রাত দু’টায় আহমদ মুসার কাছে থেকে চলে যাবার পর যা যা ঘটেছে তা খুঁটে খুঁটে সব আহমদ মুসাকে জানাল হাসান তারিক।
সব শুনে আহমদ মুসার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে সকলের পিঠ চাপড়ে দিল। বলল, তোমাদের সাফল্যের জন্যে মোবারকবাদ। আজকের রাতটা আন্দোলনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
আহমদ মুসা তার চোখ ইউসুফ ও আহমদ ইয়াং এর দিকে নিবদ্ধ করে বলল, আমার তরুণ দুই ভাই, তোমরা আমাকে মুগ্ধ করেছে, তোমরা তোমাদের ঐতিহ্যের সার্থক প্রতিনিধিত্বকারী।
ইউসুফ চিয়াং ও আহমদ ইয়াং এর চোখে মুখে একরাশ লজ্জা নেমে এল।
ইউসুফ চিয়াং বলল, না মুসা ভাই, আজ রাতে আমাদের কিছু করার ছিল না, ছিল শেখার এক দুর্লভ সুযোগ। আজ রাতের ঘটনা আমাদের শুধু অমূল্য অভিজ্ঞতা দান করেনি, আত্মবিশ্বাসও জাগিয়েছে। আজ মনে হচ্ছে, অনেক কিছু করার শক্তি আমাদের আছে।
আহমদ মুসা বলল, ইউসুফ, আমার মনে হচ্ছে এখানে সবকিছুই তোমাদের হাতের মুঠোয়। মধ্যে এশিয়ায় সাইমুম থেকে ‘এম্পায়ার গ্রুপ’ অনেক ভালো পরিবেশে রয়েছে। মুসলমানরা তাদের ভাষা তাদের শিক্ষা সংক্রান্ত তাদের বেশ কিছু অধিকার পিকিং এর নতুন সরকারের কাছ থেকে ফিরে পেয়েছে। আমার মনে হয়েছে, অবশিষ্ট অধিকার মুসলমানরা ফিরে পাবে।
ইউসুফ চিয়াং বলল, কিন্তু মুসা ভাই, বিরুদ্ধ শক্তির ঐ কিছুটা আপোশকামী ভূমিকা এখানকার কিছু মুসলমানের মধ্যে এমন একটা আত্মপ্রসাদ এনে দিচ্ছে যা এম্পায়ার গ্রুপের আন্দোলনকে ক্ষতিগ্রস্থ করতে পারে।
আহমদ মুসা বলল, ঠিক বলেছ ইউসুফ, কিন্তু সমস্যা এত বেশী আছে। মুক্তির পথে এত বাধা ও জটিলতা আছে যে আত্মপ্রসাদ সৃষ্টির কোন অবকাশ নেই। এখানকার বিধ্বস্ত মুসলিম সমাজের পুনর্গঠন এবং মুসলমানদের সকলের মুখে মুক্তির হাসি ফুটানোর পথ অনেক দীর্ঘ।
কথা শেষ করে আহমদ মুসা হাসান তারিকের দিকে চাইল। বলল, জেনারেল বোরিসের কাছ থেকে যে আধ টন স্বর্ণ তোমরা উদ্ধার করেছ তা এম্পায়ার গ্রুপের জন্য ইউসুফ চিয়াং এর তত্ত্বাবধানে দিয়ে দাও। এ থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ এম্পায়ার গ্রুপ খরচ করবে ধ্বংসপ্রাপ্ত মসজিদ, মাদ্রাসার পুনর্গঠন এবং মুসলিম, এতীম, বিধবাদের পুনর্বাসনের কাজে। অবশিষ্ট সব অর্থ ব্যয় হবে এম্পায়ার গ্রুপকে আরও সংহত ও শক্তিশালী করার জন্যে। আর এক লাখ ইউয়ান যে নগদ অর্থ পেয়েছ ওটা ঐ দশটি অসহায় মেয়েকে দিয়ে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
হাসান তারিক উজ্জ্বল চোখে সম্মতিসূচক মাথা নাড়ল।
কথা বলে উঠল ইউসুফ চিয়াং। বলল, মুসা ভাই, আপনি যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে আপনারা যেন ‘এম্পায়ার গ্রুপ’ এর কেউ নন।
আহমদ মুসা হাসল। বলল, বিশ্বের যেখানে যে নামেই ইসলামী আন্দোলন হোক, আন্দোলন একটাই। এম্পায়ার গ্রুপ আমার, আমি এর সাথে আছি।
ইউসুফ চিয়াং এর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, মুসা ভাই, একটা সমস্যার কথা বলি। গতকাল একটা খবর এসেছে। শিহেজি উপত্যকায় দুই একর জমি মুসলমানদের কাছ থেকে সরকারী কাজের জন্যে একোয়ার করা হয়েছিল। কিন্তু এখন সেখানে সরকারী তত্ত্বাবধানে সিংকিয়াং এর বাইরে থেকে অমুসলিম হান গোষ্ঠীর লোক এনে বসানো হচ্ছে। মুসলমানরা এতে প্রতিবাদ করতে গেলে সংঘর্ষ হয় এবং বিশজন মুসলিম যুবককে গ্রেফতার করা হয়। এখন আমাদের কি করণীয়? আমরা সম্প্রতি এ ধরনের যে কোন নতুন বসতি ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরকম বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। এতে অধিকাংশ ক্ষেত্রেই নতুন বসতি আর পুনঃস্থাপনে তারা সাহস পায়নি। কিন্তু সমস্যা হল, আমাদের কাজের দায়দায়িত্ব স্থানীয় মুসলমানদের ওপর পড়ে এবং তারা পাইকারীভাবে নির্যাতনের শিকার হয়।
থামল ইউসুফ চিয়াং। আহমদ মুসা তার দিকে তাকিয়ে রইল। সে থামলে আহমদ মুসা বলল, বর্তমান ক্ষেত্রে তোমাদের ইচ্ছা কি?
-আমরা আমাদের সিদ্ধান্তের বিকল্প দেখি না। একটা বিকল্প হলো চুপ করে থাকা। কিন্তু চুপ করে থাকা সম্ভব নয়। এক দুই করে তারা পঞ্চাশ লাখ-অমুসলিম হান গোষ্ঠীর লোককে সিংকিয়াং-এ এনে ঢুকিয়েছে। তার ফলে নিজ দেশেই আমরা পরবাসী হবার উপক্রম। আমরা এ অবস্থা চলতে দিতে পারি না।
-বুঝেছি তোমরা কথা। তোমাদের সিদ্ধান্ত জানিয়ে ওদেরকে একটা সময় দেবে না?
-না মুসা ভাই, ওটা করতে গেলে পদক্ষেপ গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়াবে। আর স্থানীয় মুসলমানদের উপর জুলুম-অত্যাচার হয়রানি এখনই শুরু হয়ে যাবে।
-বুঝলাম! ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত অনুসারেই কাজ করতে হবে।
একটু থেমে আহমদ মুসা বলল, বলত, তোমাদের সামনে আশু সমস্যা কি?
-সমস্যা আছে অনেক। তবে দু’টো বিষয়কে আমরা জরুরী ভিত্তিতে হাতে নিয়েছি। এর প্রথমটি হল মসজিদ-মাদরাসাকে কম্যুনিষ্ট খবরদারী থেকে মুক্ত করা। আর দ্বিতীয় হল, মুসলমানরা কম্যুনিষ্ট পার্টির সদস্য না হলে পিওন-ক্লার্কের ওপরের পদে চাকুরী না পাওয়ার যে ব্যাপার চলছে তার প্রতিরোধ করা। বাইরের অন্যায় বসতি বিস্তারের প্রতিরোধের কথা তো আগেই বলেছি। অসহায় মুসলমানদের অভিভাবকত্ব দান এবং ইসলামী চিন্তা ও জ্ঞানের প্রসার প্রচেষ্টার বাইরে এই তিনটি কাজই আমাদের মুখ্য।
আহমদ মুসার চোখ দু’টি উজ্জ্বল হয়ে উঠল। কিছু বলতে যাচ্ছিল সে। এমন সময় মা-চু এসে বলল, মেহমানদের নাস্তা দেয়া হয়েছে।
হাসান তারিক বলল, তোমরা সবাই খেতে থাক। আমি মুসা ভাইকে আরেকটা কথা বলে আসি।
মা-চু’র সাথে ওরা তিনজন চলে গেল।
ওরা চলে গেলে হাসান তারিক পরিপূর্ণ দৃষ্টিতে একবার আহমদ মুসার দিকে তাকাল। মুখটি আবার একটু নিচু করল সে।
-বলবে কিছু নিশ্চয়, বলে ফেল। আয়েশা কেমন আছে তাতো জানাওনি আমাকে? আহমদ মুসার মুখে এক টুকরো হাসি।
হঠাৎ হাসান তারিকের চোখ থেকে দু’ফোটা অশ্রু ঝরে পড়ল। দু’হাতে চোখ ঢাকল হাসান তারিক।
-তুমি কাঁদছ হাসান তারিক? তাহলে আয়েশা আলিয়েভার কিছু…….. বিস্ময় ও উদ্বেগ ঝরে পড়ল আহমদ মুসার কন্ঠে।
-না আয়েশার কিছু হয়নি। আমাদের ফারহানা আপা নেই।
-কি বলছ তুমি হাসান তারিক? বিস্ময়ের এক বজ্রপাত হল আহমদ মুসার কন্ঠে।
হ্যাঁ মুসা ভাই, তিনি নেই। জেনারেল বোরিসের লোকরা তাঁকে হত্যা করেছে।
-হত্যা করেছে? ফারহানা নিহত হয়েছে?
