের উপর রাখিয়া গিয়াছে। ইহা নিতান্ত সামান্য চোরের কৰ্ম্ম নহে। কিন্তু তুমি ইহা বুঝিতে পারিলে কিরূপে?
