–বুদ্ধদেব বসু
১৮৯. প্রেম চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে অনুভব করে।
শেক্সপীয়ার
১৯০. চলে নীল শাড়ী নিঙাড়ি নিঙাড়ি
পরান সহিতে মোর।
সেই হৈতে মোর হিয়া নহে থির
মন্মথ-স্বরে ভোর।
চণ্ডীদাস
১৯১. কিছুসংখ্যক ডাক্তারের মতে প্রেম স্নায়ুতন্ত্রের উত্তেজনা ছাড়া কিছু নয়।
–অজ্ঞাত
১৯২. যে-নারীকে আমি ভালোবাসি তার সাহায্য-সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনিভাবে নৃপতিরূপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্যপালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে।
অষ্টম এডওয়ার্ড
১৯৩. প্রেম ব্যথা দারুণ
ঔষধে না যায় কখন
যায় বেড়ে দিনে দিনে
যতই বেশি লও যতন।
হাফিজ
১৯৪. শারীরিক ক্ষুধার তাড়নাই পুরুষকে নারীর প্রতি আকর্ষণ করে, এই আকর্ষণ নারী বিশেষের প্রতি নয়–নারী সাধারণের প্রতি। ক্ষুধার সময় মৃগমাংস ও মেষমাংস যেরূপ সমান, প্রিয় নারী সম্বন্ধেও তাহাই। কোনও প্রভেদ নাই। কেবল সুস্বাদু-খাদ্য দেখিয়া যেরূপ লোকে লুব্ধ হয়, সুন্দরী নারী দেখিয়াও সেইরূপে লালায়িত হয়। এই লালসাকে প্রেম বলিতে চাও বলিতে পার, কিন্তু তাহা ভ্রম। বস্তুতঃ প্রেম বলিয়া কিছু নাই, মানুষ বংশানুক্রমে আত্ম-প্রতারণা করিয়া এই প্রেমরূপ সংস্কারের উদ্ভব করিয়াছে।
শরদিন্দু বন্দোপাধ্যায়
১৯৫. প্রেম নিষ্কপট হোক। যা মন্দ তা নিতান্তই ঘৃণা করো, যা ভালো তাতে আসক্ত হও। ভ্রাতৃপ্রেমে স্নেহশীল হও, সমাদরে একজন অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান করো।
–বাইবেল
১৯৬. প্রেমের মাঝে এক অনন্ত অসীমতা আছে। একমাত্র প্রকৃত প্রেমিকই সেই অনন্তের সন্ধান পায়।
ড্রাইডেন
১৯৭. যোগাযোগ না থাকলে তো আকর্ষণ থাকে না। লাটাইয়ে বাঁধা ঘুড়ি। ঘুড়ি মাটিতে পড়ে লাটাইও মাটিতে পড়ে–টানটা কোথায়? টান থাকলে ঘুড়ি বোঝে লাটাই আমার আপনজন, লাটাইও বোঝে ঘুড়িই আমায় টানছে, ওই আমার স্নেহের ধন।
–তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৯৮. পাপ করি ভাল লাগে যে পাপ,
নাই অনুবিলাপ,
প্রেম শুধু ফাঁকি প্রলাপ,
দৈহিক প্রয়োজন।
–অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৯৯. অলস লোকেদের কাছে প্রেম হচ্ছে একটি জরুরি কাজ, কিন্তু যোদ্ধার জীবনে প্রেম আনে ধ্বংস আর রাজন্যের সার্বভৌমত্বে সৃষ্টি করে প্রস্তরবৎ বাধা।
নেপোলিয়ান বোনাপার্ট
২০০. ভালোবাসা মানে এই যে, তুমি কখনো দুঃখিত হবে না।
–এরিখ সেগাল
২০১. বয়সের ক্ষেত্রে প্রবীণ্য আসুক, কিন্তু প্রেমের ক্ষেত্রে যেন পরিপূর্ণতা না। আসে।
–অচিন্ত্যকুমার সেনগুপ্ত
২০২. প্রেম আর হত্যা কখনো লুকিয়ে রাখা যায় না।
কনকর্ড