বেদনায় শক্ত হয়ে উঠেছে আহমদ মুসার মুখ। কিছুক্ষণ তার যেন বাক স্ফুরণ হলো না। তার শক্ত এবং স্থির দৃষ্টি হাসান তারিকের দিকে।
হাসান তারিক মুখ নিচু করে আছে।
নিজেকে সামলে নিয়েছে আহমদ মুসা। ধীর গম্ভীর কন্ঠে বলল, কিভাবে এটা ঘটল হাসান তারিক?
হাসান তারিক সেদিনের সব ঘটনা খুলে বলল।
শুনে আহমদ মুসা অনেকক্ষণ চুপ করে থাকল। তার শুন্য দৃষ্টিটা জানালা দিয়ে বাইরে নিবদ্ধ ছিল। তার চোখের দু’কোণায় দু’ফোটা অশ্রু চিকচিক করছিল।
অনেকক্ষণ পর চোখ ফিরিয়ে নিয়ে আহমদ মুসা বলল, যাও ভাই খেয়ে এস।
মনে হল আহমদ মুসা অনেক দূর থেকে কথা বলছে।
হাসান তারিক তার দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে বেরিয়ে এল ঘর থেকে।
ওরা খেয়ে ফিরে এল।
আব্দুল্লায়েভ আহমদ মুসার দিকে লক্ষ্য করেই বলে উঠল, মুসা ভাই কেমন লাগছে আপনার, খারাপ বোধ করছেন আপনি?
আব্দুল্লায়েভ তখন দাঁড়িয়েছিল। আহমদ মুসা উঠে তাকে জড়িয়ে ধরে বলল, আব্দুল্লাহ, তুমি আমাকে ফারহানার কথা জানাওনি, তোমার আতিয়ার কথাও জানাওনি।
-মুসা ভাই, অনেকবার মুখে এসেছে, কিন্তু বলতে পারিনি। কথা বের হয়নি।
তার চোখে অশ্রু টলটল করে উঠল। আহমদ মুসার চোখের কোণ দু’টিও আবার ভিজে উঠল।
এই সময় মা-চু ঘরে ঢুকল। বলল, ডাক্তার সাহেব এসেছেন।
আহমদ মুসা ফিরে দাঁড়িয়ে তার বিছানায় বসতে বসতে ধীর কন্ঠে বলল, তাহলে তোমরা রেস্ট নাও। বিকেলে এস, আমি তোমাদের সাথে একটু বেরুব।
আর মা-চু’র দিকে চেয়ে আহমদ মুসা বলল, নিয়ে এস ডাক্তারকে।
হাসান তারিক চলে গেল। ডাক্তার এসে প্রবেশ করল ঘরে। ডাক্তার ব্যান্ডেজ পরীক্ষা করে বলল, আর দু’দিন পরে এসে ব্যান্ডেজ পাল্টে দিয়ে যাব।
-আর কয়দিন বাণ্ডেজ রাখতে হবে?
-বাণ্ডেজ পাল্টাবার পর ধরুন আর সাত-আট দিন।
-আমি কি বাইরে টাইরে বেরুতে পারি?
-বাড়ির বাইরে?
-হ্যাঁ।
-গাড়ি করে বাইরে বেরুতে পারেন। তবে এক সাথে বেশী হাঁটা ঠিক হবে না।
হঠাৎ মেইলিগুলির কথা খেয়াল হল আহমদ মুসার। বলল, মেইলিগুলিকে কেমন দেখলেন ডাক্তার সাহেব?
-দু’ আঙুলের মাঝখানে আঘাত। জায়গাটা সেনসেটিভ। একটু সময় নেবে। তাছাড়া কবজি থেকে একটু ওপরে যে আঘাত সেটাও বড়। হাড় কাটেনি বটে, কিন্তু বেশ আহত হয়েছে। এখন আবার আসতে দেখে এলাম জ্বর উঠেছে।
-জ্বর? জ্বরের কারণ কি?
-বুঝতে পারছিনা বিকেলে আবার দেখব।
ডাক্তার বেরিয়ে গেল।
একটু গড়িয়ে নেবার জন্যে শুয়ে পড়ল আহমদ মুসা। কিন্তু শুয়েই মনে পড়ল মেইলিগুলিকে দেখে আসা দরকার।
উঠে বসল আহমদ মুসা।
মা-চু’কে ডেকে বলল, তুমি মেইলিগুলিকে বল আমি আসতে চাই।
মা-চু চলে গেল। অল্পক্ষণ পরে ফিরে এসে বলল, চলুন।
মেইলিগুলির ঘর। খুব বড় নয়। একপাশে শোবার ডিভান। আর একপাশে পড়ার টেবিল। এপাশেই কোণায় একটি টেলিভিশন। পুরো ঘরটাই লাল কার্পেটে মোড়া।
আহমদ মুসা ঘরে ঢুকল।
মেইলিগুলি শুয়ে ছিল। আহমদ মুসা ঘরে ঢুকতেই সে উঠে বসল।
ডিভানের পাশেই একটা চেয়ার রাখা ছিল। ওখানে গিয়ে বসল আহমদ মুসা। চেয়ারে বসতেই মেইলিগুলির বালিশের পাশে ভাজ করে রাখা একটা জায়নামায আহমদ মুসার নজরে পড়ল।
মেইলিগুলির মুখ শুকনো। নীল চোখ দু’টির মধ্যে একটা ক্লান্তি। একটা বড় চাদরে মাথা ও গা ঢাকা। মেইলিগুলির জন্যে এটা নতুন একটা পরিবর্তন মনে হল আহমদ মুসার কাছে। মেইলিগুলির চুল উস্কো-খুস্কো। চাদরের প্রান্ত পেরিয়ে কিছু চুল এসে কপালে পড়েছে।
চেয়ারে বসতে বসতে আহমদ মুসা বলল, কেমন আছ?
-ভাল
-ডাক্তার বলল, গায়ে তোমার জ্বর উঠেছে। খুব জ্বর?
মেইলিগুলি চোখ তুলল। আহমদ মুসার চোখে চোখ পড়ল। চোখ নামিয়ে নিল আহমদ মুসা।
-খুব জ্বর নয় বোধ হয়।
-ডাক্তার বলল, তোমার কব্জির ওপরে আর এক স্থানেও নাকি একটা বড় আঘাত আছে?
-জ্বি আছে।
-ওটা কিসের আঘাত?
-পেছন থেকে জেনারেল বোরিস ওখানে প্রথম আঘাত করে।
-গুলি করে কখন?
-রিভলভারের বাট দিয়ে আঘাত করার পর আমার হাত থেকে রিভলভার পড়ে যায়। আমি রিভলভার কুড়িয়ে নিয়ে যখন তাকে গুলি করতে যাই, তখন সে গুলি করে।
-তুমি সেদিন জেনারেল বোরিসদের আসা কখন কিভাবে টের পেলে?
মেইলিগুলি উত্তর দিল না। মাথা নিচু করে থাকল সে।
-তুমি জেনারেল বোরিসদের আসার আশংকা করেছ, একা একা রাতে পাহাড়া দিয়েছ, আমাকে জানাওনি কেন?
-আপনি এসব কার কাছে শুনলেন? দাদী?
-হ্যাঁ।
-আমি এখন বুঝতে পারছি, না বলা আমার ভুল হয়েছে অপরাধ হয়েছে।
-না এমন করে ভাবা আবার তোমার ঠিক নয়।
-কিন্তু এ রাতে যদি কিছু ঘটে যেত তাহলে অপরাধ বোধের যন্ত্রণা থেকে কোন দিনই বাঁচতে পারতাম না।
বলার সময় গলা যেন মেইলিগুলির কিছুটা কেঁপে উঠল।
-এসব ভেবে মন খারাপ করো না, আমাদের সাধ্য কতটুকু। আল্লাহই আমাদের ভরসা।
কথা বলল না মেইলিগুলি।
আহমদ মুসাও কি কথা বলবে আর ভেবে পেল না।
মেইলিগুলিই মুখ খুলল। বলল, আজ তো ডাক্তার আপনার ব্যাণ্ডেজ দেখার কথা ছিল?
