বাচুভাই ছিলেন তাঁর পুত্রপ্রতিম প্রিয় শিষ্য। কিন্তু বাচুভাই জানতেন, এদেশে বিস্তর ভাষা শেখার মতো মাল-মশলা নেই, তাই তিনি বিস্তারে না গিয়ে গিয়েছিলেন গভীরে। বস্তুত তিনি শান্তিনিকেতনে শিখেছিলেন মাত্র একটি জিনিস ভাষাতত্ত্ব। নিজের চেষ্টায় শিখেছিলেন সংস্কৃত। আমরা যেরকম খাবলে খাবলে– অর্থাৎ স্কিপ করে করে রাবিশ বাঙলা উপন্যাস পড়ি (সব বাঙলা উপন্যাস রাবিশ বলছিনে), বাচুভাই ঠিক তেমনি সংস্কৃত পড়তে পারতেন।
বোম্বায়ে ফিরে গিয়ে তিনি সর্বপ্রথম লেখেন একখানি অতি উপাদেয় গুজরাতি ব্যাকরণ। ভারতীয় অর্বাচীন ভাষাদের মধ্যে এই ব্যাকরণই যে সর্বোত্তম সে বিষয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। আমরা সচরাচর বাঙলা ব্যাকরণের নাম দিয়ে লিখে থাকি সংস্কৃত ব্যাকরণ। ভারতের অন্যান্য অর্বাচীন ভাষাগুলোতেও তাই। গুজরাতি একমাত্র ব্যত্যয় বাচুভাইয়ের কল্যাণে। বরোদায় গাইকোয়াড় সিরিজে এটি প্রকাশিত হয়।
এই সময় তিনি অন্য লোকের সহযোগিতায় বোম্বায়ে একটি ইস্কুল খোলেন। সাধারণ ইস্কুল, কিন্তু অনেকখানি শান্তিনিকেতন ইস্কুল প্যাটার্নের। অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে শেখানো হত রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্যনাট্য। বাধ্য হয়ে তাঁকে তখন রবীন্দ্রসঙ্গীতের গুজরাতি অনুবাদ করতে হয়, এবং শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ তথা বাঙলা সাহিত্যের সঙ্গে গুজরাতি রসিকসম্প্রদায়ের পরিচয় করিয়ে দেওয়াই তার জীবনের চরম ব্রত হয়ে দাঁড়ায়। বোম্বায়ে শান্তিনিকেতন আশ্রমিক সঙ্ তিনিই প্রতিষ্ঠিত করেন। সেখানকার টেগোর সোসাইটির তিনি অন্যতম উদ্যোক্তা।
বিয়াল্লিশের আন্দোলন আরম্ভ করার প্রাক্কালে মহাত্মাজী গুরুদেব রবীন্দ্রনাথের শেষ অনুরোধ, এডুজ মেমোরিয়াল ফান্ডের জন্য অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে বোম্বায়ে আসেন। এসেই খবর দেন বাচুভাইকে, তিনি রবীন্দ্রসঙ্গীত শুনবেন। বাচুভাই তার ইস্কুলের গুজরাতি ছেলেমেয়েদের নিয়ে তাঁকে শুনিয়ে এলেন বিশ্বাস করবেন না– বাঙলা ভাষাতেই রবীন্দ্রসঙ্গীত। জীবন যখন শুকায়ে যায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে এবং আরও অনেক গান। রবীন্দ্রসঙ্গীতে বাচুভাইয়ের অসাধারণ পাণ্ডিত্য ছিল–তিনি জানতেন, মহাত্মাজী যখন শান্তিনিকেতন ইস্কুলে অধ্যক্ষ ছিলেন, ঠিক সেই সময় রবীন্দ্রনাথ কোন কোন গান রচেছিলেন এবং স্বভাবতই সেগুলোই মহাত্মাজীর বিশেষ করে জানার কথা। গাঁধীজীর ফরমায়েশ মতো বাচুভাই সেদিন তাঁকে সব গানই শোনাতে পেরেছিলেন। সেদিন, আজো, কজন বাঙালি পারে?
