দৃষ্টি নামিয়ে নিলাম। “আর বোলো না, কাজের অনেক চাপ। নতুন রোগিটা সুবিধার না।”
মাথা নাড়লো ক্যাথি। সহানুভূতির ভঙ্গিতে হাতে আলতো চাপ দিল। একবার। ভালো অভিনেত্রী ও, এখন আসলেও মনে হচ্ছে যে আমাকে নিয়ে
“রিহার্সাল কেমন যাচ্ছে?”
“আগের তুলনায় ভালো। দারুণ কিছু বুদ্ধি দিয়েছে টনি। আগামী সপ্তাহটা সেগুলো নিয়েই কাজ করবো। বাসায় ফিরতে দেরি হবে, আগেই বলে দিচ্ছি।”
“ঠিক আছে।”
এখন আর ওকে একটুও বিশ্বাস করি না আমি। সাধারণ কথাগুলো নিয়েও বারবার ভাবি। প্রতিটা বাক্যের প্রচ্ছন্ন কোন অর্থ আছে কি না সেটা বোঝার চেষ্টা করি।
“টনি কেমন আছে?”
“ভালোই,” বলে কাঁধ ঝাঁকালো ক্যাথি, যেন টনির ভালো বা খারাপ থাকাতে কিছু যায় আসেনা ওর। পুরোটাই অভিনয়। টনিকে গুরু মানে সে, একসময় সারাদিন তাকে নিয়ে কথা বলতো। ইদানীং অবশ্য বলে না।
ফোনে নাটক, অভিনয় আর থিয়েটার নিয়ে আলাপ করে ওরা-যে জগতটা নিয়ে আমার কোন ধারণাই নেই। টনির ব্যাপারে অনেক শুনলেও তার সাথে খুব কমই দেখা হয়েছে। একবার রিহার্সালের পরে ক্যাথিকে আনতে গিয়ে দেখেছিলাম। তার সাথে কিন্তু আমার পরিচয় করিয়ে দেয়নি ক্যাথি, ব্যাপারটা অবাক করেছিল আমাকে। টনি বিবাহিত, তার স্ত্রীও অভিনয় করে। আমার কেন যেন মনে হয়েছিল টনির সাথে ক্যাথির ঘেঁষাঘেঁষি ঠিক পছন্দ নয় মহিলার। এ দিক দিয়ে আমার সাথে মিল আছে তার। আমি বুদ্ধি দিয়েছিলাম কোন এক সন্ধ্যায় চারজন একসাথে ঘুরতে বের হবো। কিন্তু ক্যাথিকে খুব একটা আগ্রহী মনে হয়নি প্রস্তাবে। হয়তো ইচ্ছে করেই আমার থেকে টনিকে দূরে রাখতে চেয়েছিল সে।
ক্যাথিকে ল্যাপটপ খুলতে দেখলাম। স্ক্রিনটা এমনভাবে ঘুরিয়ে রেখেছে। যাতে আমি দেখতে না পারি। ওর টাইপ করার শব্দ শুনতে পাচ্ছি। কাকে মেইল পাঠাচ্ছে? টনি?
“কি করো?” হাই তুলে জিজ্ঞেস করলাম।
“আমার খালাতো বোনকে ইমেইল করছি। এখন সিডনিতে আছে ও।”
“তাই? আমার তরফ থেকেও হ্যালো বোলো।”
“ঠিক আছে।”
আরো কিছুক্ষণ টাইপ করে ল্যাপটপটা নামিয়ে রাখলো ক্যাথি। “গোসলে যাবো আমি।”
“ঠিক আছে,” মাথা নেড়ে বললাম।
মুচকি হেসে আমার দিকে তাকালো ক্যাথি। “মুখ এরকম গোমড়া করে রেখো না তো, আমার ভালো লাগে না। আসলেও ঠিক আছে?”
