এখন আপনি কেমন বোধ করেছেন মিস বার্কলি?–নিকের নাড়ি চেক করতে করতে প্রশ্ন করলেন ডাঃ গ্রাহাম। অবশ্য এটা একটা খুব মর্মান্তিক আঘাত, সইতে একটু সময় লাগবে।
এখন ঠিকই আছি। মৃদু গলায় জবাব দেয় নিক।
ডাক্তার এবার আমার দিকে ফিরে বললেন-উনি কিছু খেয়েছেন?
অল্প একটু ব্রান্ডি।
আমি এখন ভাল আছি, ঠিক আছি। নিক জোর দিয়ে বলবার চেষ্টা করে।
কয়েকটা সামান্য উত্তর দিতে পারবেন ম্যাডাম?
পুলিস ইন্সপেক্টরের প্রশ্নে নিক দৃঢ় গলায় বলে-অবশ্যই পারব।
পুলিস অফিসারটি নিকের কাছে এগিয়ে আসেন, কথা শুরু করার আগে একটু কেশে নিয়ে কথা শুরু করলেন আর নিক সেই কাশির আপ্যায়নমূলক যে হাসিটা দিল, সেটা আমার কাছে মনে হল কোনও অশরীরী আত্মার অট্টহাসি বা ভৌতিক কোনও রহস্যে ঘেরা হাসি।
আমি দুঃখিত মিস বার্কলি, এই অবস্থায় আপনাকে বিরক্ত করবার জন্য। এটা একটা সত্যি এক ভয়ঙ্কর, মর্মান্তিক ঘটনা।
পুলিস ইন্সপেক্টর একটু থেমে আবার বলতে শুরু করেন–আমাদের সত্যিই পরম সৌভাগ্য যে পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা মিঃ এরকুল পোয়ারো আপনার এখানে হাজির হয়েছেন। উনি আমাকে সবকিছু বলেছেন, তবু আমি আপনার মুখ থেকে ঘটনাটি শুনতে চাই। আশাকরি ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে কোনও কিছু গোপন না করে তার সবটাই আমাকে বলেন তাহলে তদন্তের ক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হবে।
নিক এবার শুরু থেকে ঘটনাগুলো একের পর এক বিস্তারিতভাবে পুলিস ইন্সপেক্টরকে বলে শোনাল।
বেশ, আপনার সব কথা শুনলাম, কিন্তু মাদাম একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না যে, আপনার গায়ে দেওয়া শালটা ওই মুহূর্তে আপনার দিদির গায়ে গেল কি করে?
আমরা দুজনে কোট নিতে এসেছিলাম বাড়িতে। আমি শালটাকে সোফার উপর খুলে রেখে দোতলার ঘরে যাই। আমার কোটটা বের করি, তারপর ম্যাগি আর আমার বান্ধবী মিসেস রাইসের জন্যে আরও একটা কোট নিয়ে বাড়ির বাইরে আসতেই মিঃ পোয়ারো আর মিঃ হেস্টিংসকে দেখতে পাই। ম্যাগি মাটিতে উপুড় হয়ে পড়েছিল। দু’হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে নিক। বেশ কয়েকটা মিনিট পর নিজেকে একটু সামলে নিয়ে সে আবার বলতে শুরু করে, ম্যাগি কখন আমার শালটা গায়ে জড়িয়ে নিয়েছিল বলতে পারব না। হয়তো ওর খুব শীত করছিল। আমার কোট নিয়ে ফিরতে দেরি হচ্ছে দেখে হয়তো হাতের কাছে শালটাকে পেয়ে গায়ে জড়িয়ে নিয়েছিল। আবার কান্নায় নিকের গলা বুঁজে আসে।
কিন্তু, আপনি কোনও গুলির শব্দ শুনতে পাননি?