২০৩. মেয়ের মধ্যে ফরাসিরা চোখ দেখে, ইংরেজরা পা দেখে, আমেরিকানরা বুক দেখে, রাশিয়ানরা হাত দেখে, ইতালিয়ানরা গায়ের রঙ দেখে, নরোয়েজিয়ানরা দাঁত দেখে, আর আমরা আমরা মাল দেখি।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
২০৪. মেয়েমানুষ চিনেছেন বলে অহংকার করবেন না। কেননা আপনি জানেন না, আর একটি মেয়ে আপনাকে কী শিক্ষা দেবে।
–জিলেন বাগেস
২০৫. নারী হেসে ওঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষণ্ণ, বাগান হয়েছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী।
ক্যাম্পবেল
২০৬. মেয়েদের সান্নিধ্য সমাজজীবনের একটি প্রয়োজনীয় অপ্রীতিকর ব্যাপার, যতটুকু সম্ভব এদের এড়িয়ে চলো।
–লিও টলস্টয়
২০৭. সবাই কহয়ে পিরীত কাহিনী
কে বলে পিরীতি ভাল।
কানুর পিরীতি ভাবিতে ভাবিতে
পাঁজর ধ্বসিয়া গেল।
জ্ঞানদাস
২০৮. ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে।
–মিরবো
২০৯. নারীর প্রেম হল পেশা, নরের প্রেম হল নেশা। ভালোবাসার মধ্যে নারীর আছে দেহ-মন জীবনের খোরাক; পুরুষের আছে ক্ষণিকের স্মৃতি, ক্ষণিকের উন্মাদনা–ক্ষণিকের তুষ্টি ক্ষণিকের বিস্মৃতি।
–নৃপেন্দ্রকুমার বসু
২১০. পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে করে উন্নত। যে পুরুষ নারীর প্রেরণা পায়নি, সে কোনোদিন উন্নতি করতে পারে না। –আলিম, ২১১. যে দিন তাজমহল তৈরি শেষ হল সেইদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন। তাঁর স্বপ্নকে অমর করবার জন্য শাহজাহান খুশি হয়েছিলেন। তাঁর স্বপ্নকে অমর করবার জন্য এ মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচাইতে বড়, প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তাঁর আনন্দ, রূপ ধরেছে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২১২. শ্যাম বঁধু, আমার পরান তুমি
কোন শুভদিনে দেখা তোমা সনে
পাশরিতে পারি আমি।
যখন দেখিয়ে ও চাঁদ বদনে
ধৈরজ ধরিতে নারি।
অভাগীর প্রাণ করে আনচান দণ্ডে দশবার মরি।
–সৈয়দ মর্তুজা
২১৩. বধূ তোমার গরবে গরবিনী নাম
রূপসী তোমার রূপে
হেন মনে হয় ও দুটি চরণ
সদা নিয়ে রাখি বুকে।
জ্ঞানদাস
২১৪. প্রেমহীন হৃদয় কী পদবাচ্য? মরুভূমিকে কি নন্দনকানন বলা উচিত?
নজম নদভি
২১৫. এ ঘোর রজনী মেঘের ঘটা
কেমনে আইল বাটে
আঙিনায় বঁধুয়া ভিজিছে
দেখিয়া পরান ফাটে।
সই কি আর বলিব তোরে।
–চণ্ডীদাস
২১৬. যখন রাত আসে তখন ঘুম আসে, যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে, যখন স্বপ্ন আসে তখন তুমি আসো–যখন তুমি আসো তখন ঘুমও আসে না, স্বপ্নও আসে না।
নিমাই ভট্টাচার্য
২১৭. জেলাস মেয়েরা খুব ভালো বউ আর মা হয়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