হেসে মাথা নাড়লাম। উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল ও। বাথরুমের দরজা পুরোপুরি বন্ধ হওয়া অবধি অপেক্ষা করলাম। পানির শব্দ ভেসে এলো কিছুক্ষণ পরই। এতক্ষণ ক্যাথি যেখানে বসে ছিল, সেখানটায় গিয়ে বসলাম। কাঁপা কাঁপা হাতে খুললাম ল্যাপটপটা। ব্রাউজার ওপেন করে ওর ইমেইলের পেজটায় ক্লিক করলাম।
লগ আউট করে দিয়েছে।
বিরক্তির সাথে আবারো জায়গামত রেখে দিলাম ল্যাপটপটা। এটা বন্ধ করতে হবে, ভাবলাম। পাগল হয়ে যাবো নাহলে। নাকি ইতোমধ্যেই পাগল হয়ে গেছি?
আমি বিছানায় উঠে চাদর ঠিকঠাক করছি এমন সময় দাঁত ব্রাশ করতে করতে বেডরুমে ঢুকলো ক্যাথি।
“তোমাকে তো বলতে ভুলেই গেছি। সামনের সপ্তাহে লন্ডন থেকে ফিরবে নিকোল।”
“নিকোল?”
“ভুলে গেছো? নিউ ইয়র্কে যাওয়ার আগে পার্টি দিয়েছিল আমার যে বান্ধবীটা।”
“ওহ হ্যাঁ। আমি তো ভেবেছিলাম একেবারে চলে গিয়েছে।”
“গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে আসবে,” বলে ক্ষণিকের জন্যে থামলো ক্যাথি। “আমার সাথে বৃহস্পতিবার দেখা করতে চায় ও…রিহার্সালের পর।”
সাধারণ এই কথাটা কেন সন্দেহের উদ্রেক ঘটালো আমার মনে তা বলতে পারবো না। ক্যাথি অন্য দিকে চোখ ঘুরিয়ে রেখেছে, এজন্যে? মনে হচ্ছে যেন মিথ্যে বলেছে। আমি আর কিছু বললাম না। সে-ও কথা বাড়ালো না। বের হয়ে গেল ঘর থেকে। বাথরুম থেকে ওর কুলি করার আওয়াজ ভেসে এল কিছুক্ষণ পর।
হয়তো আমার সন্দেহের পুরোটাই অমূলক। আসলেও নিকোলের সাথে দেখা করবে সে বৃহস্পতিবার রাতে।
হয়তো অন্য কোথাও যাবে।
নিশ্চিত হবার একটাই উপায় আছে।
.
২.১৯
এবারে আর কোন ভিড় দেখলাম না অ্যালিসিয়ার গ্যালারির সামনে। কে বলবে যে, ঠিক এখানটাই লোকে লোকারণ্য ছিল ছ’বছর আগে? সবার সাথে দলবেঁধে আমিও অ্যালসেস্টিস ছবিটা দেখতে এসেছিলাম। এখন জানালা থেকে নতুন এক শিল্পীর ছবি ঝুলছি, তবে তার আঁকার হাত ভালো হলেও অ্যালিসিয়ার মত গ্যালারিতে দর্শক টেনে আনতে পারেনি।
গ্যালারিতে পা দেয়া মাত্র কেঁপে উঠলাম। ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় কম। পরিবেশটাও কেমন যেন শীতল। বোঝাতে পারছি? কিছু জায়গায় গেলে একটু অন্য রকম লাগে না? সেরকম। চারদিকে থকথক করছে শূন্যতা।
ডেস্কের পেছনে নির্ধারিত সিটে বসে ছিল গ্যালারিস্ট। আমাকে দেখে উঠে দাঁড়ালো সে।
জিন-ফিলিক্স মার্টিনের বয়স চল্লিশের কোঠায়। সুদর্শনই বলা চলে। সুঠাম দেহ, কালো চুল। খলির নকশা আঁকা একটা আঁটসাঁট টিশার্ট পরনে। কেন এসেছি সে ব্যাপারে কোন রাখঢাক করলাম না। অ্যালিসিয়ার ব্যাপারে কথা বলতে আগ্রহীই মনে হলো তাকে, একটু অবাক হলাম ব্যাপারটায়। ফিলিক্সের কথার টান শুনে জিজ্ঞেস করলাম সে ফরাসি কি না।
“আমার জন্য প্যারিসে। কিন্তু গত বিশ বছর ধরে এখানেই আছি। এখন তো নিজেকে ব্রিটিশই মনে হয়,” হেসে পেছনের রুমটার দিকে ইঙ্গিত করলো সে। “চলুন, কফি খাওয়া যাক।”