সে সজোরে মাথা নাড়ে–না, বাজির শব্দ ছাড়া আমি আর কিছু শুনিনি। শুনলেও বোঝা সম্ভব ছিল না, বাজির শব্দের সঙ্গে সেটা মিশে যেত।
হ্যাঁ, সেটা অবশ্যই সত্যি। ইন্সপেক্টর সায় দেয়। তারপর হঠাৎ কি যেন ভেবে নিয়ে প্রশ্ন করে–কে আপনার ওপর আঘাত হানার চেষ্টা করছে সে ব্যাপারে আপনার কোনও ধারণা আছে? কাউকে আপনার সন্দেহ হয়?
না, এ ব্যাপারে আমার সামান্যতম ধারণাও নেই।
হুম,–গম্ভীর চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলেন ইন্সপেক্টর। যাক, এখন এ মুহূর্তে আপনাকে আর কোনও প্রশ্ন করার নেই আমার।
এবার পুলিস সাহেব সরে যেতেই ডাঃ গ্রাহাম এগিয়ে আসেন–মিস বার্কলি, আমার একটা কথা ছিল। আমার মনে হয় আপনার এখানে থাকাটা উচিত হবে না। মিঃ পোয়ারোর সঙ্গে আমার কথা হয়েছে। আমার জানা একটা ভাল নার্সিংহোম রয়েছে। আপনি যথেষ্ট শ পেয়েছেন। আপনার পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং তার চেয়েও বেশি প্রয়োজন একজন চিকিৎসকের নজরদারি।
নিক ডাক্তারের দিকে তাকায়ও না। ওর নজর তখন পোয়ারোর দিকে।
আপনি কি আমার শক পাওয়ার কথা ভেবে এ ব্যবস্থা করছেন?
পোয়ারো কয়েক পা এগিয়ে আসে–মাদাম জোয়েল আমি চাই আপনি নিরাপদে থাকুন, ওখানে থাকলে আপনি নিরাপদে থাকবেন এ বিষয়ে আমি নিশ্চিত, কারণ ওখানে সবসময় একজন করে নার্স মজুত থাকবে সে সারাক্ষণ আপনার কাছে কাছে থাকবে। আপনি আমার বক্তব্য বুঝতে পারছেন আশা করি।
হ্যাঁ, আমি পারছি। কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না কারণ আমি আর ভয় পাচ্ছি না। আমি আর কোনও কিছুকেই পরোয়া করি না। যদি কেউ আমাকে খুন করতে চায় করুক।
আহ, তুমি এত মনোবল দেখাচ্ছ কেন?–আমি না বলে পারলাম না।
না, আপনারাও বুঝতে পারছেন না, আপনারা কেউই কিছু বুঝতে পারছেন না।
আমার কিন্তু মনে হচ্ছে মিঃ পোয়ারোর পরিকল্পনাটা ভুল নয়- ডাক্তার এবার মুখ খুললেন। আমি আমার গাড়িতেই আপনাকে নিয়ে যাব। আপনার এক রাত অন্তত ঠিকমত বিশ্রামের প্রয়োজন আছে এবং আমি সেইমত ব্যবস্থা করতে চাই। এখন আপনি কি বলেন?
ঠিক আছে, আপনারা যা ভাল বোঝেন তাই করুন, আমি আর আপত্তি করব না।
পোয়ারো নিকের হাতটা নিজের হাতের ওপর রাখে–আমি জানি মাদাম জোয়েল, এই মুহূর্তে আপনার অনুভূতিটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারি আপনি এই ঘটনার জন্যে নিজেকে অপরাধী ভাবছেন, লজ্জিত বোধ করছেন। আপনার এই অনুভূতিটাকে আমি শ্রদ্ধা করছি। আমারও একইরকম অনুভূতি হচ্ছে, যেহেতু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আপনাদের সুরক্ষা দেব, আপনার এবং আপনার যিনি সঙ্গী হবেন। কিন্তু আমি তা পারলাম না। আমার মনের অবস্থা ব্যাখ্যা করতে পারব না। তবে আপনার মনের যা অবস্থা, তার থেকে আমার মন কোনও অংশে কম বিচলিত নয়। এবারে আপনাকে নিশ্চিত করতে পারি।