-হ্যাঁ দেখেছে।
-কি বলেছে?
আরও সাত-আট দিন ব্যাণ্ডেজ রাখতে হবে। আর ডাক্তার বলেছেন, আমি বাইরে একটু করে বেরুতে পারি।
-বলেছেন ডাক্তার এটা?
-হ্যাঁ।
মেইলিগুলি মাথা নেড়ে বলল, না, হাঁটাহাঁটি করলে সেলাই-এ টান পড়বে, ক্ষতি হবে তাতে।
-গাড়ি করে বেরুনো যাবে ডাক্তার বলেছেন। বেশী হাঁটাহাঁটি তিনিও নিষেধ করেছেন।
একটু থেমে আহমদ মুসা বলল, আজ বিকেলে একটু বেরুব।
-একা?
-না, হাসান তারিকরা থাকবে।
-মেইলিগুলি চুপ করল। কথা বলল না। মনে হল আহমদ মুসার এ সিদ্ধান্ত তার মনঃপুত হয়নি। আহমদ মুসাও এটা বুঝল। বলল সে, না হাঁটাহাঁটি করব না। গাড়ি করে একটু এদিক সেদিক ঘুরে আসব মাত্র।
আহমদ মুসা থামল।
মেইলিগুলি বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি?
-কি কথা?
-হাসান তারিকরা রাতে বেরিয়েছিল, কোন খারাপ খবর কি তারা এনেছে?
-না তো, তোমাকে বলা হয়নি। তাদের অভিযান আশাতীত সফল হয়েছে। জেনারেল বোরিসের শেষ দু’টো ঘাটিও আমাদের দখলে এসেছে, তার সঙ্গী-সাথী সব শেষ হয়েছে। সে পিকিং চলে গেছে তার আহত হাতটি কেটে ফেলার জন্য।
মেইলিগুলির চোখ দু’টি উজ্জ্বল হয়ে উঠল। তৎক্ষণাৎ কোন কথা বলল না সে। কি যেন ভাবছিল। অবশেষে বলল, কিছু মনে করবেন না, কোন দুঃসংবাদ কি আজ পেয়েছেন আপনি?
-কেন, এ প্রশ্ন জিজ্ঞেস করছ কেন?
মেইলিগুলি বলল, প্রশ্ন করার অনুমতি আগেই চেয়ে নিয়েছি।
একটু থামল মেইলিগুলি। তারপর বলল, আপনার চেহারার মধ্যে একটা পরিবর্তন দেখছি। আর মা-চু বলল, আপনার চোখে সে অশ্রু দেখেছে।
মেইলিগুলির কথার তখনই কোন উত্তর দিতে পারলো না আহমদ মুসা। চোখ বুজল সে। তার মুখ একটা বিষাদ বেদনায় আচ্ছন্ন হয়ে গেল।
মেইলিগুলি আহমদ মুসার মুখের দিকে তাকিয়ে ছিল। আহমদ মুসার এই বেদনার্ত পরিবর্তন মেইলিগুলির দৃষ্টি এড়াল না। আহমদ মুসার এভাবে চোখ বুজাটাও তার কাছে বিস্ময়কর লাগল। তাহলে কি বড় ধরনের দু:খজনক কিছু ঘটেছে। আহমদ মুসার মত পর্বত প্রমাণ ব্যক্তিত্ব কোন ধরনের ঘটনায় এমন হতে পারে? বুঝতে পারল না, প্রশ্ন করাই তার ভুল হয়েছে কিনা!
মেইলিগুলি মুখ তুলল। তার বিষণ্ন দৃষ্টি আহমদ মুসার দিকে তুলে ধরে বলল, আমি আপনাকে ব্যথা দিয়েছি?
-না মেইলিগুলি। তুমি ঠিকই ধরেছ, আমি একটা দু:সংবাদ পেয়েছি।
-জিজ্ঞেস করতে পারি কি? সেটা কি?
আহমদ মুসা তৎক্ষণাৎ জবাব দিল না। একটু ভাবল। তারপর বলল, ব্যাপারটা আমার একান্তই ব্যক্তিগত মেইলিগুলি। আমাকে অপহরণ করে নিয়ে আসার পর যার সাথে আমার বিয়ে স্থির হয়েছিল, সে মেয়েটিকেও জেনারেল বোরিসের লোকেরা হত্যা করেছে।
এমন খবর শোনার জন্যে মেইলিগুলিও প্রস্তুত ছিল না। সে সংকুচিত হয়ে পড়ল। বেদনায় বিবর্ণ হয়ে গেল তার মুখ। বুকের কোথায় যেন একটা অস্বস্তিকর খোঁচাও অনুভূত হতে লাগল তার।
দু’জনেই নিরব।
নিরবতা ভাঙল মেইলিগুলিই প্রথম। বলল, মাফ করুন আমাকে, আমি বুঝতে পারি নি।
মেইলিগুলি আর চোখ তুলতে পারলো না।
আহমদ মুসা একটু হাসতে চেষ্টা করল। বলল, ও কিছু না মেইলিগুলি। তুমি ঠিকই ধরেছ। ভাগ করে নিলে দু:খ কমে। দু:খের সাথী থাকলে সান্ত্বনা পাওয়া যায়।
মেইলিগুলি চোখ তুলে চাইল। ওর নীল চোখে যেন এক সাগর বেদনা, আকাশের মত নিসীম এক মমতা।
চমকে উঠল আহমদ মুসা। তার চোখের সামনে ভেসে উঠল, ফারহানার অশ্রু ধোয়া এমনি চোখ, বহুদিন আগে ফেলে আসা হিমালয়ের বরফ রাজ্যের বরফ গুহার মুমূর্ষ ফারহানার প্রেম-মমতা-বেদনার সাগর গভীর কালো এমনি এক চোখ।
সম্বিত ফিরে পেয়ে চোখ নামিয়ে নিল আহমদ মুসা। উঠে দাঁড়াল সে।
‘আসি মেইলিগুলি’ বলে ঘর থেকে বেরিয়ে এল আহমদ মুসা।
দরজায় গিয়ে ডিভানের ওপর রাখা হাতের ম্যাগাজিনটা নেবার জন্যে ফিরে দাঁড়াল আহমদ মুসা। কিন্তু দেখল, মেইলিগুলি বালিশে মুখ গুঁজেছে। তার দেহটা ফুলে ফুলে উঠছে। কাঁদছে সে।
আহমদ মুসা আর ঘরে না ঢুকে চলে এল।
ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল আহমদ মুসা। সব চিন্তা থেকে বিচ্ছিন্ন বিশ্রাম নেবার জন্যে চোখ বুজল সে। কিন্তু তবু মেইলিগুলির ঐ নিশব্দ কান্নার দৃশ্য ঘুরে ফিরে তার চোখের সামনে ভেসে উঠতে লাগল।
৮
বিকেলে আহমদ মুসা হাসান তারিক, আবদুল্লায়েভ, ইউসুফ চিয়াং ও আহমদ ইয়াংকে নিয়ে বাইরে বেরুল।
ইউসুফ চিয়াং তার নিজের গাড়ি নিয়ে এসেছিল। কিন্তু তারা যখন বেরুতে যাবে এই সময় মা-চু মেইলিগুলির গাড়ির চাবি এনে হাসান তারিকের হাতে দিল।
হাসান তারিক আহমদ মুসার দিকে তাকাল। আহমদ মুসা তাকাল ইউসুফ চিয়াং এর দিকে।
ইউসুফ চিয়াং বলল, ঠিক আছে, ওঁর গাড়িই নেয়া যাক।
মেইলিগুলির দামী এয়ারকণ্ডিশন গাড়ি।
ইউসুফ চিয়াং ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, এই গাড়ি উরুমচিতে আর মাত্র দুটি আছে। সত্যিই মেইলিগুলির মত অর্থ, সম্মান ও নামের অধিকারী এর আগে কেউ হতে পারেনি।
-কেমন জানো তোমরা মেয়েটাকে? জিজ্ঞেস করল আহমদ মুসা।
-নিকট থেকে তাকে জানার সুযোগ হয়নি। তবে তার সম্বন্ধে আলোচনা হল, তাঁর মত ব্যক্তিত্ব ও আত্ম-মর্যাদাবোধ সম্পন্ন কেউ অভিনয়ের জগতে আর আসেনি।
-এই আলোচনার পক্ষে যুক্তি কি দেয়া হয়?
