রবিকে তিনি বলেছেন, হিন্দুরা রাস্তার জুতোকে শোবার ঘরে ঢুকতে দেয় না। যদি তেমন প্রয়োজন হয় ঘরের জন্যে একটা আলাদা বাথরুম স্লিপার ব্যবহার করো!
রবি বলেছে, যখন আমি লন্ডন থেকে জাহাজে চড়েছিলাম, তখন শুনেছিলাম ইংরেজ যেখানেই যাক না কেন, তারা সব সময় অন্য লোকের প্রাইভেসিকে সম্মান করে।
বড়সায়েব আর কিছু বলেননি। শুধু মনে করিয়ে দিয়েছেন, যা কিছু আমরা করি, তার ফলও আমাদের ভোগ করতে হয়।
রবি সে-উপদেশের জন্য সায়েবকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এসেছে। তারপর এক শুভদিনে জেন শাজাহান হোটেলের কন্ট্রাক্ট শেষ করে রবার্ট অ্যাডামের সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধবার জন্য চার্চে গিয়েছে।
ধর্মতলা চার্চে সেদিন কিন্তু মোটেই ভিড় হয়নি। জেন-এর কোনো বন্ধু নেই, একমাত্র মিস ডিকশন ছাড়া। তিনি তখন শাজাহান হোটেলের ছাদের ঘরে তালাবদ্ধ হয়ে পড়ে আছেন। আর রবার্টের বিয়ে নিয়ে ক্লাইভ স্ট্রিট মহলে যে সামাজিক কেলেঙ্কারির অবতারণা হয়েছে, তাতে ক্লাইভ স্ট্রিটওয়ালাদের কারুর পক্ষে আসা সম্ভব ছিল না। আমার সঙ্গে ও-সমাজের তখনও তেমন জানাশোনা হয়নি। সেই জন্যেই বোধহয় বিয়েতে গিয়েছিলাম; এবং যাবার সময় জোর করেই ম্যানেজার সিলভারটনকে ধরে নিয়ে গিয়েছিলাম। বলেছিলাম, হাজার হোক তোমার একজন কর্মচারিণীর বিয়ে তো।
বিয়ের পর ওরা বাসা করেছিল। সে বাড়িতে গিয়ে দেখেছিলাম, জেন বসে রয়েছে। আমাকে দেখে ওরা দুজনে হৈ হৈ করে উঠল। রবি আলমারি খুলে আমাদের জন্য ব্র্যান্ডির বোতল বার করে নিয়ে এল। স্বামীকে মদ ঢালতে দেখে জেন হেসে ফেলল। আমিও সে হাসিতে যোগ দিয়েছি। রবি তখন বলেছে, শাজাহানের কাউন্টারে তুমি অনেকবার দিয়েছ, এবার আস্তে আস্তে শোধ করবার চেষ্টা করি।
জেন যেন এতদিন জেলখানার বন্দি হয়ে ছিল। বহু কষ্টে মুক্তি পেয়েছে—তাই তার আনন্দের সীমা নেই। আর রবিও যেন হঠাৎ তাকে খুঁজে পেয়েছে, যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল।
ব্র্যান্ডির গ্লাসে আমরা চুমুক দিয়েছি। নববিবাহিত দম্পতির মঙ্গল কামনা করেছি! জেন বসে বসে সোয়েটার বুনছিল। আমার দিকে তাকিয়ে বলেছে, এতদূর যখন এসেছেন তখন দুপুরের লাঞ্চটাও সেরে যান। আমার অবশ্য
নোটিশ দেওয়া উচিত ছিল।
রবার্ট বলেছে, ওইটাই তোমার স্বভাব। সিলভারটনকেও তুমি অত্যন্ত শর্ট নোটিশ দিয়েছিলে!
জেন কপট রাগ করেছে। বলেছে, বাজে লোকদের অল্প নোটিশে ছাড়া পেতে অসুবিধে হয় না। আমাদের মতো অপদার্থকে বিদায় করবার সুযোগ পেলে মালিকরা একমুহূর্ত দেরি করতে চান না!
