বজ্রযানকে সহজযান বা সহজিয়া ধৰ্মও বলা হত । এই ধর্মকে ‘সহজ’ বলবার উদ্দেশ্য হচ্ছে যে, এ সহজ পথে মানুষকে আত্মোপলদ্ধির পথে নিয়ে যেত । সহজাত মনুষ্যস্বভাবকে অতিক্রম করবার চেষ্টা না করে, স্বভাবের অনুকূল পথ অবলম্বন করে আত্মোপলব্ধি করাই সহজ পথ । সহজিয়ারা বলেন যে মন্ত্রতন্ত্র, ধ্যানধারণা হচ্ছে বৃথা, মহাসুখ স্বরূপ সহজের উপলব্ধিই হচ্ছে পরম নিৰ্বাণ । যারা সহজপথে যান, তাঁদের আর জন্মমৃত্যুর আবর্তের মধ্যে ফিরে আসতে হয় না । এই বৌদ্ধ চিন্তাধারাই আমরা চর্যাপদসমূহের মধ্যে লক্ষ্য করি । সহজপথে নির্বাণ লাভ করা যায়, গুরু উপদেশে ও সহজপথে সাধনার দ্বারা । দেহই হচ্ছে এ সাধনার অবলম্বন। ‘দেহভাণ্ডই হচ্ছে ক্ষুদ্রাকৃতি ব্ৰহ্মাও । মহাসুখের মধ্যে চিত্তের নিঃশেষ নিমজনই হল পরম নির্বাণ ।
।। পাঁচ ।।
বজ্রযানের দেবতামণ্ডলী ও সাধনা সম্বন্ধে কিছু বলব। বজ্রযানীদের কল্পনায় আদি-বুদ্ধই হচ্ছেন সৃষ্টির কারণ। তিনি সর্বব্যাপী। সৃষ্টির প্রত্যেক অণুপরমাণুতে তিনি বিদ্যমান। সেজন্য সৃষ্টির প্রতিটি বস্তুই স্বভাবসিদ্ধ শূন্যরূপ নিঃস্বভাব ও বুদ্ধদস্বরূপ । কেবল শূন্যই নিত্য । আদি-বুদ্ধই হচ্ছেন এই শূন্যের রূপকল্পনা । এই শূন্যই হচ্ছে ‘বজ্র’ । সেজন্য দেবতা হিসাবে আদি-বুদ্ধকে বজ্রাধর বলা হয়। তাঁর শক্তি প্ৰজ্ঞাপারমিত । কোন মূর্তিতে তাকে প্রজ্ঞাপারমিতার সঙ্গে যুগনদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় । তবে একক মৃতিও পাওয়া যায়। একক অবস্থায় তিনি শূন্য, আর যুগনদ্ধ অবস্থায় তিনি বোধিচিত্ত । একটি শূন্যতা অপরটি করুণা বজ্রযানীদের সাধনার লক্ষ্য হচ্ছে বোধিচিত্ত লাভ করা । বোধিচিত্তে কেবল মহাসুখের অনুভূতি ছাড়া আর কোন অনুভূতি থাকে না । এই মহাসুখের মধ্যে চিত্তের নিমজ্জনই হচ্ছে পরম নির্বাণ । দেহই হচ্ছে। এ সাধনার অবলম্বন । বোধিচিত্তের উৎপাদনে মণিমূলই আনন্দের উৎপত্তিস্থল। সে আনন্দ সর্বপ্রকার প্ৰকৃতিদোষমুক্ত ! সে আনন্দের উর্ধায়নই হচ্ছে বোধিচিত্ত বা পরমার্থ লাভ । তখন সাধকের দেবতার সঙ্গে সাক্ষাৎ ঘটে । এ সাধনায় পাঁচটি পর্যায় আছে : প্ৰথম মরীচিকা দর্শন, দ্বিতীয় ধূম দর্শন, তৃতীয় আলোক-বিন্দুর দর্শন, চতুর্থ দীপালোক দৰ্শন ও পঞ্চম পর্যায়ে সতত আলোক দর্শন, তবে সে আলোক হচ্ছে মেঘশূন্য আকাশের ন্যায় । তখনই দেবতা দর্শন হয়, তবে সেটা আধ্যাত্মিক সাধনার ব্যাপার ।