-তাঁর সম্বন্ধে কথা হলো, বইয়ের কাহিনী এবং দৃশ্য তিনি নিজে বাছাই করেন। কোন অশ্লীল দৃশ্যে কখনও তাকে দেখা যায়নি। আর বাইরের শুটিং এর সময় তিনি সব সময় তাঁর মা ও পরিবারের লোকদের সাথে থাকেন। সবচেয়ে বড় কথা হলো, গত তিন বছরে পত্র পত্রিকায় তাকে ঘিরে কোন কাহিনী তৈরী হয়নি। অথচ অন্যদের বেলায় এটা খুব সাধারণ ব্যাপার। খবরের কাগজের আরেকটা আলোচনা পড়েছি, শুটিং এর সময় ছাড়া অন্য কোন সময় ক্যামেরার সামনে তিনি দাঁড়ান না।
থামল ইউসুফ চিয়াং। হাসান তারিক এর সাথে আরও যোগ করল। বলল, আমি তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে কি যে বিপদে পড়েছিলাম! তার এ্যাটেনড্যান্টের এক কথা, উনি কারও সাথে তেমন দেখাই করেন না, অপরিচিত লোকের সাথে তো নয়ই। তার এ্যাটেনড্যান্ট তার যুক্তিকে পাকাপোক্ত করতে গিয়ে বলেছিল, অন্য নায়িকার অফিস যখন হাসি তামাশায় গোলজার থাকে, তখন তিনি নিরবে বই পড়েন, স্ক্রিপ্ট পড়েন। আর যখন তার দেখা পেলাম, বুঝলাম তার একটা ভিন্ন মনও আছে তাঁর সহযোগিতা আমরা পাব। জেনারেল বোরিসের হাতে বন্দী মুসা ভাই এর প্রতি গভীর সহানুভূতি এবং বিপুল শ্রদ্ধাবোধ সেদিনই আমি তাঁর মধ্যে দেখেছিলাম। থামল হাসান তারিক।
-তাহলে আহমদ ইয়াংরা তাঁকে কিডন্যাপ করেছিল কেন? বলল আহমদ মুসা।
-জনপ্রিয় ভাল একটি মুসলিম মেয়েকে গণ-আলোচনার অশ্লীল আসর থেকে সরিয়ে আনার জন্যে। এর পারিবারিক ঐতিহ্যের বিবেচনাও এখানে ছিল। আরো অনেক বখে যাওয়া মেয়ে আছে, তাদের ব্যাপারে এমন পদক্ষেপ নেয়া হয়নি। আহমদ ইয়াং বলল।
আহমদ মুসা কোন কথা বলল না। জানালা দিয়ে তার দৃষ্টিটা বাইরে নিবদ্ধ। তারও চোখে ভেসে উঠেছে, কাশগড়ে থানার সামনে মেইলিগুলির কথা বলার দৃশ্য। এরপর সেদিন আহত আহমদ মুসাকে তার গাড়িতে তুলে নেয়া এবং তার পরবর্তীকালের সব ঘটনা, সব কথা।
একটু নিরবতা। তারপর আহমদ মুসা ইউসুফের দিকে চেয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা ইউসুফ?
-আমরা ঠিক করেছি, প্রথমে আমরা আমাদের শহীদ পার্কে যাব।
-কতদূর এখান থেকে?
-বেশী দূর নয়। এসে গেছি। আর কয়েক মিনিট।
-শহরের এই এলাকা নতুন বোধ হয় না?
-হ্যাঁ কম্যুনিষ্টরা এই অভিজাত এলাকাটা গড়েছে তাদের ওপরতলার লোকদের জন্যে।
গাড়ি উরুমচির নতুন এলাকা পেরিয়ে পুরাতন এলাকায় প্রবেশ করল।
আহমদ মুসা চোখ ভরে যেন দেখছিল চারদিকটা। বলল, ইউসুফ পুরানো উরুমচির তো দেখছি কোন পরিবর্তন হয়নি?
-আপনি এসেছেন উরুমচিতে মুসা ভাই? বলল ইউসুফ।
-কেন আসব না? দু’বার এসেছি। আব্বা সরকারী কাজে উরুমচি এসেছিলেন। তার সাথে আমি এসেছিলাম।
-মনে পড়ে বাড়ির কথা মুসা ভাই? বলল আহমদ ইয়াং
-সে স্মৃতি কি ভুলবার মত ইয়াং! কিন্তু দু’চোখে সেই বাড়ি, সেই পরিবেশ তো আর দেখতে পাবে না। আমরা যখন সেখান থেকে হিজরত করি, তখন আমাদের জনপদ, ছোট্ট নগরী একটা ভাঙ্গা ইট পাথর আর ছাই- এর স্তুপে পরিণত হয়েছিল। জানি না সেখানকার অবস্থা কিরূপ আজ!
-যেতে ইচ্ছে করে না সেখানে?
-অবশ্যই। মাঝে মাঝে ভাবি ওখানে গেলে ওখানকার পাহাড়, উপত্যকা আর ফসলের মাঠে বোধ হয় আমার বাল্য ও কৈশোরকে দু’চোখ ভরে আমি দেখতে পাব।
আহমদ মুসার কন্ঠস্বরটা গম্ভীর শোনাল। তার চোখের দৃষ্টিটা শূন্যে। মনে হল স্মৃতির পাতা হাতড়াতে গিয়ে মনের কোন গহনে হারিয়ে গেছে সে।
শহীদ পার্কে এসে গাড়ি প্রবেশ করল।
নাম পার্ক কিন্তু যাকে পার্ক বলে তার কোন চিহ্ন নেই। উন্মুক্ত একটা মাঠ। মাঠের চারদিক দিয়ে কাঁটা গাছের বেষ্টনী। মাঠের মাঝখানে নানা রকমের পাথর সাজিয়ে একটা মিনারের মত দাঁড় করানো হয়েছে। মিনার থেকে কয়েকগজ পশ্চিমে একটা বিল্ডিং এর ধ্বংসাবশেষ। সে ধ্বংসাবশেষের উপর বেড়া ঘেরা টিনের একটা মসজিদ। এর সামনে মানুষ সমান উঁচু হয়ে একটা মিনারের ভিত্তি দাঁড়িয়ে আছে।
শহীদ পার্কে, পার্কের কিছুই নেই বটে, কিন্তু উরুমচি এবং এই এলাকায় মুসলমানদের জন্যে এই পার্ক সবচেয়ে আকর্ষণীয় জায়গা। দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষ এখানে আসে। ঐ ভাঙ্গা মসজিদে গিয়ে নামাজ পড়ে। তারপর পাথরের ওপর পাথর রেখে তৈরী মিনারের মত সেই পাথরের স্তুপটার কাছে গিয়ে কিছুক্ষণ মৌনভাবে দাঁড়িয়ে থাকে। কারো চোখে মুখে বিস্ময়, কারো চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন এবং কারও চোখ থেকে গড়াতে থাকে অশ্রু। কুখ্যাত সাংস্কৃতিক বিপ্লবের ইতি ঘটার পর থেকে উরুমচির সবচেয়ে বড় ঈদের জামাত এই শহীদ পার্কেই অনুষ্ঠিত হয়।
আহমদ মুসাদের গাড়ি গিয়ে পাথর সাজিয়ে গড়া সেই মিনারটার কাছে দাঁড়াল। গাড়ি থেকে নামল সবাই। গাড়িটা বন্ধ করে ইউসুফ চিয়াং নামল সবার পরে।
ততক্ষনে আহমদ ইয়াং আহমদ মুসা ও আবদুল্লায়েভকে নিয়ে মিনারের সামনে গিয়ে দাঁড়িয়েছে।
