দুখানা কাঠির ওপর নড়বড়ে একটি মাথা আর তার গভীর দুই কোটরে জ্বলন্ত দুটো চক্ষু। এই তখন সুকুমার। কষিতকাঞ্চন দেহ তন্তুসার হয়ে গেছে। কাঁপছে হাওয়া-লাগা প্রদীপের শিষের মত। আড়াল করে না দাঁড়ালে এখুনি হয়ত নিবে যাবে।
কিন্তু এই শরীরে দুমকায় যাবে কি করে? হ্যাঁ, যাব, মা-বোনের চোখের সামনে নিষ্ক্রিয়ের মত তিল তিল করে ক্ষয় হয়ে যেতে পারব না। তাদের চোখের আড়ালে যেতে পারলে তারা ভাবতে পারবেন দিনে-দিনে আমি ভালো হয়ে উঠছি। আর ভালো হয়ে উঠেই আবার লেগেছি জীবিকার্জনের সংগ্রামে।
এ রুগীর পক্ষে দুমকার পথ তো সাধ্যাতীত। কারুর নিশ্চয় যেতে হয় সঙ্গে, অন্তত পৌঁছে দিয়ে আসতে হয়। কিন্তু যাবে কে?
গোকুলের বেলায় পবিত্র, সুকুমারের বেলায় নৃপেন। আরেকজন আদর্শ-প্রেরিত বন্ধু। ওটা তখনো সেই যুগ যে-যুগে প্রায় প্রেমেরই সমান-সমান বন্ধুতার দাম ছিল—সেই একই বিরহোৎকণ্ঠ বন্ধুতা। যে একক্রিয় সে তো শুধু মিত্র, যে সমপ্রাণ সে সখা, যে সদৈবানুমত সে সুহৃৎ–কিন্তু যে অত্যাগসহন, অর্থাৎ দুইজনের মধ্যে অন্যের ত্যাগ যার অসহনীয়, সেই বন্ধু। ছিল সেই অধীর অকপট আসক্তি। এমন টান যার জন্যে প্রাণ পর্যন্ত দেওয়া যায়।
আর এ তো শুধু বন্ধু নয়, মরণের পথে একলা এক পর্যটক।
দেওঘর পর্যন্ত কোনো রকমে আসা গেল। সুকুমারের প্রাণটুকু গলার কাছে ধুকধুক করছে—সাধ্য নেই দুমকার বাস নেয়। নৃপেন বললে, ভয় নেই, আমি তোকে কোলে করে নিয়ে যাব।
কিন্তু বাস-এ তে উঠতে হবে। এত প্রচণ্ড ভিড়, পিন ফোঁটাবার জায়গা নেই। আর এমন অবস্থাও নেই যে ফাঁকা বাস-এর জন্যে বসে থাকা চলে। প্রায় জোরজার করেই উঠে পড়ল নৃপেন। বসবেন কোথায় মশাই? জায়গা কই? মাঝখানে মেঝের উপর একটা বস্তা ছিল। নৃপেন বললে, কেন, এই বস্তার উপর বসব। আপনারা তো দুজন দেখছি, উনি তবে বসবেন কোথায়? ভয় নেই, বেশি জায়গা নেব না, উনি আমার কোলের উপর বসবেন।
অনেক হালকা আর ছোট হয়ে গিয়েছিল সুকুমার। আর নৃপেন তাকে সত্যি-সত্যি কোলে নিয়ে বসল, বুকের উপর মাথাটা শুইয়ে দিলে। জ্বরে পুড়ে যাচ্ছে সারা গা। দুই বোজা চোখে কোন হারানো পথের স্বপ্ন। আর মন? মন চলেছে নিজ নিকেতনে।
দুমকায় এসে ঢালা বিছানা নিলে সুকুমার। সেই তার শেষশয্যা।
একদিন নৃপেনকে বললে, সত্যি করে বল তো, কোনো দিন কাউকে ভালোবেসেছিস?