বৌদ্ধ দেবতামণ্ডলীতে অসংখ্য দেবতা আছেন । নানাপ্রকার বোধিচিত্ত থেকেই এ সব দেবতার উৎপত্তি । বৌদ্ধ দেবতাদের মধ্যে আছেন আদি-বুদ্ধ’ পাঁচটি ধ্যানীবুদ্ধ ও তাঁদের শক্তি, যথা অক্ষোভ্য ( শক্তি মামকী), অমিতাভ ( শক্তি পাণ্ডরা ), অমোঘসিদ্ধি ( শক্তি তারা), বৈরোচন (শক্তি লোচনা ), রত্নসম্ভব ( শক্তি বজ্রধাত্বীশ্বরী ) ও বজ্রসত্বা ( শক্তি বজ্রসত্বাত্মিকা ) । এদের হয় শক্তিদ্বারা আলিঙ্গিত ও যুগনদ্ধ অবস্থায় আর তা নয়তো তাদের মূতির বাম পার্শ্বে শক্তির প্রতীকরূপ একটি ত্রিকোণাকৃতি যন্ত্র দেখতে পাওয়া যায়। তার পরের পর্যায়ের দেবতাগণ হচ্ছেন সাতটি মানুষী বুদ্ধ ও তাঁদের শক্তি, বোধিসত্ত্বগণ ও তাদের শক্তিদেবীসমূহ অমিতাভকুলে দেবদেবীসমূহ অক্ষোভ্য কুলের দেবদেবীগণ, বৈরোচনকুলের দেবদেবীগণ, রত্নসম্ভবকূলের দেবদেবীগণ, অমোঘকুলের দেবদেবীগণ, দশদিগদেবতা, ছয় দিগদেবী, আটটি উষ্ণীষ দেবতা, পঞ্চরক্ষাদেবী, চার লাস্যাদি দেবী, চার দ্বারদেবী, চার রশ্মিদেবী, চার পশুমুখী দেবী, চার ডাকিনী, দ্বাদশ পারমিতা, দ্বাদশ বশিতা, দ্বাদশ ভূমি দেবী, দ্বাদশধারিণী ইত্যাদি । ( যাঁরা বৌদ্ধ দেবদেবী সম্বন্ধে বিশদ বিবরণ জানতে চান তাঁরা বিনয়তোষ ভট্টাচাৰ্য মহাশয়ের বৌদ্ধ মূর্তিতত্ত্ব সম্বন্ধে বই পড়ে নিতে পারেন )।
।। ছয় ।।
বৌদ্ধর যখন তন্ত্রের গুহ্যসাধনপদ্ধতি প্রকাশ করে দিলেন, তখন হিন্দুরা আর চুপ করে বসে রইল না । তারাও এই লোকায়ত গুহাসাধনা সম্বন্ধে গ্রন্থ রচনায় প্রবৃত্ত হল । তারা প্রথমে যে ধর্ম প্রচার করল, সেটা হচ্ছে নাথধৰ্ম । সমস্ত তান্ত্রিক সাধনাই হচ্ছে গুরুত্ববাদী ধৰ্ম । যেহেতু তারা যোগমার্গে সিদ্ধ ছিল, সেজন্য নাথধর্মাবলম্বীদের যোগী বলা হত । নাথপন্থ বা নাথধর্ম শৈবধর্মেরই একটা শাখা বিশেষ । এর ওপর বৌদ্ধ ও তন্ত্রধর্মের প্রভাব ছিল । কথিত আছে, শিব যখন দুৰ্গাকে গুহ্যতত্ত্বের উপদেশ দিচ্ছিলেন, তখন নাথধর্মাবলম্বীদের আদিপুরুষ মীননাথ গোপনে তা শুনেছিলেন । শিবই নাথদের আরাধ্য দেবতা এবং ‘কায়া’-সাধনই নাথদের চরম লক্ষ্য । নাথধর্ম প্ৰধানতঃ বাঙলার নিম্নকোটির লোকদের মধ্যেই আবদ্ধ ছিল । তবে এই ধর্মকে অবলম্বন করে যে সাহিত্য গড়ে উঠেছিল, তা থেকে আমরা মীননাথের শিষ্য গোরক্ষনাথ, গোরক্ষনাথের শিষ্য রানী ময়নামতী, রানী ময়নামতীর পুত্ৰ গোপীচন্দ্র ও তঁদের নানারূপ অলৌকিক শক্তির কথা জানতে পারি। ধর্মটি এক সময় সুদূর পেশওয়ার থেকে ওড়িশা পর্যন্ত প্ৰচলিত ছিল ।
নাথধর্মকে অবলম্বন করে যেমন একটা সাহিত্য গড়ে উঠেছিল, হিন্দু-তন্ত্রধর্মকে অবলম্বন করেও এক বিরাট সাহিত্য গড়ে উঠেছিল । তার আগে তন্ত্রের সাধনপদ্ধতির গোপন ব্যাখ্যা হত । বলা হত।– “কূলবর্ত্ম গোপনীয়ম্” । আগমতন্ত্ৰবিলাস অনুযায়ী হিন্দুতন্ত্রের সংখ্যা হচ্ছে ১৪৭ ৷ এ ছাড়া বরাহতন্ত্রে আরও ৫৪ খানি হিন্দুতন্ত্রের নাম আছে। হিন্দুতন্ত্রগুলি অধিকাংশই মধ্যযুগে রচিত হয়েছিল। সপ্তদশঅষ্টাদশ শতাব্দীর একখানা প্ৰসিদ্ধ ও জনপ্রিয় তন্ত্র হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত ‘তন্ত্রসার’ ।