আহমদ ইয়াং বলল, মুসা ভাই, পাথরের ওপর পাথর দিয়ে গড়া এই এবড়ো-থেবড়ো স্তুপটাকেই সকলে শহীদ মিনার বলে। এখানেই আমাদের ইউসুফ চিয়াং এর আব্বা কাজাখ নেতা ওসিমানকে কম্যুনিষ্টরা ফাঁসি দেয়। আপনি নিশ্চয় দেখেছেন, ঐ যে সামনে ওখানে উরুমচির সবচেয়ে বড় মসজিদ ছিল এবং এই উন্মুক্ত স্থান ও এর আশে পাশে ছিল কাজাখ ও উইঘুর মুসলমানদের এক বিরাট বসতি। কম্যুনিষ্টরা সেদিন এলাকার মুসলিম নারী, শিশু ও বৃদ্ধের কোমরে দড়ি বেঁধে সবাইকে এই মসজিদের সামনে হাজির করেছিল এবং তাদের চোখের সামনে তাদের মুক্তি আন্দোলনের নেতা ওসিমানকে এই জায়গায় ফাঁসি দেয়। যুবকরা সবাই তখন পাহাড়ে পালিয়ে মুক্তি আন্দোলনে শরিক হয়। এই মর্মান্তিক হত্যাকান্ড দেখে অসহায় বৃদ্ধ, নারী, শিশুরা ডুকরে কেঁদেছিল। ফাঁসি দিয়ে হত্যার পর ওসিমানের লাশ তারা একটা লম্বা কাঠের দন্ডে এখানেই টাঙ্গিয়ে রাখে। সেদিন সন্ধ্যা নামলে মুক্তি সংগ্রামীরা পাহাড় থেকে নেমে আসে এবং লাশ নিয়ে ঐ পাহাড়ে দাফন করে। থামল আহমদ ইয়াং।
সবাই নিরব। সবার বিষন্ন চোখে যেন একটা শুন্য দৃষ্টি। সবারই মন যেন হারিয়ে গেছে কোন দূর অতীতে।
ওসিমান চীনা মুসমানদের একটা প্রিয় নাম, সংগ্রামী চেতনার একটা প্রতীক। সিংকিয়াং যখন কম্যুনিষ্ট কবলে চলে গেল, উরুমচির ওপর যখন তাদের বিষাক্ত থাবা এসে চেপে বসল, তখন শেষ প্রতিরোধের জন্যে সংঘবদ্ধ হলো এলাকার কাজাখ ও উইঘুর মুসলমানরা। এদের নেতৃত্ব দিলেন ঈমান দীপ্ত, নির্ভীক কাজাখ নেতা ওসিমান। ওসিমানের ফাঁসি আন্দোলনের ক্ষতি করেছিল, কিন্তু আন্দোলনকে থামিয়ে দিতে পারেনি। বহু বছর কম্যুনিষ্টরা শান্তিতে ঘুমাতে পারেনি। কার্যকর কোন শাসন কাঠামো দাঁড় করাতে পারেনি। ওদের হিসেবেই কম্যুনিষ্টদের দুই শ’ চারটি নির্বাচন প্রচেষ্টা মুক্তি সংগ্রামীরা নস্যাত করে দেয়।
আহমদ ইয়াং সবাইকে নিয়ে চলল ধ্বংসপ্রাপ্ত বিশাল মসজিদ বিল্ডিং এর কোণে দাঁড়ানো বেড়া দিয়ে তৈরী সেই মসজিদের কাছে।
আহমদ ইয়াং বলল, ওসিমানকে ফাঁসি দেয়ার দু’দিন পর বিদ্রোহীদের আড্ডা আখ্যা দিয়ে কম্যুনিষ্টরা মসজিদ বিল্ডিংটি ভেঙ্গে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। মসজিদের গগণভেদী বিশাল মিনার আপনি দেখেছেন, দেখুন এখন ঐটুকু অতীতের সাক্ষী হিসেবে টিকে আছে।
মসজিদ ভাঙ্গা এবং এর সম্পত্তি বাজেয়াপ্তের তীব্র প্রতিক্রিয়া হয় মুসলমানদের মধ্যে। বৃদ্ধ, নারী ও শিশুরাও পাগলের মত রাস্তায় নেমে আসে। সেই রাতেই কম্যুনিষ্টরা জ্বালিয়ে দেয় গোটা জনপদ। অনেকেই পুড়ে মারা যায়। গোটা উরুমচি যেন তারপর এক বিরাণ প্রান্তরে পরিণত হয়। সেই থেকে এই মাঠে কোন জনপদ গড়ে ওঠেনি। হান গোষ্ঠীর জনপদ গড়ে তোলার চেষ্টা কম্যুনিষ্টরা বারবার চালায়, কিন্তু মুসলমানদের অব্যাহত প্রতিবাদের মুখে কোন বসতিই এখানে তাদের স্থায়ী হয়নি। অবশেষে সাংস্কৃতিক বিপ্লবের পরে কিছু অধিকার ফিরে পাওয়ার পর মুসলমানরা এই শহীদী ঈদগাহকে একটি পার্কের রূপ দিয়েছে।
সেই ভাঙ্গা টিনের মসজিদে সকলে দু’রাকাত নফল নামায পড়ল। সবাই একসাথে হাত তুলল দোয়ার জন্য। দোয়া করল তারা শহীদ ওসিমান এবং জানা-অজানা সব শহীদানদের জন্যে। দোয়া করল তারা মুসলমানদের মুক্তির জন্যে এবং তাদের মুক্তি সংগ্রাম ‘এম্পায়ার গ্রুপ’কে মনজিলে মকসুদে পৌছার তৌফিক দেয়ার জন্যে।
মসজিদ থেকে বেরিয়ে তারা গোটা মাঠটা একবার ঘুরল। তারপর ফেরার সময় আবার সেই ভাঙ্গা মসজিদের কাছে এসে দাঁড়াল। আহমদ মুসা বলল, তোমরা মসজিদটিকে তার সাবেক ভিত্তির ওপর পুনর্ণির্মান কর। এ সমজিদের নাম হবে ‘শহীদ ওসিমান মসজিদ’। শহীদের জন্য আলাদা কোন শহীদ মিনারের প্রয়োজন নেই। শহীদ মিনারের স্থানসহ মসজিদের সামনে একটা ফুলের বাগান করে দাও।
ইউসুফ চিয়াং বলল, অতীতে অনুমতি লাভ একটা সমস্যা ছিল বটে, কিন্তু টাকাও একটা সমস্য ছিল। ইনশাআল্লাহ মসজিদটি গড়তে এখন আর আমাদের কোন অসুবিধা হবে না।
আহমদ মুসারা তাদের গাড়িতে উঠে বেরিয়ে এল শহীদ পার্ক থেকে।
গাড়ি এগিয়ে চলছিল তখন মার্কস এভিনিউ দিয়ে। এ রাস্তাটির নাম আগে ছিল ‘সাতুক বোগরা খান রোড’। কম্যুনিষ্টরা এ মুসলিম নাম পরিবর্তন করে এই নতুন রাম রাখে। এ রাস্তারই শেষ মাথায় সিংকিয়াং এ প্রথম মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আব্দুল করিম সাতুক বোগরা খানের প্রাসাদ। প্রাসাদটি এখন উরুমচি কম্যুনিষ্ট পার্টির ফার্ষ্ট সেক্রেটারীর বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটি দেখার জন্যেই যাচ্ছিল আহমদ মুসারা। ড্রাইভ করছিল ইউসুফ চিয়াং।
শহরের এই এলাকাটা জনবিরল। তীব্র গতিতে এগিয়ে চলছিল আহমদ মুসাদের গাড়ি।
অনেকক্ষণ ধরেই ইউসুফ চিয়াং গাড়ির রিয়ার ভিউ এর দিকে সতর্ক দৃষ্টি রেখেছিল। রিয়ার ভিউ-এ অনেকক্ষণ ধরে একটা গাড়িকে সে দেখছে। গাড়িটি সমান দুরত্ব বজায় রেখে আসছিল। গাড়ির গতি বাড়িয়ে, কমিয়ে সে দেখল ও গাড়িটারও গতি সমানতালে বাড়ছে, কমছে। তাহলে ওরা কি আমাদের অনুসরণ করছে?
আরও একটু পর্যবেক্ষণ করার পর ইউসুফ চিয়াং আহমদ মুসাকে বলল, মুসা ভাই, মনে হচ্ছে একটা গাড়ি আমাদের পিছু নিয়েছে।
– কি গাড়ি?
– ফোর্ড কার।
– সরকারী, না বেসরকারী?
– সরকারী নয়।
আহমদ মুসা চারদিকে একবার দৃষ্টি ফেরাল। দেখল মার্কস এ্যাভিনিউ থেকে একটা রাস্তা ডানদিকে বেরিয়ে উপত্যকার দিকে চলে গেছে। আহমদ মুসা জিজ্ঞেস করল, ডানদিকের রাস্তাটা কোথায় গেছে ইউসুফ?