রবীন্দ্রনাথের তাবৎনৃত্য-নাট্য তিনি অনুবাদ করেছেন। গোরা, নৌকাডুবির মতো বৃহৎ উপন্যাসের পূর্ণাঙ্গ সর্বাঙ্গসুন্দর অনুবাদ করেছেন এবং রবীন্দ্রনাথের আরও কত রচনা, কত গান, কত কবিতা, কত ছোটগল্প যে অতিশয় সাধুতার সঙ্গে অনুবাদ করেছেন তার সম্পূর্ণ ফিরিস্তি দেওয়া আমার ক্ষমতার বাইরে– যদিও ওই সময়ে আমি গুজরাতেই ছিলুম এবং সাহিত্যজগতে তাঁর প্রতিটি পদক্ষেপ সানন্দে সোৎসাহে লক্ষ করেছি। এই সাধুতা আকস্মিক ঘটনা নয়। বাচুভাই তার অরিজিনাল আইডিয়া রবীন্দ্রনাথের অনুবাদের ভিতর নিয়ে পাচার করতে চাননি সাধারণ অনুবাদকরা যা আকছারই করে থাকেন। কারণ তাঁর নিজের মৌলিক উপন্যাস এবং নাট্য গুজরাতি সাহিত্যে বছরের সেরা বইরূপে সম্মানিত হয়েছে।
নাট্যে, এবং নৃত্যনাট্যে, ফিল্ম এবং রঙ্গমঞ্চে বাচুভাইয়ের কৃতিত্ব-খ্যাতি গুজরাতের বাইরেও ছড়িয়ে পড়ে। ফলে আকাশবাণী তাঁকে দিল্লিতে বড় চাকরি দিয়ে নিয়ে যান তাঁর কাজ ছিল সর্বভারতের তাবৎ রেডিও-ড্রামার মূল বিচার করে এই অনুযায়ী আকাশবাণীকে নির্দেশ দেওয়া। কিন্তু ওই সময়েও তিনি সমস্ত অবকাশ ব্যয় করেছেন রবীন্দ্রনাথের ছোটগল্প গুজরাতিতে অনুবাদ করাতে–সাহিত্য আকাঁদেমির অনুরোধে। এ কাজটি তিনি সম্পূর্ণ করতে পেরেছিলেন।
পঞ্চাশ পেরোবার সঙ্গে সঙ্গেই গুজরাতি সাহিত্যের এই প্রতিভাবান লেখক সে সাহিত্যের অপূরণীয় ক্ষতি করে ইহলোক ত্যাগ করেন।
আমাদের শোক, বাঙলা সাহিত্যের গুজরাতি এম্বেসেডার প্লেনিপটেনশিয়ারি অকালে তাঁর কাজ পূর্ণ করে, কিন্তু আমাদের কাজ অসম্পূর্ণ রেখে চলে গেলেন। আমার ব্যক্তিগত শোকের কথা বলব না। তার একমাত্র কিশোর পুত্রকে কাছে এনে আমাকেই দুঃসংবাদ দিতে হয়েছিল, তার পিতা ইহলোক ত্যাগ করেছেন।
ভবঘুরে
ছন্নছাড়া, গৃহহারা, বাউণ্ডুলে, ভবঘুরে, যাযাবর–কত হরেকরকম রঙবেরঙের শব্দই না আছে বাঙলাতে ভ্যাগাবন্ড বোঝাবার জন্য। কিন্তু তবু সত্যকার বাউণ্ডুলিপনা করতে হলে সবচেয়ে উত্তম ব্যবস্থা– গেরুয়াধারণ। ইরান-তুরান-আরবিস্থানে দরবেশ সাজা। ইয়োরোপে এই ঐতিহ্যমূলক পরিপাটি ব্যবস্থা না থাকলেও অন্যান্য মুষ্টিযোগ আছে যার কৃপায় মোটামুটি কাজ চলে যায়। সেগুলোর কথা পরে হবে।
তবে এই সন্ন্যাসী বেশ ধারণ করার আগে একটুখানি ভেবে-চিন্তে নেওয়া দরকার। একটি ছোট উদাহরণ দিই।
আমি তখন বরদায়! বহু বৎসর আগেকার কথা। হঠাৎ সেখানে এক বঙ্গসন্তানের উদয়। ছোকরা এম এ পাস করে কী করে সেখানে একা চাকরি জুটিয়ে বসেছে–মাইনে সামান্যই, কষ্টে-সৃষ্টে দিন কেটে যায়।
ছোকরা আমাদের সঙ্গে মেলেমেশে বটে কিন্তু শনির সন্ধ্যা থেকে সোমের সকাল পর্যন্ত তার পাত্তা পাওয়া যায় না অথচ ওই সময়টাতেই তো চাকুরেদের দহরম-মহরম গাল-গল্প করা, বিশেষ করে যখন বিনয়তোষের বাড়িতে রবির দুপুরে ভূরিভোজনের জন্য তাবৎ বাঙালির ঢালাও নেমন্তন্ন। অনুসন্ধান না করেই জানা গেল বাঁড়ুয্যে ছোকরার দু পায়ে দু খানা অ্যাব্বড়া বড়া বড়া চক্কর। শনির দুপুরে আপিস ছুটি হতে না হতেই সে ছুট দেয় ইস্টিশান পানে। সেখানে কোনও একটা গাড়ি পেলেই হল। টিকিট মিন্-টিকিটে চলল সে ইঞ্জিনের একচোখা দৃষ্টিতে সে যেদিকে ধায়।