নৃপেন কথাটার পাশ কাটিয়ে গেল : কে জানে।
কে জানে নয়! সত্যি করে বল, কোনোনি কাউকে অন্তরের সঙ্গে একান্ত করে ভালোবেসেছিস পাগলের মত? স্ত্রীর কথা ভাবিনে! কোন মেয়ের কথা বলছি না।
তবে কি সেই অব্যক্তমূর্তির কথা? নৃপেন স্তব্ধ হয়ে রইল।
আচ্ছা, বল, অন্নজলের জন্যে যে প্রেম, তার চেয়ে বেশি প্রবল বেশি বিশুদ্ধ প্রেম কি কিছু আছে আর পৃথিবীতে? সেই অল্পজলের প্রেমে সর্বস্বান্ত হয়েছিল কখনো? শরীরে ক্ষুধা-তৃষ্ণা স্বাস্থ্য-আয়ু সব বিলিয়ে দিয়েছিল তার জন্যে?
নৃপেনের মুখে কথা নেই। সুকুমারের ইসারায় মুখের কাছে বাটি এনে ধরল। রক্তে ভরে গেল বাটিটা।
ক্লান্তির ভাব কাটিয়ে উঠে সুকুমার বললে, জানালার পর্দাটা সরিয়ে দে। এখনো অন্ধকার হয়নি। আকাশটা একটু দেখি।
নৃপেনের মুখের ম্লানভাব বুঝি চোখে পড়ল সুকুমারের। যেন সান্ত্বনা দিচ্ছে এমনি সুরে বললে, কোনো দুঃখ করিস না। অন্ধকার কেটে যাবে। আলোয় ঝলমল করে উঠবে আকাশ। আবার আলোঝলমল নীল আকাশের তলে আমি বেঁড়াব তোর সঙ্গে। তুই এখানে আর আমি কোথায়! তবু আমরা এক আকাশের নিচে। এই আকাশের শেষ কই।
সবই কি শূন্য? কোথাও কি কিছু ধরবার নেই, দাঁড়াবার নেই? আকাশের অভিমুখে উত্থিত হল সেই চিরন্তন জিজ্ঞাসা।
কিম আকাশং অনাকাশং ন কিঞ্চিৎ কিঞ্চিদেব কিং। এমন কি কিছুই নেই আকাশ হয়েও আকাশ নয়, যা কিছু না হয়েও কিছু?
সুকুমারের মৃত্যুতে প্রমথ চৌধুরী একটা চিঠি লিখেছিলেন দীনেশদাকে। সেটা এখানে তুলে দিচ্ছি।
কল্যাণীয়েষু
আজ ঘুম থেকে উঠে তোমার পোষ্টকার্ডে সুকুমারের অকালমৃত্যুর খবর পেয়ে মন বড় খারাপ হয়ে গেল। কিছুদিন থেকে তার শরীরের অবস্থা যে রকম দেখছিলুম তাতেই তার জীবনের বিষয়ে হতাশ হয়েছিলুম।
আমার সাধ্যমত তার রোগের প্রতিকার করবার চেষ্টা করেছি। কিন্তু তার ফল কিছু হল না। নৃপেন যে তার সঙ্গে দুমকা গিয়েছিল তাতে সে প্রকৃত বন্ধুর মতই কাজ করেছে। নৃপেনের এই ব্যবহারে আমি তার উপরে যারপরনাই সন্তুষ্ট হয়েছি।
এই সংবাদ পেয়ে একটি কথা আমার ভিতর বড় বেশি করে জাগছে।
সুকুমারের এ বয়সে পৃথিবী থেকে চলে যেতে হল শুধু তার অবস্থার দোষে। এ দেশে কত ভদ্রসন্তান যে এরকম অবস্থায় কায়ক্লেশে বেঁচে আছে মনে করলে ভয় হয়।
প্রমথনাথ চৌধুরী
একজন যায়, আরেকজন আসে। যে যায় সেও নিশ্চয় কোথাও গিয়ে উপস্থিত হয়। আর যে আসে, সেও হয়তো কত অজানিত দেশ ঘুরে কত অপরিচয়ের আকাশ অতিক্রম করে একেবারে হৃদয়ের কাছটিতে এসে দাঁড়ায় :
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন—
হঠাৎ কল্লোলে একটা কবিতা এসে পড়ল—নীলিমা। ঠিক এক টুকরো নীল আকাশের সারল্যের মত। মন অপরিমিত খুশি হয়ে উঠল। লেখক অচেনা, কিন্তু ঠিকানাটা কাছেই, বেচু চ্যাটার্জি স্ট্রিট। বলা-কওয়া নেই, সটান একদিন গিয়ে দরজায় হানা দিলাম।