– মাইল পাঁচেক ঘুরে একটা খামার ঘুরে রাস্তাটা আবার এই মার্কস এভিনিউ এর গোড়ায় গিয়ে মিশেছে।
– ঠিক আছে গাড়ি তুমি ডান দিকে ঘুরিয়ে নাও। গাড়ী ধীরে চালাও। লোকালয় থেকে সরিয়ে নিয়েই দেখতে হবে ওকে।
ইউসুফ গাড়ি ঘুরিয়ে ডাইনের রাস্তা দিয়ে চলল। রাস্তাটা খুব প্রশস্ত নয়। খুব বেশী হলে তিনটা গাড়ি পাশাপশি চলতে পারে।
গাড়ি ঘুরিয়ে নেবার পর অনুসরণকারী গাড়িটি রিয়ার ভিউ থেকে হারিয়ে গেল। কিন্তু মিনিট তিনেক পরই আবার রিয়ার ভিউ-এ ধরা পড়ল গাড়িটি।
ইউসুফ চিয়াং খবরটা জানাল আহমদ মুসাকে।
আহমদ মুসা একটু চিন্তা করল। তারপর বলল, সামনে রাস্তা মোড় ঘুরেছে দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে গাড়ি ঘুরিয়ে পিছনে ফিরে চল।
আর কিছুটা এগিয়ে মোড়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে নিল ইউসুফ। তারপর আবার মার্কস এ্যাভিনিউ এর দিকে ফিরে চলল।
ইউসুফের গাড়ি ঘুরিয়ে নিলে অনুসরণকারী গাড়িটি মহূর্তের জন্যে থেমে গিয়েছিল। কিন্তু তা মুহূর্তের জন্যেই। তারপর আবার সমান গতিতে চলতে শরু করল।
আহমদ মুসা পেছনের গাড়িটির দিকে তাকিয়েছিল। বলল ইউসুফ, আর কোন সন্দেহ নেই ওটা ফেউ গাড়ি।
তারপর হাসান তারিকের দিকে চেয়ে বলল, তোমার এম-১০ রেডি?
-হ্যাঁ।
-ওরা দু’জন লোক। সামনেই বসেছে। অফেনসিভে নাও যেতে পারে। সেক্ষেত্রে ওদের গাড়ি অতিক্রম করার পর ওদের চাকা ফাটিয়ে দেবে, এবং সংগে সংগে আমাদের গাড়িও থেমে যাবে এবং আমরা নেমে পড়ব। ওদের মারা নয় ধরতে চাই। আর যদি ওরা আক্রমণ করতে চায় তোমার এম-১০ যেন ওদের সে সুযোগ না দেয়। ওদের গাড়ির যে পজিশন তাতে ওদের ডান দরজা দিয়ে গুলি আসবে না। আসলে তা বাম জানালা দিয়ে ড্রাইভারের হাত থেকেই আসবে। তোমার এম-১০ তৈরী রেখে খেয়াল রাখ ওদের বাঁ জানালার দিকে।
বলে আহমদ মুসা ছোট দূরবীন তুলে দিল হাসান তারিকের হাতে।
হাসান তারিক ওটা চোখে লাগাল।
আহমদ মুসাদের গাড়ির মাথা যখন অনুসরণকারী সামনের গাড়িটার পয়তাল্লিশ ডিগ্রি কোণে গিয়ে পৌঁছল, তখন হাসান তারিকের চোখে ধরা পড়ল ও গাড়ির ড্রাইভারের ডান হাতটা ষ্টিয়ারিং হুইল থেকে নিচে নেমে গেল, তারপর তা উঠে এল জানালায়। একটি রিভলভারের কালো নল তার চোখে ষ্পষ্ট হয়ে উঠল।
হাসান তারিক আর দেরী করা ঠিক মনে করল না। হাসান তারিকের ডান হাতে এম-১০ রেডি ছিল। গর্জে উঠল তার এম-১০। ওপক্ষের রিভলভারও গর্জে উঠেছিল। কিন্তু ততক্ষণে বৃষ্টির মত এক পশলা গুলি গিয়ে ঘিরে ধরেছিল ঐ গাড়িটিকে। গুড়ো হয়ে গিয়েছিল ওদের গোটা উইন্ড শিলড।
আর ওপক্ষের গুলিটি এসে বিদ্ধ হয়েছিল আহমদ মুসাদরে গাড়ির এক ইঞ্চি ওপরে। বোঝা গেল ড্রাইভিং সিটের ইউসুফ ছিল ওদের প্রথম টারগেট।
হাসান তারিকের গুলি বৃষ্টি যখন থামল, তখন আহমদ মুসাদের গাড়ি সামনের গাড়ির সমান্তরালে এসে গেছে। দেখা গেল, ওদের ড্রাইভার তার সিটেই ঢলে পড়ে গেছে। আর অন্যজনের দেহের অর্ধেকটা গড়িয়ে পড়ে গেছে বাইরে। বোধ হয় সে দরজা খুলে জাম্প দিতে চেয়েছিল, কিন্তু সময় হয়নি।
গাড়ি থামিয়ে ইউসুফ নেমে পড়ল। তাড়াতাড়ি ওগাড়ির দরজা খুলে ইউসুফ ড্রাইভার লোকটার কলার ব্যান্ড উল্টিয়ে এক নজর দেখেই আহমদ মুসার দিকে ফিরে তাকাল। আহমদ মুসারাও তখন গাড়ি থেকে নেমেছে। ইউসুফ বলল, এরা ‘রেড ড্রাগন’ এর সদস্য।
-এরা আমাদের পিছু নিল কেন? বলল আহমদ মুসা।
-এরা একই সাথে সরকার এবং ‘এম্পায়ার গ্রুপ’ তখা মুসলিম স্বার্থের বিরোধী। এ ছাড়া ‘ফ্র’ এবং ‘রেড ড্রাগন’ এরা এখন ঘনিষ্ঠ মিত্র।
তাড়াতাড়ি গাড়ি এবং তাদের পকেট সার্চ করে যে কাগজপত্র পেল, তা নিয়ে আহমদ মুসারা গাড়িতে উঠল।
গাড়িতে উঠে আহমদ মুসা বলল, পুলিশ এসে কিছু কি বুঝবে?
-বুঝবে। ওদরে জামার কলার ব্যান্ডে রেড ড্রাগন-এর প্রতীক রেড ড্রাগনের মুখ আঁকা আছে।
-আচ্ছা, ওদের মতলবটা কি ছিল আঁচ করতে পার?
ইউসুফ চিয়াং এর দিকে চেয়ে জিজ্ঞেস করল আহমদ মুসা।
-আমার মনে হয় এটা ওদের কোন পরিকল্পিত ব্যাপার নয়। শহীদ পার্ক থেকেই ওরা আমাদের পিছু নিয়েছে। সম্ভবত আমাকে ওরা চিনতে পারে এবং ঠিকানা উদ্ধারের জন্যে পিছু নেই।
-আমারও তাই ধারণা। বলল আহমদ মুসা।
আহমদ মুসা আর কোন কথা না বলে ওদের কাছ থেকে পাওয়া কাগজের দিকে মনোযোগ দিল।
অধিকাংশ কাগজই অপ্রয়োজনীয়। এ সবের মধ্যে রয়েছে পরিবারিক হিসেব-নিকেশ, সিনেমার টিকেট, গোপন লটারীর কুপন, ইত্যাদি। কাগজপত্রের মধ্যে মুখবন্ধ নয়- পোষ্টাল একটি ইনভেলাপ এবং ছোট একটি চিরকুট পেল। চিরকুটটিতে একটি মাত্র লাইন শুধু। বলা হয়েছে, ‘লেলিন স্কোয়ারের দশ নম্বরে বৈঠক রাত বারটায়।’ আর ইনভেলাপটি ফেড়ে পাওয়া গেল একটি চিঠি। ঠিক চিঠি নয় রিপোর্টের মত। বক্তব্যের শেষে ‘সু সাং’ নামের একটি দস্তখত ছাড়া কোন সন্ধান নেই।
চিঠিতে বলা হয়েছে, “শিহেজী উপত্যকার অবস্থা ভাল নয়। সরকার ‘এম্পায়ার গ্রুপ’ এর সাথে রক্তপাত এড়িয়ে চলতে চায়। আমরা লোক পাঠিয়েছি, আমরা ছাড়ব না। এদিকে, ‘ফ্র’ এর সব ঘাঁটি ‘এম্পায়ার গ্রুপ’ ধ্বংস করে দিয়েছে। জেনারেল বোরিসের সব সোনা এখন তাদের দখলে। আহমদ মুসাও মুক্ত। মুশকিল হয়েছে আমাদের কোন লোক আহমদ মুসাকে দেখেনি, জেনারেল বোরিস দেখাননি। তাই আমাদের কোন করণীয় দেখছি না। কিন্তু ‘এম্পায়ার গ্রুপে’র সাথে আহমদ মুসার সম্মেলন আমাদের বিপদ ঘটাবে। আমি চেষ্টা করছি এম্পায়ার গ্রুপ-এর ঠিকানায় পৌছার জন্যে। শহীদ পার্ক, ইবনে সাদ মসজিদ, ইমাম বোখারী মাদ্রাসা সহ তাদের আসা যাওয়ার সব জায়গায় সার্বক্ষণিক লোক বসিয়েছি। কিন্তু মুশকিল হয়েছে মুসলমানদের মধ্যে অমুসলমান চীনাদের অবস্থান খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়।” আহমদ মুসা চিঠি ও চিরকুট ইউসুফ চিয়াং এর হাতে দিল। ইউসুফ চিয়াং গাড়ি চালানোর ফাঁকে চিরকুট ও চিঠিটা পড়ে নিল। পড়ে বলল, মুসা ভাই, চিরকুটটা আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই। রেড ড্রাগনকে শায়েস্তা করার জন্য পুলিশই যথেষ্ট, ওরা হন্যে হয়ে ওদের খুঁজছে।
আহমদ মুসা বলল ঠিক আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলার পলিসি মন্দ নয়।
-মুসা ভাই, ইবনে সাদ মসজিদে আমাদের মাগরিবের নামায পড়ার ইচ্ছা বোধ হয় পরিত্যাগ করতে হয়। বলল ইউসুফ চিয়াং।
-জানতাম তুমি এ কথা বলবে। ঠিক আছে।
-আমরা ওদেরকে অন্ধকারেই রাখতে চাই। শহীদ পার্ক, ইবনে সাদ মসজিদ এবং ইমাম বোখারী মাদ্রাসা এলাকা থেকে ওদের ফেউদের পাকড়াও করার ব্যবস্থা আজকেই করছি।
-তাহলে চল এখন ফেরা যাক ইউসুফ।
একটু থেমে আহমদ মুসা বলল, শিহেজী উপত্যকার যে কথাটা লিখেছে তা পড়েছ তো?