রবার্ট বলেছে, সবাই যদি জহুরী হত, তাহলে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের হ্যামিলটন কোম্পানির অত কদর থাকত না।
জেন তখন বলেছে, হ্যামিলটন কোম্পানির উপর তোমার এত দুর্বলতা কেন জানি না। আমার দিকে মুখ ফিরিয়ে সে বলেছে, আপনার বন্ধুটিকে একটু সাবধান করে দিন না। এ-মাসের পুরো মাইনেটি তো ওঁদের হাতে দিয়ে আমার জন্যে হীরে-বসানো ব্রোচ কিনে এনেছেন। এর কোনো মানে হয় বলুন তো?
দোষটা বুঝি শুধু আমার হল? রবি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। যদি হ্যামিলটনের উপর তোমার এতই রাগ, তবে আমার জন্যে ওখান থেকে রুপোর টি-পট কিনে আনলে কেন?
জেন অপ্রস্তুত হয়ে বললে, তার কারণ অন্য। বিষে বিষক্ষয় করবার চেষ্টা করছি। চা দিয়ে যদি অ্যালকোহলকে তাড়াতে পারি!
সেদিন যে যত্ন করে ওরা আমার আদর-আপ্যায়ন করেছিল, তা আজও ভুলতে পারিনি। বাজনার কথা উঠেছে। রবি বলেছে, জানেন, ও পিয়ানো বাজাতে পারত। সম্ভব হলে জেনকে একটা কিনে দেবার ইচ্ছে আছে।
কয়েকদিন পরে একটা ভালো পিয়ানোর খোঁজ পেয়েছিলাম। রবি ও জেনকে খবর দেবার কথা ভাবছিলাম। কিন্তু খবর দিতে হল না। আজ আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, ঠিক ওইখানেই তারা হঠাৎ একদিন এসে হাজির হল। দেখেই বললাম, একটা চমৎকার পিয়ানোর খবর পেয়েছি।
জেন-এর মুখ কালো হয়ে উঠল। আর রবি যেন রাত্রে একটুও ঘুমোয়নি। রবি বললে, এখন বোধহয় পিয়ানো কেনা আমাদের পক্ষে সম্ভব হবে না।
কী ব্যাপার?
আমার চাকরি গিয়েছে।
কেন? বড়সায়েবের সঙ্গে কোনো গণ্ডগোল হয়েছে?
না। বার-এ অপরিচিত পুরুষদের সারারাত ধরে মদ বিক্রি করে এমন এক মেয়ে বিয়ে করে আমি নাকি কোম্পানিকে লোকচক্ষুতে হেয় করেছি। এমন লোক কোম্পানিতে রাখলে, কোম্পানির বিক্রি কমে যাবে, বিজনেসের ভয়ানক ক্ষতি হবে।
কলকাতা শহরে এমনভাবে কোনো ইংরেজের চাকরি যাওয়া যে সম্ভব তা আমার কল্পনারও অতীত ছিল। কিন্তু বড়সায়েবের নিজের হাতে লেখা চিঠিটা রবি আমার সামনে মেলে ধরল।
উদ্বিগ্ন কণ্ঠে জেন বললে, এখন উপায়?
সান্ত্বনা দিয়ে বললাম, উপায় আবার কী? অন্য আপিসে চাকরির চেষ্টা করতে হবে। কলকাতায় তো আর ফার্মের অভাব নেই।
কিন্তু এত ফার্ম থাকলেও যে চাকরি পাওয়া সোজা নয়, তা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারলাম আমরা। অনেক আপিসে ঘুরেছিল রবি। কিন্তু ওকে দেখেই কর্তারা আঁতকে উঠেছেন। যেন সে খুন করে জেলে গিয়েছিল, এখন খালাস পেয়ে চাকরি খুঁজতে বেরিয়েছে। কর্তারা বসতে দিয়েছেন। বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনেছি বটে। আপনিই শাজাহান হোটেলের বারমেড জেনকে নিয়ে পালিয়েছেন?
আজ্ঞে, তাঁকে নিয়ে আমি পালাইনি, তাকে আমি বিয়ে করেছি। রবার্ট আর্তকণ্ঠে প্রতিবাদ করেছে।