-পড়েছি। গন্ডগোল ওখানে একটা হবেই। চিন্তান্বিত কন্ঠস্বর ইউসুফ চিয়াং এর।
গাড়ি ছুটে চলল ইবনে সাদ রোডের দিকে। গাড়ি যখন মেইলিগুলির বারান্দায় প্রবেশ করল, তখন দূরের মসজিদে মাগরিবের আযান হচ্ছে। নামায পড়া শেষে জায়নামায তুলতে তুলতে মা-চু বলল, মা মনি বলেছেন সবাই না পারলেও অন্তত দু’জন মেহমানকে এখানে থাকতে। পাশের ঘরে ওঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
আহমদ মুসার খুব ভালো লাগল এই প্রস্তাবটা। মনটা যেন তার এর অপেক্ষা করছিল।
আহমদ মুসা তাকাল ইউসুফের দিকে।
ইউসুফ বলল, মুসা ভাই এ রকম কিছুর কথা আমিও চিন্তা করছিলাম। এভাবে একা একা থাকা আপনার ঠিক নয়।
-কে কিংবা কারা এখানে থাকবে বল।
-আমি মনে করি, হাসান তারিক ভাই এবং আহমদ ইয়াং এখানে থাকুক।
-ইউসুফ চিয়াং এর প্রস্তাব ভাল। বলল আবদুল্লায়েভ।
-ঠিক আছে, রাত্রে এসে থাকা যাবে, কিন্তু এখন তো আমাদের বাইরে বেরুতে হবে ইউসুফ, বলল হাসান তারিক।
-হ্যাঁ তারিক ভাই, যে তথ্যগুলো পাওয়া গেছে, ওগুলোর ব্যাপারে একটু মনোযোগ দেয়া দরকার। এ সময় নাস্তার খবর এল।
হাসান তারিকরা চারজন নাস্তা খেয়ে বেরিয়ে গেল।
আহমদ মুসা তার ঘরে ফিরে এল। দেখল তার বিছানার ওপর এক সেট কাপড়।
মা-চু’র দিকে চেয়ে আহমদ মুসা বলল, এগুলো এখানে কেন মা-চু?
-আপনার পোশাক পাল্টাবার জন্যে।
-কেন?
-বাইরে থেকে এসেছেন, ওগুলোর মধ্যে ইনফেকশনের কিছু থাকতে পারে।
-কে বলেছে?
-মা মনি বলেছেন।
আহমদ মুসা মনে মনে হাসল। বলতে চাইল, তোমার মা মনি কি আমাকে ননির পুতুল মনে করে? কিন্তু তার মনে একটি জিনিস বিধল, সব দিক পাহারা দেবার, সবদিকে নজর রাখার অদ্ভুত যোগ্যতা ওর আছে।
আহমদ মুসা ড্রেসিং রুম থেকে পোশাক পরে ফিরে এসে বলল, তোমার মা মনি কেমন আছে মা-চু?
-বিকেলে জ্বর ছেড়ে গেছে। আজ সারা বিকেল মা মনি খালাম্মার কাছে কোরআন শরীফ পড়েছে। জানেন, মা মনি নামাজও পড়ে?
-তোমার মা মনি বোধ হয় খুব ভাল তাই না?
-না খালাম্মার এ সব কথায় সে কোনই পাত্তা দিত না। আপনি আসার পর ভাল হয়ে গেছে।
-কেন?
-আপনাকে ভয় করে।
-ভয় করবে কেন?
-করে, এই দেখুন, বিকেলে মা মনি এসে এ ঘর ঠিকঠাক করে দিয়ে গেছে। কিন্তু আমকে নিষেধ করেছে আপনাকে বলতে।
-আমি যদি এখন বলে দিই তোমার মা মনিকে?
-বলবেন না আমি জানি।
-কেমন করে জান?
-আপনি খুব ভাল, মা মনি বলেছে।
-তোমার মা মনি বললেই হল?
-আমার মা মনি অনেক জানে। মা মনি মিথ্যা বলে না।
-ঠিক আছে। শোন, তোমার মা মনিকে বলো, ওর গাড়ির উইন্ড শিল্ডের ওপরে একটা গুলি লেগে কিছু ক্ষতি হয়েছে।
মা-চু দু’চোখ ওপরে তুলে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় বাইরে তার ডাক পড়ল। গলাটা মনে হল মেইলিগুলির।
মা-চু ছুটে বাইরে চলে গেল। অনেকক্ষণ পর ফিরে এল মা-চু।
আহমদ মুসা বিছানায় গা এলিয়ে দিল। ঘরে ঢুকে মা-চু বলল, স্যার খালাম্মা এখানে আসবেন।
আহমদ মুসা উঠে বসল। বলল, খালাম্মা মানে দাদি?
-হ্যাঁ।
-হাঁটতে কষ্ট হয় তাঁর। আমিই তাঁর কাছে যাব। উনি ঘরে আছেন এখন?
-হ্যাঁ।
আহমদ মুসা উঠল। মা-চুকে সাথে নিয়ে বেরুল ঘর থেকে।
দাদির ঘরে সুন্দর একটি শোবার ডিভান। ডিভানের সামনে দু’পাশে দু’টি করে চারটি সোফা।
একপাশে দু’টি করে চারটি সোফা।
একপাশে দু’টি সোফায় দাদি এবং মেইলিগুলি পাশাপাশি বসে গল্প করছিল। এমন সময় দরজায় এসে দাঁড়াল মা-চু। বলল, স্যার ঘরে আসবেন।
-দাদি তোমাকে বলেছেন না, দাদিই ওখানে যাবেন? বলল মেইলিগুলি।
-সেটা বলেছি আমি স্যারকে, বলল মা-চু।
ইতিমধ্যে দাদি উঠে দাঁড়িয়েছে। বলল, বাইরে দাঁড়িয়ে কেন ভাই, এস ঘরে এস।
আহমদ মুসা ঘরে ঢুকে সালাম দিল। মেইলিগুলিও উঠে দাঁড়িয়েছিল। একরাশ লজ্জায় লাল হয়ে উঠেছে তার মুখ। সে তার গায়ের চাদর টেনে নিয়েছে মাথার উপর। কপালও ঢেকে গেছে সে চাদরে।
সে সরে গিয়ে ডিভানের কোণায় জড়সড় হয়ে বসে পড়ল।
আহমদ মুসা গিয়ে আরেক পাশের সোফায় দাদির মুখোমুখি হয়ে বসল। দাদীই প্রথম কথা বলল, কেমন আছ ভাই?
-ভাল আছি, দাদী।
-খারাপ থাকলে কি তোমরা বলবে, বল?
-আল্লাহ মানুষকে কোন সময় খারাপ রাখেন না, দাদী।
-কেন মানুষতো দুঃখ-কষ্ট ও রোগ শোকে পড়ে।
-তা পড়ে, কিন্তু ওটা তার জন্যে খারাপ অবস্থা নয়। দুঃখ-কষ্ট রোগ-শোকের মধ্যেও মানুষের মঙ্গল নিহিত থাকতে পারে সে কথা আমি যদি নাও বলি, তবু এ কথা বলা যায়, জীবন-নাট্যের এ গুলো বিভিন্ন দৃশ্য। জীবনের সাথে এর প্রয়োজন অবিচ্ছেদ্য। দুঃখ না থাকলে সুখ হতো না দাদী।
-তাই বলে দুঃখকে বরণ করে নেয়া যায়?
-মানুষ ভালোর জন্য চেষ্টা করবে এটাই আল্লাহর ইচ্ছা। দুঃখ যেহেতু ‘ভাল নয়, তাই একে স্বাগত জানানোর প্রশ্নই ওঠে না। কিন্তু ‘ভাল’র জন্য চেষ্টা সত্বেও দুঃখ যদি আসেই এবং তাকে সানন্দে বরণ করে নেবার মত ধৈর্য যদি থাকে তাহলে দুঃখকেও এক প্রকার সুখে পরিণত করা যায়।
দাদী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। বলল, এ জ্ঞানের জন্য অনেক বড় হওয়া প্রয়োজন। এ সৌভাগ্য ক’জনের আছে।
আহমদ মুসা মাথা নেড়ে বলল, না দাদী তা ঠিক নয়। কুড়েঘড়ে মাটিতে শুয়ে একজন অজ্ঞ মানুষ ভাবনা-চিন্তাহীন নির্মল হাসি হাসতে পারে, অন্যদিকে একজন বালাখানার বাসিন্দার জীবনে নির্মল হাসির সুযোগ নাও ঘটতে পারে। আসলে প্রকৃত সুখ হৃদয় নির্ভর, বাইরের অবস্থার নির্ভর করে না। আর এ হৃদয়ের মালিক তো সকলেই।
আহমদ মুসা দৃষ্টি নিচু রেখে কথা বলছিল। দাদি তার দিকে অপলক চোখে তাকিয়েছিল। মেইলিগুলির উজ্জ্বল দৃষ্টিও ছিল ওর প্রতি নিবদ্ধ।
আহমদ মুসা থামলেও দাদী কিছু বলল না। ভাবছিল। একটু পরে বলল, ঠিক বলেছ ভাই।
দাদী আরও কিছু বলতে যাচ্ছিল। এমন সময় কাজের ছোট মেয়ে দরজায় আবির্ভূত হয়ে বলল, দাদী গরম পানি রেডি।
দাদী আহমদ মুসাকে বলল, একটু বস আমি এখনই আসছি
বলে উঠতে উঠতে দাদী মেইলিগুলি বলল, ওভাবে কোণায় ঢুকছিস কেন? একটু কথা বল আমি আসছি।
দাদী বেরিয়ে গেল।
দু’জনেই নিরব। আহমদ মুসার মুখ নিচু, মেইলিগুলিরও।
অস্বস্তিকর নিরবতা ভেঙ্গে আহমদ মুসাই প্রথম কথা বলল। বলল সে, তোমার গাড়ির ক্ষতি হয়েছে দেখেছ?
মেইলিগুলি মাথা নিচু করে দু’হাতে ওড়নার খুট ধরে নাড়া চাড়া করছিল। আহমদ মুসার কথা শেষ হবার একটু পর বলল, আপনার এভাবে বাইরে যাওয়া ঠিক নয়।
-বাইরেইতো আমার কাজ।
-আপনি আগে সুস্থ হোন।
একটু দম নিল মেইলিগুলি। তারপর বলল, আজ সেখানে যদ বেশি হাঁটা কিংবা ধাওয়া পাল্টা ধাওয়ার প্রয়োজন হতো, তাহলে কি…
কথা শেষ করতে পারলো না মেইলিগুলি। ভারী হয়ে ওঠা কন্ঠটি তার রুদ্ধ হয়ে গেল। মুখটা তার নিচু ছিল, আরও নিচু হয়ে গেল।
আহমদ মুসা তার মুখটা মেইলিগুলির দিকে তুলতে গিয়েও আবার নামিয়ে নিল।
তার হৃদয়ের অন্তঃপুরে এক নরম অনুভুতি হঠাৎ করে মাথা জাগাল। এমন সহৃদয় নিয়ন্ত্রণের মুখোমুখি সেতো কোন দিন হয়নি। তাকে নিয়ে এমন সজল উদ্বেগও তার কাছে অপরিচিত।
আহমদ মুসা মেইলিগুলির কথার কোন জবাব দিতে পারলো না।
মেইলিগুলি মুখ নিচু করে বসেছিল।
আবার নিরবতা।
মেইলিগুলিই আবার মুখ খুলল। স্বগতঃ উক্তির মত ধীর কন্ঠে বলল, আমি আর স্টুডিওতে ফিরে যাব না সিদ্ধান্ত নিয়েছি।
আহমদ মুসা আবার মুখ তুলতে গিয়ে পারল না। মেইলিগুলির কথার শেষ ধ্বনিও অনেকক্ষণ মিলিয়ে গেছে বাতাসে। আরও পরে আহমদ মুসা ধীরে ধীরে বলল, কিন্তু অনেক কন্ট্রাক্ট তো তোমার রয়েছে।
-সব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সবটার জন্যে ক্ষতিপূরণ দিয়ে দেব আমি।
-সেত বিরাট অংক।
-যে কোন ক্ষতি আমি স্বীকার করে নেব।
আহমদ মুসার চোখ যেন তার অজ্ঞতেই ওপরে উঠে গেল। পারবে তুমি এত সহজে তোমার ঐ জীবন থেকে ফিরে আসতে, মেইলিগুলি।
-আমি আর মেইলিগুলি নই আমি……. আমি `আমিনাগুলি’।
শেষ কথাগুলো তার প্রায় ভেঙ্গে পড়েছিল। মেইলিগুলির দু’চোখের কোণায় চকচক করছে অশ্রু।
এ সময় দাদি এসে ধীরে ধীরে ঘরে ঢুকল।
বসতে গিয়ে মেইলিগুলিকে চোখ মুছতে দেখে বলল, তোর আবার কি হল? চোখ মুছছিস যে?
আহমদ মুসা তাড়াতাড়ি বলল, দাদি, আপনার নাতনি স্টুডিওর কাজ ছেড়ে দিল।
‘ছেড়ে দিল, সত্যি?’ বলে দাদি মেইলিগুলির কাছে গিয়ে ওর মুখটা তুলে ধরে বলল, সত্যি বোন ছেড়ে দিলি তুই?
-হ্যা দাদি। মুখটা নামিয়ে নিয়ে বলল মেইলিগুলি।
দাদি মেইলিগুলিকে বুকে টেনে নিয়ে কপালে অনেক চুমু খেয়ে বলল, বোন তোকে দোয়া করি, তুই আরও বড হ, তোকে আল্লাহ্ আরও সৌভাগ্য দান করুন।
দাদি এসে সোফায় বসতে বসতে বলল, জান ভাই, আমার এ বোনটির মন এত ভাল, এত বুদ্ধি ওর। আমার একটাই রাগ ছিল ওর ওপর। আজ থেকে তাও …..
দাদি তার কথা শুরু করলে মেইলিগুলি উঠে দাঁড়িয়েছিল। বেরিয়ে যাচ্ছিল সে।
দাদি তার কথা শেষ না করেই বলল, যাচ্ছিস কোথায় আমিনা শোন। ভাইটিকে তো ও কথা বলাই হয়নি।
মেইলিগুলি কান দিল না এদিকে। ছুটে বেরিয়ে গেল।
ওর বেরিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে দাদি বলল, লক্ষ্মী বোন আমার। যতখানি বেপরোয়া ছিল ততখানিই বদলে গেছে। এখন তোমার সামনেও বেরুতে চায় না।
তার পর মুখ ঘুরিয়ে আহমদ মুসার দিকে চেয়ে বলল, জান ও বোরখা তৈরী করতে দিয়েছে?
-খুশি হলাম। আহমদ মুসা বলল।
-খুশি হবেই এ কৃতিত্ব তোমার।
দাদির ঠোঁটে হাসি। আহমদ মুসা মুখ নামিয়ে নিল।
দাদিই আবার কথা বলল, শুন, আজ তুমি বাইরে গেলে পথে কি ঘটেছিল?আমিনা সেটা জানতে চেয়েছিল। এ জন্যই আমি তোমার ওখানে যেতে চেয়েছিলাম।
-না তেমন কিছু নয় দাদি। দু’জন শত্রু গাড়ি নিয়ে আমাদের গাড়ি ফলো করেছিল। ওদের সাথেই সংঘর্ষ হয়। সংঘর্ষে ওরা দু’জনই মারা গেছে।
-এত বড় ঘটনা, তবু কিছু না বলছ? তুমি জীবনের ভয় কর না?
-না দাদি, মুসলমানরা জীবনের ভয় করেনা। মৃত্যুর ফায়সালা তো আল্লাহ্র হাতে।
-ঠিক বলেছ ভাই। আমাদের অতীত তো এটাই।
একটু থামল দাদি। তারপর বলল, তবু আমিনাগুলি আনুরোধ করেছিল তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এভাবে বাইরে না যেতে।
-ঠিক আছে, ওকে বলবেন দাদি ওর কথা আমার মনে থাকবে। বলে আহমদ মুসা উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আনুমতি দিন দাদি, আমি যাই। ‘বেশ এস’ বলে দাদিও উঠে দাঁড়াল।
